Tag: রাশমিকা মান্দানা

  • ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

    আসন্ন নারীকেন্দ্রিক ছবি ‘মাইসা’র একটি গানের নাচের মহড়া দিতে গিয়ে হিপ এরিয়ায় (কোমর ও নিতম্বের সংযোগস্থল) তীব্র চোট পেয়ে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানা। 

    হায়দরাবাদে শুটিং চলাকালে এক লাফ দেওয়ার দৃশ্যে এই দুর্ঘটনার শিকার হন তিনি। চিকিৎসকরা তাকে অন্তত ছয় সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দিয়েছেন। 

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশমিকা মান্দানা বর্তমানে একাধিক বড় বাজেটের ছবির অ্যাকশন দৃশ্য ও নাচ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। টানা পরিশ্রম ও শারীরিক চাপের ফলে তার হিপ এরিয়ার পেশিতন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

    চিকিৎসকরা চোটের তীব্রতা দেখে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, সাধারণত কড়া শারীরিক কসরত করা অ্যাথলেট বা ক্রীড়াবিদদের ক্ষেত্রে এই ধরনের গভীর টেন্ডন ইনজুরি দেখা যায়। আঘাতপ্রাপ্ত স্থানটি নিরাময় ও আগের শক্তি ফিরিয়ে আনার জন্য চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পাশাপাশি বিশেষ পুনর্বাসন কর্মসূচির পরামর্শ দিয়েছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রাশমিকা মান্দানা এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। একই সঙ্গে চারটি বড় চলচ্চিত্রের শুটিং এবং প্রায় ৩০টি আন্তর্জাতিক ও জাতীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ সামলাচ্ছিলেন তিনি। সম্প্রতি কেরালায় ‘মাইসা’ ছবির জন্য কোনো বডি ডাবল ছাড়াই নিজে সব কঠিন অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন তিনি। 

    তবে এই আকস্মিক দুর্ঘটনার ফলে তার প্রতিটি ছবির শুটিং সিডিউল এবং বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  

    বিনোদন ডেস্ক

  • অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন রেকর্ড

    ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার আসন্ন সিনেমা মাইসার জন্য বডি ডাবল ছাড়াই টানা ২০ ঘণ্টা পানির নিচে থেকে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন।  নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম নারী-কেন্দ্রিক পানির নিচের অ্যাকশনদৃশ্য।

    বৃহস্পতিবার ( ৯ জুলাই ) পরিচালক রাভিন্দ্রা পুল্লে ইনস্টাগ্রামে শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ওয়েটস্যুট পরা রাশমিকা ডুবুরিদের সঙ্গে পানির মধ্যে দাঁড়িয়ে দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছেন এবং নির্দেশনা শুনছেন।

    নির্মাতাদের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে থেকে দৃশ্যটির শুটিং শেষ করেন রাশমিকা। পুরো দৃশ্যেই তিনি নিজেই অভিনয় করেছেন; কোনো বডি ডাবল বা স্টান্ট ডাবলের সাহায্য নেননি। 

    পরিচালক রাভিন্দ্রা পুল্লে সামাজিক মাধ্যমে লিখেছেন, ভারতীয় সিনেমার প্রথম নারী-নেতৃত্বাধীন পানির নিচের অ্যাকশন দৃশ্য।  রাশমিকা মান্দানার নেতৃত্বে এমন এক লড়াই দর্শক দেখতে যাচ্ছেন, যা আগে কখনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি।

    তিনি আরও জানান, এই অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে এবং খুব শিগগিরই সিনেমাটির টিজার প্রকাশের ঘোষণা দেওয়া হবে।

    রাশমিকাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, আমি জানি, কিছুদিন ধরে খুব একটা দেখা যাচ্ছিল না। কারণ আমরা এই কাজটাই করছিলাম। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। হয়তো আমরা একটু পাগলামিই করেছি, কিন্তু এটাই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে।

    ‘মাইসা’ পরিচালনা করেছেন রাভিন্দ্রা পুল্লে এবং প্রযোজনা করেছে আনফর্মুলা ফিল্মস। এটি আদিবাসী অঞ্চলের পটভূমিতে নির্মিত একটি ইমোশনাল অ্যাকশন-থ্রিলার। সিনেমাটি রাশমিকার ক্যারিয়ারের প্রথম নারী-কেন্দ্রিক প্যান-ইন্ডিয়ান অ্যাকশন চলচ্চিত্র।

    সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। খুব শিগগিরই মুক্তির তারিখ ও টিজার প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্মাতারা।

    এদিকে রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে হিন্দি চলচ্চিত্র ‘ককটেল ২’-এ। হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন শহিদ কাপুর ও কৃতি স্যানন। মিশ্র প্রতিক্রিয়া পেলেও ছবিটি বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি রুপি আয় করেছে।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • ত্রিভুজ প্রেমের সিনেমা ‘ককটেল ২’, প্রশংসায় ভাসছেন শহীদ-কৃতি-রাশমিকা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সিনেমা ‘ককটেল ২’ মুক্তির আগেই চর্চায় ছিল। শুক্রবার (১৯ জুন) সিনেমা দেখার পর থেকেই সামাজিক মাধ্যমে উপচে পড়ছে নেটিজেনদের একের পর এক পোস্ট। হোমি আদাজানিয়ার এ রোমান্টিক ড্রামা নিয়ে নানা মুনির নানা মত। 

    অভিনেতা শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা— এ ত্রয়ীর নতুন জুটিকে একদিকে যেমন ভালোবাসায় ভরিয়েছেন সবাই, ঠিক তেমনই উঠেছে সমালোচনার ঝড়ও। সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশ আবার সিনেমাটির অভিনয় ও আবেগঘন মুহূর্তগুলোর প্রশংসা করেছেন। 

    সব মিলিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বলা চলে। এ ত্রয়ী অভিনয়ের মধ্যে অবশ্য কৃতি শ্যাননই তুলনায় দর্শকদের সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন। আবার কেউ কেউ এ সিনেমাটিকে কৃতির ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলেও অভিহিত করেছেন। 

    এক নেটিজেন লিখেছেন— পর্দায় কৃতি শ্যাননের উপস্থিতি রাশমিকা মান্দানাকে পুরোপুরি ছাপিয়ে গেছে। আরেক নেটিজেন লিখেছেন,— কৃতি শ্যাননই আক্ষরিক অর্থে ‘ককটেল ২’ সিনেমার প্রাণ সঞ্চার করেছেন।

    এদিকে রাশমিকা মান্দানার অভিনয়ে ততোধিক খুশি নন সিনেমাপ্রেমী দর্শকরা। কিছু দর্শকের মতে, সহ-অভিনেতার তুলনায় রাশমিকার অভিনয় অনেকটাই ম্লান। কেউ কেউ প্রশ্ন তোলেন এ সিনেমায় তার ভূমিকা নিয়েও। অনেকের কাছেই যা অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে।

    অন্যদিকে শহীদ কাপুরের অভিনয়ে বহু দর্শক যেমন তার চরিত্রের সঙ্গে ও দুই নায়িকার অন-স্ক্রিন রসায়নের প্রশংসা করেছেন। ঠিক তেমনই আবার কোথাও কোথাও ‘অতিরঞ্জিত’ বলেও মনে হয়েছে অভিনেতাকে।

    সিনেমার বিজনেস অ্যানালিস্ট তরণ আদর্শ অবশ্য সিনেমাটিকে ভিন্ন স্বাদের বলে ব্যাখ্যা করেছেন। ইতিবাচক পর্যালোচনা করেছেন। তিনি বলেন, প্রত্যাশা পূরণ করেছে ‘ককটেল ২’ সিনেমা। একই সঙ্গে অভিনেতাদের অভিনয়ও এ সিনেমাটিকে আরও সমৃদ্ধ করেছে। তিনি সিনেমার গান ও চিত্রনাট্যেরও প্রশংসা করেছেন।

    এর আগে ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খান, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ‘ককটেল’ মুক্তি পেয়েছিল। ১৪ বছর পর এর সিক্যুয়েল মুক্তি পেল ‘ককটেল ২’।

    বিনোদন ডেস্ক

  • শিক্ষাব্যবস্থার উন্নয়নে যে পদক্ষেপ নিলেন বিজয়-রাশমিকা

    উদয়পুরের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায় শুরু করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। তাদের বিয়ে সম্পন্ন হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতেই। 

    তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন এই তারকা দম্পতি।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে অনুযায়ী, রাশমিকাকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে যান বিজয়। মূলত এই গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান। নিজের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই এই প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছেন বিজয় দেবেরাকোন্ডা। যেখানে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম রয়েছে।

    পোস্টের ক্যাপশনে আবেগঘন কণ্ঠে বিজয় লেখেন, আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা নবম এবং দশম শ্রেণীর কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করব। এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।

    গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশে বিজয় আরও বলেন, আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজেদের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমার স্বপ্ন। আমি মূলত শিক্ষার্থীদের শৃঙ্খলাকে উদযাপন করতে এবং এর ওপর মনোযোগ দিতে চাই।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাশমিকা মান্দানাও। নিজেকে নতুন পরিচয়ে হাজির করে তিনি বলেন, আমি আমার কথা রাখব। আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি। আমরা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।

    প্রসঙ্গত, এই জুটিকে রূপালি পর্দায়ও খুব শিগগিরিই একসঙ্গে দেখা যাবে। ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন তারা। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছিলেন বিজয়-রাশমিকা।

    বিনোদন ডেস্ক

  • উপচেপড়া ভিড়ে রাশমিকাকে আগলে রাখলেন কৃতি

    বলিউড অভিনেতা শাহিদ কাপুর, কৃতি সেনন এবং রাশমিকা মান্দানা তাদের আসন্ন ছবি ‘ককটেল ২’ এর প্রচারে গিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়েন। 

    সম্প্রতি পুণের একটি শপিং মলে আয়োজিত এই ফ্যান ইভেন্ট দ্রুতই জনসমুদ্রের চাপে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

    একাধিক ভিডিওতে দেখা যায়, বিপুল ভিড়ের মধ্যে অভিনেতারা এগোতে পারছেন না।  ঠেলাঠেলির কারণে কার্যত আটকে পড়েন কৃতি, রাশমিকা ও শাহিদ। 

    এ বিশৃঙ্খলার মধ্যেই নজর কাড়ে একটি মুহূর্ত।  ভিড়ের চাপে রাশমিকা মান্দানাকে শক্ত করে আগলে ধরতে দেখা যায় কৃতি সেননকে।  ভিডিওতে দেখা যায়, তিনি যেন ছোট বোনের মতো রাশমিকাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছেন। নিরাপত্তাকর্মীদের সহায়তায় তিনি রাশমিকাকে ভিড়ের বাইরে নিয়ে যেতে সাহায্য করেন।  এই দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

    জানা গেছে, শুরুতে এটি ছিল সাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার একটি প্রচারণামূলক আয়োজন।  তবে কিছুক্ষণের মধ্যেই ভিড় আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। অভিযোগ রয়েছে, নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বহু মানুষ অভিনেতাদের কাছাকাছি চলে আসেন। এতে পরিস্থিতি সামলাতে হিমশিম খান আয়োজক ও নিরাপত্তাকর্মীরা। পরিস্থিতি ক্রমেই অস্বস্তিকর হয়ে ওঠায় শেষপর্যন্ত অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।

    অন্যদিকে পরিস্থিতির কারণে শাহিদ কাপুরকে বেশ বিরক্ত দেখায়। 

    উল্লেখ্য, আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ সিনেমাটি; যা ২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল।

    বিনোদন ডেস্ক

  • যে ছবিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকির মুখে রাশমিকা

    দক্ষিণী সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করার পর বলিউড মাতানো অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার হাজির হচ্ছেন সম্পূর্ণ নতুন এক রূপে। তার আসন্ন সিনেমা ‘ককটেল ২’-কে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনস্ক্রিন ঝুঁকি হিসেবে অভিহিত করেছেন এই তারকা। 

    সম্প্রতি মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ এক ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছবি ও নিজের চরিত্র নিয়ে নানা অজানা কথা শেয়ার করেছেন তিনি। 

    ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী জানান, ছবির ‘দিয়া’ চরিত্রটিতে অভিনয় করার প্রস্তাব যখন প্রথম তার কাছে আসে, তখন তিনি বেশ ইতস্তত বোধ করছিলেন। কারণ এই চরিত্রটি তার অতীতের চেনা গণ্ডির বাইরের। 

    রাশমিকা বলেন, ‘পর্দায় নিজের লুক এবং পারফরম্যান্স দেখে আমি নিজেই চমকে গিয়েছিলাম। আমি সত্যি খুব ভয়ে ছিলাম, কারণ সিনেমায় আমাকে এর আগে এত বেশি মডার্ন বা শহুরে লুকে কখনো দেখা যায়নি।’ তিনি আরও যোগ করেন যে, দর্শকরা সাধারণত তাকে আবেগঘন এবং তীব্র গভীরতাসম্পন্ন চরিত্রে দেখতেই বেশি অভ্যস্ত। 

    শুরুতে এই চরিত্রটি বেছে নেওয়া ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত কিনা—তা নিয়ে রাশমিকার মনে বেশ সংশয় ছিল। নিজের দ্বিধাদ্বন্দ্বের কথা স্বীকার করে তিনি বলেন, ‘প্রথমে আমি ভাবছিলাম, এটা কি আমার জন্য সঠিক পদক্ষেপ হচ্ছে? কিন্তু পরক্ষণেই মনে হলো, যেহেতু আমি এর আগে কখনো এমন কিছু করিনি, তাই এবার আমাকে এই চ্যালেঞ্জটা নিতেই হবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটির গল্প সম্পর্কে বলতে গিয়ে রাশমিকা একে প্রেম, বন্ধুত্ব এবং জীবনের নানা জটিলতা কাটিয়ে ওঠার এক সুন্দর মিশ্রণ বলে উল্লেখ করেন। তার মতে, তরুণ প্রজন্মের আনন্দ, উল্লাস, প্রেম এবং বিশৃঙ্খল জীবনের এক দারুণ মেলবন্ধন ‘ককটেল ২’। 

    প্রসঙ্গত, ২০১২ সালের ব্লকবাস্টার ছবি ‘ককটেল’র সিক্যুয়েল হিসেবে নির্মিত এই ত্রিভুজ প্রেমের গল্পে মূল চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর (কুনাল চরিত্রে), কৃতি শ্যানন (অ্যালি চরিত্রে) এবং রাশমিকা মান্দানা (দিয়া চরিত্রে)। 

    হোমি আদাজানিয়া পরিচালিত এবং দীনেশ বিজন প্রযোজিত এই ছবির ট্রেলারে ইতোমধ্যেই শাহিদ, কৃতি ও রাশমিকার মধ্যকার জটিল সম্পর্কের রসায়ন এবং আবেগঘন টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। প্রায় ১৫০ কোটি রুপি বাজেটের এই জমকালো রোমান্টিক-কমেডি ছবিটি মুক্তির আগেই ডিজিটাল ও থিয়েটার স্বত্ব থেকে বড় অঙ্কের অর্থ তুলে নিয়েছে। 

    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।  

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • ‘প্রথম ভালোবাসা’র প্রসঙ্গ যেভাবে এড়িয়ে গেলেন রাশমিকা

    শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ত্রিমুখী সম্পর্ক নিয়ে নির্মিত সিনেমা ‘ককটেল ২’। এতে কেন্দ্রীয় চরিত্রে দুই নায়িকা রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননের বিপরীতে দেখা যাবে অভিনেতা শাহিদ কাপুরকে। 

    সম্প্রতি বহুল প্রতীক্ষিত এই সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন তিন তারকা, যেখানে অবধারিতভাবেই উঠে আসে ‘প্রথম ভালোবাসা’র প্রসঙ্গ। আর এই প্রশ্নের মুখোমুখি হয়ে বিন্দুমাত্র দ্বিধা না রেখে অত্যন্ত স্পষ্ট ও চটজলদি জবাব দিয়ে আলোচনায় ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা। 

    কিছুদিন আগেই অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই অভিনেত্রী জানান, তিনি বর্তমানে তার বিবাহিত জীবন নিয়ে অত্যন্ত সুখী এবং অতীত হাতড়ানোর কোনো প্রয়োজন তিনি দেখছেন না। 

    অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা মঞ্চে থাকা ছবির মূল তারকা—কৃতি শ্যানন, রাশমিকা মান্দানা এবং শাহিদ কাপুরকে তাদের জীবনের প্রথম ভালোবাসা সম্পর্কে প্রশ্ন করেন।

    সবার আগে মাইক্রোফোন হাতে নিয়ে রাশমিকা হেসে জবাব দেন, ‘আমি এই মুহূর্তে সংসার জীবন নিয়ে ভীষণ সুখে আছি। তাই আমার মনে হয় না যে এই বিষয়ে আমার পেছনে ফিরে তাকানো উচিত।’ 

    তবে সহ-অভিনেত্রীর এই মন্তব্যের পর কৃতি শ্যানন সহজে হাল ছাড়েননি। তিনি রাশমিকাকে পুনরায় জিজ্ঞেস করেন যে, তার প্রথম ভালোবাসার কথা এখনো মনে আছে কিনা। জবাবে রাশমিকা বর্তমানকে প্রাধান্য দিয়ে বলেন, ‘কেন মনে থাকবে? আমি এখানে বর্তমানে এবং এই মুহূর্তে অনেক ভালো আছি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভালোবাসা নিয়ে কৃতি ও শাহিদের ভিন্ন দর্শন

    রাশমিকার উত্তরের পর কৃতি শ্যানন ভালোবাসা নিয়ে তার নিজস্ব চিন্তাভাবনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘যখন এটা ঘটে, তখন মনে হয় হয়তো এটাই ভালোবাসা। কিন্তু পরবর্তীতে মনে হয়, না—বোধহয় ওটা ভালোবাসা ছিল না। এমনটা হয়েই থাকে।’ 

    একই আলোচনায় অংশ নিয়ে তারকা অভিনেতা শাহিদ কাপুর যোগ করেন, সবার প্রথম ভালোবাসার কথা মনে নাও থাকতে পারে। তার মতে, প্রথম নয় বরং মানুষের জীবনের ‘শেষ ভালোবাসাটাই’ আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

    শাহিদের ভাষায়, ‘আমার মনে হয় না প্রথম ভালোবাসার কথা সবার মনে থাকে। আসলে আপনার শেষ ভালোবাসাটাই আসল। প্রথম প্রথম তো ভালোবাসার মানেই বোঝা যায় না। কিন্তু সত্যিকারের ভালোবাসা হলো সেটাই, যার সঙ্গে আপনি থিতু হতে পারেন, বুঝতে পারেন যে তার সঙ্গে পুরো জীবন কাটানো সম্ভব এবং সে যেমন, তাকে ঠিক সেভাবেই গ্রহণ করে নেওয়া যায়।’ 

    তারকাদের বাস্তব জীবনের প্রেম ও বিয়ে

    বাস্তব জীবনে এই তিন তারকারই অতীতে সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল। তবে বর্তমানে শাহিদ কাপুর ২০১৬ সাল থেকে মীরা রাজপুতের সঙ্গে সুখে সংসার করছেন। 

    অন্যদিকে রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা চলতি বছরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসেন। কৃতি শ্যানন বর্তমানে ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জোর গুঞ্জন রয়েছে এবং চলতি বছরেই তাদের বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। 

    উল্লেখ্য, ‘ককটেল ২’ ছবিটি ২০১২ সালের ব্লকবাস্টার হিট ‘ককটেল’ ছবির একটি স্পিরিচুয়াল সিক্যুয়েল। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টি। হোমি আদাজানিয়ার পরিচালনায় নতুন এই সিক্যুয়েলটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • কৃতি ও রাশমিকার মধ্যে বিতর্কিত সম্পর্ক, যা বললেন অভিনেত্রী

    ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ‘ককটেল ২’ সিনেমার ট্রেলার ব্যাপক সাড়া ফেলেছে। যে সিনেমায় উঠে আসছে ত্রিকোণ প্রেমের প্রেক্ষাপট। তবে এবারের গল্পে সমকামী প্রেমেরও ছাপ পড়েছে। ট্রেলারের ঝলক দেখে নানা প্রশ্নও উঠছে। প্রতিটা চরিত্র তাদের নিজস্বতা দিয়ে নানা মুহূর্ত শেয়ার করেছেন। অভিনেত্রী কৃতি শ্যাননকে মজার ছলে বলতে শোনা গেছে ‘থ্রিসাম’-এর মতো, যা ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে বিস্তর চর্চা।

    অভিনেতা শহীদ কাপুর ও কৃতি শ্যাননের পাশাপাশি গল্পে রয়েছেন অভিনেত্রী রাশমিকাও। এ সিনেমায় শহীদের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও মনে করা হয়। তিনজনের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। সেখানেই বেশ কিছু আবেগঘন দৃশ্য দেখানো হয়েছে।

    শুধু বিভিন্ন দৃশ্যের জন্য নয়; এ সিনেমায় তারকাদের পারিশ্রমিক নিয়েও হয়েছে বিস্তর চর্চা। বিশেষ করে শহীদ কাপুরের পারিশ্রমিক নিয়েও তুঙ্গে চর্চা। প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন তিনি। এক তরুণীর চরিত্রে দেখা গেছে কৃতিকে। ‘ককটেল ২’  সিনেমার জন্য ১৫ কোটি টাকা করেই পারিশ্রমিক পেয়েছেন কৃতি ও রাশমিকা মান্দানা। 

    তবে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তা হলো— সমকামী যুগল হিসেবে দেখা যাবে কৃতি ও রাশমিকাকে। যদিও এ বিষয়টিকে ‘সমকামী’ বলতে নারাজ কৃতি শ্যানন। দুজন ছেলের মধ্যে ভালো বন্ধুত্ব হলে যদি এমনটি মনে করা না হয়, তাহলে দুজন মেয়ের ক্ষেত্রে কেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী কৃতি।

    বিনোদন ডেস্ক

  • যেসব বিষয়ে অন্যের পরামর্শ এড়িয়ে নিজের কথা শোনেন রাশমিকা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার রাজকীয় বিয়েতে নানা লোকের পরামর্শ এড়িয়ে অভিনেত্রী নিজের সহজাত প্রবৃত্তি বা মনের ভাবনার কথা শুনেছিলেন। সামাজিক মাধ্যমে অন্য তারকাদের বিয়ের ট্রেন্ডের স্রোতে গা না ভাসিয়ে তারা দুজনেই চেয়েছিলেন বিয়েটি যেন তাদের আসল ব্যক্তিত্বকে প্রতিফলিত করে।

    রাশমিকা ও বিজয়ের বিবাহ অনুষ্ঠান-ব্যবস্থাপক (ওয়েডিং প্ল্যানার) প্রিয়া মগান্তির সাম্প্রতিক সাক্ষাৎকারে এমন কথাই জানান। তিনি বলেন, বিয়ের সাজের ক্ষেত্রে রাশমিকা মান্দানা মূলত নিজের মনের কথাই শুনেছেন।

    রাশমিকা ও বিজয়ের বিয়ের সাজ এবং আড়ম্বর মুগ্ধ করেছিল তাদের ভক্ত-অনুরাগীদের। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন এ তারকা জুটি। বিয়ের পর থেকেই তাদের বিয়ের নানা খুঁটিনাটি নিয়ে ভক্তদের মধ্যে বেশ আলোচনা হয়। বিশেষ করে তাদের পোশাক, গহনা এবং রীতিনীতি নিয়ে অনেকেরই আগ্রহ ছিল।

    বিয়ের সাজসজ্জার নেপথ্যে ছিল রাশমিকা মান্দানারই বড় অবদান। এ প্রসঙ্গে তাদের ওয়েডিং প্ল্যানার প্রিয়া মগান্তি বলেন, রাশমিকা নাকি নিজের মঙ্গলসূত্র নিজেই ডিজাইন করেছিলেন। তিনি বলেন, এর থেকে রাশমিকার নিজস্ব পছন্দ এবং আলাদা রুচির পরিচয় পাওয়া যায়।

    প্রিয়া মগান্তি বলেন, রাশমিকা ও বিজয় শুরু থেকেই নাকি ঠিক করেছিলেন যে, তাদের বিয়ে যেন অন্য তারকাদের মতো একই স্রোত গা না ভাসায়। কোনো রকম ট্রেন্ডের স্রোতে গা ভাসাতে চাননি তারা। পোশাক থেকে গযহনা— সব কিছুতেই তারা নিজেদের পছন্দকে গুরুত্ব দিয়েছেন। সামাজিক মাধ্যমে কী জনপ্রিয় সেটা নয়, বরং যেটা তাদের ভালো লাগে, সেটাই বেছে নিয়েছেন তারা।

    সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রাশমিকার বিয়ের শাড়ি নিয়েও গুঞ্জন ওঠে। সাধারণত তারকা কনেদের লাল, আইভরি বা প্যাস্টেল রঙের শাড়ি পরতে দেখা যায়। কিন্তু রাশমিকা কমলা রঙের শাড়ি পরতে চেয়েছিলেন। প্রিয়া বলেন, অনেক পোশাকশিল্পীই তাকে অন্য রঙ পরার পরামর্শ দিয়েছিলেন। কারণ কমলা রঙকে কনের জন্য খুব একটা প্রচলিত মনে করা হয় না। তখন প্রিয়াও রাশমিকাকে নিজের মনের কথাই শুনতে বলেছিলেন। তিনি বলেন, তুমি যদি কমলা রঙ পরতে চাও, তাহলে সেটাই পরো। অন্য কেউ বলছে বলে লাল বা সাদা পরার দরকার নেই।

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে ফিরছেন রাশমিকা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার ফিরছেন ভিন্নরূপে। তার আসন্ন সিনেমা ‘মাইশা’ ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি শুটিং সেট থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি, যা দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শুটিং সেটের একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টে রাশমিকা মান্দানা লিখেছেন— থিংস আর গেটিং সুপার ব্লাডি অন সেটস অফ মাইশা! অর্থাৎ সেটে এখন খুবই রক্তাক্ত পরিবেশ চলছে! 

    এই একটি বাক্যই যথেষ্ট হয়েছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়াতে। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো একটি অন্ধকার, তীব্র অ্যাকশনভিত্তিক গল্প হতে যাচ্ছে, যেখানে আবেগের পাশাপাশি থাকবে সংঘর্ষ আর সহিংসতার তীব্র উপস্থিতি।

    যদিও সিনেমার গল্প নিয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি। তবে রাশমিকা মান্দানাকে ঘিরে এ ধরনের ইঙ্গিত থেকেই বোঝা যাচ্ছে— তিনি এবার একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে হাজির হতে চলেছেন। তার আগের অনেক সিনেমায় রোমান্স, কমেডি ও হালকা আবেগঘন চরিত্রে দেখা গেলেও এবার পরিস্থিতি অনেক বেশি কঠিন ও বাস্তবধর্মী হতে পারে।

    ইন্ডাস্ট্রির ভেতরের আলোচনা অনুযায়ী, এ চরিত্রের জন্য রাশমিকা মান্দানা নাকি মার্শাল আর্ট প্রশিক্ষণও নিচ্ছেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো এ খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবু এ প্রস্তুতির খবর সত্যি হলে বোঝা যায়, সিনেমাটিতে থাকবে শারীরিকভাবে চ্যালেঞ্জিং অ্যাকশন দৃশ্য এবং হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট সিকোয়েন্স।

    রাশমিকা মান্দানা ইতোমধ্যে বিভিন্ন ভাষার সিনেমায় নিজের বহুমুখী অভিনয় দিয়ে দক্ষতা প্রমাণ করেছেন। রোমান্টিক থেকে শুরু করে কমার্শিয়াল ব্লকবাস্টার, সব ধরনের সিনেমাতেই তিনি কাজ করেছেন। এবার ‘মাইশা’ তার ক্যারিয়ারে আরও একটি নতুন অধ্যায় যোগ করতে পারে, যেখানে তাকে দেখা যেতে পারে একেবারে শক্তিশালী ও লড়াকু চরিত্রে।

    বর্তমানে তিনি একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার আসন্ন তালিকায় রয়েছে ‘পুষ্পা-৩’ ‘ককটেল’ ও ‘রানাবালি’সহ আরও কিছু সিনেমা। এই বৈচিত্র্যময় লাইনআপ ইঙ্গিত দিচ্ছে— তিনি এখন বেছে নিচ্ছেন এমন সব চরিত্র, যা তার অভিনয় দক্ষতার নতুন দিক উন্মোচন করতে পারে।

    তবে সব কিছুর মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনা ‘মাইশা’ নিয়েই। কারণ এর গল্প, চরিত্র ও রাশমিকা মান্দানার নতুন অ্যাকশন অবতার_ সব মিলিয়ে এটি হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি। এখনো সিনেমার কোনো ট্রেলার বা বিস্তারিত কাহিনি প্রকাশ করা হয়নি। তবে শুটিং সেট থেকে আসা এ ধরনের ইঙ্গিত এবং রাশমিকার সোশ্যাল মিডিয়া পোস্ট ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

    বিনোদন ডেস্ক