Tag: অমিতাভ বচ্চন

  • অমিতাভকে নিয়ে বিস্ফোরক বক্তব্য জয়ার

    বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের বিতর্ক যেন নিত্যসঙ্গী। ঠোঁটকাটা এ অভিনেত্রী-রাজনীতিক অনেকবার নিজের মন্তব্যে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন। এবারও তার ব্যতিক্রম নয়। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবার আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। ‘গুড্ডি’খ্যাত অভিনেত্রী বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নেটিজেনদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন। অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ বেউ বলছেন— এটাই জয়া, নিজের মতপ্রকাশে আপসহীন।

    জয়া বচ্চন বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। এ বর্ষীয়ান অভিনেত্রী বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ— এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমে গেছে।

    অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কি একই ছিল?—এমন প্রশ্নের উত্তরে জয়া বচ্চন বলেন, আমি তাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন— আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটি শুনতে চাই না। এমন মন্তব্য সামনে আসতেই নেটিজেনদের মাঝে চর্চা শুরু হয় চারদিকে। তবে বিয়েকে পুরোনো ধারণা বলেও স্বীকার করে অভিনেত্রী বলেন, জীবনের শুরুতে তিনি প্রথম দর্শনেই অমিতাভের প্রেমে পড়েছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যদিও তাদের ভালোবাসা, বিয়ে এবং ৫২ বছরের দাম্পত্য নিয়ে এখনো ভক্তদের আগ্রহ কম নয়। বিগবি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের পেছনের গল্পটিও যেন সিনেমার মতোই নাটকীয়। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ ব্লকবাস্টার হওয়ার পর তাদের দলবল নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন জানতে চাইলেন কারা যাবে? জয়াসহ মেয়েদের নাম শুনে তিনি স্পষ্ট বললেন— আগে বিয়ে কর, তারপর যাও।’ বাবার কথা রাখতেই মাত্র এক রাতের প্রস্তুতিতে বিয়ে সারেন দুজনে। পর দিনই রওনা দেন লন্ডনের উদ্দেশে।

    এর আগে ‘গুড্ডি’ সিনেমা দিয়ে অভিনেত্রী জয়া বচ্চনের বলিউডে অভিষেক হয়। সেখানেই প্রথম দেখা হয় অমিতাভের সঙ্গে। ‘এক নাজার’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’, ‘শোলে’, ‘সিলসিলা’ থেকে ‘কাভি খুশি কাভি গম’ পর্দায়ও একের পর এক স্মরণীয় জুটি গড়েন এ তারকা দম্পতি।

    উল্লেখ্য, অভিনেত্রী জয়া বচ্চনের সর্বশেষ অভিনয় করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে। অন্যদিকে কিংবদন্তি অভিনেতা অমিতাভকে সম্প্রতি দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’-তে; পাশাপাশি তিনি উপস্থাপনা করছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’।

    বিনোদন ডেস্ক

  • এক অদ্ভূত শূন্যতা, চারপাশের বাতাস যেন কমে গেছে: অমিতাভ

    বন্ধু বিদায়ের খবর পেয়েই ছেলে অভিষেককে নিয়ে তড়িঘড়ি পৌঁছে গিয়েছিলেন ধর্মেন্দ্রের কাছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বন্ধু ‘বীরু’ অন্তিমশয্যায়। শোকস্তব্ধ ‘শাহেনশাহ’ চুপ করে তাকিয়ে দেখছিলেন তাকে। গানে গানে বার্তা দিয়েছিলেন, তাদের বন্ধুত্ব অমর।

    সোমবার (২৪ নভেম্বর) বন্ধু ‘বীরু’ চিরবিদায় নিয়েছেন। রুপালি পর্দায় করা সেই প্রতিজ্ঞার মর্যাদা রাখলেন ‘জয়’। স্মৃতি হাতড়ে রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্টে এ বর্ষীয়ান অভিনেতা লিখলেন, এক অদ্ভূত শূন্যতা! চারপাশের বাতাস যেন কমে গেছে।

    ধর্মেন্দ্রের প্রয়াণ অমিতাভের মনে এক বিরাট শূন্যতার জন্ম দিয়েছে। গ্রাস করেছে তাকে। তিনি আরও লিখেছেন, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আরেক স্তম্ভ চিরবিদায় নিলেন, জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে। অজস্র কোলাহলের মাঝে এক গভীর নিস্তব্ধতা তৈরি করে গেলেন। ঠিক যেভাবে ‘জয়’ আর ‘বীরু’র বন্ধুত্ব ফুরাবার নয়— ‘ইয়ে দোস্তি হম নহি তোড়েঙ্গে’…।

    কখনো পুরস্কারমঞ্চে, কখনো বিনোদনমূলক অনুষ্ঠানে— রমেশ সিপ্পির ‘শোলে’ সিনেমার দুই বন্ধু মুখোমুখি হলেই গাঢ় আলিঙ্গনে একে অপরকে বেঁধেছেন। এ বছর সেই সিনেমার ৫০ বছরপূর্তি। এ জুটি ভেঙে চিরদিনের মতো হারিয়ে গেলেন এক ‘দোস্ত’।

    ধর্মেন্দ্রের অন্তিমযাত্রায় অমিতাভ বচ্চন। রাতের গভীরতায় তিনি উপলব্ধি করেছেন, ধর্মেন্দ্র শুধুই দীর্ঘদেহী পাঞ্জাবি নন, তার মনটাও ছিল আকাশের মতো উদার। পাঞ্জাবের এক টুকরো মায়াঘেরা সবুজ, সারল্য আর উষ্ণতা বুকে নিয়ে ঘুরতেন। তাই রুপালি পর্দার পরাক্রমী নায়কের হাসি শিশুর মতোই সরল। বলিউড আর সেই মাটির গন্ধ পাবে না।

    বিনোদন ডেস্ক

  • বিজ্ঞাপনের শুটিংয়ে মেজাজ হারান অমিতাভ

    বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নানা ধরনের বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন । তবে সেই দীর্ঘ অভিজ্ঞতার মাঝেও এমন একটি মুহূর্ত রয়েছে, যা আজও ভুলতে পারেন না পরিচালক আর বাল্কি। সম্প্রতি সাইরাস সেসের পডকাস্টে সে ঘটনাই তুলে ধরলেন নির্মাতা, যেখানে বিজ্ঞাপনের শুটিংয়ে নিজের রাগ সামলাতে পারেননি বিগ বি।

    পরিচালক বলেন, বিজ্ঞাপনের ধরন ছিল খুবই সহজ। লনে বসে সংবাদপত্র পড়বেন অমিতাভ বচ্চন। ঠিক তখনই গাড়ি চালিয়ে হাজির হবেন অভিনেতা অভিষেক বচ্চন। এবং বলবেন— ‘বাবা, আমার নতুন গাড়িটা দেখ।’ 

    এ নির্মাতা বলেন, এ রকম পরিকল্পনা অনুযায়ী রিহার্সেলও চলছিল। কিন্তু হঠাৎ শুটিং সেটে এসে দাঁড়াল এক ছোট সাইজের গাড়ি, যা বিজ্ঞাপনের ব্রিফের সঙ্গে বেমানান। তিনি বলেন, অমিতাভ বচ্চন গাড়িটিকে দেখেই নিজের সংলাপ ভুলে যান। শুরু করেন গাড়ি নিয়ে বিরক্তি প্রকাশ। আর বাল্কি বলেন, অভিষেক বচ্চন কিছু বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পারি—এভাবে শুটিং চললে ব্র্যান্ডেরই ক্ষতি হবে। 

    পরিচালক বলেন, এরপরই আসে আরও বিব্রতকর পরিস্থিতি। অভিষেক এসে স্বভাবিকভাবেই বলেন, ‘বাবা, আমার নতুন গাড়িটা দেখ।’ সঙ্গে সঙ্গে ঘুরে অমিতাভ বলে উঠেন— ‘এটা কী বাজে কথা?’ সবকিছুই ক্যামেরায় ধরা পড়ে। আমার মনে হয়েছিল— এ বিজ্ঞাপন এখানেই বন্ধ করে দেওয়া উচিত।

    যদিও পরিচালক কোম্পানিকে জানিয়ে সতর্ক করেছিলেন, তারপরও পরের দিন বিজ্ঞাপনটি লঞ্চ করা হয়। মানুষ অমিতাভ-অভিষেককে একসঙ্গে বিজ্ঞাপনে দেখে দারুণ উচ্ছ্বসিত হলেও গাড়ির প্রতি আগ্রহ তৈরি হয়নি। বুকিংও আসেনি প্রত্যাশামতো। সেদিনই বাল্কি বুঝেছিলেন— বিজ্ঞাপনটি বাতিলই করা উচিত ছিল।

    উল্লেখ্য, পরিচালক আর বাল্কি অমিতাভ ও অভিষেককে নিয়ে ‘চিনি’, ‘পা’, ‘শমিতাভ’ ও ‘ঘুমার’ মতো উল্লেখযোগ্য সিনেমা নির্মাণ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার জন্য অমিতাভের শুভকামনা

    এ মুহূর্তে ঢালিউড অভিনেতা শাকিব খানের ‘সোলজার’ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। এর মাঝেই নতুন করে আলোচনায় এলেন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে। শাকিব খানের বহুল আলোচিত আসন্ন সিনেমা ‘প্রিন্স’ এবার পৌঁছে গেছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের কাছেও। সিনেমাটি দেখে শুভকামনা জানিয়েছেন কিংবদন্তি এ অভিনেতা।

    শনিবার (৮ নভেম্বর) রাতে মুম্বাইয়ে ‘প্রিন্স’-এর ডিওপি অমিত রায়ের মাধ্যমে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেন সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরীন সুলতানা। সেই সাক্ষাৎ হয়ে ওঠে তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

    সাক্ষাতের পর ‘প্রিন্স’র টিম জানায়, শাহেনশাহ অমিতাভ বচ্চন সিনেমাটির জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের পক্ষ থেকে এক পোস্টে বলা হয়, ‘সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। তিনি সিনেমাটির জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।

    মুম্বাই থেকেই নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, বিগবি অমিতাভ বচ্চন স্যার একটি শুটিংয়ে ছিলেন। তার মধ্যে অমিত দাদার সঙ্গে আমরা গিয়েছিলাম। আমরা বাংলা সিনেমায় বড় কিছু করতে যাচ্ছি— এটি জানতেই তিনি খুব খুশি হয়েছেন। এমনকি শাকিব ভাই সম্পর্কেও জেনেছেন এবং আমাদের সঙ্গে বাংলাতেও কথা বলেছেন। তার অমূল্য সময় থেকে কয়েক মিনিট পাওয়া সত্যিই গর্বের।

    ‘প্রিন্স’ সিনেমাটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ব্যানারে। নির্মাতা বলেন, ডিসেম্বরের শুরুতেই শুরু হবে সিনেমার শুটিং, আর মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।

    অমিতাভ বচ্চনের শুভকামনা পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এক নেটিজেনদের বলেছেন ‘নিশ্চয়ই ‘প্রিন্স’ হতে যাচ্ছে এমন এক সিনেমা, যা বদলে দেবে বাংলা চলচ্চিত্রের ধারা।’

    এদিকে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। এ খবরে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। খবর যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে। তবে শোনা গেছে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটির কাজ চলছে জোরেশোরে।

    প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার শুভেচ্ছা, যা বললেন অভিনেত্রী

    বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই দম্পতির বেশ কয়েক মাস  ধরে বিচ্ছেদের গুঞ্জন চলছিল। মাঝখানে তাদের একত্রে দেখে থেমে যায় সব কলাহল, সমালোচনা-আলোচনা। সেই সময় তারা কোনো কথা বলেননি। কিন্তু এবার বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে আলোচনায় ফিরে এলেন তারকা দম্পতি। কারণ কিংবদন্তি অভিনেতার জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া রাই। 

    সামাজিক মাধ্যমে অমিতাভ বচ্চনের একটি পুরোনো ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শনিবার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেন, সেখানে দেখা যায়, বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন কাঁধে ছোট্ট আরাধ্যা বচ্চনকে নিয়ে সেলফি তুলছেন। বিগ বির মাথায় আছে একটি ছোট্ট মুকুট, মুখে উজ্জ্বল হাসি। ছবির ক্যাপশনে ঐশ্বরিয়া রাই বচ্চন লিখেছেন, হ্যাপি বার্থডে ডিয়ারেস্ট পা-দাদাজি। ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ থাকুক সর্বদা।

    সামাজিক মাধ্যমে ঐশ্বরিয়ার এ পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখানে ভক্ত-অনুরাগীদের ভালোবাসার বন্যা বইয়ে যায়। এক নেটিজেন লিখেছেন—ঐশ্বরিয়া, তুমি সত্যিই মন থেকে ভালো মানুষ। আরেক নেটিজেন লিখেছেন—তিনি সবসময়ই অমিতাভকে জন্মদিনে শুভেচ্ছা জানান।

    উল্লেখ্য, গত বছর ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের মধ্যে দূরত্বের গুঞ্জন শোনা গেলেও পরে সেই খবরের সত্যতা পাওয়া যায়নি। দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। গত আগস্টে তারা আরাধ্যাকে নিয়ে ছুটি কাটিয়ে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে ফেরেন, যা ভক্তদের মাঝে স্বস্তি এনে দেয়। এর আগে অনন্ত আম্বানির বিয়েতেও ঐশ্বরিয়া ও আরাধ্যাকে একসঙ্গে দেখা গেলেও, অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতা, অগস্ত্য ও নব্যা আলাদা করে অংশ নেন, যা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সেই থেকে গুঞ্জন।  

    বিনোদন ডেস্ক

  • ভোটে জিতেও রাজনীতি ত্যাগ করেছিলেন অমিতাভ, যা বললেন বিগবি

    সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ১৯৮৪ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সে বছরই কংগ্রেসে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি। বিরোধী পক্ষকে বড় ব্যবধানে হারিয়েছিলেন বিগবি। কিন্তু সেই রাজনৈতিক জীবনের মেয়াদ বেশি দিনের ছিল না। কেন অল্প দিনেই রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ, কেবিসি ১৭-তে জানালেন অভিনেতা।

    অমিতাভের নির্বাচনে বিপুল ভোটে জয়কে বলিউডেও সেই সময়ে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। কিন্তু ১৯৮৭ সালে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার। সেই সময়ে রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন বলি শাহনেশাহ।

    সম্প্রতি ‘কেবিসি ১৭’-তে কেন রাজনীতি ছেড়েছিলেন, তা নিয়ে মুখ খুলেছেন এ বর্ষীয়ান অভিনেতা। রাজনীতিকে ‘কঠিন কাজ’ বলে দাবি করেছেন তিনি। অমিতাভ বলেন, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবেগপ্রবণ হয়ে। আমার জন্মস্থান হলো এলাহাবাদ। সেখানকার মানুষ আমাকে খুবই ভালোবাসতেন। আমি নির্বাচনে বিপুল ভোটে জিতেছিলাম।

    তিনি বলেন, কিন্তু কিছু দিন রাজনীতিতে থেকেই বুঝেছিলাম— এ কাজটি বেশ কঠিন। অমিতাভ বলেন, কয়েক দিন পর থেকেই বুঝতে পারি, বেশ কঠিন বিষয় এটি। এদিক দেখতে হবে, ওদিক দেখতে হবে, এর কথা শুনতে হবে, উত্তর দিতে হবে— নানা বিষয় রয়েছে। খুব কঠিন।

    তবে রাজনীতিতে ওই অল্প দিনের অভিজ্ঞতাতেই অমিতাভ বুঝেছিলেন, ভারতের প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাপন কেমন দেখেছিলেন তিনি। এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ওই দুটো বছর আমার জন্য খুব দামি। গ্রামের মানুষের জীবনটাকে কাছ থেকে দেখেছিলাম। নির্বাচনে নতুন কেউ লড়তে এলেই, ওরা অনেক সম্মান দেন।

    বিনোদন ডেস্ক

  • ৮৩ বছর বয়সেও সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন অমিতাভ

    বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও পুরোদমে অভিনয় করে যাচ্ছেন। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি তিনি সঞ্চালনার কাজটিও যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ তার লিভারের ৭৫ শতাংশই নাকি নষ্ট হয়ে গেছে। ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার পর ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হন। তাতেই নষ্ট হয় লিভারের একটি বড় অংশ। তারপরও কীভাবে সুস্থ আছেন জানালেন বিগবি অমিতাভ।

    আশির দশকের শুরুর দিকে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অমিতাভ। সেই সময় তাকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন। অমিতাভ বলেন, সেই সময় ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস। তিনি বলেন, সেখান থেকেই তার শরীরে সংক্রমিত হয় এ রোগ। ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়েছে তার লিভার। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ২০০০ সালের আগ পর্যন্ত এই ভয়ানক বিষয়টি জানতে পারেননি তিনি। সেই সময় আবার যক্ষ্মায় আক্রান্ত হন তিনি। দিনে ৮-১০টা করে ওষুধ খেয়ে সঞ্চালনার কাজ চালিয়ে গেছেন। ফলে গত কয়েক বছরে অনেকটাই অকেজো হয়ে এসেছে তার লিভার।

    অমিতাভ বলেন, তিনি এখন সুস্থ থাকতে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছেন। মাছ-মাংসও খান না। ডাল, সবজি, রুটি খান। বেশিরভাগ দিন দই-ভাত খান। এ ছাড়া আমলা, তুলসীর রস খান। মদপান, ধূমপান সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে জানান এ কিংবদন্তি।

    বিনোদন ডেস্ক

  • যতক্ষণ জীবন আছে, ততক্ষণ স্ট্রাগল করতে হবে: অমিতাভ

    বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা আজও অমলিন। ৮২ বছর বয়সেও তিনি রুপালি পর্দায় রাজত্ব করে চলেছেন। তিনি শুধু অভিনয় দিয়েই নয়, ব্যক্তিগত জীবনের নানা ভাবনা নিয়েও তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি। 

    সম্প্রতি নিজের ব্যক্তিগত সংগ্রামী জীবনের কথা সামাজিক মাধ্যমে একটি পোস্টে তার ভক্তদের জানিয়েছেন বিগবি। অভিনেতার সেই পোস্ট নিয়ে নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনার গুঞ্জন ওঠে।

    এর আগেও অমিতাভ বচ্চন নিজের শারীরিক অবস্থা নিয়ে একই রকম পোস্ট করেছিলেন। সেই সময় মজার ছলে এ বর্ষীয়ান অভিনেতা লিখেছিলেন— এখন তার জন্য সবচেয়ে সহজ কাজগুলোও কঠিন হয়ে পড়েছে। 

    কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন চিকিৎসকদের কথা। সেই চিকিৎসকরা তাকে দাঁড়িয়ে প্যান্ট না পরার পরামর্শ দিয়েছিলেন। কারণ তার নাকি ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। অভিনেতা বলেন, একসময়ের সহজ রুটিনগুলো এখন নতুন করে শুরু করা কঠিন— জীবন বদলে গেছে এবং এটা মেনে নিতে হবে।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তার জীবনের সংগ্রাম ও বার্ধক্য নিয়ে অকপটে কথা বলেছেন এ বর্ষীয়ান অভিনেতা। অমিতাভ লিখেছেন— যতক্ষণ জীবন আছে, ততক্ষণ স্ট্রাগল করতে হবে। লড়াই চালিয়ে যান। 

    অভিনেতার এ পোস্টটি রীতিমতো ভাইরাল হয়েছে। কেউ কেউ ভাবছেন ব্যক্তিগত জীবনে কি কোনো সমস্যায় আছেন শাহেনশাহ? এক নেটিজেন সেই কথার সঙ্গে সহমত পোষণ করে লিখেছেন— যেখানে কোনো সংগ্রাম নেই, সেখানে কোনো এনার্জিও নেই। 

    আরেক নেটিজেন লিখেছেন—জীবন একটা চ্যালেঞ্জ। প্রতিদিন নতুন করে চ্যালেঞ্জ নিতে হয়। এভাবেই জীবন আকর্ষণীয় ও অর্থপূর্ণ হয়ে উঠতে পারে।

    বিনোদন ডেস্ক

  • হলিউডে ঐশ্বরিয়ার সাফল্য নিয়ে অমিতাভের সন্দেহ

    বলিউডের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচিতি গড়ে তুলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্য, প্রতিভা আর অভিনয়গুণে তিনি বহুবার প্রশংসিত হয়েছেন। ২০০৪ সালে জেন অস্টেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ দিয়ে তার হলিউড অভিষেক হয়, যা সে সময় বলিউডের ভেতরে-বাইরে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল।

    তবে তার হলিউড যাত্রা নিয়ে মতভেদ ছিল প্রবল। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ ২০০৪ সালে যখন ঐশ্বরিয়া হলিউডে সফল হবেন কি না, এই প্রশ্ন ওঠে— অমিতাভ বচ্চন তখন বলেন, ‘সে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত পৌঁছাবে, কিন্তু তার পর একটা কাচের দেওয়াল থাকবে।’

    অভিষেক বচ্চন যদিও তার প্রশংসা করে বলেছিলেন, ঐশ্বরিয়া একজন প্রতিভাবান ও দারুণ সহশিল্পী। জায়েদ খান মনে করেছিলেন, তার সর্বজনীন আকর্ষণ আছে। একতা কাপুর আশা প্রকাশ করেছিলেন, তিনি সফল হবেন, কারণ তার প্রথম কাজও ছিল ঐশ্বরিয়ার সঙ্গে।

    শাবানা আজমির মতে, ঐশ্বরিয়ার মধ্যে সব যোগ্যতা আছে, তবে সিদ্ধান্ত নিতে হবে তাকেই— হলিউডে লড়াই চালিয়ে যাবেন, নাকি বলিউডেই নিজেকে বেশি নিরাপদ ভাবেন। সুস্মিতা সেন তখন মন্তব্য করেছিলেন, ঐশ্বরিয়াকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তিনি বলিউডকে হলিউডে নিয়ে যাচ্ছেন— আর তিনি চান সেটা সত্যি হোক।

    বিপাশা বসুর মন্তব্য ছিল, ঐশ্বরিয়া ইতিমধ্যেই এক ধাপ এগিয়েছেন, যা প্রশংসনীয়। তবে সঞ্জয় দত্ত খানিকটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, ‘আমি চাই সে সফল হোক, কিন্তু আমার মনে হয় না।’

    ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর পর তিনি অভিনয় করেন ‘দ্য মিস্ট্রেস অফ স্পাইসেস’, ‘প্রোভোকড’ এবং স্টিভ মার্টিনের সঙ্গে ‘দ্য পিঙ্ক প্যান্থার ২’-এ। যদিও হলিউডে তার সময়কাল ছিল সংক্ষিপ্ত, তবু কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়ার উপস্থিতি আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র। প্রতি বছর তার নতুন লুক দেখার অপেক্ষায় থাকেন ভক্তরা।

    বিনোদন ডেস্ক

  • মেলবোর্নে সেরা অভিনেতার সম্মান অভিষেকের, যা বললেন অমিতাভ

    বলিউডের শাহেনশাহ বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চন মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতা পুরস্কার জেতার পর প্রশংসায় ভরিয়ে দেন।

     সামাজিক মাধ্যমে নিজের ব্লগে বিগবি ‘পরিবারের গর্ব ও সম্মান’ বলে অভিহিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিজেকে ‘ভীষণ গর্বিত বাবা’ আখ্যা দিয়ে অমিতাভ লিখেছেন, জয়ের আনন্দ যেমন বড়, তেমনই পুরস্কার জয়ের আনন্দও।

    ছেলের প্রশংসায় পঞ্চমুখ বাবা অমিতাভ বচ্চন নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে সুখী বাবা’ বলেছেন। ম্যাগাজিনের কভারে অভিষেক বচ্চনের ছবিও শেয়ার করেছেন তিনি। ছেলের ছবি শেয়ার করে শাহেনশাহ লিখেছেন— পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি… অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।

    এ বর্ষীয়ান অভিনেতা বলেন, তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।

    অমিতাভ নিয়মিত অভিষেকের জন্য পোস্ট শেয়ার করে থাকেন সামাজিক মাধ্যমে। গত মাসে অভিষেক তার ‘কালীধর লাপাতা’ সিনেমার প্রশংসা পাওয়ায় বেশ কিছু নোট শেয়ার করেছিলেন অমিতাভ। তিনি লিখেছিলেন— অভিষেক ও ‘কালিধর লাপাতা’ সিনেমার প্রশংসার পাহাড় আসছে, যা আমার ছেলের জন্য গর্বে আমার হৃদয় ও মন ভরিয়ে দেয়…।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, অভিষেক বচ্চনকে শেষ দেখা গিয়েছিল ‘কালিধর লাপাতা’ সিনেমায়। যেখানে তিনি কালীধরের চরিত্রে অভিনয় করেছিলেন— একজন মধ্যবয়সি ব্যক্তি, যার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। আজীবন অনেক ধরনের ঘাত-প্রতিঘাত ও নীরব বিশ্বাসঘাতকতার সঙ্গে লড়াই করছেন। মধুমিতা পরিচালিত ‘কালীধর লাপাতা’ স্ট্রিমিং হচ্ছে জি ফাইভে। এতে আরও অভিনয় করেছেন দাইভিক ভাগেলা।

    অন্যদিকে অমিতাভ বচ্চন বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৭-র সঞ্চালনায় রয়েছেন। তাকে শেষ দেখা গিয়েছিল টিজে জ্ঞানভেল পরিচালিত ভেট্টাইয়াঁ সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি এবং মঞ্জু ওয়ারিয়র। 

    বিনোদন ডেস্ক