‘সরকার পড়ে যাওয়ার পর ঋতুপর্ণার বাড়িতে নাকি ছিল ফেরদৌস’

Written by

in

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মী। তাদের মতোই পালিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদও। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি।

ফেরদৌস লাপাত্তা হওয়ার পর বিভিন্ন সূত্রে গুঞ্জন শুরু হয়, ভারতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। যদিও ঋতুপর্ণা এটিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেন।

তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-র সঙ্গে আলাপে আবার সে প্রসঙ্গ ফিরিয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেছেন, ‘সরকার পড়ে যাওয়ার পর ঋতুপর্ণার বাড়িতে নাকি ছিল ফেরদৌস। যাই হোক, ওখানে তো একটা রেভ্যুলুশন হয়েছে। ওখানকার মানুষদের চাহিদার কথা তো মাথায় রাখতেই হবে।’

ফেরদৌসের সঙ্গে সখ্যতার কারণে বাংলাদেশের সিনেমা ‘তরী’ থেকে বাদ পড়েছেন ঋতুপর্ণা। সিনেমাটির পরিচালক নিজেই জানিয়েছেন, বিতর্ক সৃষ্টি না করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

ঋতুপর্ণাকে বাদ দিয়ে শ্রীলেখা মিত্রকে সিনেমায় কাস্ট করেছেন নির্মাতা রাশিদ পলাশ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ’আমি জানতাম না ঋতুপর্ণার বিষয়টা। ওরা আমার সঙ্গে সিনেমার ব্যাপারে সেপ্টেম্বরের আগে যোগাযোগ করে। তখন কিছু ইস্যু হয়ে যাওয়ায়, আমার আর কাজটা করা হয়নি। পরে গল্পটা শুনে ভাল লেগেছিল। তারপর ওরা আমার সঙ্গে আলোচনা করল, কীভাবে কাজটা কি করা যায়। এভাবেই সম্পর্কটা তৈরি হলো।’

শ্রীলেখা যোগ করেন, ‘তিনটা মেয়ের গল্প এই ছবিটা। ঐ দেশের নায়িকারা রয়েছেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়।’

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *