Tag: কনসার্ট

  • ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট আয়োজন করা হয়েছে। এতে গাইবেন পারসা মাহজাবীন, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো বিখ্যাত সব শিল্পী ও ব্যান্ডদল।

    বুধবার বিকাল ৩ টায় বর্ষা বিপ্লবের গান শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

    মুনসুন কালচারাল এলায়েন্স আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এমপি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    বুধবার বিকালে বর্ষা বিপ্লবের গানে প্রধান অতিথি হিসেবে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

    নিজস্ব প্রতিবেদক

  • মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

    অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের এই শিল্পী। 

    আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টটিতে অংশ নিতেই তার এই আগমন। এর মাধ্যমে এই সংগীতশিল্পীর ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। 

    যদিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিল হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠান থেকে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চে উঠবেন দক্ষিণ এশিয়ার এই শ্রোতাপ্রিয় গায়ক। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই শিল্পীকে আবারও সরাসরি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা। 

    কনসার্টটি ঘিরে আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি এ বছরের অন্যতম বড় সংগীতায়োজনে পরিণত হবে। 

    বিনোদন ডেস্ক

  • বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

    ফিফা বিশ্বকাপ ফুটবল শেষ প্রান্তে দাঁড়িয়ে। অপেক্ষা ফাইনালের। এর মধ্যে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ফ্রান্স ও ইংল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচে ৬-৪ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। সেই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

    আজকের হাইভোল্টেজ ফাইনাল আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচ দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ফুটবলবিশ্ব। আজ রোববার (১৯ জুলাই) ফাইনাল উপলক্ষ্যে রাতে রাজধানী ঢাকায় বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। দর্শকদের ফাইনালের উন্মাদনা বাড়িয়ে দিতে আলাদা দুটি কনসার্টে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। অন্যদিকে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এর পাশাপাশি মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।

    এর মধ্যেই কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন ডিজে সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফাতেহি।  একসঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষ্যে আয়োজিত একাধিক ফ্যানফেস্টেও গান পরিবেশন করেছেন তারা। সেই আন্তর্জাতিক বিশ্বকাপ যাত্রার অংশ হিসেবেই এবার ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সঞ্জয় দেব। এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বনানীর পূজা মাঠে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপের সমাপনী কনসার্ট অনুষ্ঠানে পারফরম করতে এর মধ্যেই সংগীত পরিচালক-ডিজে সঞ্জয় দেব ঢাকায় এসে পৌঁছেছেন। এমনকি অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে সঞ্জয় দেব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে তার পরবর্তী কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন।

    এদিকে বিশ্বকাপ ফাইনাল কেন্দ্র করে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি জমজমাট অনুষ্ঠান। যেখানে বড়পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ উপভোগ করার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিশেষ কনসার্ট। এ মঞ্চে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। তার সঙ্গে দর্শকদের সুরের মায়ায় জড়াতে আরও থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। আজ রোববার (১৯ জুলাই) রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে অনুষ্ঠান।

    স্পোর্টস ডেস্ক

  • বড় ধরনের সংকটে পড়েছে ট্রাম্প প্রশাসন

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর কনসার্ট থেকে একে একে নাম প্রত্যাহার করছেন তারকারা, কিন্তু কেন? 

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত একটি কনসার্ট সিরিজের পরিকল্পনা করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন বড় তারকার নামও ঘোষণা করা হয়েছিল। কিন্তু একের পর এক পারফর্মার অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোয় পুরো আয়োজনটি এখন বড় ধরনের সংকটে পড়েছে। 

    শুক্রবার (২৯ মে) গ্ল্যাম রকার ব্রেট মাইকেলস এবং কান্ট্রি মিউজিক তারকা মার্টিনা ম্যাকব্রাইড এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন। এর আগে পপ ও সোল গ্রুপ ‘কমোডোরস’ এবং আরও দুটি দল এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয়। এর ফলে গত বুধবার (২৭ মে) ঘোষিত মূল তালিকার ৯টি পারফর্মার দলের মধ্যে এখন মাত্র ৪টি দল অবশিষ্ট থাকল। 

    বর্তমানে টিকে থাকা এই ৪টি দলের মধ্যে রয়েছে ভ্যানিলা আইস, সি+সি মিউজিক ফ্যাক্টরি, ফ্লো রিডা এবং আশির দশকের বিখ্যাত পপ জুটি ‘মিলি ভ্যানিলি’-র বেঁচে থাকা একমাত্র সদস্য। উল্লেখ্য, এই দলগুলোর কেউই গত এক দশকেরও বেশি সময় ধরে কোনো নতুন হিট গান উপহার দিতে পারেনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ১৯৮০-র দশকের জনপ্রিয় ব্যান্ড ‘পয়জন’-এর ফ্রন্টম্যান ব্রেট মাইকেলস কনসার্ট থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে গত শুক্রবার তার ফেসবুক পেজে জানান, এই পারফরম্যান্স থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি তার জন্য বেশ কঠিন ছিল। 

    তিনি বলেন, ‘আমার গান কখনোই রাজনীতি নিয়ে ছিল না। আমার শো-র মূল উদ্দেশ্যই হলো মানুষকে এক জায়গায় নিয়ে আসা, যাতে তারা জীবনের সব মানসিক চাপ ভুলে কয়েকটা ঘণ্টা মনের আনন্দে কাটাতে পারেন। দুর্ভাগ্যবশত, আমাদের কাছে প্রথমে এটিকে দেশের একটি সাধারণ উদযাপন হিসেবে উপস্থাপন করা হলেও, দিনশেষে এটি চরম বিভেদমূলক এক রাজনৈতিক রূপ ধারণ করেছে—যার অংশ আমি হতে চাইনি।’ 

    অন্যদিকে পুরস্কারজয়ী কান্ট্রি গায়িকা মার্টিনা ম্যাকব্রাইড তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমাকে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য প্রমাণিত হয়েছে।’ 

    এর আগে র্যাপার ইয়াং এমসি, প্রিন্সের সাবেক সহযোগী মরিস ডে অ্যান্ড দ্য টাইম এবং গ্র্যামিজয়ী ব্যান্ড কমোডোরস এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেয়। কমোডোরস তাদের ইনস্টাগ্রামে সাফ জানিয়ে দেয়, ‘আমরা এই অনুষ্ঠানে পারফর্ম করছি না। আমরা সব আমেরিকানদের মঙ্গল ও উন্নতি সমর্থন করি।’ 

    শিল্পী ও তারকাদের এভাবে মুখ ফিরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধী ডেমোক্রেটিক পার্টিও। তারা ট্রাম্পের ঘোষিত ৯ জন পারফর্মারের একটি ছবি পোস্ট করে, যেখানে বাতিল হওয়া ৫ জন শিল্পীর ছবির ওপর লাল কালির ‘X’ চিহ্ন দেওয়া ছিল। 

    এদিকে এই সংকটের ঠিক বিপরীতে, গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত কিংবদন্তি গায়ক ব্রুস স্প্রিংস্টিন এক কনসার্টে ঘোষণা করেছেন, আগামী ৩ অক্টোবর তিনি ওয়াশিংটন এলাকায় ‘পাওয়ার টু দ্য পিপল’ উৎসবে ফিরছেন। সেই অনুষ্ঠানে ফু ফাইটার্স, ডেভ ম্যাথিউস, জোয়ান বায়েজ এবং পাবলিক এনিমির মতো বর্তমান সময়ের শীর্ষ সারির তারকা ও ব্যান্ড দলগুলো পারফর্ম করবে বলে নিশ্চিত করা হয়েছে। 

    সূত্র: জাপান টুডে  

    বিনোদন ডেস্ক

  • কনসার্ট মাতাতে ঢাকায় আসছেন অনুপম রায়

    আবারও ঢাকায় গান শোনাতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক ও সুরকার অনুপম রায়। দীর্ঘদিন পর বাংলাদেশে কনসার্ট করতে যাচ্ছেন তিনি।

    কলকাতা থেকে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর ম্যানেজার রানা সিং রায় জানিয়েছেন, আগামী ২৬ জুন ঢাকায় পারফর্ম করবেন অনুপম রায়। এ বিষয়ে সব আলোচনা ও চুক্তি চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশে এসে একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

    জানা গেছে, দেশের আয়োজন প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন ইতোমধ্যে কনসার্ট আয়োজনের জন্য ব্যান্ডটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে। তবে অনুষ্ঠান কোথায় হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের আভাস দিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। সেখানে বলা হয়েছে, জুন মাসে ঢাকায় অনুপম রায় ও তার ব্যান্ডের অংশগ্রহণে স্মরণীয় একটি আয়োজন হতে যাচ্ছে এবং খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।

    এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অনুপম রায়। এছাড়া ২০২৩ সালের জুলাইয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টেও গান শোনান তিনি।

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বৈশাখী কনসার্ট মাতাবেন জায়েদ খান

    যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজিত বৈশাখী মেলা কনসার্ট মাতাতে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এই উৎসবের আয়োজন করা হয়েছে। 

    অনুষ্ঠানে জায়েদ খানের সঙ্গে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা। দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে এটি আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। 

    অনুষ্ঠান প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে এভাবে উদযাপন করা সত্যিই গর্বের বিষয়। যারা আসবেন, তাদের জন্য স্মরণীয় একটি আয়োজন হবে বলে বিশ্বাস করি।’

    প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এই আয়োজন প্রসঙ্গে আয়োজকরা জানান, গান, বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এবারের বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। 

    বিনোদন ডেস্ক

  • মেক্সিকোর কনসার্টে শাকিরার নতুন ইতিহাস

    সম্প্রতি মেক্সিকো সিটির প্রধান চত্বর ‘জোকালো’-তে আয়োজিত একটি ফ্রি কনসার্টে অন্তত ৪ লাখ ভক্তের সামনে পারফর্ম করে দেশটির একক কনসার্টে উপস্থিতির সব রেকর্ড ভেঙে দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। রোববার (১ মার্চ) এটি আয়োজন করা হয়েছিল। 

    বিশ্বজুড়ে আলোড়ন তোলা এ কনসার্টে উপস্থিত ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম। তিনি সাংবাদিকদের জানান, ন্যাশনাল প্যালেসের জানালা থেকে তিনি এ মনোমুগ্ধকর অনুষ্ঠানের বেশিরভাগ সময় উপভোগ করেছেন।

    শিনবাম বলেন, ‘মেক্সিকান পরিবারগুলোর কাছে শাকিরা অত্যন্ত প্রিয়। এটি ছিল এক অপূর্ব দৃশ্য; মানুষ অত্যন্ত আনন্দিত ছিল। সেই উষ্ণতা, আনন্দ এবং ভালোবাসা ছিল অবিশ্বাস্য। মেক্সিকোর মূল পরিচয়ই হল এ প্রাণশক্তি।’

    কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এত বিশাল জনসমাগম মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কনসার্ট চলাকালীন আবেগপ্রবণ হয়ে শাকিরা দর্শকদের উদ্দেশে বলেন, ‘এসবই যেন একটি স্বপ্ন ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা সকাল থেকে রোদের মধ্যে ক্যাম্প করে অপেক্ষা করেছেন। বরাবরের মতো আমার সঙ্গে সব বাধা অতিক্রম করার জন্য আমি কৃতজ্ঞ।’

    রোববার মেক্সিকো সিটির জোকালোতে আয়োজিত এ কনসার্টটি ছিল তার ‘Las Mujeres Ya No Lloran’ (নারীরা আর কাঁদে না) ট্যুরের মেক্সিকো সিটি অংশের সমাপনী অনুষ্ঠান। এ শহরে টানা ১৩টি হাউসফুল কনসার্ট করার পর তিনি এ বিশাল আয়োজনটি করেন।

    বিদায়লগ্নে শাকিরা বলেন, ‘আজ আমার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে—একদিকে নস্টালজিয়া, অন্যদিকে কৃতজ্ঞতা। আজ মেক্সিকোতে আমাদের ট্যুরের শেষ দিন, যা আমার কাছে আমার নিজের ঘরের মতো। আমাদের মধ্যকার এ ভালোবাসা এবং বন্ধুত্বের ইতিহাসের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আমাকে এ পরিমাণ আনন্দ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

    বিনোদন ডেস্ক

  • শীতার্ত মানুষের জন্য চার ব্যান্ডের কনসার্ট ‘কুয়াশার গান’

    শীতের তীব্রতায় অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘কুয়াশার গান’ শিরোনামে একটি দাতব্য কনসার্টের আয়োজন করা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্পিরিটস অব জুলাই। 

    এতে পারফর্ম করবে দেশের জনপ্রিয় চারটি ব্যান্ড- চিরকুট, আভাস, অ্যাশেজ ও কৃষ্ণপক্ষ। 

    সূচি অনুযায়ী, এদিন পারফর্ম করতে সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ, সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাত সাড়ে ৯টা থেকে থাকবে অ্যাশেজের পারফরম্যান্স। অ্যাশেজের গান দিয়েই কনসার্টের ইতি টানা হবে বলে জানা গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগেও শীতার্ত মানুষের সহায়তায় সংগীতের মাধ্যমে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে অনুষ্ঠিত হয়েছিল ‘সুরে বোনা সোয়েটার’ শীর্ষক আরেকটি চ্যারিটি কনসার্ট। 

    ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি আয়োজিত ওই কনসার্টে আর্থিক অনুদানের পাশাপাশি নতুন ও পুরোনো কাপড় এবং কম্বল সংগ্রহ করা হয়। সেখানে পারফর্ম করেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ, সোহান আলী প্রমুখ। 

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

    বাংলাদেশে উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা তিনি নিজেই জানিয়েছেন। 

    পোস্টে সংগীতশিল্পী জানিয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকস ঠিকভাবে নিশ্চিত করা না যাওয়ায় তারা কনসার্টে অংশ নিতে পারছেন না।

    বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব নয়।

    প্রসঙ্গত, আগামী শনিবার (১৩ ডিসেম্বর) জমকালো এ কনসার্ট হওয়ার কথা ছিল। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের তার সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিল দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোক শিল্পীর।

    কনসার্টের আয়োজন করেছিল ‘মেইন স্টেইজ ইনক’ নামের একটি প্রতিষ্ঠান। সহ-আয়োজক হিসেবে ছিল ‘স্পিরিট অব জুলাই’। তবে কনসার্ট বাতিলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি আয়োজকেরা।

    ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টের আয়োজনের কথা ছিল।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। এই অর্থ জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে দীর্ঘ মেয়াদে সহায়তায় ব্যয় করা হবে।

    বিনোদন ডেস্ক

  • হারমোনি অব ফ্রেন্ডশিপে ‘সোনার বাংলা সার্কাস’

    রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর শীতের সন্ধ্যায় ঢাকার আকাশ ভরে উঠবে সুর আর উচ্ছ্বাসে! রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ অনুষ্ঠানে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’-এর কনসার্ট।

    রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এই আয়োজনে এছাড়াও দর্শকরা উপভোগ করবেন অন্যান্য সাংস্কৃতিক পারফরম্যান্স, যা দেখাবে কীভাবে সঙ্গীত ও শিল্প মানুষকে একত্রিত করে। এই অনুষ্ঠান শুধুই একটি কনসার্ট নয় – এটি সংস্কৃতি, বন্ধুত্ব ও একতার উৎসব, যা রাশিয়া ও বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে।

    রাশিয়ান হাউস ঢাকার সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক., যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় যা সবার জন্য উন্মুক্ত।

    বিনোদন ডেস্ক