Tag: ঢালিউড

  • গ্রেফতার আবুল বাশার ববির স্বামী? কি বলছেন অভিনেত্রী

    ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ উল্লেখ করে ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববিকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ নিয়ে অভিনেত্রী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। 

    ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

    শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন গ্রেফতারের এ তথ্যটি জানান।

    সেই প্রতারণার খবর প্রকাশ্যে আসার পরপরই কয়েকটি গণমাধ্যম সরাসরি দাবি করে— গ্রেফতার মির্জা আবুল বাশার অভিনেত্রী ইয়ামিন হক ববির স্বামী। এর পরিপ্রেক্ষিতে রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ গুঞ্জন পুরোপুরি নাকচ করে দেন অভিনেত্রী ববি।

    শনিবার (২০ জুন) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিনেত্রী। সেই পোস্টে ইয়ামিন হক ববি লিখেছেন— শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশার কেন্দ্র করে আমাকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ববি আরও বলেন, মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তিনি বলেন, তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। 

    অভিনেত্রী বলেন, আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।

    উল্লেখ্য, অভিনেত্রী ইয়ামিন হক ববিকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত ঈদে ‘তছনছ’ সিনেমায়। তার বিপরীতে জুটি হয়ে কাজ করেন অভিনেতা মুন্না খান।

    বিনোদন ডেস্ক

  • আবারও পর্দায় ফিরছেন ওমর সানী

    ঢালিউড অভিনেতা ওমর সানী ১৯ ৯৭ সালে ‘কুলি’ সিনেমায় কুলি চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন এ অভিনেতা। তবে জানা গেছে, দীর্ঘ বিরতি শেষে আবারও ফিরছেন পর্দায়। প্রায় তিন দশক পর আবারও ফিরছেন সেই কুলি রূপে। 

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি শর্টফিল্মে ওমর সানীকে দেখা যাবে কুলির চরিত্রে। স্বল্পদৈর্ঘ্যের সেই সিনেমার নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে মহাখালী বাস টার্মিনালে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে রাজধানীর ব্যস্ত এ বাস টার্মিনাল এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ‘ব্ল্যাক’ পরিচালনা করছেন মহিন খান। এর চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    নতুনরূপে পর্দায় ফিরে আসা প্রসঙ্গে ওমর সানী বলেন, ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। তবে আমার চরিত্রটি এখানে ক্যামিও। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

    এ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ব্ল্যাক’ প্রসঙ্গে নির্মাতা মহিন খান বলেন, ভিন্নধর্মী কাজ এটি। নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে। সিনেমাটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসা ও সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানীকে এখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার একজন কুলির চরিত্রে দেখা যাবে। আর ‘ব্ল্যাক’ অ্যামাজন প্রাইমে মুক্তির পরিকল্পনা রয়েছে।

    ‘ব্ল্যাক’ সিনেমায় ওমর সানী ছাড়াও আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। 

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে বুবলী

    এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। বাংলাদেশের ফুটবলপ্রেমী দর্শকরাও মেতে আছেন নিজ দলের সমর্থন নিয়ে। এবার নিজে দলের সমর্থনে মেতে উঠেছেন সময়ের আলোচিত 

    ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী সর্বশেষ পর্দায় দেখা গেছে গত কুরবানির ঈদের সিনেমা ‘পিনিক’-এ। জাহিদ জুয়েলের সিনেমাটি অবশ্য দর্শককে আকৃষ্ট করতে পারেনি। এ সিনেমায় তার সঙ্গে রয়েছেন আদর আজাদ। সিনেমায় অভিনয়ে নিয়মিত না হলেও অনুষ্ঠানে ফিতা কাটা আর বিজ্ঞাপনে নিয়মিতই আছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নানা বিষয়ে তার ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নেন তিনি। 

    আজ শনিবার (২০ জুন) সামাজিক মাধ্যমে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে নিয়েছেন শবনম বুবলী। সেখানে দেখা গেছে বিয়ের সাজে অভিনেত্রী। না— এটা নিজের বিয়ে নয়; বরং পেশাদার কাজ। বিজ্ঞাপনের সাজ। 

    একটি প্রতিষ্ঠানের প্রচারেই বেগুনি রঙের লেহেঙ্গা পরে বউ সেজেছেন অভিনেত্রী। ভারি নকশাখচিত সেই লেহেঙ্গার সঙ্গে পরেছেন সাদা রঙের গহনা। কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল অভিনেত্রীর এমন রূপে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরাও।

    সামাজিক মাধ্যমে ছবি পোস্টের পর বুবলীর সাজের প্রশংসা করেছেন নেটিজেন থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগীরা। আবার কেউ কেউ নবজাতক কন্যার ছবি কবে প্রকাশ করবেন, সেটিও জানতে চেয়েছেন। তবে বরাবরের মতোই মন্তব্যের ঘরে নির্বিকার অভিনেত্রী।

    সেই পোস্ট করা ছবির ক্যাপশনে শবনম বুবলী লিখেছেন— অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।

    উল্লেখ্য, দিন কয়েক আগেই মা হওয়ার খবর দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন শবনম বুবলী। জানিয়েছেন তার ও শাকিব খানের সংসারে দ্বিতীয় সন্তান আসার কথা। সেই কন্যাসন্তানের নাম রেখেছেন শারলিন খান। যদিও বিষয়টি নিয়ে শাকিব বরাবরের মতোই নীরব আছেন। 

    বিনোদন ডেস্ক

  • আড়ালে চলে গেলেন ‘শাকিব খানের নায়িকা’ সাহারা

    একসময়ের ঢালিউডের আলোচিত অভিনেত্রী সাহারা এখন আর কোথাও নেই। বিনোদন জগত থেকে হারিয়ে গেছেন তিনি। এখন আর কোথাও দেখা মেলে না অভিনেত্রীর। বর্তমানে চলচ্চিত্রাঙ্গন থেকে সম্পূর্ণ আড়ালে চলে গেছেন তিনি। আজ তার জন্মদিন। ১৯৯০ সালের ১৯ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন নুরজাহান আক্তার রুনা ওরফে সাহারা।

    ২০০৪ সালে শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘রুখে দাঁড়াও’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় সাহারার। প্রথম সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য না পেলেও খোলামেলা উপস্থাপনার কারণে বেশ আলোচনা-সমালোচনা হয়। তবে প্রথম ধাক্কাতেই দমে যাননি অভিনেত্রী। পরের সিনেমা ‘ভাড়াটে খুনি’-তে নিজেকে আরও সাহসী ও আকর্ষণীয় লুকে পর্দায় হাজির হন সাহারা। 

    দুর্ভাগ্যবশত দ্বিতীয় সিনেমাটিও মুখ থুবড়ে পড়ে। ক্যারিয়ারের শুরুতেই পরপর দুটি সিনেমা ফ্লপ হওয়ায় অভিনেত্রী নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়া আমার প্রিয়া’ সিনেমার মাধ্যমে তিনি দারুণ জনপ্রিয়তা পান। 

    এবার ‘বিষাক্ত চোখ’ নামে একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পান সাহারা। এ সিনেমায় রুবেল ও রিয়াজের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি। ক্যারিয়ারের প্রথম বড় বাজেটের এ সিনেমায় নিজের সেরাটা উজাড় করে দেন সাহারা। এ সিনেমায় রুবেলের সঙ্গে ‘হায় রে হায়’ গানে তার গ্ল্যামারাস ও সাহসী পোশাকের উপস্থিতি ঢালিউডে রীতিমতো ঝড় তোলে।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর একের পর এক সিনেমায় কাজ পেতে থাকেন তিনি। শুটিংয়ের ব্যস্ততা বাড়ে। প্রায় ৫০টি সফল সিনেমায় অভিনয় করেন সাহারা। ক্যারিয়ারের এ সুবর্ণ সময়ে ‘ঢাকা টু বোম্বে’ সিনেমার প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। মনির বাড়ি ঢাকার ধামরাইয়ে। দুই পরিবারের দ্বিমত থাকায় দীর্ঘ তিন বছর প্রেম করার পর অবশেষে ২০১৫ সালের জুলাইয়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন।

    পরে তৎকালীন অ্যাকশন হিরো আলেকজান্ডার বোর সঙ্গে জুটি বাঁধেন সাহারা। এ জুটির ‘অর্ডার’, ‘লাকি সেভেন’ ও ‘ড্যাম কেয়ার’ সিনেমার মতো অ্যাকশন ঘরানার সিনেমাগুলো দর্শক মহলে দারুণ সাড়া ফেলে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাহারাকে। বিশেষ করে ‘অর্ডার’ সিনেমার ‘চন্দ্রিমা’ গানটিতে আলেকজান্ডারের সঙ্গে সাহারার তোয়ালে পরা সাহসী উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

    কিন্তু বিয়ের পর পূর্বপরিকল্পনা অনুযায়ীই বিনোদন জগত থেকে হারিয়ে যান সাহারা। স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। লাইট-ক্যামেরার আলোর ঝলকানি ছেড়ে সংসারী হয়ে পড়েন তিনি। সাহারাকে এখন আর কোনো রুপালি পর্দা কাঁপিয়ে দর্শক মাতাতে দেখা যায় না। কোনো অনুষ্ঠান কিংবা তারকাদের আড্ডায় দেখা যায় না। লোকচক্ষুর আড়ালেই আছেন দর্শকমনে। 

    বিনোদন ডেস্ক

  • কবে আলোর মুখ দেখবে ‘আন্ধার’, জানালেন শাকিব

    ২০২৫ সালে ‘আন্ধার’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই সময় জানানো হয়েছিল— ২০২৬ সালে মুক্তি পাবে সিনেমাটি। এর মধ্যে শুটিংও শেষ হয়েছে অনেক দিন হলো। কয়েক দিন আগে হয়েছে ডাবিংয়ের কাজ। এখন চলছে পোস্ট-প্রোডাশনের কাজ। 

    চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরীর বরাতে জানা গেছে, বর্তমানে ‘আন্ধার’ সিনেমাটি পোস্ট-প্রোডাকশনের কাজে তারা অবস্থান করছেন ভারতের মুম্বাইয়ে। সেখানে একটি নামি প্রতিষ্ঠান থেকে সম্পাদনার কাজটি করছেন তারা। এ সফরে শাকিবের সঙ্গে আছেন ‘আন্ধার’ নির্মাতা রায়হান রাফী ও চিত্রনাট্যকার আদনান আদিব খান।

    পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলে দেশে ফিরবেন তারা। এরপর সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করবেন। তখন থেকেই একের পর এক আসতে থাকবে ছবি প্রচারের কনটেন্ট বলে জানিয়েছেন শাকিব চৌধুরী। তিনি বলেন, চলতি বছরের শেষ দিকেই প্রেক্ষাগৃহে উঠবে ‘আন্ধার’ সিনেমাটি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’। পরিচালনা করেছেন রায়হান রাফী। আর নেপথ্যে গল্পের হাল ধরেছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান। 

    তারা একসময় ভূত নিয়ে গবেষণা করেছেন। রেডিওতে ‘ভৌতিস্ট’ নামে একটি শো করেও পেয়েছেন বিপুল সাড়া। সেখান থেকেই গল্প বুনেছেন তারা। অভিনয়ে রয়েছেন একঝাঁক তারকা। ‘আন্ধার’ নিয়ে তাই সিনেমাপ্রেমী দর্শকদের আগ্রহের পারদ চূড়ায়। 

    ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহান, স্বর্ণালী চৈতি প্রমুখ। 

    বিনোদন ডেস্ক

  • শরিফুল রাজের প্রিয় দল ও খেলোয়াড় কে?

    বিনোদন জগতের র‌্যাম্প মডেলিংয়ের অন্যতম পথিকৃত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ বড়পর্দাতেও সমানতালে অভিনয় করে যাচ্ছেন। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর ‘ন ডরাই’ সিনেমায় নজর কাড়েন তিনি। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমা। এরপর ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ এবং ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান এ অভিনেতা।

    গত ঈদুল আজহায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন শরিফুল রাজ। তবে এ অভিনেতা বর্তমানে সিনেমার পাশাপাশি বিশ্বকাপের আমেজেও মেতে আছেন তিনি। এ মুহূর্তে বিশ্বজুড়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। মাঠে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রিয় দলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস, আলোচনা আর তর্কবিতর্কে সরব হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। সাধারণ দর্শকদের পাশাপাশি তারকারাও প্রকাশ্যে জানাচ্ছেন নিজেদের সমর্থনের কথা। সেই প্রভাব পড়েছে তারকাদের মাঝেও। আর এ অভিনেতার সেই সমর্থনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

    ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ঘিরে সমর্থকদের আগ্রহ ও প্রত্যাশা সবচেয়ে বেশি। প্রথম ম্যাচের আগেই দলটি নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজও। সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। এর পাশাপাশি জানান নিজের প্রিয় দল ও প্রিয় ফুটবলারের নামও।

    শরিফুল রাজ বলেন, আমি সবসময়ই ব্রাজিলের সমর্থক। তাদের খেলার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। খেলা বুঝতে শেখার পর থেকেই ব্রাজিলের খেলা ভালো লাগে। আর রোনালদিনহো আমার প্রিয় ফুটবলার। নিজের ভালোবাসার কথা জানিয়ে এ অভিনেতা বলেন, প্রতিটি আসরেই তিনি দলটির খেলা আগ্রহ নিয়ে অনুসরণ করেন এবং এবারও ব্রাজিলের ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করেন।

    বিনোদন ডেস্ক

  • নতুন মাইলফলকে নিলয় আলমগীর

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। তার অভিনীত ২০০ নাটক ইউটিউবে কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। দেশের নাটকে এমন অর্জন অন্য কোনো অভিনয়শিল্পীর নেই, যা বিরল ঘটনা। শনিবার (১৩ জুন) সামাজিক মাধ্যম ফেসবুকে এমন তথ্যই জানিয়েছেন এ অভিনেতা।

    গত কয়েক বছর ধরে নিলয় আলমগীর অভিনীত নাটকগুলো সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে আলোচিত হয়ে আসছে। রোমান্টিক, পারিবারিক ও সামাজিক, কমেডি গল্পনির্ভর নাটকে তার উপস্থিতি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। তিনি শুধু অভিনেতাই নন, নিজেও একজন নাটকের প্রযোজক। ইউটিউব চ্যানেল এনএএফের তিনি কর্ণধার। এই চ্যানেল থেকেই তার অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪২ লাখ।

    সামাজিক মাধ্যম ইউটিউবে ভিউয়ের শীর্ষ ১০ নাটকের মধ্যে ছয়টিই নিলয় আলমগীরের। এর মধ্যে গত ঈদে প্রচার করা নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’ শীর্ষে রয়েছে। এর পরের নাটকটিও নিলয় অভিনীত নাটক ‘মামার বাড়ি’। তৃতীয় স্থানে রয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নাটক ‘বড় ছেলে’। এরপর চতুর্থ স্থানে রয়েছে নিলয় আলমগীরের ‘সংসার আমার ভাল্লাগে না’ নাটকটি। পঞ্চম স্থানে রয়েছে অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত নাটক ‘ভুলো না আমায়’। ছয়ে আছে অভিনেতা ফারহান আহমেদ জোভানের ‘তোমাদের গল্প’। ৭, ৮ ও ৯ নম্বর স্থানে রয়েছে নিলয় আলমগীরের ‘গরিবের বড়লোক বউ’, ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’, ‘একটুখানি ভুল’ নাটক তিনটি। তালিকার ১০ নম্বরে রয়েছে অভিনেতা মোশাররফ করিম অভিনীত নাটক ‘জামাই বউর মাথা গরম’।

    সামাজিক মাধ্যম ইউটিউবে এই ভিউ অর্জনের জন্য নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। এক পোস্টে তিনি লিখেছেন— একটি ভালো কাজের পেছনে টিমের সবার পরিশ্রম থাকে। পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, প্রযোজক, পৃষ্ঠপোষক, টেলিভিশন চ্যানেল, সহশিল্পীসহ ক্যামেরার সামনে ও পেছনের সব সহকর্মীর অবদান রয়েছে। পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করা এই মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টাতেই গল্পগুলো লাখো-কোটি দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে বলে জানান নিলয় আলমগীর।

    নিলয় আলমগীর বলেন, সবার অবদান থাকলেও আমি আলাদাভাবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই আমার দর্শকদের। দর্শকরা নিয়মিত আমার নাটকের প্রতি আস্থা রাখে। দর্শকদের ভালোবাসা, সমর্থন, মন্তব্য, শেয়ার এবং ভিউয়ের কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে।

    এদিকে নিলয় ফ্যান গ্রুপে আমির উদ্দিন নামে এক ভক্ত মন্তব্য করে বলেছেন, নিলয় ভাই অভিনন্দন! আপনার ২০০ নাটক ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করা সত্যিই অসাধারণ অর্জন। আপনার পরিশ্রম, নিষ্ঠা এবং দর্শকদের ভালোবাসারই প্রতিফলন এটি। আরও অনেক অনেক সাফল্য আসুক।

    বিনোদন ডেস্ক

  • কবে থেকে আর্জেন্টিনার ভক্ত, জানালেন পারশা

    এ মুহূর্তে ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল উন্মাদনায় সারা বিশ্ব। থেমে নেই বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন তারা। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি আর্জেন্টিনাকে নিয়ে ভালোবাসার কথা জানিয়েছেন।  প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। 

    ফুটবল নিয়ে সেই চিরচেনা ভালোবাসার কথা এবার অকপটে স্বীকার করলেন জেন-জির জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। ছোটবেলা থেকেই লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার কট্টর সমর্থক তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ফুটবল প্রেমের কথা শোনালেন এ সংগীতশিল্পী। 

    আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠ এবং মাঠের বাইরের এই চিরচেনা ফুটবল বৈরিতা বা দ্বৈরথ বেশ আনন্দ দেয় বলে জানান এ সংগীতশিল্পী। পারশার মাহজাবীন পূণি বলেন, চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের ম্যাচ মানেই মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝে কথার লড়াই, আবার কখনো তা হাতাহাতিতেও রূপ নেয়। 

    তিনি বলেন, আর্জেন্টিনার প্রতি ভালোলাগা প্রসঙ্গে পারশা মাহজাবীন পূর্ণি বলেন, আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমার বড় ভাই দেখতাম যে পতাকা নিয়ে আসত অনেক বড় বড়। তো বাসায় যে রকম পতাকা লাগাত, ওই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতি একটা আলাদা ভালোবাসা।

    বিনোদন ডেস্ক

  • থাইল্যান্ডে শেষ ধাপের শুটিং, মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘সোলজার’

    ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। দীর্ঘ অপেক্ষার পর এবার সিনেমাটির কাজ প্রায় শেষপর্যায়ে পৌঁছেছে। বাকি অংশের শুটিং সম্পন্ন করতে চলতি মাসেই থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম।

    পরিচালক সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই অ্যাকশনধর্মী সিনেমাটি। ইতোমধ্যে পোস্ট-প্রোডাকশনের প্রস্তুতিও শুরু হয়েছে।

    গত বছর প্রকাশিত মোশন পোস্টারের মাধ্যমে ‘সোলজার’-এর গল্পের আভাস পাওয়া যায়। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইয়ের কাহিনী নিয়েই নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাকিব খানকে দেখা যাবে এক ভিন্ন লুকে। তার সঙ্গে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদসহ অনেকে। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

    সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের অক্টোবরে। শুরুতে চলতি বছরের শেষে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে নির্মাতা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি দর্শকদের সামনে আনা হবে।

    পরিচালক সাকিব ফাহাদ বলেন, সিনেমাটি সঠিকভাবে শেষ করাই এখন আমাদের মূল লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর—দুই সময়ই বিবেচনায় রয়েছে।

    তিনি আরও বলেন, ভালো সিনেমা শুধু উৎসবেই নয়, সারা বছর মুক্তি পাওয়া উচিত। দর্শক ও হল মালিকদের প্রত্যাশা মাথায় রেখেই আমরা সময় নির্ধারণ করব।

    সব মিলিয়ে ‘সোলজার’ ঘিরে ঢালিউডে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা, আর দর্শকরাও অপেক্ষায় শাকিব খানের এই অ্যাকশন-নির্ভর নতুন অধ্যায়ের জন্য।

    বিনোদন ডেস্ক

  • বেনজীরের গ্রেফতারে ইঙ্গিতপূর্ণ পোস্ট পরীমনির, কেন?

    সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। দুদকের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আর পুলিশের সাবেক এ কর্মকর্তা গ্রেফতার হওয়ার খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সেই আলোচনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

    সামাজিক মাধ্যমে এক শব্দে তার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। দীর্ঘ কোনো প্রতিক্রিয়া না জানালেও একটি বাক্য লিখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। চ্যানেল২৪ অনলাইনের করা ‘বেনজীর আহমেদকে কীভাবে গ্রেফতার’ করা হয়েছে— এমন সংবাদের ফটোকার্ড নিজ টাইমলাইনে শেয়ার করে নিয়েছেন পরীমনি। ক্যাপশনে তিনি লিখেছেন—‘মজা’। তার এই মাত্র শব্দ প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

    সামাজিক মাধ্যমে পরীমনির এ বক্তব্য নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে। এক নেটিজেন লিখেছেন—২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনা কেন্দ্র করে অভিনেত্রীর জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল,  সেই প্রসঙ্গের জন্যই হয়তো এদিন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

    বিভিন্ন সূত্র জানিয়েছে, এর আগে ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ছাড়েন। সেদিন তিনি কোন দেশে যান, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে থাকেন সাবেক এ আইজিপি।

    উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, মানবাধিকার লঙ্ঘনের কারণে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি বেনজীর আহমেদের নামও ছিল। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয়, তখন আইজিপির দায়িত্বে ছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক