Tag: বলিউড

  • মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

    বলিউড অভিনেত্রী মৌনি রায় ও অভিনেতা অর্জুন বিজলানির বন্ধুত্ব বহু পুরোনো। একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। সম্প্রতি সেই বন্ধুত্ব নিয়ে শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে নতুন করে জল্পনা-কল্পনা।

    মুম্বাইয়ে এক রেস্তোঁরায় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই জল্পনায় পানি ঢেলে দিলেন অর্জুন বিজলানি। এর পাশাপাশি শুধু সম্পর্কের গুঞ্জন অস্বীকার করাই নয়, মৌনি রায়ের পাশে দাঁড়িয়ে তার বিরুদ্ধে ছড়ানো নানা মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অর্জুন বিজলানি বলেন, মৌনি রায়ের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের। তাদের একসঙ্গে ডিনারে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। বরং বহুবার তারা বন্ধুদের সঙ্গে কিংবা একসঙ্গে দুজনে বাইরেও খেতে গেছেন। ফলে এটা নতুন কোনো বিষয় নয়।

    এ অভিনেতা আরও বলেন, সেদিন তারা একা ছিলেন না। আরও কয়েকজন বন্ধু তাদের সঙ্গে ছিল। একসঙ্গে বন্ধুদের ডিনারে যাওয়ার ঘটনা যদি আগেও অসংখ্যবার ঘটে থাকে, তাহলে এবারই বা সেটিকে অন্যভাবে দেখার কারণ কী? মৌনির সঙ্গে তার বহুবার ডিনারে যাওয়া এবং সময় কাটানো হয়েছে। তাই এ ঘটনা ঘিরে তৈরি হওয়া প্রেমের গল্পের কোনো ভিত্তি নেই বলেও জানান অর্জুন বিজলানি।

    বিনোদন ডেস্ক

  • টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, দাবি মল্লিকার

    একসময় বলিউডে একের পর এক আইটেম গানে পারফর্ম করে দর্শকদের নজর কাড়েন মল্লিকা শেরাওয়াত। তবে মূলধারার অভিনেত্রী হিসেবে খুব বেশি সাফল্য না পেলেও দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন তিনি। জনপ্রিয় রিয়েলিটি সিরিজ ‘দ্য ট্রেইটরস ২’-এ অংশ নিয়ে নতুন করে শিরোনামে এসেছেন এ অভিনেত্রী।

    সম্প্রতি সিরিজটির প্রচারণায় অংশ নিয়ে মল্লিকা এমন একটি দাবি করেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার দাবি, হলিউড তারকা টম ক্রুজ নাকি তার প্রতি আকৃষ্ট ছিলেন এবং তাকে ভিডিওও পাঠাতেন।

    ‘দ্য ট্রেইটরস ২’-এর সহ-প্রতিযোগী আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেন, তার কখনও কারও প্রতি ‘ক্রাশ’ তৈরি হয়েছিল কি না, নাকি সবাই তার প্রেমেই পড়েছে। জবাবে মল্লিকা হাস্যরসের সুরে বলেন, সবাই আমার প্রেমে পড়েছে। ইদানীং টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না। এখন ফোনটা সঙ্গে থাকলে তার পাঠানো ভিডিওগুলোও দেখাতে পারতাম।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে টম ক্রুজ কী ধরনের ভিডিও পাঠাতেন—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি মল্লিকা। বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, আমরা যখন বিভিন্ন পার্টিতে একসঙ্গে সময় কাটাতাম, তখন দেখা হতো। তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ।

    মল্লিকার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, হলিউডে উল্লেখযোগ্য কোনো সফল সিনেমা না থাকা একজন অভিনেত্রীর প্রতি টম ক্রুজের আকৃষ্ট হওয়ার দাবি সহজে বিশ্বাস করা কঠিন।

    উল্লেখ্য, ‘দ্য ট্রেইটরস ২’-এর প্রচারণা কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। সিরিজটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হবে।

    বিনোদন ডেস্ক

  • আকাশছোঁয়া পারিশ্রমিক শ্রদ্ধার

    বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর থেকেই নতুন করে পরিচিত হচ্ছেন। বলিপাড়ায় চলছে এ নিয়ে গুঞ্জন। সাফল্যের এই জোয়ারে এবার নিজের পারিশ্রমিক এক লাফে তিনগুণ বাড়িয়ে দিয়ে ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার আসন্ন এক ভিন্নধর্মী প্রজেক্ট।

    গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শ্রদ্ধা কাপুর বর্তমানে দারুণ সময় কাটাচ্ছেন। বক্স অফিসে ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর এবার তিনি খবরের শিরোনামে এসেছেন নিজের পারিশ্রমিক বাড়ানোর কারণে। আগামী সিনেমা ‘ইথা’-র জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এ অভিনেত্রী, যা তার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি। 

    যদিও অভিনেত্রী কিংবা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি।  তবে বলিপাড়ার অন্দরে এ ফি বৃদ্ধির গুঞ্জন বেশ জোরালো রূপ নিয়েছে। চলতি দশকের অন্যতম সফল ‘স্ত্রী ২’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পরই শ্রদ্ধার ক্যারিয়ারে এ বড় পরিবর্তন। 

    নারায়ণগাঁওকরের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমা ‘ইথা’। পরিচালক লক্ষ্মণ উটেকরের এ সিনেমায় শ্রদ্ধাকে তার চিরচেনা গ্ল্যামারাস রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন এবং অভিনব একটি চরিত্রে দেখতে পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা, যা তার অভিনয় জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

    সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে এবং তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে শ্রদ্ধা কাপুরের নতুন লুক ও নিপুণ অভিনয়ের ঝলক দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে। সব ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে প্রতীক্ষিত এ সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • সঞ্চালকের ভূমিকায় মাধুরী

    তুমুল জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) কথা উঠলেই চোখের সামনে ভেসে আসে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কথা। তবে এবার সেই চিরচেনা আমেজে যোগ হচ্ছে ভিন্নমাত্রা। এবার সঞ্চালকের ভূমিকায় দর্শক নতুন রূপে আবিষ্কার করবেন ‘ধক ধক গার্ল’খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। মারাঠি ভাষায় কেবিসির সঞ্চালকের ভূমিকায় আসছেন অভিনেত্রী। 

    যদিও মারাঠি কেবিসির ইতিহাসে প্রথম নারী সঞ্চালক হলেও পুরো কেবিসির আঞ্চলিক সংস্করণের ক্ষেত্রে তিনিই প্রথম নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সফলভাবে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার। 

    গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, হিন্দিতে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের উপস্থাপনায় নতুন মৌসুমের প্রচার-ঝলক ইতোমধ্যে সামনে এলেও মাধুরীর বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে বিষয়টির নেপথ্য গল্প ভিন্ন। মূলত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণে সঞ্চালিকার আসনে বসতে যাচ্ছেন অভিনেত্রী।

    এর আগে মারাঠি কেবিসিতে সঞ্চালক হিসেবে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর কিংবা নাগরাজ মঞ্জুলের মতো খ্যাতনামা তারকাদের। তবে এবার এই প্রথম কোনো নারী সঞ্চালককে কেন্দ্র করে সাজানো হচ্ছে মারাঠি সংস্করণটি। সেদিক থেকে মাধুরীর হাত ধরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস। 

    আর নতুন এই অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন— জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এ প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যম নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

    সিনেমা জগতের ক্যারিয়ারের পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোর বিচারকের আসনে মাধুরী দীক্ষিতকে দেখা গেলেও পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তার আত্মপ্রকাশ বলে জানা গেছে। প্রিয় তারকাকে এমন নতুন অবতারে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার কোটি ভক্ত-অনুরাগী। সামাজিক মাধ্যমে ভেসে আসছে শুভ কামনার জোয়ারও।

    বিনোদন ডেস্ক

  • দুর্নীতি বিতর্কে নাসিরুদ্দিনের মন্তব্যে ঘি ঢাললেন কঙ্গনা

    রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রতিবাদী অবস্থান নিয়ে শুরু হওয়া বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও বহুমুখী শিল্পী পীযূষ মিশ্রর মধ্যকার বাকযুদ্ধে এবার সরাসরি নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ সম্বোধন করে তীব্র আক্রমণ ছুড়ে দিয়েছেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিরুদ্দিন শাহর আনুগত্য ও অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। সেই পোস্টে কঙ্গনা রানাউত লিখেছেন, সত্যিটা হলো— আমরা প্রত্যেকেই কারও না কারও অনুগত। তিনি বলেন, আমি গর্বিত যে আমি সেই বাড়ির সুরক্ষায় লড়ি, যেখানকার অন্ন গ্রহণ করি। কিন্তু নাসিরুদ্দিন এ দেশের অন্ন খেয়ে অন্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।

    নিজের স্বভাবসিদ্ধ চাঁচাছোলা ভঙ্গিতে অভিনেত্রী বলেন, ‘আজকের দিনে কুকুর শব্দটা আসলে প্রশংসা। কারণ আনুগত্য ও বিশ্বস্ততা এখন বিরল। নাসিরুদ্দিনের মতো ‘শিয়াল’ হওয়ার চেয়ে আমি কুকুর হওয়াকেই শ্রেয় মনে করি।

    একটি সূত্রে জানা গেছে, নিট দুর্নীতি নিয়ে যন্তর-মন্তরে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এ ঘটনার সূত্রপাত। সেখানে তারকাদের নীরবতা নিয়ে তোপ দেগে অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছিলেন— মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। বলিপাড়ার একাংশকে ইঙ্গিত করে এ বর্ষীয়ান অভিনেতার মন্তব্যটি প্রকাশ্যে আসতেই ক্ষোভের সৃষ্টি হয়। নাসিরুদ্দিনের এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান পীযূষ মিশ্র। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন প্রসঙ্গে নাসিরুদ্দিন কেন নীরব তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সামাজিক মাধ্যমে পীযূষের সেই মন্তব্যটি পুনঃপ্রকাশ করে তার সঙ্গে একমত পোষণ করেন কঙ্গনা রানাউত।

    বিনোদন ডেস্ক

  • সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি দেখেই রহস্যময় বার্তা উর্মিলার

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকরের সাবেক স্বামী মহসিন আখতার মীর সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের প্রীতিভোজের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেই সঙ্গে কাশ্মীরের শ্রীনগরভিত্তিক সাবেক অভিনেত্রী ও মডেল স্ত্রী নিধা ভাটকে নিয়ে একটি আবেগঘন পোস্টও দিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, নিধা শুধু তার স্ত্রী নন। হয়ে উঠেছেন তার জীবনের ‘ঘর এবং শান্তিস্থল’। মোহসিনের সেই পোস্টের পরেই সামাজিক মাধ্যমে একটি রহস্যময় বার্তা দিয়েছেন সাবেক পত্নী উর্মিলা মাতণ্ডকর।

    মহসিন মীরের পোস্ট করা প্রীতিভোজের ছবিতে দেখা গেছে গোলাপি শেরওয়ানিতে। অন্যদিকে লাল পোশাকে নজর কেড়েছেন নিধা ভাট। ছবিগুলো পোস্ট করে স্ত্রীকে উদ্দেশ করে মহসিন লিখেছেন— তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার ঘর, আমার শান্তি এবং প্রতিদিনের সবচেয়ে প্রিয় অংশ হয়ে উঠেছ। তোমাকে আমার জীবনে নিয়ে আসার জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। তিনি বলেন, আমার জীবনের প্রতিটি অধ্যায়ে তোমাকে আগলে রাখব, তোমার পাশে থাকব এবং ভালোবাসব— এই প্রতিশ্রুতি দিচ্ছি। এই ভালোবাসার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব।

    চলতি বছরের জুন মাসেই দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন মহসিন আখতার মীর। সেই সময় আবেগঘন একটি বার্তায় নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি। স্ত্রীকে নিয়ে নতুন জীবন শুরুর কথাও উঠে এসেছিল সেখানে। মহসিন লিখেছিলেন— বিশুদ্ধ উদ্দেশ্য, সৎ ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয়। নিজের আত্মাকে পবিত্র রাখুন। বিশ্বাস রাখুন, আল্লাহর লেখা চিত্রনাট্য সবসময়েই ভালো। তার নির্ধারিত সঠিক সময়ে আমার সুন্দরী স্ত্রী নিধাকে আমি পেয়েছি। উপরওয়ালা আশীর্বাদ করেছেন। তুমি আমার জীবনে আলো এনেছ। তাই তোমাকে ধন্যবাদ, ভালোবাসা।

    মহসিনের সেই আবেগঘন বার্তার মাঝেই উর্মিলা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই পোস্টে উর্মিলা লিখেছেন— আমি দামি জিনিস পছন্দ করি। যেমন— ভালোবাসা, আনুগত্য ও সময়।

    মহসিন মীর এর আগে অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকরের স্বামী ছিলেন। ২০১৪ সালে তাদের প্রথম পরিচয় হয়। পোশাকশিল্পী মনীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে তাদের আলাপ হয়েছিল। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি আড়ম্বরহীন একটি অনুষ্ঠানে বিয়ে করেছিলেন তারা। তাদের বিয়ে নিয়ে সেই সময় যথেষ্ট আলোচনা হয়েছিল। তাদের মধ্যে বয়সের ব্যবধানও ছিল ১০ বছর। ভিন্নধর্মী বিয়ে বলেও আলোচনা হয়েছিল। তবে প্রায় এক দশকের দাম্পত্যের পর তাদের সম্পর্কে চিড় ধরে।

    বিনোদন ডেস্ক

  • ইমরান হাশমি কত টাকার মালিক জানেন

    বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি। তিনি ক্যারিয়ারের শুরু থেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

    শুধু অভিনয়ে নয়, সম্পদের দিকেও তিনি কম নন। সিনেমা থেকে পাওয়া পারিশ্রমিক তার মোট সম্পদের একটি বড় অংশ। বিভিন্ন প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।

    সিনেমার পারিশ্রমিক এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ই তার সম্পদের মূল উৎস বলে জানা যায়।

    সিনেমা ও বিজ্ঞাপন থেকে আয়ের পাশাপাশি ইমরান হাশমির রিয়েল এস্টেটের মালিকানাও বেশ উল্লেখযোগ্য। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়ায় তার একটি পেন্টহাউস রয়েছে, এটি তিনি ১০ কোটি রুপিরও বেশি দামে কিনেছেন।

    এছাড়াও মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য প্রায় ১৬ কোটি রুপি বলে জানা যায়। এর পাশাপাশি, লোনাভালায় প্রায় ১২ কোটি রুপি দিয়ে কেনা একটি ভিলার মালিকও তিনি।

    ইমরান হাশমির বিলাসবহুল গাড়ির সংগ্রহও তার বিপুল সম্পদের আরেকটি দিক বলেই সেই প্রতিবেদনে বলা হয়েছে।

    অভিনেতার গ্যারেজে রয়েছে বেশ কিছু দামি ও বিলাসবহুল গাড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য— ল্যাম্বরগিনি হুরাকান, যার দাম প্রায় ৩ কোটি ২০ লাখ রুপি, রেঞ্জ রোভার ভোগ, যা মূল্য প্রায় ২ কোটি ৯ লাখ রুপি, অডি এ৮ এল, যার মূল্য প্রায় ১ কোটি ৮৮ লাখ রুপি এবং প্রায় ২ কোটি ৫৭ লাখ রুপি মূল্যের মার্সিডিজ-মেব্যাক এস৫৬০।

    বিনোদন ডেস্ক

  • সেপ্টেম্বরেই দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন দীপিকা, চালিয়ে যাচ্ছেন শুটিং

    সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেই অবশ্য কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বরং অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিং  তিনি। 

    দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেই অবশ্য কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি। বরং অষ্টম মাসেও শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির সিনেমা ‘রাকা’-র শুটিং শেষ করার লক্ষ্যেই নাকি এখন ব্যস্ত অভিনেত্রী। ‘রাকা’ সিনেমা নিয়ে ইতোমধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। এ সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির মিশেলে তৈরি এ সিনেমায় থাকছেন বড়মাপের লড়াইয়ের দৃশ্যও। আর এ সিনেমায় আল্লু অর্জুন ছাড়াও অভিনয়ে রয়েছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের মতো অভিনেত্রীরাও। 

    এদিকে দীপিকা পাড়ুকোনের হাতে রয়েছে বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-সিনেমাও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় শাহরুখ ও দীপিকার পাশাপাশি রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্ল এবং রানি মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    একটি সূত্র জানায়,  আগামী মাসেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার কথা। তার আগেই এ সিনেমায় নিজের অংশের শুটিং শেষ করে ফেলতে চাইছেন তিনি। প্রয়োজন হলে রাত পর্যন্ত সেটে থাকছেন অভিনেত্রী। আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। খুব শিগগির সন্তানের আগমন ঘটবে। 

    দীপিকার এই পেশাদারত্বে নাকি মুগ্ধ সিনেমার গোটা টিম। প্রয়োজন হলে তিনি রাত পর্যন্ত কাজ করছেন। সব কলাকুশলী ও টিম তার নিষ্ঠা দেখে মুগ্ধ।

    বিনোদন ডেস্ক

  • ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ, কী ভুল করেছিলেন?

    বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের পাশাপাশি এক্স হ্যান্ডেলেও নিয়মিত বিভিন্ন বিষয়ে পোস্ট করেন বর্ষীয়ান এই অভিনেতা। তবে সম্প্রতি একটি পোস্টে সামান্য ভুল করে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

    প্রতিদিনের এক্স পোস্টের শুরুতে ধারাবাহিকভাবে একটি নম্বর ব্যবহার করেন অমিতাভ। সম্প্রতি সেই নম্বর দিতে গিয়েই ভুল করে ফেলেন অভিনেতা। বিষয়টি অনুরাগীদের নজরে আসার পর নিজের ভুল বুঝতে পারেন তিনি। পরে একটি পোস্টের মাধ্যমে এ জন্য ক্ষমা চান অমিতাভ।

    অমিতাভ লেখেন, ‘টি ৫৮২০। নম্বর দেওয়ার ক্ষেত্রে আমার বড় ভুল হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী। ৫৮১৭-এর পর ৫৮১৮, ৫৮১৯, ৫৮২০ হওয়া উচিত ছিল।’    

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একই পোস্টে ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সুনীল নামের এক নেটিজেনকে ধন্যবাদ জানান অমিতাভ। তবে বর্ষীয়ান অভিনেতার এই সামান্য ভুল নিয়ে মজা করতে ছাড়েননি অনুরাগীরা। মন্তব্যের ঘরে এক নেটিজেন রসিকতা করে লেখেন, ‘ভুল স্বীকার করেছেন দেখে ভালো লাগছে। তা না হলে এই নম্বর ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেছিলাম।’

    অন্য এক নেটিজেন অমিতাভের ভুল ধরিয়ে দেওয়া সুনীলকে নিয়ে রসিকতা করে লেখেন, ‘এই ভালো কাজের জন্য সুনীলের অবদান মানবজাতি চিরকাল মনে রাখবে।’ আরেকজন মন্তব্য করেন, অমিতাভের অনুরাগীদের পক্ষ থেকে সুনীলের একটি পদক পাওয়া উচিত।

    সামান্য একটি সংখ্যার ভুল হলেও অমিতাভ যেভাবে নিজে থেকেই তা স্বীকার করে ক্ষমা চেয়েছেন, সেটিই এখন অনুরাগীদের আলোচনার বিষয়। তার সরল স্বীকারোক্তি ও রসবোধও নেটদুনিয়ায় প্রশংসা পাচ্ছে।

    এদিকে কাজের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি আগামী দিনে তাকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলেও।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে মায়ের মৃত্যুর পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন গোবিন্দ

    বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ তার জীবনের অন্যতম কঠিন ও অন্ধকার অধ্যায়ের স্মৃতিচারণ করেছেন। প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মা নির্মলা দেবীর মৃত্যুর পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে, মায়ের সঙ্গে আবার দেখা পাওয়ার আশায় নর্মদা নদীর জলে নেমে জীবন শেষ করার পথ বেছে নিতে চেয়েছিলেন এই অভিনেতা। 

    ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৬ সালের সেই দুঃসহ শোকের দিনগুলোর কথা শেয়ার করেন গোবিন্দ। তিনি বলেন, ‘আমি চরম কষ্টের মধ্যে ছিলাম। সেই সময় মনে হয়েছিল আমার জীবনের সবকিছু এখানেই শেষ।’ 

    উল্লেখ্য, গোবিন্দর মা নির্মলা দেবী ১৯৯৬ সালের ১৫ জুন ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। 

    মায়ের প্রয়াণের পর নিজেকে সামলাতে না পেরে গোবিন্দ নর্মদা নদীর তীরে চলে যান। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম নদীর গভীরে আরও কিছুটা এগিয়ে গেলে হয়তো মায়ের সঙ্গে আমার আবার দেখা হবে। তাই আমি পানির মধ্যে হাঁটতে শুরু করি।’ 

    উক্ত ঘটনাটি আত্মহত্যার চেষ্টা ছিল কিনা—এমন প্রশ্নের জবাবে গোবিন্দ বলেন, ‘একপ্রকার তাই। মায়ের প্রতি আমার ভীষণ টান ও গভীর ভালোবাসা ছিল। বিশ্ব হয়তো একে ‘আত্মহত্যা’র মতো শব্দ দিয়ে ব্যাখ্যা করবে, কিন্তু আমরা বিষয়টিকে এভাবে দেখি না। জীবন কখনো শেষ হয়ে যায় না, তা কেবল নতুন রূপ ধারণ করে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পানিতে নেমে যাওয়ার পর নদীর তীরে উপস্থিত রাম কুণ্ডল নামের এক সাধু তাকে দেখতে পান এবং ডাক দেন। গোবিন্দ স্মরণ করে বলেন, ‘তিনি আমাকে ডেকে আমার দিকে এগিয়ে এলেন। আমি পানি থেকে উঠে আসার পর তিনি জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে গোবিন্দ?’ তার সেই প্রশ্নটি আমার চেতনা ফিরিয়ে আনে।’ 

    সেই মুহূর্তটি অভিনেতাকে নিজের ভুল উপলব্ধি করতে সাহায্য করে। তিনি বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমি ভুল কিছু করছিলাম। সেই দিন আমি বড় একটি শিক্ষা পেয়েছিলাম—আমাকে আমার সন্তানদের জন্য বেঁচে থাকতে হবে।’ এই দুঃসহ মানসিক অবস্থা থেকে পুরোপুরি বের হয়ে আসতে অভিনেতার প্রায় ১০ থেকে ১৫ দিন সময় লেগেছিল।

    মায়ের মৃত্যু গোবিন্দার ক্যারিয়ার ও জীবন দর্শনে এক গভীর প্রভাব ফেলেছিল। চলচ্চিত্র ও তারকাখ্যাতি নিয়ে তিনি বলেন, ‘সিনেমা আমার কাছে খেলনার মতো। ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, এতে কেউ ক্ষুব্ধ হলে ক্ষমা করবেন… তবে আমি বিশ্বাস করি অভিনয়, খ্যাতি, হিরোইজম—এসবই ওপরওয়ালার দান। আমরা কেবল ঈশ্বরের দেওয়া ভূমিকায় অভিনয় করে যাচ্ছি।’ 

    নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন সম্পর্কে এই তারকা বলেন, ‘আমার কাছে প্রকৃত সাফল্য বলতে কোনো বড় সুপারস্টার হওয়া নয়, বরং আমার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারাটাই ছিল আসল অর্জন। ২১ বছর বয়সে পৌঁছালে তার ছেলে গোবিন্দ কী কী অর্জন করবে—মা যেসব স্বপ্ন দেখতেন, তা পূরণ করা ও পরিবারের সেবা করাই ছিল আমার জীবনের আসল ‘হিরোইজম’।’ 

    বর্তমানে গোবিন্দা তার নতুন চলচ্চিত্র ‘রূপা’র প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন। 

    বিনোদন ডেস্ক