বিয়ের পরই সুখবর দিলেন শিরিন শিলা

Written by

in

সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এর আগে সিডি-ক্যাসেটের যুগে অডিওতে রাজত্ব করা এ শিল্পী এখনো বেশ দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। তার মতো করেই গান প্রকাশ করে চলছেন এ সংগীতশিল্পী। তৈরি করে নিয়েছেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানের অডিও-ভিডিও— সবই পাওয়া যায়।

এদিকে বর্তমান প্রজন্মের ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা। ছয় বছরের প্রেমের পর্ব বিয়ের মাধ্যমে পূর্ণতা দিয়েছেন তিনি। তার স্বামী আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। এ ছাড়া তার রয়েছে ট্রাভেল এজেন্সির ব্যবসাও।

এর আগে বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবরের ‘ও কন্যা তোমারে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন অভিনেত্রী শিলা। ওই গানের মডেল হিসেবে ছিলেন আসিফ আকবর। এবার নতুন খবর হলো—আবারও এই শিল্পীর গানের মডেল হলেন শিরিন শিলা। এবার অবশ্য গান গাইলেও মডেল হিসেবে থাকছেন না আসিফ। এ অভিনেত্রীর বিপরীতে থাকছেন অভিনেতা অমিত হাসান।

এবারের নতুন গানের শিরোনাম— ‘আমার হবি তুই’। কথা ও সুরে বাহাউদ্দীন রিমন এবং সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। সিনেমাটোগ্রাফিতে ইয়াসিন বিন আরিয়ান এবং কোরিওগ্রাফার রোহান বেলাল। ভিডিও পরিচালনা করেছেন শামসুল হুদা। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর অদূরে পূবাইলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই দর্শকরা এ ভিডিওটি দেখতে পাবেন বলে  জানালেন পরিচালক।

এ মিউজিক ভিডিও নিয়ে শিরিন শিলা বলেন, সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। আসিফ ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি। তিনি বলেন, গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের আগের গানটিও দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ গানটি দর্শক পছন্দ করবে বলে আশা করি। আর আসিফ ভাই আমার খুব প্রিয় একজন শিল্পী, তার গানে কাজ করতে পারাটা আনন্দের।

উল্লেখ্য, অভিনেত্রী শিরিন শিলাকে সবশেষ দেখা গেছে ‘শেষ বাজি’ সিনেমায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *