ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই ঠিকানা বদল অভিষেকের

Written by

in

বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই বড় পদক্ষেপ নিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এ অভিনেতা। 

অভিষেক বচ্চন ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ডিভোর্সের বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা তুঙ্গে। গত কয়েক মাস ধরে চলছে আলোচনা-সমালোচনা— ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে দাম্পত্যের ভাঙন। যদিও সবটাই জল্পনা বলে শোনা যাচ্ছে। এখন পর্যন্ত নিজেদের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে এ তারকা দম্পতির কেউ-ই প্রকাশ্যে মুখ খোলেননি। এর মাঝেই শোনা যায়, অভিষেক বচ্চন ঠিকানা বদল করছেন। আর ডিভোর্স জল্পনার মাঝেই নতুন করে সংসার পাতছেন অভিষেক বচ্চন— এমন কথাও শোনা যাচ্ছে বলিপাড়ায়। 

এদিকে মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল এলাকায় একটি ফ্ল্যাট কিনেছেন অভিষেক বচ্চন। জানা যাচ্ছে, বলিউড শাহেনশাহ বাবা অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’র পাশেই নতুন বাড়ি কিনেছেন তিনি। অভিষেকের এই নতুন বাড়ি থেকে দেখা যায় সমুদ্রের ঢেউ। প্রশ্ন উঠছে— কেন বিচ্ছেদের জল্পনার মধ্যে নতুন বাড়ি কিনলেন অভিষেক? তিনি কি ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে এ বাড়িতেই নতুন করে সংসার গোছাতে চলেছেন? এ খবর ছড়িয়ে পড়তেই সবার মনে একটিই প্রশ্ন—সংসারে অশান্তির মধ্যে নতুন বাড়ি কী করে কিনতে পারেন অভিষেক। তবে সেই প্রশ্নের কোনো উত্তরও দেননি এ অভিনেতা। 

এর আগে তাদের ডিভোর্স জল্পনা আরও জোরালো হয়। কারণ তারা দুজনেই হাত থেকে বিয়ের আংটি খুলে ফেলেছেন। তা দেখে আরও বেশি আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। জানা গেছে, এই সম্পত্তির কারণেই বচ্চন পরিবারের অন্দরে ভাঙন ধরেছে।

এর আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করলেও পরে স্ত্রী ও মেয়ের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছিল অভিষেককে। কিছু দিন আগেই দুবাইয়ে গিয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটিয়ে এসেছেন অভিনেতা। তার পর থেকেই জল্পনা— তাহলে কি সম্পর্কে দূরত্ব মেটানোর চেষ্টা করছেন অভিষেক? তাই কি নতুন বাসায় স্ত্রী কন্যার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন তিনি? তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি তারকা দম্পতি। অভিষেক এই নতুন ফ্ল্যাট কিনেছেন ৫৭ তলায়। এই ফ্ল্যাটের আয়তন ৪৮৯৪ বর্গফুট। এর জন্য ১৫.৪২ কোটি টাকা খরচ করেন তিনি। বচ্চন পরিবারের সম্পত্তিতে রয়েছে আরও বেশ কয়েকটি বাড়ি। 

উল্লেখ্য, ২০০৭ সালের এপ্রিলে বিয়ে করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের জীবনে আসে কন্যাসন্তান আরাধ্যা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *