Tag: কনসার্ট

  • সোনার বাংলা সার্কাসের একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

    ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’ আগামী ১৭ অক্টোবর ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচালার সেন্টার  আরসিসি) ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে তাদের একক সিরিজ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। এই লাইভ কনসার্টের মধ্য দিয়েই শেষ হচ্ছে ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের সিরিজ একক কনসার্টের।

    ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, দ্রুতই এই ব্যান্ডের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’ বের হতে যাচ্ছে। এরপর ব্যান্ডটি নতুন অ্যালবামের গানগুলো নিয়ে সারাদেশে একক কনসার্টের আয়োজন করবে।

    ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ মূলত তাদের জনপ্রিয় অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এর লাইভ পারফরম্যান্স। এর আগে গত চার বছরে ঢাকায় তিনবারসহ খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ একক কনসার্টের আয়োজন করেছিল ব্যান্ডটি। 

    ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও গীতিকার প্রবর রিপন বলেন, ‘কোনো ব্যান্ডকে ভালো মতো চেনার উপায় তাদের অ্যালবাম ও একক কনসার্ট। সাধারণত আমাদের দেশে যেমন ধরনের লাইন-আপ কনসার্ট হয় সেখানে সময়ের স্বল্পতা থাকে স্বাভাবিকভাবেই। যার ফলে যারা ব্যান্ডকে ভালোবাসে তারা অতৃপ্ত থেকে যায়। এই কারণে আমাদের নিজস্ব উদ্যোগে এই একক কনসার্ট। ব্যান্ড ধীরস্থির ভাবে দীর্ঘ সময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে। আর যেহেতু ঐ ব্যান্ডের গানপ্রেমীরাই সব সেখানে থাকবে তাই কোনো ধরনের অস্থিরতা ছাড়াই গান পরিবেশন করা যাবে।‘ এই কারনেই আমরা খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে এই একক কনসার্টের আয়োজন করেছি। খুলনাতে আসলে আমরা কোনো ভেন্যু পাইনি।’ 

    ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই কনসার্টের সব টিকেট বিক্রি হয়ে গেছে। সোনার বাংলা সার্কাসের একক কনসার্টে হায়েনা এক্সপ্রেসের সব গান ছাড়াও নতুন অ্যালবামের কয়েকটি গানও পরিবেশন করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। তারা এখন প্র্যাকটিস প্যাডে ব্যস্ত সময় পার করছেন। 

    বিদায় হায়েনা এক্সপ্রেসে গান ছাড়াও অন্য আরও চমক থাকছে। কবিতা, জোকারদের পারফর্মিং আর্টসহ আরও অনেক কিছু। মোট ৩ ঘন্টার এই কনসার্টের পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন, সব কিছুতেই থাকবে চমক। যেটাকে ব্যান্ডের ভাষায় কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট বলা হচ্ছে।

    ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারিতে বের হয় তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’–এর মতো গানে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে ব্যান্ডটি। ইতিমধ্যে তারা দেশ-বিদেশের দুইশত এর বেশি কনসার্টে পারফর্ম করেছে।

    বিনোদন ডেস্ক

  • বর্ষবরণে সোহরাওয়ার্দী উদ্যানের কনসার্টে গাইবে যেসব ব্যান্ড

    চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামী রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ অনুষ্ঠানে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, ভাইকিংস, এভোয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি। পাশাপাশি অংশ নেবে মারমা সম্প্রদায়ের চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ইমাং, চাকমা সম্প্রদায়ের ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ইউনিটি এবং গারো সম্প্রদায়ের এফ মাইনর ব্যান্ডদল।

    অনুষ্ঠানে আরও থাকবেন ৫০ জন ঢাক-ঢোল বাদক ও ৫০ জন লাঠিখেলা প্রদর্শনকারী।

    বাংলা নববর্ষ উপলক্ষে আগামী সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’-তে প্রথমবারের মতো শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ২৮টি জাতিগোষ্ঠীর ৪৯৪ জন শিল্পী বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে—বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, বম, ম্রো, রাখাইন, খিয়াং, বানাই, সাঁওতাল, ওঁরাও, তুরী, মাহালি, মালপাহাড়িয়া, কোল, মাহাতো, মুণ্ডা রাজোয়াড়, মনিপুরী, খাসিয়া, চা-জনগোষ্ঠী, গারো, হাজং, কোচ ও মালো।

    শোভাযাত্রায় অংশ নেবে দুই শতাধিক ব্যান্ড সংগীতশিল্পী। তারা সম্মিলিতভাবে গানে গানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করবেন।

    এছাড়া নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও জাতীয় সংসদ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজন করা হবে ‘ড্রোন শো’ ও ‘ব্যান্ড শো’।

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় হয়নি পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদের কনসার্ট, আয়োজক উধাও

    পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুস্তফা জাহিদ ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন। তবে কনসার্ট শুরুর এক ঘণ্টা আগেই আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ হঠাৎ করে এক ফেসবুক পোস্টের মাধ্যমে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয়।  অবাক করা বিষয় হলো—শিল্পীসহ সংশ্লিষ্ট কেউ-ই আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

    এই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার শিল্পী এ কে রাহুল, ব্যান্ড ‘লেভেল ফাইভ’ ও ‘এনকোর’-এর। তবে কনসার্ট স্থগিত হওয়া সম্পর্কে কিছুই জানেন না তারাও। অভিযোগ উঠেছে, আয়োজকেরা ভেন্যু নিশ্চিত না করেই শুরু করেছিলেন টিকিট বিক্রি।

    ঢাকার একাধিক শিল্পী জানিয়েছেন, এমন পরিস্থিতি শুধু বিব্রতকরই নয়, বরং খুবই লজ্জারও।

    শিল্পী এ কে রাহুল বলেন, ‘এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, গতকাল প্র্যাকটিসও করেছেন। কনসার্টের পূর্বমুহূর্তে যদি কারও সঙ্গে কোনো যোগাযোগ না করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা খুবই হতাশাজনক।’

    ব্যান্ড ‘লেভেল ফাইভ’-এর ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, ‘আগে কনসার্ট স্থগিতের সময় আমাদের আগেভাগে জানানো হয়েছিল, এবার আয়োজকেরা আমাদের কিছুই জানায়নি। গত কিছুদিন ধরেই তারা যোগাযোগ কমিয়ে দিয়েছিল, এমনকি প্রাপ্য পারিশ্রমিকও দেয়নি। তখনই আমরা কিছুটা সন্দেহ করেছিলাম।”

    আজ কনসার্টটি হওয়ার কথা ছিল পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। কিন্তু সেই কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ নামক কোনো প্রতিষ্ঠানের আজকের দিনের জন্য কোনো বুকিংই ছিল না। তারা যোগাযোগ করলেও কোনো অর্থ পরিশোধ করেনি।

    আজ দুপুর থেকেই অনেক দর্শক ভেন্যুর গেটে জড়ো হতে থাকেন। কিন্তু গিয়ে দেখেন, গেট বন্ধ, নেই কোনো আয়োজনের চিহ্ন, পোস্টার বা সাউন্ড-সিস্টেমও দেখা যায়নি। আয়োজকদের ফোনে যোগাযোগের চেষ্টা করলেও নম্বর বন্ধ পাওয়া যায়।

    এর আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ নামে একটি কনসার্ট স্থগিত করেছিল একই প্রতিষ্ঠান, যার টিকিটের টাকা এখনো ফেরত পায়নি অনেক দর্শক। সেই কনসার্টটি হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারিতে, তবে নিরাপত্তাজনিত সমস্যার অজুহাতে তা স্থগিত করা হয়। আজকেও একই কারণ দেখিয়ে হঠাৎ করে কনসার্ট বাতিল করা হলো।

    প্রসঙ্গত, মুস্তাফা জাহিদ ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীতজগতে পা রাখেন। ২০০৭ সালে বলিউডের আওয়ারাপান সিনেমার ‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান দুটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর রানওয়ে, ব্লাড মানি, মার্ডার থ্রি, আশিকি টু, হিরোপান্তিসহ একাধিক বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • দেশে কনসার্টের আকাল, বিদেশমুখি হচ্ছেন শিল্পীরা

    দেশে বেশ কয়েক বছর ধরেই ওপেন এয়ার কনসার্টের পরিমাণ কমে এসেছে। রাজনৈতিকসহ বিভিন্ন কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী বেশকিছু কনসার্ট আয়োজন করা হলেও সেগুলো বাতিল হয় নিরাপত্তার কারণে। সেসময় জনমনেও আতঙ্ক ছিল। 

    তবে এর মধ্যেই কিছু কনসার্ট হলেও, সেগুলো অনুষ্ঠিত হয় ইনডোরে। বাংলাদেশে শীতকালকে কনসার্টের মৌসুম বলা হয়ে থাকে। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা একক শিল্পী এবং ব্যান্ডগুলোর কনসার্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এ মৌসুমেও কনসার্টের ব্যস্ততা ছিল শিল্পীদের, তবে তুলনামূলক কম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক আয়োজক বড় আয়োজন নিয়ে ছিলেন সংশয়ে। বলা যায়, এ মৌসুম কনসার্টপ্রেমীদের জন্য খুব একটা ভালো যায়নি। 

    এদিকে মার্চে রমজান মাস চলায় কনসার্ট একেবারেই বন্ধ। ফলে নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিল্পীরা, তাদের কপালে চিন্তার ভাঁজ। তবে দেশে কনসার্ট সংখ্যা কমলেও, শিল্পীদের মনে স্বস্তি ফেরাচ্ছে বিদেশের কনসার্ট। ঈদের পরে দেশের শিল্পীদের ব্যস্ততা বাড়বে বিদেশের কনসার্ট নিয়ে। এরইমধ্যে ঈদের পর দেশের প্রায় এক ডজন শিল্পী বিদেশে যাচ্ছেন শো করতে। কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শো নিয়ে ব্যস্ততা থাকবে দেশের শিল্পীদের।

    জনপ্রিয় সংগীত শিল্পী মনির খাকে দেশে কনসার্টে কম দেখা গেলেও, তিনি নিয়মিত তার দুই ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেন। 

    এ শিল্পী জানান, ৩১ মার্চ কাতারে ‘লাইভ মেগা কনসার্ট’ নামে একটি শোতে অংশ নেবেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরও একই কনসার্টে অংশ নেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘রমজানের আগে স্টেজ শো নিয়ে একটু ব্যস্ততা ছিল। রমজান মাসে কনসার্ট বন্ধ থাকে। কিন্তু ঈদের পর আবার কনসার্ট হবে, শো বাড়বে। এরইমধ্যে কাতারের শো কনফার্ম করেছি। এখানে অংশ নেব।’ কাতারের এ কনসার্টে আরও অংশ নিচ্ছেন আরফিন রুমি, দিলশাদ নাহার কণা, বেলাল খান, ইমরান মাহমুদুল, সাথী খান, বেলি আফরোজ, মুনসহ আরও কয়েকজন।

    এদিকে এক বছর বিরতি দিয়ে ফের যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নগরবাউলখ্যাত জনপ্রিয় ব্যান্ডতারকা জেমস। দলটির পক্ষ থেকে জানান হয়, ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে ‘চ্যাপ্টার টু : জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের এক কনসার্টে অংশ নেবেন এ সংগীতশিল্পী। 

    আয়োজকরা জানিয়েছেন, এর আগে ডালাসে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি শিল্পীর কনসার্ট হয়নি। সর্বশেষ ২০২৩ সালে কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জেমস। সাতটি কনসার্টে গান শোনানোর কথা থাকলেও সেই ট্যুরে ২০টির বেশি আয়োজনে গেয়েছিলেন তিনি।

    জনপ্রিয় ব্যান্ড দলছুটের প্রধান ও ভোকাল বাপ্পা মজুমদার জানান, দল নিয়ে তিনি এপ্রিল-মে মাসে যাচ্ছেন কানাডা ট্যুরে। সেখানে বেশ কিছু কনসার্টে অংশ নেবে দলছুট। এরমধ্যে ১৯ এপ্রিল ক্যালগেরি, ২৫ এপ্রিল টরন্টো, ২৭ এপ্রিল ভ্যাঙ্কুভার এবং ৩ মে হলিফ্যাক্সে গান শোনাবে দলটি। প্রতিটি কনসার্টেই দলছুটের সঙ্গে গাইবেন সংগীতশিল্পী এলিটা করিম।

    এদিকে বৈশাখ উপলক্ষ্যে একটি কনসার্টে অংশ নিতে এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শায়ান চৌধুরী অর্নব ও সুনিধি নায়েক। ১৯ এপ্রিল ডালাসে অনুষ্ঠিত ‘বাংলা ফোক রক ফেস্ট’ কনসার্টে গাইবেন তারা। এ সময় তাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন আর্টসেল ব্যান্ডের সাবেক সদস্য এরশাদ জামান।

    এদিকে জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ১০টি শহরে (ডালাস, মিয়ামি, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, নিউ জার্সি, স্যান জোস, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন ও মিশিগান) শো করার বিষয়ে নিশ্চিত করেছেন বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী প্রীতম হাসান। তবে শোগুলোর তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এ শিল্পী। এছাড়া আরও অনেক শিল্পীই বিদেশের শো নিয়ে আলোচনা করছেন। ঈদের পরেই সেগুলো কনফার্ম হবে বলেও জানান তারা।

    বিদেশের মাটিতে দেশের শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনে স্বস্তি ফেরাচ্ছে সংগীতাঙ্গনে, এমনটাই বলছেন সংগীত বোদ্ধারা। এর মধ্য দিয়ে বহির্বিশ্বে বাংলা গানের প্রচার-প্রসারেও বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • আজ জেমসসহ পাঁচ ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট

    দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস উন্মুক্ত কনসার্টে গান গাইবেন। সেখানে কোনো টিকিট লাগবে না। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা টগি ক্লাব মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। যেখানে গান গাইবে নগর বাউলের জেমসসহ আরও পাঁচটি ব্যান্ড।

    ‘রিদম অব ইউথ’ শিরোনামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। যার জন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজকরা মনে করছেন এটি একটি স্মরণীয় কনসার্ট হয়ে থাকবে।

    আর এই কনসার্টে প্রধান আকর্ষণ নগর বাউল জেমস। এ ছাড়া আরও থাকবে আর্টসেল, শিরোনামহীন, এভয়েড রাফা, মেঘদল ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।

    ‘রিদম অব ইউথ’ উন্মুক্ত কনসার্টটি শুরু হবে দুপুর ২টায়। চলবে মাঝ রাত পর্যন্ত। আয়োজিত কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • হাসপাতাল থেকে ফিরেই ঝড় তুললেন শাকিরা

    কলম্বিয়ান পপতারকা শাকিরা গত সপ্তাহে হঠাৎ অসুস্থ
    হয়ে পড়ায় কয়েকটি
    কনসার্ট স্থগিত করতে হয়।
    তিনি শারীরিক
    জটিলতা নিয়ে ভর্তি হন হাসপাতালে। তবে সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরেছেন
    এই পপসম্রাজ্ঞী।
    বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজ দেশ কলম্বিয়ার রাজধানী
    শহরে
    পারফর্ম করেন তিনি।

    গত বছর মুক্তি পায় শাকিরার ১২তম স্টুডিও অ্যালবামওমেন ডোন্ট ক্রাই এনিমোর সেই অ্যালবামেরই কনসার্ট ট্যুর শুরু করেছেন ৪৮ বছর বয়সি
    এই তারকা।
    এদিন বোগোটার মঞ্চে চিরচেনা
    রূপেই
    হাজির হন শাকিরা। নাচেগানে রীতিমতো ঝড় তোলেন
    এই গায়িকা।

    এর আগে গত ১১ ফেব্রুয়ারি ব্রাজিল থেকে শাকিরা এই কনসার্ট ট্যুর শুরু করেন। তবে
    মাঝে
    পেরুসহ দুটি কনসার্ট মিস হয় তার।

    এদিকে বৃহস্পতিবার রাতে পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হবে কলম্বিয়াপর্ব। এরপর চিলি আর্জেন্টিনায় পারফর্ম করবেন
    শাকিরা।
    আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পারফর্মের মধ্য দিয়ে শেষ হবে
    এই
    ট্যুর। সূত্র: এএফপি

    বিনোদন ডেস্ক

  • শাকিরা-ভক্তদের জন্য ফের দুঃসংবাদ, কী ঘটেছে পপ তারকার?

    পেরুর রাজাধানী লিমায় আয়োজিত একটি কনসার্ট বাতিল হওয়ার পর আরও একটি দুঃসংবাদ কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভক্তদের জন্য। এবার স্থগিত হলো তার বহুল প্রতীক্ষিত মেডেলিন কনসার্ট। 

    স্টেজের ছাদে ক্ষতির কারণে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    Las Mujeres Ya No Lloran World Tour-এর অংশ হিসেবে কনসার্টটি ২৪ ফেব্রুয়ারি মেডেলিনের আতানাসিও গিরার্দো স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।

    তবে ইভেন্ট আয়োজক সংস্থা প্যারামো প্রেজেন্টা নিশ্চিত করেছে যে, স্টেজের ছাদে কাঠামোগত ক্ষতি শাকিরার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।

    স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে তারা জানায়, ‘শো সেটআপের সময় স্থানীয় প্রযোজনা কোম্পানি কর্তৃক ইনস্টল করা স্টেজের ছাদে ক্ষতি ধরা পড়ে। যা শিল্পীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত’।

    যার ফলে কনসার্টটি স্থগিত হলো। এর পরবর্তী তারিখ পুনঃনির্ধারণ করা হবে এবং নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানায় প্যারামো প্রেজেন্টা।

    এটি শাকিরার সাম্প্রতিক সময়ের দ্বিতীয় কনসার্ট স্থগিতের ঘটনা। এর আগে পেরুর লিমায় একটি কনসার্ট বাতিল করা হয়। কারণ শাকিরা সেই সময় অ্যাসিডিটি ও পেটের ব্যথায় ভুগছিলেন।

    জানা গেছে, তিনি এখন পুরোদমে সুস্থ হয়ে উঠেছেন এবং আবারও ট্যুর শুরু করেছেন। চলতি মাসের ২৬ ও ২৭ তারিখে বোগোটায় দুটি ব্যাক-টু-ব্যাক কনসার্ট করার কথাও রয়েছে।

    ভক্তদের প্রতিক্রিয়া

    এদিকে শাকিরার Las Mujeres Ya No Lloran World Tour দক্ষিণ আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই সাম্প্রতিক সময়ে তার এই দুটি কনসার্ট স্থগিতকরণ ভক্তদেরকে দারুণভাবে হতাশ করেছে।

    তবে শাকিরা নিশ্চিত করেছেন যে, তিনি তার সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • রাহাত ফতেহ আলীর মুখে বাংলা গান, নেপথ্যে ভূমিকা কার?

    ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মে আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে রোববার প্রথম দিন গান করেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। দ্বিতীয় দিনের মতো ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে সোমবার সন্ধ্যায় গেয়েছেন তিনি। তার কণ্ঠে ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের বাংলা গানটি শুনে স্টেডিয়ামের আগত দর্শক–শ্রোতারা অবাক হয়ে যান। বাংলা গানটি গাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উপমহাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। তিনি মূলত গানটির সুরে করেছেন। 

    রাত ৯টায় মঞ্চে উঠে চিরচেনারূপে পাকিস্তানি এই সংগীতশিল্পী বলেন, ‘ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।’ 

    ‘আল্লাহ হু’ গান দিয়ে তার গান শুরু হয়।  পরে গেয়েছেন ‘সানু এক পাল চেইন’ ও ‘খুদা অর মহব্বত’। শেষে তিনি বাংলায় গান গাইতে চান।  রাহাত বলেন, ‘এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি শোনাব।  তার এই ঘোষণা শুনেই স্টেডিয়ামে আগত দর্শক–শ্রোতারা করতালি দিয়ে তাকে অভিবাদন জানান।

    গান শেষে রুনা লায়লা সম্পর্কে রাহাত ফতেহ আলী খান তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান—দুই দেশে তার তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ। আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, রাজা কাশিফের সংগীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন। ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি।’ তিনি আরও বলেন, ‘রুনা লায়লাজির মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে আমি গর্ববোধ করছি।

    বিনোদন ডেস্ক

  • পারিশ্রমিক ছাড়াই রাহাত ফতেহ আলির কনসার্টে উপস্থাপনা করবেন দীপ্তি

    উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে গান গাইবেন। আর এ কনসার্টে কোনো পারিশ্রমিক ছাড়াই গান গাইবেন এ সংগীতের জাদুকর। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা— ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এর মধ্যেই এ চ্যারিটি কনসার্টের টিকিট বিক্রি অনলাইনে চলমান রয়েছে। 

    এদিকে কনসার্টটি উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী। তিনি বলেন, বিনা পারিশ্রমিকে আন্তর্জাতিক এই কনসার্টের উপস্থাপনা করবেন তিনি। দীপ্তি বলেন, এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এ আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। এতে করে কাজটির মাধ্যমে এই মহতি উদ্যোগের অংশীদার হতে পারব বলে মনে করি।

    আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানায়, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আজ শনিবার (২১ ডিসেম্বর) বসছে এ জমকালো গানের আসর।

    কনসার্টে আরও গান গাইবেন রাহাত ফতেহ আলি ছাড়াও জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এর বাইরেও র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে।

    এদিকে আগেই জানানো হয়েছিল, এই কনসার্টের বিক্রীত টিকিট থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না। এ ছাড়া গায়ক রাহাত ফতেহ আলি খান ও তার দল কোনো পারিশ্রমিক নিচ্ছে না। আর কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলামের সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে।

    আদেশে বলা হয়েছে— ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো।

    এদিকে এর আগে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ ঘোষণা দিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা যেত, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তাদের বিশ্বাস।

    এদিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ আয়োজন কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। যানজট এড়াতে এ সময় টোল ছাড়াই বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকবে। ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • পারিশ্রমিক ছাড়াই গান গাইবেন রাহাত ফতেহ আলি

    উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান আগামীকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে গান গাইবেন। আর এ কনসার্টে কোনো পারিশ্রমিক ছাড়াই গান গাইবেন এ সংগীতের জাদুকর। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

    এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা— ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এর মধ্যেই এ চ্যারিটি কনসার্টের টিকিট বিক্রি অনলাইনে চলমান রয়েছে।

    এদিকে আগেই জানানো হয়েছিল, এই কনসার্টের বিক্রীত টিকিট থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না। এ ছাড়া গায়ক রাহাত ফতেহ আলি খান ও তার দল কোনো পারিশ্রমিক নেবে না। এবার জানা গেল, কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলামের সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে।

    আদেশে বলা হয়েছে— ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো।

    এদিকে এর আগে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ ঘোষণা দিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা যেত, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তাদের বিশ্বাস।

    সে ক্ষেত্রে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কিছু শর্ত— স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে হবে। স্টেডিয়ামের অভ্যন্তরে মাদক বহন ও সেবন সম্পূর্ণরূপে পরিহার নিশ্চিত করতে হবে। স্টেডিয়ামের অভ্যন্তরে সব ধরনের অশালীন কার্যক্রম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে। স্টেডিয়ামের প্রবেশ গেটসমূহে স্বার্থান্বেষী গোষ্ঠী/উচ্ছৃঙ্খল দলের জমায়েত ও প্রবেশ সম্পূর্ণরূপে রহিত করতে হবে।

    ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত এ কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ ছাড়া কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন— আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

    এদিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ আয়োজন কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। যানজট এড়াতে এ সময় টোল ছাড়াই বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকবে। ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আর্মি স্টেডিয়ামের আশপাশের সড়কগুলোর যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। টঙ্গী-উত্তরা থেকে গুলশান, বনানী ও মহাখালী অভিমুখী যানবাহন স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এ ছাড়া উত্তরা থেকে এয়ারপোর্ট হয়ে গুলশান ও বনানীগামী যানবাহন রেডিসন হোটেলের আগে ইউটার্ন অথবা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার সুযোগ পাবে। ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহনের জন্য কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    বিনোদন ডেস্ক