বিজয়-তৃষাকে নিয়ে গণমাধ্যমের ‘রুচিহীন’ প্রশ্নে অভিনেত্রীর কড়া জবাব

Written by

in

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহনন। সম্প্রতি এই তারকা তামিলনাড়ুর একটি মিডিয়া ইভেন্টে রুপালি পর্দা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে করা কিছু ‘রুচিহীন’ ও ‘চাঞ্চল্যকর’ প্রশ্নের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। 

পাশাপাশি বিজয় এবং তার ভ্রমণসূচি ঘিরে তৈরি হওয়া নানা গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, একটি অনুষ্ঠানে মালবিকাকে বিজয় ও তার বিভিন্ন সফরের বিষয়ে প্রশ্ন করা হয়। একই সঙ্গে বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একাধিক ভ্রমণের গুঞ্জন টেনে এনে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করেন কয়েকজন সাংবাদিক।

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মালবিকা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি গতকাল একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। তামিলনাড়ুর সমস্ত সাংবাদিক এবং সংবাদমাধ্যমের সদস্যদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজন ক্রমাগত কিছু অত্যন্ত রুচিহীন প্রশ্ন করছিলেন, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল।’ 

বিবৃতিতে মালবিকা থালাপতি বিজয়ের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং তার পেশাগত ও ব্যক্তিগত সফরের প্রশংসা করে বলেন, ‘থালাপতি বিজয় এমন একজন মানুষ, যাকে আমি গত সাত বছর ধরে চিনি। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাকে বন্ধু হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ। তার এই পথচলা কাছ থেকে দেখা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা।’ 

ভবিষ্যতে সাক্ষাৎকার বা যেকোনো পাবলিক ইভেন্টে গণমাধ্যমকে আরও সংবেদনশীল ও পেশাদার হওয়ার আহ্বান জানিয়ে মালবিকা তার বক্তব্য শেষ করেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ থাকব যদি ভবিষ্যতে গণমাধ্যমের কার্যক্রম সবার স্বার্থে আরও সম্মানজনক এবং বিবেচনামূলক হয়। ধন্যবাদ।’ 

মালবিকার এই পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই নেটিজেন এবং তার ভক্তরা অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন। পরিস্থিতি অত্যন্ত শান্ত অথচ দৃঢ়ভাবে মোকাবেলা করার জন্য অনেকেই অভিনেত্রীর সাহসিকতার প্রশংসা করছেন। 

উল্লেখ্য, লোকেশ কানাগরাজ পরিচালিত ব্লকবাস্টার হিট সিনেমা ‘মাস্টার’-এ বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন মালবিকা মোহনন। সিনেমাটি বক্স অফিসে তুমুল সফলতা পায়। বর্তমানে থালাপতি বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। 

অন্যদিকে বিজয়ের বৈবাহিক বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে তৃষা কৃষ্ণানের উপস্থিতি নিয়েও বিনোদন পাড়ায় বেশ চর্চা চলছে। 

সূত্র: বলিউড হাঙ্গামা 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *