Tag: বিনোদন

  • কেয়া-তৌসিফের গল্পে আসছে ‘অবশেষে তুমি এলে’

    নির্মাণ হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সেলিম রেজা। এর গল্প লিখেছেন পারভেজ ইমাম।

    নাটকের প্রধান দুই চরিত্রে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদ এবং আরও অনেকে। 

    নাটকটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। 

    পরিচালক জানান, এ নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই ইউটিউব প্ল্যাটফর্ম জাগো এন্টারটেইনমেন্টে প্রকাশ করা হবে।

    নাটকের গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরীর ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ তরুণীর কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফ্লাওয়ার শপে আসে ফুল কিনতে। প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এগিয়ে চলে নাটকের গল্প।

    নির্মাতা নিশ্চিত করেছেন, রোমান্টিক ট্রাজেডি ও পারিবারিক আবহে চমৎকার গল্পের এই নাটকটি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

    নাটকটিতে একটি সুন্দর গান রয়েছে। ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও টিউন করেছেন কাওসার খান। গানটিতে কন্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা এবং অবন্তি সিথি।

    বিনোদন ডেস্ক

  • মেরুন শাড়িতে মুগ্ধতা ছড়ালেন ফারিণ

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন বড়পর্দায় দাপুটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নিয়মিত কাজ করছেন টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও রুপালি পর্দায়। সেই সঙ্গে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব উপস্থিতি। সম্প্রতি শাড়ি পরা ভিন্নধর্মী এক লুকে ধরা দিয়েছেন তাসনিয়া ফারিণ। 

    সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছেন তিনি। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার সেই আকর্ষণীয় রূপ এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। চেনা বৃত্তের বাইরে শাড়ির এই ক্ল্যাসিক লুকে ফারিণ আবারও প্রমাণ করেছেন, যে কোনো ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নিজেকে অনন্য করে তোলা যায়। খোঁপা করা চুল, হালকা মেকআপ আর ঠোঁটে গ্লসি লিপস্টিকের সঙ্গে তার মুখের মিষ্টি হাসি ভক্ত-অনুরাগীদের দারুণভাবে মুগ্ধ করেছে। 

    গলায় পরা পাথরের ভারি লকেটযুক্ত জুয়েলারি ও কানের দুল তার এই লুককে আরও আকর্ষণীয় করে তোলে। আর সেই সঙ্গে আত্মবিশ্বসী চাহনি তো ছিলই! যদিও শাড়িতে খুব একটা দেখা যায় না অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। কিন্তু এবার যেন চমকেই দিলেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি একটি শোরুমে ফিতা কাটতে গিয়েছিলেন অভিনেত্রী। শোরুম উদ্বোধনে সাধারণত মডার্ন পোশাকেই দেখা যায় তাসনিয়া ফারিণকে। কিন্তু এবার দেখা গেল ভিন্ন এক লুকে। ঐতিহ্যবাহী ও আধুনিকতাকে মেলে ধরতে শাড়িকেই বেছে নিয়েছেন অভিনেত্রী। সেই থেকে এখন তার ভক্ত-অনুরাগীদের মাঝে এত উচ্ছ্বাস, এত আবেগ আর ভালোবাসা। 

    শাড়িতে ফারিণের এই অনবদ্য রূপ দেখে যেন চোখ সামলাতে পারেননি নেটিজেনরা। অভিনেত্রীর সেই শাড়িতেও ছিল বিশেষত্ব; যেটি ছিল সোনালি জরির পাড়যুক্ত একটি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি। শাড়ির সঙ্গে মিলিয়ে পরা ম্যাচিং ব্লাউজের হাতা ও গলায় থাকা সূক্ষ্ম লেসের কাজ তার পুরো সাজে আনে এক রাজকীয় আভিজাত্য।

    সামাজিকমাধ্যম ফেসবুকে ফারিণের নতুন লুক প্রকাশ্যে আসতেই শেয়ার করে নিয়েছেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের প্রশংসা। এক নেটিজেন লিখেছেন— শাড়িতে ফারিণকে অসম্ভব সুন্দর লাগছে। আরেক নেটিজেন লিখেছেন—তার সাজপোশাকের এই রুচিবোধ সত্যিই প্রশংসনীয়।

    বিনোদন ডেস্ক

  • সবসময় নিজেকে ভাঙতে চাই: অহনা

    বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না। নিয়মিত নাটক করলেও কাজের গতি কমিয়ে দিয়েছেন তিনি। এখন তিনি বেছে বেছে কাজ করছেন। ক্যারিয়ায়ের শুরুটা মডেলিং দিয়ে হলেও নিয়মিত কাজ করে যাচ্ছেন ছোটপর্দায়। যদিও দীর্ঘ ক্যারিয়ারে এ অভিনেত্রী ইতোমধ্যে বেশ কিছু হিট নাটক উপহার দিয়েছেন দর্শকদের। 

    বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে অহনা রহমানের। কখনো শহরের মডার্ন মেয়ে তো কখনো গ্রামের সহজ-সরল প্রাণচঞ্চল এক নারী। সবার চরিত্রে সহজে নিজেকে মানিয়ে নিতে পারেন অভিনেত্রী।

    এবার ঈদ উপলক্ষ্যে বিশেষ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অহনা রহমান। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘মাটির পুতুল’ নামে একটি একক নাটকের কাজ। জান্নাতারা ফেরদৌস মিলার রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। ভিন্ন ঘরানার এ নাটকটি নিয়ে আশাবাদী অভিনেত্রী। 

    অহনা রহমান বলেন, আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সবসময় নিজেকে পর্দায় ভাঙতে চাই। গতানুগতিক গল্পে কাজ না করে নতুন কিছু দর্শকদের উপহার দিতে চাই। যে কারণে আগের থেকে কাজ কম করছি। বেছে বেছে গল্পনির্ভর কাজগুলো করছি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, অল্প করেও ভালো কাজ দিয়ে দর্শকদের মনে অনেক দিন থাকা যায়। এই নাটকের গল্পটিও ঠিক তেমনই। দারুণ একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শককে ভালো লাগবে।

    উল্লেখ্য, অহনা রহমান ছাড়াও ‘মাটির পুতুল’ নাটকে আরও অভিনয় করেছেন সেলজুক চৌধুরী, ফাতেমা হীরা, আনোয়ার শাহী, পামীর খান, শম্পা নিজাম, মাসুদ আলম, রাজনন্দী বিশ্বাস প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ভারতে নেওয়া হলো কারিনাকে, সঙ্গে যেতে পারেননি বাবা কায়সার হামিদ

    লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। জানা গেছে, ভোর রাতের দিকে কারিনাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কারিনার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তার মা ও দুই ভাই। তবে আপাতত দেশে থেকেই গেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। চিকিৎসার ব্যয় সামলাতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতেই তাকে দেশে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    গণমাধ্যমে কায়সার হামিদ বলেন, দেশে এখনো তার কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। পাশাপাশি ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করতেও সময় লাগছে। তাই এই মুহূর্তে মেয়ের সঙ্গে যেতে পারেননি তিনি। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গেই রয়েছেন। মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন সাবেক এই ফুটবলার।

    এর আগে সোমবার দুপুরে তিনি জানিয়েছিলেন, চেন্নাই থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে এবং পরিবারের সদস্যদের ভিসাও হাতে এসেছে। তবে হাসপাতালের বিল, চিকিৎসা ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবারকে বড় ধরনের আর্থিক চাপে পড়তে হয়েছে। এজন্য ফিক্সড ডিপোজিট ভাঙার পাশাপাশি জমি বিক্রির উদ্যোগও নিয়েছেন তারা।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গত শুক্রবার রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন কারিনা। পরিবার সূত্র জানায়, কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পরে অবস্থার দ্রুত অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার শরীরে সংক্রমণ রয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে জটিলতা বাড়তে বাড়তে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। 

    কারিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ জানিয়েছেন, অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও ব্যস্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

    বিনোদন ডেস্ক

  • চাকচিক্যের আড়ালে প্রতিদিনই আমাদের স্ট্রাগল করতে হয়: ফারিয়া

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়, উপস্থাপনা ও গানের জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আলাদা পরিচিতি তৈরি করলেও তার এই পথচলা ছিল না একেবারে মসৃণ। অসংখ্য চ্যালেঞ্জ, প্রতিদিনের লড়াই আর আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে তারকাখ্যাতির আড়ালে লুকিয়ে থাকা সংগ্রাম, মানসিক চাপ এবং জীবনের নানা বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

    নুসরাত ফারিয়া বলেন, ‘স্ট্রাগল ছাড়া লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। কিছু কিছু স্টুডেন্ট থাকে না, আপনাদের মধ্যেই আছে যারা অনেক পড়াশোনা করে, কিন্তু কোনোভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে না। আমি ছিলাম তাদেরই একজন। আমি অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতাম না।’

    তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার আম্মুর কাছে গিয়ে আফসোস করতাম, ‘আম্মু, আমি এত পড়ছি, এত এফোর্ট দিচ্ছি, তারপরও কেন ভালো রেজাল্ট করতে পারছি না?’ তখন আমার আম্মু আমাকে একটা কথা বলেছিলেন ‘মেবি তুমি যেটা করছো, চর্চায় আছো। তাই হার্ডওয়ার্কের কোনো অপশন নেই।’

    ‘আমি এখন পর্যন্ত ২৩টা সিনেমা করেছি। গান করেছি সাত থেকে আটটা। দেশ-বিদেশ মিলিয়ে সাড়ে পাঁচশোর বেশি শো করেছি। কিন্তু তারপরও প্রতিবার যখন মঞ্চে দাঁড়াই বা ক্যামেরার সামনে দাঁড়াই, আমি ঠিক ততটাই টেনশনে থাকি, ততটাই নার্ভাস থাকি। আমার মনে হয়, এটাই আমার ফার্স্ট টেক এবং এটাই আমার লাস্ট টেক।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তার কথায়, ‘যে জায়গাটাতে আমরা কাজ করি, বিশেষ করে ফেম দেখে অনেক চাকচিক্য মনে হয়। কিন্তু প্রতিদিনই একটা স্ট্রাগল থাকে। আমাদের প্রতিদিন বেস্ট থাকতে হয়, বেস্ট দেখতে হয়, বেস্ট কথা বলতে হয়, বেস্ট পারফরম্যান্স দিতে হয়।’

    সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ফারিয়া বলেন, ‘একদিন যদি এক ইঞ্চি মোটা লাগে, পরের দিন সোশ্যাল মিডিয়াতে আমাদের মেরে ফেলবে। ওই দেখেন, নায়িকা মোটা হয়ে গেছে। আবার একদিন যদি এক ইঞ্চি ভুল কথা বলে দেই, তখনও সমালোচনা শুরু হয়ে যায়। আমাদের কাছে নিজের সেরাটা দেওয়ার বাইরে আর কোনো অপশন নেই।’

    বিনোদন ডেস্ক

  • মৌসুমীর ‘কনট্রাক্ট ম্যারেজ’-এর টিজার দেখে যা বলছেন দর্শকরা

    ঢালিউড অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমীর ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে টিজার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার টিজার প্রকাশ করেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। সামাজিক মাধ্যম ইউটিউবে টিজারটি প্রকাশ হতেই নেটিজেনসহ মৌসুমীর ভক্ত-অনুরাগীরা হতাশা প্রকাশ করেছেন। এ নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তীব্র সমালোচনার ঝড়। মন্তব্যের ঘরে সিনেমাপ্রেমী দর্শকরা সিনেমাটির মান নিয়েও কড়া সমালোচনা ও কটাক্ষ করেছেন।

    এর আগে কথা ছিল ওয়েব কনটেন্ট হিসেবে নির্মাণ করা হবে ‘কনট্রাক্ট ম্যারেজ’। সেভাবে প্রিয়দর্শিনী এ সিনেমায় অভিনয়ে রাজি হন। কিন্তু সেটিকে টেনে বড় করে তৈরি করা হলো একটি পূর্ণাঙ্গ সিনেমা!

    হ্যাঁ, ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমার মাধ্যমে এমন অদ্ভুত কাণ্ডই ঘটিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর, যেখানে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী। এমন খবরে মৌসুমী ও অভিনেতা ওমর সানীও ক্ষোভ প্রকাশ করেছিলেন। যেখানে একটি শর্টফিল্মের মতো কনটেন্ট তৈরির কথা ছিল, সেখানে মৌসুমীকে ব্যবহার করে একটি নিম্নমানের সিনেমার কনটেন্ট তৈরি করা হয়েছে। সম্প্রতি সিনেমাটি সেন্সরও পেয়েছে। 

    সামাজিক মাধ্যমে ট্রেলার দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা— কেন টাকা খরচ করে এ ধরনের নিম্নমানের কাজ নির্মাণ করা হয় এবং কারা দেখবে এসব। আরেক নেটিজেন বলেছেন— ২০২৬ সালে এসেও এমন অখাদ্য সিনেমা দেখতে হচ্ছে, যা সত্যিই অবাক করার মতো। অন্য আরেক নেটিজেন বলেছেন—যে টিজারের মধ্যেই তিনি পুরো সিনেমা দেখে ফেলেছেন।

    সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেত্রী মৌসুমীর একনিষ্ঠ ভক্তরাও প্রিয় অভিনেত্রীকে এমন কাজে দেখে হতাশা প্রকাশ করেছেন। মৌসুমীর মতো গুণী শিল্পীর এমন দিন এলো যে, তাকে এ ধরনের কনটেন্টে থাকতে হচ্ছে।

    কাজটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া এবং সেন্সর সনদ পাওয়ার বিষয়টি অভিনেত্রীকে বিস্মিত করেছে। মৌসুমী বলেন, তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত অনৈতিক। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে এক ভিডিওবার্তায় ওমর সানী বলেছিলেন, কনট্রাক্ট ম্যারেজ কোনো সিনেমা নয়; বরং এটি যুক্তরাষ্ট্রে শুটিং করা একটি নাটক। দর্শকদের প্রত্যাশার সঙ্গে এ কাজটি যায় না উল্লেখ করে তিনি সিনেমাটির মুক্তি বন্ধের আহ্বান জানান। 

    পুরো বিষয়টি নিয়ে চিত্রনায়িকা মৌসুমী নিজেও তার অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেন, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হয়েছিলেন এবং পরে তাকে জানানো হয় ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি পাবে।

    অন্যদিকে এতসব অভিযোগের পরও পিছু হটতে নারাজ নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, সিনেমাটি মুক্তির পর দর্শক এর থেকে অনেক ইতিবাচক বার্তা পাবে।

    বিনোদন ডেস্ক

  • সকালে কফির সঙ্গে কিয়ারা খান ‘হেলদি বাইট’, জেনে নিন কতটা স্বাস্থ্যকর

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি কফির সঙ্গে বিস্কুটের পরিবর্তে খেজুর, বাদাম ও বীজ দিয়ে তৈরি এনার্জি বাইট খেয়ে থাকেন। এই স্বাস্থ্যকর খাবারটি ফাইবারের উৎস, যা হজমে সাহায্য করে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং কফিতে থাকা ক্যাফেইনের পার্শ্বপ্রতিক্রিয়া কমায়। এটি খেজুর, কাঠবাদাম, চিয়াসিড, ওটস ও ডার্ক চকোলেট মিশিয়ে ঘরেই সহজে বানানো যায়।

    প্রতিদিন সকালে চা কিংবা কফির সঙ্গে দুটো করে বিস্কুট খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। একেক দিন একেক রকম বিস্কুট দিয়ে হয় স্বাদবদল। কিন্তু বিস্কুটের যে ক্ষতিকর দিকগুলো আছে, তা অনেক সময়েই ভেবে দেখা হয় না। 

    আসলে বিস্কুট অনেকের কাছে মুশকিল আসান গোছের একটা খাবার। ক্ষুধা লাগলে প্রথমেই বিস্কুট খাওয়ার কথা ভেবে থাকি। আর বিস্কুট জাতীয় কোনো খাবার যেভাবে উচ্চ তাপমাত্রায় তৈরি করা হয়, তা থেকে অ্যাক্রালামাইড তৈরি হয়। এটি কার্সিনোজেনিক, অর্থাৎ এর থেকে ক্যানসার হতে পারে। একই ক্ষতি হয় বাদামি টোস্ট করে পাউরুটি খেলে। 

    গবেষণায় এ ধরনের খাবার নিয়মিত খাওয়ার দীর্ঘমেয়াদি কুফল প্রমাণিত হয়েছে। শুধু কার্সিনোজেনিক প্রভাব নয়, বিস্কুট তৈরির অন্যতম উপকরণ হচ্ছে— পাম অয়েল, রিফাইনড সুগার, ময়দা। এসবের মধ্যে একটিও স্বাস্থ্যকর নয়। অনেক দিন ধরে নিয়মিতভাবে ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করলে তা সমস্যা তৈরি করতে বাধ্য। একটা সময়ের পর মধুমেহ ও স্থূলতার মতো সমস্যা দেখা দেয়। 

    সম্প্রতি অভিনেত্রী কিয়ারা আদভানি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিয়েছেন, যেখানে দেখা গেছে, সকাল সকাল অভিনেত্রী কফি খাচ্ছেন। তবে সঙ্গে বিস্কুট নয়, রয়েছে হেলদি বাইট।

    কফির সঙ্গে বাদাম, রকমারি বীজ বা খেজুর দিয়ে তৈরি এনার্জি বাইট খেলে, তা দ্রুত শক্তি জোগানোর মাধ্যমে শরীরে ভারসাম্য আনতে সাহায্য করে। এ বাইটগুলোতে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রাকৃতিক শর্করা থাকে, যা কফির সঙ্গে খেলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। বিশেষ করে ব্যায়ামের আগে হালকা খাবার হিসেবে বা অল্পস্বল্প খিদে পেলে এ ধরনের হেলদি বাইট খাওয়া যেতেই পারে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ বিষয়ে পাঞ্জাব নিবাসী পুষ্টিবিদ ও ফিটনেস কোচ গরিমা গয়াল বলেছেন, চা কিংবা কফির সঙ্গে কিছু না কিছু খেতে মন চায়, সে ক্ষেত্রে হেলদি বাইট একটি ভালো বিকল্প হতে পারে। তিনি বলেন, ‘ক্যাফেইনের উদ্দীপনার কারণে কফি দিয়ে দিন শুরু করলে তা মস্তিষ্ককে সজাগ করে দেয়। এতে  মনোযোগে তাৎক্ষণিক বৃদ্ধি ঘটায়। ব্যায়ামের আগে কফি খেলে ওয়ার্কআউটের কার্যকারিতাও বাড়ে এবং শরীর চাঙা থাকে। 

    তবে সকালে ঘুম থেকে উঠেই, বিশেষ করে সঠিক খাবার না খেয়ে কফি খেলে বাড়তে পারে অ্যাসিডিটির সমস্যাও।

    যেভাবে বানাবেন হেলদি বাইট

    কাঠবাদাম, কাজু ও মাখানা প্রথমে শুকনো তাওয়ায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার একটি মিক্সারে সেগুলো ভরে তার সঙ্গে মিশিয়ে দিন বেশ খানিকটা খেজুর আর কিশমিশ। এরপর মিশ্রণটি বেটে নিন ভালো করে। মিশ্রণটির মধ্যে মিশিয়ে দিন সামান্য কোকো পাউডার। একটি ট্রের ওপর বাটার পেপার রেখে দিন। এবার মিশ্রণটি থেকে গোলা বানিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে হেলদি বাইট।

    বিনোদন ডেস্ক

  • রাশমিকাকে নিয়ে যা বললেন কৃতি শ্যানন

    ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ককটেল’ সিনেমা। হোমি পরিচালিত সেই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি, সাইফ আলি খান প্রমুখ। সিনেমায় ভেরোনিকা চরিত্রে অভিনয় মুগ্ধ করেছিলেন দীপিকা। 

    এবার ‘ককটেল ২’ সিনেমায় অভিনয় করছেন দুই নায়িকা— রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন। গত কয়েক বছরে রাশমিকা মান্দানা অভিনীত প্রায় সবকটি সিনেমাই বক্স অফিসে সফল হয়েছে। যদিও সেগুলো অধিকাংশই নায়ককেন্দ্রিক সিনেমা। অন্যদিকে কৃতির সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

    রাশমিকা মান্দানাকে নিয়ে কি নিরাপত্তাহীনতায় ভোগেন কৃতি শ্যানন? রাশমিকা মান্দানার সৌন্দর্যেরও অনুরাগী অনেক। পাল্লা দেন কৃতি শ্যাননও। কিন্তু একই সিনেমায় অভিনয় করতে গিয়ে কি রাশমিকা মান্দানাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন কৃতি? সম্প্রতি এক সাক্ষাৎকারে‘মিমি’খ্যাত অভিনেত্রী বললেন, নিরাপত্তাহীনতার কোনো প্রশ্নই নেই। বরং তিনি রাশমিকা মান্দানার প্রশংসায় পঞ্চমুখ। 

    কৃতি শ্যানন বলেন, রাশমিকা মান্দানাকে নিয়ে তার মনে কোনো ধরনের নিরাপত্তাহীনতা নেই। বরং তিনি তাকে খুব ভালো মনের মানুষ বলেই মনে করেন। শুটিংয়ের সময়ে তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে বলেও জানিয়েছেন কৃতি। 

    একসঙ্গে কাজ করতে গিয়ে তারা নানা বিষয় নিয়ে মজা করেছেন। কৃতি বলেন, রাশমিকা মান্দানার মধ্যে কোনো নেতিবাচকতা নেই। শুধু ভালোবাসা আর ইতিবাচক মানসিকতা রয়েছে। ও খুবই আন্তরিক ও ভালো মানুষ। ওকে আমি খুব ভালোবাসি।

    এর আগেও রাশমিকা মান্দানার একটি সিনেমার মুক্তির সময়ে কৃতি সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যেও দুজনের বন্ধুত্ব নিয়ে আলোচনা শুরু হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘ককটেল ২’ সিনেমায় কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা ছাড়াও আরও দেখা যাবে শাহিদ কাপুরকে। সিনেমাটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এ সিনেমার গানের একটি দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে।  এতে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তবে নেটিজেনদের একাংশের মতে, এ সিনেমা কোনোভাবেই প্রথম ‘ককটেল’-কে ছাপিয়ে যেতে পারবে না।

    বিনোদন ডেস্ক

  • কেক কাটলেন মৌসুমী, সানি লিখলেন—তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে

    ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঢালিউড অভিনেতা ওমর সানির। এরপর তিনি ডজনেরও বেশি হিট সিনেমায় কাজ করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন। পরে ২০০৩ সালে ‘ওর দালাল’ সিনেমায় খলঅভিনেতার চরিত্রে অভিনয় করে নিজেকে জাত চেনান। সেই সিনেমায় নায়ক ছিলেন শাকিব খান।

    একসময়ের জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেতা আজ সিনেমা থেকে অনেকটাই দূরে সরে গেছেন। তবে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝে মধ্যে দেখা যায় সামাজিক মাধ্যমে তার উপস্থিতি। আজ এ বর্ষীয়ান অভিনেতার জন্মদিন। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন ওমর সানী। 

    বর্তমানে দেশে একাই রয়েছেন অভিনেতা। ব্যক্তিজীবনে ১৯৯৬ সালে ঢালিউডের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেন ওমর সানী। বর্তমানে তারা বিনোদন জগতের অন্যতম সফল তারকা দম্পতি। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে।

    তবে ওমর সানীর স্ত্রী প্রিয়দর্শিনী আছেন সাত সাগর তেরো নদীর ওপারে— মার্কিন মুলুকে। ছেলে ও মেয়েও আছেন দূরে। একাই জন্মদিন পালন করছেন এ অভিনেতা।

    এমনিতেই নিজের জন্মদিনে তেমন কোনো আয়োজন করেন না ওমর সানী। কারণ মে মাসের ২৩ তারিখ তার মায়ের মৃত্যুবার্ষিকী। সুতরাং এ মাসে মা হারানোর শোকে কোনো আনন্দই কাজ করে না তার মনে বলে জানান তিনি।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবু জন্মদিন মানে জীবনের একটি বিশেষ দিন। তাই স্বামী ওমর সানীকে সেই আনন্দ থেকে বঞ্চিত করেননি প্রিয়দর্শিনী মৌসুমী। হাজার মাইল দূরে বসেই কাটলেন কেক। দিলেন মিষ্টিমধুর শুভেচ্ছা। যেখানে প্রেম, ভালোবাসা আর স্বামী হিসেবে আছে সানীর দায়িত্ববোধের কথা। ভিডিওবার্তা দিয়ে ওমর সানীকে শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। সেটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে কমেন্ট করেছেন এ তারকা দম্পতির ভক্ত-অনুরাগীরা। বেশিরভাগই ওমর সানীকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে মৌসুমীর সঙ্গে তার দাম্পত্য জীবনের জন্যও শুভকামনা জানিয়েছেন।

    সেই ভিডিওটিতে কমেন্ট করেছেন ওমর সানী নিজেও। তিনি স্ত্রী মৌসুমীর উদ্দেশ্যে লিখেছেন— ‘অনেক ধন্যবাদ তোমাকে, তোমার মাঝে তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে।’

    বিনোদন ডেস্ক

  • বলিউডে ব্যবসায়ী দম্পতির শীর্ষে যারা

    বর্তমানে অনেক বলিউড তারকাই কাজের ওপর সম্পূর্ণ নির্ভর করেন না। তারা রোজগারের জন্য আরও একটি রাস্তা খোলা রাখেন। এমন অনেকেই রয়েছেন বলিউডে। কয়েকজন জনপ্রিয় বলিউড দম্পতি রয়েছেন, যারা অভিনয়ে নাম করেছেন এবং এর পাশাপাশি ব্যবসাতেও নজির গড়ে তুলেছেন। কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করেছেন, আবার কেউ জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছেন। তারা কারা জেনে নিন?

    আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি

    ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা তারকা জুটি ‘ডিজিট’ নামক একটি বীমা সংস্থায় বড় বিনিয়োগ করেছেন। আনুশকা শর্মার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ এবং পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ রয়েছে। অন্যদিকে বিরাট কোহলিরও নিজস্ব ব্র্যান্ড রয়েছে, যার নাম ‘রঙ’। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন আনুশকা শর্মা। স্বামী ও সন্তানদের সঙ্গেই অধিকাংশ সময় কাটান তিনি। এর পাশাপাশি ব্যবসার দিকেও বিশেষ নজর রয়েছে তার।

    বলি বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান দম্পতি

    বলিউডের অন্যতম ধনী এ তারকা দম্পতি বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ নামে প্রযোজনা ও ভিএফএক্স সংস্থার মালিক। এ ছাড়া আইপিএল ক্রিকেট দল ‘কলকাতা নাইট রাইডার্স’ও তাদের মালিকানা রয়েছে। একদিকে অভিনয়। আরেক দিকে স্ত্রীর সঙ্গে জোট বেঁধে ব্যবসার কাজও করেন শাহরুখ খান। গৌরী খান নিজে একজন নামকরা অন্দরসজ্জা শিল্পী। তার ব্যবসায়িক বুদ্ধির প্রশংসাও হয় চারদিকে।

    শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি

    শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি আইপিএল ক্রিকেট দল ‘রাজস্থান রয়্যালস’-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায় তাদের বিনিয়োগ আছে। শিল্পার নিজস্ব ফিটনেস ও পোশাকের ব্র্যান্ডও রয়েছে। এ ছাড়া  অভিনেত্রী শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’ খুবই জনপ্রিয়। অন্যদিকে রাজ কুন্দ্রা প্রথম থেকেই শিল্পপতি হিসাবে পরিচিত। বর্তমানে তাদের উপার্জনের অধিকাংশ আসে ব্যবসা থেকেই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতি

    অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা, যার নাম ‘হরি ওম এন্টারটেনমেন্ট’। এ ছাড়া বিভিন্ন প্রযুক্তিসংক্রান্ত স্টার্টআপে বিনিয়োগ করেও আয় করেন তিনি। অন্যদিকে টুইঙ্কেল খান্না পেশায় লেখিকা ও ব্যবসায়ী। তিনিও বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। রিয়্যাল এস্টেটেও রয়েছে এ তারকা দম্পতির বিনিয়োগ।

    উল্লিখিত তারকা দম্পতি ছাড়াও আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যারা নিজেরা ব্যবসায়ী নন ঠিকই; কিন্তু তাদের সঙ্গীরা বহুদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন। যেমন অভিনেত্রী সোনম কাপুর বিয়ে করেছেন ব্যবসায়ী আনন্দ অহুজাকে। অভিনেত্রী জুহি চাওলার স্বামী জয় মেটাও পেশায় একজন ব্যবসায়ী। মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ‘মাইক্রোম্যাক্স’-এর প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেছিলেন আসিন। তারপর থেকে তিনি অভিনয় থেকে দূরে সরে গেছেন।

    বিনোদন ডেস্ক