Tag: ঢালিউড

  • এক জায়গায় মিল অপু বিশ্বাস ও বুবলীর

    ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় সারা বিশ্ব, থেমে নেই বাংলাদেশও। দেশের বিনোদন জগতের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন। এবার দেখা গেল ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। এ দুই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন শাকিব খান ঘিরে থাকলেও, নানা কারণে তারা খবরের শিরোনামে আসেন। 

    তবে এবার কোনো ব্যক্তিগত বিতর্ক কিংবা কাদা ছোড়াছুড়ি নয়, ফুটবল বিশ্বকাপই একবিন্দুতে মেলাল এ দুই তারকাকে। আর এ মিলনমেলার কেন্দ্রবিন্দু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুজনেই ব্রাজিলের কট্টর সমর্থক বলে জানা গেছে।

    সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিশ্বকাপ উপলক্ষ্যে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ আছে, যা অন্য কোনো দলে তিনি খুঁজে পান না। প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেন অপু বিশ্বাস। ফুটবলপ্রেমীদের কাছে তাই এ অভিনেত্রীর বার্তা— ব্রাজিলের প্রতি ভালোবাসা আর মেসির প্রতি সম্মান।

    অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীও সামাজিক মাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে দেখা গেছে, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেছেন বুবলী। শুধু প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থনই নয়, এ পোস্টের মাধ্যমে নিজের ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন বুবলী। এমনকি ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নামও উল্লেখ করেছেন তিনি। ছবিটির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে বুবলী লিখেছেন— ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়।

    অপু বিশ্বাস আর শবনম বুবলীকে সাধারণত শাকিব খানের সমীকরণে দেখা যায়। দুই মেরুতে। তাদের ব্যক্তিগত টানাপোড়েনে মধ্যকার বৈরী সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চার শেষ নেই। কিন্তু চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রশ্নে দুজনই একই দলের জার্সিতে এককাতারে এসে দাঁড়িয়েছেন। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে অপু ও বুবলী দুজনেই ব্রাজিলের ডেরায় যোগ দিলেও কিং খান কোন শিবিরের সমর্থক সেই উত্তর অবশ্য এখনো ধোঁয়াশাতেই রয়ে গেছে।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খান কোন দলের সমর্থক, জানালেন অপু বিশ্বাস

    বিশ্বজুড়ে চলছে বিশ্বকাপ ফুটবল-২০২৬। এখন একই উন্মাদনা সারা বিশ্বে। সেই জোয়ারে ভাসছেন বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। সামাজিক মাধ্যম মুখর হয়েছে প্রিয় দল নিয়ে চর্চায়। তারকাদের পছন্দের দল নিয়েও হচ্ছে অনেক কথা।

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের প্রিয় দল হচ্ছে ব্রাজিল। এমনকি শাকিব খানের আরেক স্ত্রী শবনম বুবলীরও প্রিয় দল হচ্ছে ব্রাজিল। অর্থাৎ ব্যক্তিজীবনে তাদের মধ্যে বৈরী সম্পর্ক থাকলেও ফুটবলে তারা একই দলের সমর্থক। কিন্তু ঢালিউড কিং শাকিব খানের প্রিয় দল কোনটি, তা অবশ্য জানা যায়নি।

    সম্প্রতি এমন একটি প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে একটু বিভ্রান্তিতেই পড়তে হয়। কারণ একেক আসরে একেক দলের সমর্থন করেন অভিনেতারা। ২০১৪ সালের বিশ্বকাপের সময় গণমাধ্যমে জানিয়েছিলেন— তার পছন্দের দল ব্রাজিল। নেইমারের খেলা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। আবার ২০১৮ সালের বিশ্বকাপের সময় শাকিব বলেছিলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেই সময় তার অভিমত ছিল এমন— ছোটবেলা থেকে ফুটবল খেলা তার প্রিয়। মাঠে খেলার সময় নিজেকে মনে করতেন ম্যারাডোনা। তাই আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান তিনি। এ ছাড়া ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় কিং খানকে।

    এবার ব্রাজিল নাকি আর্জেন্টিনা তা সংশয় আরও বাড়িয়ে দিলেন শাকিব খান। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন এ অভিনেতা। সেখানে তার কাছে জানতে চাওয়া হলে শাকিব বলেন, কোন দল পছন্দ করি, সেটি বলব না। এবার একটু কৌশলে এগোচ্ছেন তিনি। কারণ এর আগে যে দল সাপোর্ট করেছি, পরে হেরেছি, গালি খেয়েছি। এ জন্য এবার অপেক্ষা করি, খেলার অবস্থা দেখে জানাব।

    এ সময় শাকিবের পাশে ছিলেন পূর্ণিমাও। তিনি বিশ্বকাপ উপলক্ষ্যে একটি ফটোশুট করেছেন শাকিবের সঙ্গে। পূর্ণিমা ইঙ্গিত দেন, শাকিবের পছন্দের দল আর্জেন্টিনা। একই তথ্য দিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসও। তিনি স্পষ্টই জানালেন— শাকিব আর্জেন্টিনার সমর্থক।

    বিনোদন ডেস্ক

  • আল্লাহর হুকুম যখন, ঠিক তখনই হইছে: আরিফিন শুভ

    ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সিনেমা ‘মালিক’। সাইফ চন্দনের পরিচালনায় অ্যাকশন-থ্রিলারনির্ভর এ সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে শুভ ও মিমের রসায়ন দর্শকরা পছন্দ করেছে। 

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সিনেমাটিতে নিজের কাজের অভিজ্ঞতা ও প্রাপ্তি নিয়ে অকপট কথা বলেছেন আরিফিন শুভ। দীর্ঘদিন পর এ সিনেমায় শুভর সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

    সিনেমাপ্রেমী দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসাই তার কাজের মূল অনুপ্রেরণা বলে জানিয়েছেন আরিফিন শুভ। 

    তিনি বলেন, তারা আনন্দ পেলেই তাদের আনন্দটাই সবকিছু। আমি শুধু একটা জিনিসই বলব— ‘মালিক’ এখনো সাকসেসফুলি চলছে। যারা এখনো দেখেননি, তারা অবশ্যই অবশ্যই হলে এসে যদি আনন্দ করতে চান, আনন্দ-উল্লাস করতে চান, তালি মারতে চান, সিটি বাজাতে চান, তাহলে ‘মালিক’ দেখবেন।

    ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমসহ আরও অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু, খলঅভিনেতা মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।

    সংবাদ সম্মেলনে নিজের চরিত্র ও অভিনয়ের সুযোগ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, যখন যেই অপরচুনিটি আসে, যেই সুযোগটা আসে, সেটা সৎব্যবহার করাটাই হচ্ছে সময়। তো আমার কাছে এ সুযোগটা এসেছিল, আমি সৎব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, তখনই হইছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় বলে আমার মনে হয় না; সময় সময় হয়। বাকি টাইমিং মেলার একটা বিষয় থাকে।

    বিশ্ব চলচ্চিত্রের বড় বাজেটের সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে এ রকম একটা কাজ হয়েছে— এটাই অনেক আনন্দের, আমি সেটার লিড ক্যারেক্টার করেছি। ভবিষ্যতে দেখা যাক, দেখা যাক কী হয়।

    অভিনেতা বলেন, খুবই আনন্দের বিষয় কারণ ওই যে আপনিই বললেন ৪০০ কোটি রুপির, ৫০০ কোটি রুপি বা হাজার কোটি রুপির বাজেটের সিনেমা, তো সেই তুলনায় আমাদের দর্শক যদি কিছুটা দেশের বাইরের ভিন্ন ধারার, ভিন্ন দেশের একটু ফ্লেভার পায় ক্ষতি কী?

    বিনোদন ডেস্ক

  • এতদিন কোথায় ছিলেন বুবলী?

    দীর্ঘ কয়েক মাসের নীরবতা, পর্দার আড়ালে বসবাস এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে আবির্ভূত হলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। মাতৃত্বের সময়টুকু যে নিজের মতো করে কাটাতে চেয়েছিলেন, সেটিও পরিষ্কার হয়ে গেছে তার নতুন করে ফিরে আসায়। তাতে আর যাই হোক সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছ থেকেই শুধু নয়; ভক্ত-অনুরাগীসহ সাধারণ মানুষের সমালোচনা থেকেও নিজেকে রক্ষা করেছেন তিনি। 

    যদিও কয়েক মাস ধরে তাকে নিয়ে নানা গুঞ্জন চলছিল। আগের মতো জনসমক্ষে তাকে আর দেখা যাচ্ছিল না। সিনেমা মুক্তি পেলেও দেখা যায়নি প্রিমিয়ারে। এমনকি সংবাদ সম্মেলন কিংবা প্রচার অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল না বললেই চলে। বছরের শুরুতে বুবলী একেবারে আড়ালে চলে যান। ফলে ভক্ত-অনুরাগীদের কৌতূহল দিন দিন বাড়তে থাকে। 

    ভক্তরা গত বছরের অক্টোবরের দিকে জানতে পারেন, মা হতে চলেছেন বুবলী।

    তখন তাকে অভিনন্দন জানিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। তবে তিনি বিষয়টি নিয়ে সেই সময় কোনো মন্তব্য করেননি। পরবর্তী সময়েও মাতৃত্ব নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি; বরং বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বলে এড়িয়ে গেছেন। 

    অভিনেত্রী মা হওয়ার খবরটি শুক্রবার (৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে জানিয়ে দিয়েছেন। সেই পোস্টে তিনি জানান, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। 

    খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান বুবলীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনন্দনের পাশাপাশি নতুন করে সামনে এসেছে আরেকটি প্রশ্ন— কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এতদিন কোথায় ছিলেন? 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বছরের শুরুতে তাকে প্রকাশ্যে কম দেখা গেছে। যাদের সঙ্গে কাজ ছিল, তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তখন সিনেমাসংশ্লিষ্ট অনেকেই বলেন, সন্তান জন্ম দিতে বুবলী হয়তো যুক্তরাষ্ট্রে গেছেন। কারণ এর আগেও বুবলী সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। 

    বুবলীর ঘনিষ্ঠজনদের কয়েকজন জানিয়েছেন, এবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল। প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি।

    আবার কেউ কেউ বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসনসংক্রান্ত কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। যদিও এ বিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ একাধিক সূত্রমতে, যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময়টাতে ঢাকায় ছিলেন তিনি। 

    জানা গেছে, মাতৃত্বকালীন পুরো সময়ে ঢাকাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন বুবলী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন। এমনকি হাসপাতালেও যাতায়াত করতেন আড়াল বজায় রেখে। 

    মা হওয়ার কয়েক মাস আগপর্যন্তও শুটিং এবং বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। করেছেন একাধিক সিনেমার শুটিং। পরিচালক রায়হান রাফির ‘প্রেশার কুকার’ ছবির শুটিংও করেছেন ওই সময়। গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পায়। কিন্তু এটি মুক্তি পেলেও প্রচারণায় দেখা যায়নি তাকে। 

    বিষয়টি তখন অনেকের নজরে আসে। কারণ নিজের সিনেমা মুক্তি পেলে সাধারণত হল ভিজিট, মানুষের সঙ্গে কথাবার্তা বলা কিংবা গণমাধ্যমের মুখোমুখি হওয়ায় বেশ সরব থাকেন বুবলী। এবার তার অনুপস্থিতি রহস্য বাড়িয়ে দেয়। 

    তাই বিনোদন অঙ্গনের অনেকেই ধারণা করেছিলেন, শবনম বুবলী হয়তো দেশের বাইরে আছেন। পরিচালকও বলেছিলেন, বুবলী অসুস্থ, তাই এখন তিনি প্রকাশ্যে আসছেন না। আবার কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে বুবলী কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তখন কিছুই বলা হয়নি। 

    অবশেষে গেল শুক্রবার (৫ জুন) কন্যাসন্তানের মা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। খবরটি জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

    উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান-শবনম বুবলী দম্পতির প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি সামনে আনলেন এই অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে: আরিফিন শুভ

    মাঝে বিরতির পর আবারও রুপালি পর্দায় হাজির ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা আরিফিন শুভ। গেল ঈদুল আজহায় তার অভিনীত ‘মালিক’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় হল পরিদর্শন, দর্শক প্রতিক্রিয়া জানা আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়ক। 

    এরই ফাঁকে নিজের অভিনয়জীবন, অর্জন, সিনেমা নিয়ে উপলব্ধি ও বর্তমান অবস্থানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন শুভ। দীর্ঘ দুই দশকের পথচলার পর এখন আর নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু দেখেন না বলেও জানান তিনি। 

    শুভ বলেন, ‘২০০৪ সালে ফ্যাশন শো দিয়ে শুরু। এরপর মডেলিং, রেডিও, টেলিভিশন, সিনেমা, ওটিটি—সব জায়গায় কাজ করেছি। ভালো ফলও পেয়েছি। তাই নিজেকে প্রমাণ দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিজ ক্যারিয়ারে কাজের বৈচিত্র্যের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘ছুঁয়ে দিলে মন’-এর মতো রোমান্টিক সিনেমা, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো অ্যাকশনধর্মী ছবি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে ‘জ্যাজ সিটি’ সিরিজেও কাজ করেছেন তিনি। 

    তাই একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের সক্ষমতা নিয়ে তার কোনো সংশয় নেই বলে দাবি করেন অভিনেতা। 

    তার ভাষ্য, ‘আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে। এখন ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারব না।’ 

    উল্লেখ্য, এর আগে ‘মুজিব’ সিনেমাকে ঘিরে আলোচনা, রাজনৈতিক বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা চর্চার পর আরিফিন শুভ এখন পুরোপুরি কাজের মধ্যেই ব্যস্ত আছেন। সম্প্রতি ভারতে আন্তর্জাতিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’-তে তার কাজ নিয়েও বেশ আলোড়ন ওঠে। 

    বিনোদন ডেস্ক

  • হলে সিট না পেয়ে দাঁড়িয়েই ‘মাসুদ রানা’ সিনেমা দেখলেন হিরো

    এবারের ঈদে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী উপন্যাস ‘মাসুদ রানা’র গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পেয়েছে। রাসেল রানা অভিনীত মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।  

    সেই সঙ্গে এ নিয়ে বেশ আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। 

    বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সিনেমাটি নিয়ে এক অভিনব চ্যালেঞ্জ ও বড় ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করে বলেন, এবারের ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’। 

    প্রযোজক বলেন, আমাদের সিনেমায় নতুন নায়ক-নায়িকা কাজ করেছেন। নতুন হওয়ার কারণে হয়তো শুরুর দিকে তারা কিছুটা কম প্রাধান্য পাবেন। তবে জাজ মাল্টিমিডিয়ার ওপর মানুষের একটা দীর্ঘদিনের ভরসা আছে। সেই ভরসার জায়গা থেকেই আমি বলছি— এ সিনেমা যদি এই ঈদের সেরা সিনেমা না হয়, তবে জাজ মাল্টিমিডিয়া আর কোনো দিন সিনেমা বানাবে না এবং আমিও আর কোনো দিন সিনেমা তৈরি করব না।

    এ ব্যতিক্রমী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আব্দুল আজিজ বলেন, চ্যালেঞ্জ একটাই— যদি কারও কাছে সিনেমা খারাপ লাগে, জাস্ট টিকিটের পেছনে নাম এবং আপনার বিকাশ নম্বর লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠিয়ে দেবেন, টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘মাসুদ রানা’ সিনেমা মুক্তির প্রথম দিনেই সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে দিয়েছে। এর মধ্যে জাজ মাল্টিমিডিয়ার সেই ফেসবুক পোস্ট কেন্দ্র করে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে তুমুল আলোচনা ও হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। সিনেমার সাফল্যমণ্ডিত মুহূর্ত ও ব্যতিক্রমী একটি চিত্র তুলে ধরে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে— সিনেমাহলে সিট না পেয়ে দাঁড়িয়েই সিনেমা দেখছেন সিনেমার ‘মাসুদ রানা’ চরিত্রের অভিনেতা রাসেল রানা।

    সামাজিক মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া তাদের সেই পোস্টে লিখেছেন— হিরো যখন টিকিট পায় না। সব টিকিট আগেই সোল্ড আউট হয়ে যায়, তখন হিরোর নিজের সিনেমা দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় থাকে না।

    প্রযোজনা প্রতিষ্ঠানের এমন দাবির সঙ্গে একমত হতে পারেননি দর্শকদের একাংশ। অনেকেই একে সস্তা পাবলিসিটি স্টান্ট বা প্রচারের কৌশল হিসেবে মনে করছেন। এক নেটিজেন লিখেছেন— ‘ওই যে পেছনে সিট খালি।’ শুধু তিনিই নন, সাধারণ নেটিজেনদের অনেকেই সিনেমার ব্যাকগ্রাউন্ডে কিছু খালি আসন চিহ্নিত করে প্রযোজনা প্রতিষ্ঠানের এই অতি-আবেগী দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বেশ রসাত্মক মন্তব্য করেছেন।

    যদিও এ বিতর্কের বাইরেও মুক্তির প্রথম দিনে দর্শক উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। 

    তিনি বলেন, প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট এবং পরবর্তী দিনগুলোর অগ্রিম বুকিং তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ‘বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম’

    ঈদুল আজহা উপলক্ষে দেশের এক অনলাইন পোর্টালের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

    তিনি বলেন, সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে।

    অভিনেত্রী বলেন, এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশেপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দুইবার বিয়ের অভিজ্ঞতার প্রসঙ্গে বাঁধন বলেন, বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।

    ঈদের স্মৃতি নিয়ে অভিনেত্রী বলেন, ছোটবেলায় কুরবানির ঈদ মানেই ছিল গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানো। মুন্সিগঞ্জের শ্রীনগরে আমাদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের স্মৃতি এখনও মনে গেঁথে আছে। এখন ঈদের আনন্দের চেয়ে দায়িত্বই বেশি অনুভূত হয়।

    বিনোদন ডেস্ক

  • একদিনেই গরুর প্রেমে পড়েন পরীমনি

    কুরবানির পশুর প্রতি নিজের আবেগের কথা জানালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তিনি বলেন, ‘আমার ঈদের গরু হতে হবে সেরা গরু। তাই সবচেয়ে ভালো গরু কেনার চেষ্টা করি। একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই। ওকে গোসল করিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে।’

    কেবল নিজের আনন্দ নয়, ঈদের বড় আনন্দ তিনি খুঁজে পান মাংস বিতরণেও। ‘গরিব মানুষের মাঝে মাংস বিতরণ করতে অনেক ভালো লাগে’ বলেন তিনি।

    এফডিসিতে কুরবানি দেওয়ার স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। ‘২০১৬ সাল থেকে নিয়মিত এফডিসির সবার সঙ্গে কুরবানি করেছি। আমি চাই, সহশিল্পীরা যেন আনন্দ নিয়ে ঈদ করতে পারেন। তবে এখন আবার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সিদ্ধান্ত নিয়েছি।’

    পরিমনি অভিনীত ‘ডোডোর গল্প’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির নতুন গান ‘জোছনায় ভাসা শহর’। 

    বিনোদন ডেস্ক

  • গরুর হাটে কেঁদে অস্থির মেহজাবীন

    কুরবানির ঈদ মানেই পশুর হাট ঘিরে অন্যরকম উচ্ছ্বাস। এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে শৈশবের অসংখ্য স্মৃতি আর আবেগের গল্প। কুরবানির হাটের স্মৃতি চারণ করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন ‘গরুর হাটে গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম। চারপাশের উপচে পড়া ভিড়ের মধ্যে হঠাৎ ভাইদের হারিয়ে ফেলি। এত মানুষ আর গরুর মাঝে নিজেকে একা আবিষ্কার করে ভয়ে আমি হাটের মধ্যেই বসে কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছিলাম।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে বেশিক্ষণ আতঙ্কে থাকতে হয়নি তাকে। কিছু সময় পর চাচাতো ভাইয়েরা মেহজাবীনকে খুঁজে পান এবং নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।

    মেহজাবীন আরও বলেন ‘এখন একা একা যখন এসব স্মৃতির কথা মনে পড়ে নিজের অজান্তেই হাসি পায়। আবার সেসব দিনের কথা মনে হলে এক অদ্ভুত আনন্দও লাগে। কিন্তু সময় তো বদলে গেছে। শৈশবের সেই খাঁটি আনন্দ এখন আর চাইলেও কোথাও খুঁজে পাই না।’

    বিনোদন ডেস্ক

  • ঈদে প্রচারিত হবে ‘কাজের মেয়ে’ হিমি

    আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে সেরকারি টিভি চ্যানেল বাংলাভিশন। চ্যানেলটিতে প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’।

    কাজের মেয়ে চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ঈদের বিশেষ এই ধারাবাহিক নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

    নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। সোহাইল রহমানের গল্প অবলম্বনে নাটকটির রচনা করেছেন কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন।

    ঈদের আনন্দকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে থাকছে হাসি-আনন্দ, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতার ছোঁয়া।

    নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প ও নির্মাণশৈলীতে দর্শকরা পাবেন ভিন্নধর্মী বিনোদন অভিজ্ঞতা।

    নাটকটি প্রসঙ্গে কথাসাহিত্যিক ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন বলেন, কাজের মেয়ে অরিন’ শুধু বিনোদনের গল্প নয়, এর ভেতরে রয়েছে জীবনের নানা অনুভূতির প্রতিচ্ছবি।

    নাটকটি লিখতে গিয়ে প্রতিটি চরিত্রের সঙ্গে আমি যেন নিজেও মিশে গিয়েছিলাম। ভীষণ ভালোবাসা আর আনন্দ নিয়ে কাজটি করেছি। ঈদের আনন্দঘন মুহূর্তে দর্শক নাটকটি উপভোগ করবেন, এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা।

    নির্মাতা মিতুল খান বলেন, আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের জন্য একটু আলাদা কিছু উপহার দিতে। ‘কাজের মেয়ে অরিন’ সেই চেষ্টারই অংশ। এই ধরনের নির্মাণ খুব কম দেখা যায়। আমি বিশ্বাস করি, নাটকটির গল্প, উপস্থাপন ও চরিত্রগুলো দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে।

    বিনোদন ডেস্ক