Tag: অভিনেতা

  • গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে শুভেচ্ছা তৃষার, ছবি ভাইরাল

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিন ছিল ২২ জুন। স্বাভাবিকভাবেই দর্শক, জনগণ, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিনেতা। কিন্তু বিশেষ একজনের কাছ থেকে পাওয়া যায়নি কোনো বার্তা— বিজয়ের সহকর্মী, কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণানের।

    এর আগে ১৯৯৯ সালে সংগীতা সোর্নালিঙ্গমের সঙ্গে ঘর বাঁধেন অভিনেতা থালাপতি বিজয়। কিছু দিন আগেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে খবর ছড়িয়ে পড়ে, এ দম্পতির সংসার নাকি ভেঙে গেছে। যদিও তার আগ থেকেই তৃষার সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যায়। বিশেষ করে কিছু দিন আগে তামিলনাড়ুর নির্বাচনের সময় বিজয়ের সমর্থনে তৃষার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার জন্মদিনে ‘প্রেমময়’ ছবি দিয়ে যেন সেই সম্পর্কের গুঞ্জন আরও পাকা করলেন এ তারকা জুটি।

    জন্মদিনের বার্তা না দেওয়া ইস্যুতে গুঞ্জন ওঠে— বিজয়কে নাকি ইনস্টাগ্রামেও আনফলো করেছেন তৃষা কৃষ্ণান। দুজনের মধ্যকার সম্পর্কে চিড় ধরার কথাও শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে। কিন্তু সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিলেন তৃষা কৃষ্ণান। 

    মঙ্গলবার (২৩ জুন) রাতে প্রেমময় এক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নেটিজেনদের ঘুম কেড়ে নিলেন অভিনেত্রী। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, তৃষা কৃষ্ণানের সঙ্গে বসেই একান্তে জন্মদিনের কেক কাটছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। দুজনের মুখেই আনন্দের হাসি।

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে তৃষা কৃষ্ণান লিখেছেন— জন্মদিনের প্রথম মুহূর্ত তার সঙ্গেই কেটেছে বিজয়ের। সময়ের আভাস হিসেবে ‘০০.০০’ উল্লেখ করেছেন অভিনেত্রী। 

    হৃদয়ের ইমোজি জুড়ে দিয়ে অভিনেত্রী আরও লিখেছেন— ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’

    অভিনেত্রীর পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ১৫ ঘণ্টায় এতে ৪৪ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্যের সংখ্যা প্রায় তিন লাখ! বোঝাই যাচ্ছে, বিজয়-তৃষাকে একসঙ্গে এমন হাস্যোজ্জ্বল দেখে ভক্তদের আনন্দের সীমা নেই।

    বিনোদন ডেস্ক

  • সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

    জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর কুখ্যাত চরিত্র ‘গাস ফ্রিং’ খ্যাত প্রখ্যাত হলিউড অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

    বর্তমানে একটি বড় বাজেটের সিনেমার নির্মাণকাজে সৌদি আরবে অবস্থানকালে তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম হন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা হয়েছে। 

    সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ এই তথ্যটি প্রকাশ করেন। 

    তিনি জানান, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় সংস্কৃতি এবং মুসলিম সহকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে সময় কাটানোর পর এস্পোসিতো ইসলামের প্রতি আকৃষ্ট হন। পরবর্তীতে তিনি ইসলামের মূল স্তম্ভ ‘শাহাদা’ (কালেমা) পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। 

    ইসলাম গ্রহণের পর এস্পোসিতো তার শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে একটি মসজিদে গিয়ে নামাজেও অংশ নেন। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এই ৬৬ বছর বয়সি অভিনেতা তার সহকর্মীদের সঙ্গে অত্যন্ত বিনম্রভাবে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন। ভিডিওটি অনলাইনে প্রকাশের পর বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তুর্কি আল-শেখের বক্তব্য অনুযায়ী, সৌদি আরবের সামগ্রিক পরিবেশ, স্থানীয় জনগণের চমৎকার আতিথেয়তা এবং ভাতৃত্ববোধ এস্পোসিতোর এই ব্যক্তিগত ও আধ্যাত্মিক সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করেছে। শুটিং সেটের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তাকে গভীরভাবে প্রভাবিত করেছে বলে জানা গেছে। 

    প্রসঙ্গত, জিয়ানকার্লো এস্পোসিতো বিশ্বজুড়ে সমাদৃত ‘ব্রেকিং ব্যাড’ এবং এর প্রিক্যুয়েল ‘বেটার কল সল’ সিরিজে ড্রাগ লর্ড গাস ফ্রিং চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া তিনি ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সহ বেশ কিছু জনপ্রিয় হলিউড সিনেমা ও সিরিজে অভিনয় করে বৈশ্বিক খ্যাতি অর্জন করেছেন। 

    বর্তমানে তিনি সৌদি আরবের ক্রমবর্ধমান বিনোদন জগতের অন্যতম বড় প্রজেক্ট ‘৭ ডগস’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমার কাজ চলাকালীনই তিনি তার জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা করলেন। 

    বিনোদন ডেস্ক

  • বিকৃত কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

    দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি এই অভিনেতা তার বক্তব্য বিকৃত করে ভিন্ন ঘটনার ভিডিওর সঙ্গে যুক্ত করে একাধিক ফেসবুক পেজে প্রকাশিত কনটেন্ট নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এবার এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

    পাশাপাশি তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। ইতোমধ্যে তার আইনজীবী ও ডিজিটাল টিমকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশও দিয়েছেন এই অভিনেতা। 

    সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও মানসিক অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে জাহিদ হাসান বলেছিলেন, ‘আমি কষ্টে মরে যাচ্ছি, তবু মুখে হাসি রাখার চেষ্টা করি।’ তবে তার এই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে কিছু ফেসবুক পেজ তা ভিন্নভাবে উপস্থাপন করে। 

    অভিযোগ উঠেছে, প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে ওই সাক্ষাৎকারের বক্তব্যজুড়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনামে কনটেন্ট তৈরি করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জাহিদ হাসান। 

    তিনি বলেন, ‘যা দেখছি, সভ্যতা-ভব্যতার সব সীমা অতিক্রম করছে এসব ভুঁইফোড় ফেসবুক পেজ। দিন দিন এদের দৌরাত্ম্য বাড়ছে। এভাবে তো চলতে পারে না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও জানান, তার আইনজীবী ও ডিজিটাল টিম এরই মধ্যে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। কারা পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর কনটেন্ট ছড়াচ্ছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

    এ বিষয়ে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন বলে জানান এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এভাবে ছাড় দেওয়ার কোনো মানে হয় না।’ 

    শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেই নয়, বিষয়টি নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছেন জাহিদ হাসান। 

    বিনোদন ডেস্ক

  • ১৫-২০ বছর পরের গল্প নিয়ে ফিরছে ‘থ্রি ইডিয়টস’

    বলিউড ইতিহাসের অন্যতম সফল এবং কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মাঝে তুমুল আগ্রহ কাজ করছে। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে নতুন এবং দারুণ এক তথ্য শেয়ার করেছেন এর নির্মাতা রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, এবারের গল্পটি আর কলেজের ক্যাম্পাস জীবন নিয়ে নয়, বরং চরিত্রগুলোর মধ্যবয়সের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হবে। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরানি নিশ্চিত করেন, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ বর্তমানে চলছে এবং শুটিং শুরুর আগে এখনো অনেক কাজ বাকি রয়েছে। 

    হিরানি বলেন, ‘আমি এখনো চিত্রনাট্যটি নিয়ে কাজ করছি। এখনো অনেক কাজ বাকি। মূল গল্পটি গড়ে উঠেছে এই চরিত্রগুলোর ১৫ থেকে ২০ বছর পরের জীবনকে ঘিরে।’ 

    তিনি আরও স্পষ্ট করে জানান যে, ২০০৯ সালের ব্লকবাস্টার ছবিটির সেই পরিচিত ক্যাম্পাস পরিবেশ থেকে এবার গল্প অনেকটাই দূরে সরে যাবে। এবার ফোকাস করা হবে—র‌্যাঞ্চো, ফারহান এবং রাজু কীভাবে তাদের প্রাপ্তবয়স্ক জীবন, পারস্পরিক সম্পর্ক এবং দায়িত্বগুলো সামলাচ্ছেন তার ওপর। 

    এই নির্মাতা যোগ করেন, ‘এটি কোনো কলেজ বা ওই জাতীয় বিষয় নিয়ে নয়। তারা এখন বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। তারা মূলত ‘মিড-লাইফ ক্রাইসিস’ বা মধ্যবয়সের সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সুতরাং, আমাদের দেখতে হবে এরপর তাদের জীবনে কী ঘটে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পূর্বের সিনেমার মতোই এই সিক্যুয়েলেও একটি শক্তিশালী সামাজিক বার্তা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন হিরানি। সিনেমাটিতে কোনো সামাজিক বার্তা থাকছে কিনা—জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অবশ্যই! খুব বড় একটি বার্তা থাকবে।’ 

    চলতি বছরের শুরুর দিকে অভিনেতা আমির খানও সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কাজ চলার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, সিনেমার মূল ধারণা বা কনসেপ্টটি তিনি দেখেছেন এবং এটি তার কাছে বেশ সম্ভাবনাময় মনে হয়েছে।

    আমির খানের মতে, গল্পটি মূল তিন বন্ধুকে প্রায় এক দশক পর আবার পর্দায় ফিরিয়ে আনবে। এটি মূলত কলেজ জীবনের গণ্ডি পেরিয়ে চরিত্রগুলোর ভেতরের পরিবর্তন ও বিবর্তনকে তুলে ধরবে, যেখানে কমেডির পাশাপাশি থাকবে গভীর আবেগ।

    তবে হিরানি এবং আমির খান—উভয়েই পরিষ্কার করে বলেছেন যে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। 

    ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ছবিটিকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়। হাস্যরস, আবেগঘন গল্প এবং শিক্ষাব্যবস্থার তীব্র প্রতিযোগিতার ওপর চাবুক মারা পরিচালকের নির্মাণশৈলী ছবিটিকে আইকনিক করে তুলেছিল। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • বিতর্কের মাঝেই ফেরারি কিনে আবারও আলোচনায় রণবীর সিং

    বলিউড অভিনেতা রণবীর সিং নতুন একটি বিলাসবহুল ফেরারি গাড়ি কিনে আবারও সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। আর এই খবরটি ঠিক এমন এক সময়ে এলো, যখন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ থেকে তার আকস্মিক বিদায় নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আলোচনা-সমালোচনা চলছে। 

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রণবীর সিং তার বিলাসবহুল গাড়ির তালিকায় এবার যুক্ত করেছেন একটি ‘ফেরারি ২৯৬ জিটিবি’। ভারতীয় বাজারে গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৬.৩৬ কোটি রুপি। 

    সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় তাকে নতুন এই গাড়িটি চালাতে দেখা গেছে, যা স্বাভাবিকভাবেই ভক্ত ও ফটো সাংবাদিকদের নজর কেড়েছে।

    বলিউডে রণবীরের বিলাসবহুল গাড়িপ্রেম নতুন কিছু নয়। তার সংগ্রহে ইতোমধ্যেই রয়েছে মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০, অ্যাস্টন মার্টিন র‍্যাপিড এস এবং ল্যাম্বরগিনি উরুস পার্ল ক্যাপসুল-এর মতো বিশ্বমানের সব গাড়ি। 

    চলমান নানা বিতর্কের মাঝে তার এই নতুন ও ব্যয়বহুল গাড়ি ক্রয় তারকাদের জীবনধারা ও খরচ নিয়ে জনসাধারণের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘ডন ৩’ বিতর্ক ও আর্থিক ক্ষতি 

    রণবীরের এই গাড়ি কেনার খবরটি আসার ঠিক কিছু দিন আগেই ‘ডন ৩’ সিনেমা থেকে তার আকস্মিক বিদায়ের খবরটি চাউর হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রজেক্টটি থেকে তার সরে দাঁড়ানোর কারণে প্রযোজনা সংস্থা প্রায় ৪৫ কোটি রুপির আর্থিক ক্ষতি ও নির্মাণ সংক্রান্ত জটিলতার সম্মুখীন হয়েছে। 

    এই সিনেমা থেকে তার আকস্মিক প্রস্থান চলচ্চিত্র শিল্প এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিলেও, রণবীর ইতোমধ্যেই তার অন্যান্য বড় প্রজেক্টগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। 

    বিতর্ক পাশে সরিয়ে রেখে রণবীর সিং বর্তমানে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুরন্ধর’-এর বক্স অফিস সাফল্য উপভোগ করছেন। 

    পাশাপাশি তিনি তার আগামী সিনেমা ‘প্রলয়’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। জোনা গেছে, এটি একটি জম্বি-থ্রিলার ঘরানার সিনেমা, যা ২০২৭ সালের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের আগস্ট মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে রণবীরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে। 

    এদিকে নতুন গাড়ি কেনার বিষয়ে রণবীর বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে ‘ডন ৩’ বিতর্কের পরপরই এই ফেরারির খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর সিংকে আলোচনার শীর্ষে ধরে রেখেছে। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • ‘ধর্ম কখনো তাদের সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায়নি’—বিজয়ের মন্তব্য ভাইরাল

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় সদ্যই নির্বাচিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই পুরোনো এক মন্তব্য নিয়েও নতুন করে আলোচনায় আসেন তিনি। পুরোনো এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, তার বাবা ও মায়ের ভিন্ন ধর্মের বিয়ে এবং নিজের ধর্মীয় ভাবনার কথা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আবারও সেই আলোচনা নতুন করে শুরু হয়েছে।

    সম্প্রতি ‘বিস্ট’ সিনেমার প্রচারের সময়ে সাক্ষাৎকার দিয়েছিলেন থালাপতি বিজয়। পরিচালক নেলসন দিলীপ কুমারের সঙ্গে কথোপকথনে তিনি জানিয়েছিলেন, তার পরিবারে কখনো ধর্মকে বিভেদের কারণ হিসাবে দেখা হয়নি। মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয়ের সেই পুরোনো ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে।

    সেই কথোপকথনে পরিচালক নেলসন দিলীপ কুমার ‘বিস্ট’ সিনেমার শুটিংয়ের একটি ঘটনা মনে করেন। পরিচালক বলেন, একদিন রাতের খাওয়াদাওয়ার পর বিজয় কিছুক্ষণের জন্য কোথাও চলে গিয়েছিলেন। পরে জানতে চাইলে অভিনেতা বলেছিলেন— তিনি একটি গির্জায় গিয়েছিলেন সিনেমার সব কলাকুশলীর জন্য প্রার্থনা করতে।

    এর পরেই আধ্যাত্মিকতা নিয়ে নিজের মতামত জানান বিজয়। তিনি বলেছিলেন— ‘গির্জায় গেলে আমি শান্তি পাই। আমি মন্দির ও দরগাতেও গেছি। সব জায়গাতেই আমি একই রকম ইতিবাচক অনুভূতি পাই।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নেলসন দিলীপ কুমার আরও বলেন, বিজয় সেই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন— তিনি দক্ষিণ ভারতের পিল্লাইয়ারপট্টি ও তিরুনাল্লারের মতো বিখ্যাত মন্দিরে গেছেন। এ ছাড়া ‘কাঠতি’ নামের একটি সিনেমার শুটিংয়ের সময়ে তিনি অন্ধ্রপ্রদেশের আমিনপীর দরগাতেও গিয়েছিলেন বলে জানিয়েছিলেন বিজয়। সর্বত্রই শান্তি খুঁজে পেয়েছিলেন তিনি।

    বিজয় নিজের বাবা-মায়ের ধর্ম নিয়েও সেই সাক্ষাৎকারে কথা বলেছিলেন। সেই সময় এ অভিনেতা জানিয়েছিলেন— তার মা গায়িকা শোভা চন্দ্রশেখর হিন্দু এবং বাবা পরিচালক এসএ চন্দ্রশেখর খ্রিস্টান। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। ধর্ম কখনো তাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। তাকেও স্বাধীন পরিসরে বড় করা হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। অভিনেতা আরও জানিয়েছিলেন— ছোটবেলায় পাওয়া এ শিক্ষাগুলো বড় হওয়ার পরও তার জীবনে প্রভাব ফেলেছে। নিজের পরিবারেও তিনি একই দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করেছেন বলে জানান থালাপতি বিজয়।

    বিনোদন ডেস্ক

  • কলকাতার ঘটনা নিয়ে মুখ খুললেন মোশাররফ করিম

    জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, ভারতের কলকাতায় তিনি ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে। 

    প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছিলেন। প্রসঙ্গটি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা নিজেই। সেখানে বলার মতো তেমন কিছু ঘটেনি বলে জানান তিনি।  

    খবর ছড়ায়, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন মোশাররফ করিম। 

    এই অভিনেতা গণমাধ্যমকে বলেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে, আসলে তেমন না। ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’ 

    কলকাতায় যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। সে হিসেবেই কলকাতায় আসা। তিন চার দিনের মধ্যেই ঢাকায় ফিরব।

    বিনোদন ডেস্ক

  • রাহুলের মৃত্যুর তদন্তভার পেল সিআইডি

    টালিউডের প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। শুটিং করতে গিয়ে এই অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর প্রায় আড়াই মাস পর এবার তদন্তে এলো নতুন মোড়। জানা গেছে, এবার এই মামলার তদন্তভার নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

    এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১৪ জুন) রাতে এক প্রশাসনিক বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী এই তদন্তভার সিআইডিকে দেন। 

    অভিনেতার মৃত্যুর ঘটনায় ওডিশা সরকার ইতোমধ্যেই বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। সেই তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে দ্রুত রাজ্যের ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন। যাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া সম্ভব হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেতার মৃত্যুর নেপথ্যের কারণ বের করতে ওডিশা সরকারকে কড়া নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর। রাহুলের মৃত্যুর পরে শুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে উঠেছিল প্রশ্ন। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রশ্নও তুলেছিল বেশ কিছু বিষয় নিয়ে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ওই সংগঠন। শুধু তাই নয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত সরাসরি এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন প্রধানমন্ত্রীর দপ্তরে। 

    সিনে সংগঠনের অভিযোগ, শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ও নিয়ম লঙ্ঘনের জন্যই প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শুটিং সেটে কোনোরকম গাফিলতি হয়েছে কিনা, সেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি-এর হাতে। 

    বিনোদন ডেস্ক

  • কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

    দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি ভারতের কলকাতায় এ অভিনেতা ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। 

    প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন। 

    তার দেওয়া তথ্যানুযায়ী, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন। 

    তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    বিনোদন ডেস্ক

  • সিনেমার জন্য ১৮ কেজি ওজন কমান কার্তিক, শোনালেন সেই গল্প

    বক্সিং রিংয়ে নামার জন্য নিজেকে পুরোপুরি ভেঙে নতুন করে গড়েছিলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। তার অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি মুক্তির দুই বছর পূর্ণ হওয়ায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কঠিন ও আবেগঘন যাত্রার স্মৃতিচারণ করেছেন এই অভিনেতা। অবলীলায় ১৮ কেজি ওজন কমানো এবং পর্দায় এক অদম্য চরিত্রের প্রাণপ্রতিষ্ঠা করতে গিয়ে নিজের যে মানসিক ও আত্মিক পরিবর্তন ঘটেছে, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। 

    ‘চান্দু চ্যাম্পিয়ন’কে নিজের জীবনের সবচেয়ে স্পেশাল সিনেমা আখ্যা দিয়ে কার্তিক জানান, এই রূপান্তর কেবল শারীরিক পরিবর্তনের গল্প ছিল না, তার চেয়েও অনেক বেশি কিছু ছিল। 

    নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন এক পোস্টে কার্তিক আরিয়ান লেখেন, ‘দুই বছর আগে, আমি এমন এক মানুষের জুতোয় পা রেখেছিলাম যাকে পৃথিবী ভুলে গিয়েছিল। আর দিনশেষে তিনিই আমাকে মনে করিয়ে দিলেন আমার নিজের বিশ্বাসের শক্তিকে। আমি নিশ্চিত নই যে পুরোপুরি কথায় তা প্রকাশ করতে পারছি কিনা, তবে চেষ্টা করছি। 

    এই সিনেমাটি শুধু একজন মানুষের দমে না যাওয়ার গল্প নয়; এটি ক্ষতচিহ্নগুলোর মেডেলে রূপান্তর হওয়ার গল্প, প্রতিটি ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর গল্প।’ 

    তিনি আরও যোগ করেন, ‘যে ১৮ কেজি ওজন আমি হারিয়েছি, তার তুলনায় আমি যা অর্জন করেছি তা অনেক বিশাল। মুরলিকান্ত পেতকরের চরিত্রে অভিনয়ের জন্য আমাকে এমন একজন মানুষ হয়ে উঠতে হয়েছিল, যা আমি আগে কখনো ছিলাম না। সেটে প্রতিটা ভোরে ঘুম থেকে ওঠা, প্রতিটি ফোঁটা ঘাম আর প্রতিটি মুহূর্তের আত্মসংশয়—সেগুলো অভিনয় ছিল না। ওটা ছিল জীবন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার জন্য কার্তিক আরিয়ানের এই অবিশ্বাস্য শারীরিক পরিবর্তন সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। জানা গেছে, এই লুকটি অর্জনের জন্য অভিনেতা টানা ১৪ মাস বক্সিংয়ের কঠোর প্রশিক্ষণ নিয়েছেন এবং তার ডায়েট থেকে চিনি পুরোপুরি বাদ দিয়েছিলেন। 

    একটি সাক্ষাৎকারে কার্তিকের ট্রেইনার ত্রিদেব পাণ্ডে জানান, কার্তিকের পুরো ফিটনেস রুটিনটি সাজানো হয়েছিল একজন পেশাদার বক্সারের চ্যাম্পিয়নশিপ প্রস্তুতির আদলে। এর পর চলেছে মাসের পর মাস কঠোর শৃঙ্খলা এবং অবিরাম পরিশ্রম। 

    সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, কোনো ধরনের ড্রাগ বা স্টেরয়েড ছাড়াই কার্তিক তার ওজন ৯০ কেজি থেকে কমিয়ে ৭২ কেজিতে নিয়ে আসেন। শুরুতে যিনি একটিও পুশ-আপ দিতে পারতেন না, কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি পিঠে ৫০ থেকে ৬০ কেজি বাড়তি ওজন নিয়ে পুশ-আপ দেওয়ার সক্ষমতা অর্জন করেন। স্কিপিং বা দড়ি লাফের ক্ষেত্রেও তার অগ্রগতি ছিল চোখে পড়ার মতো; সাধারণ ফুটওয়ার্ক করতে হিমশিম খাওয়া কার্তিক একপর্যায়ে অনায়াসে ১৪-১৫টি উন্নত ও জটিল ভ্যারিয়েশন রপ্ত করেন। 

    রুপালি পর্দায় কার্তিকের এই নিখুঁত শারীরিক অবয়ব এবং দুর্দান্ত অভিনয় বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছে, যা প্রমাণ করে তার এই হাড়ভাঙা খাটুনি শতভাগ সফল হয়েছে। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক