মৌসুমী-জাহাঙ্গীরের নাটক ‘কনট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের

Written by

in

বহুল আলোচিত হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে বিতর্ক যেন থামছেই না। অথচ এ বিতর্কের মাঝেই আগামী ১৫ মে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। মুক্তির আগেই একের পর এক অভিযোগে আলোচনার কেন্দ্রে উঠে আসছে সিনেমাটি। সব মিলিয়ে ‘কনট্রাক্ট ম্যারেজ’ এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। 

এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেবা জান্নাত। সম্প্রতি প্রকাশিত সিনেমার পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা গেছে। কিন্তু এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন। এমনকি ‘কনট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা কিংবা নাটকেও তিনি অভিনয়ই করেননি বলে জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যে অভিনেত্রী জেবা জান্নাত বলেন, এ প্রজেক্ট সম্পর্কে তিনি কিছুই জানেন না। বন্ধুরা পোস্টার পাঠিয়ে বিষয়টি জানালে তিনি বিস্মিত হন। সিনেমাপ্রেমী দর্শকদের বিভ্রান্তি দূর করতেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন— এ সিনেমায় তার কোনো সম্পৃক্ততা নেই।

আরও পড়ুন
আরও পড়ুন

নিজের ছবি পোস্টারে ব্যবহার করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেবা জান্নাত বলেন, দীর্ঘদিন ধরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে তার কোনো কাজ নেই। তবে অতীতে একটি ধারাবাহিকে কাজ করেছিলেন, যার কিছু ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। অভিনেত্রী বলেন, নাটকের ফুটেজ কীভাবে সিনেমায় ব্যবহার করা হয় এবং তা কীভাবে সেন্সর পায়, তা আমার বোধগম্য নয়?

এ ছাড়া কোনো ধরনের অনুমতি ছাড়াই পোস্টারে তার ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন জেবা জান্নাত। এ অভিনেত্রী বলেন, এ কাজের জন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি।

অন্যদিকে এ বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নির্মাতা হাসান জাহাঙ্গীর কোনো ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, পোস্টার প্রকাশের পর ট্রলের শিকার হওয়ায় জেবা এমন মন্তব্য করেছেন। তবে জেবা জান্নাত আদৌ সিনেমাটিতে অভিনয় করেছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি নির্মাতা। এর আগে সে একই সিনেমা নিয়ে মৌসুমীও অভিযোগ করেছিলেন, সেটি সিনেমা নয়; বরং নাটক হিসেবে নির্মিত কাজ, যা পরে সিনেমা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *