Tag: নায়িকা

  • মেহজাবীনের গল্পে নতুন নায়িকা কে এই মালাইকা?

    সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে মালাইকা অভিনীত প্রথম নাটক সন্ধিক্ষণ। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গল্প-ভাবনা থেকেই নাটকটির চিত্রনাট্য করেছেন মোস্তফা কামাল রাজ। 

    দুই মাস আগে এ নাটকের শুটিং করে আলোচনায় আসেন মালাইকা চৌধুরী। সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। পরিচালক মোস্তফা কামাল রাজ। 

    পরিচালক বলেন, শুরু থেকেই নতুন কাউকে কাস্ট করার কথা ভাবছিলাম। যেহেতু মালাইকার প্রথম কাজ, আমরা একটু সময় নিয়ে কাজটি করেছি। যেন দর্শক নতুন কাউকে ছোটপর্দায় পায়। পরে মালাইকার সঙ্গে কথা বলি। তার সঙ্গে গল্প নিয়ে বসি। গল্পটি ভালো। সেও গল্প পছন্দ করে। 

    এদিকে নতুন অভিনেত্রী নিয়ে ভক্তরাও আগ্রহী হয়ে উঠেছেন, কে এই মালাইকা?

    পরে জানা গেছে, তিনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন। এর আগে বিজ্ঞাপন করেছেন মালাইকা। এবার নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায়ও তার অভিষেক হলো। 

    মালাইকা বলেন, আমার প্রেরণা আপু। শৈশব থেকেই আপুকে পর্দায় দেখেছি। সেই থেকে আমারও মনে হতো অভিনয় করব; কিন্তু সাহস পেতাম না। অনেকবার প্রস্তাব পেয়েছি, কিন্তু অভিনয় করিনি। তখন আপু বলত অল্প অল্প করে এগোতে। যে কারণে বিজ্ঞাপনের মডেল হয়েছি। এবার প্রথম অভিনয় করলাম। দর্শক কিভাবে নেবে, সেটাই এখন দেখার অপেক্ষায়।

    জোভানের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মালাইকা বলেন, জোভান ভাই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। কিভাবে ডায়ালগ দিতে হবে, এক্সপ্রেশন কখন দিতে হয়, সব শিখিয়েছেন। রাজ ভাইও অনেক সহায়তা করেছেন। স্বাধীনতা দিয়েছেন। তাদের সাহসের কারণেই অভিনয় করতে পেরেছি। আর যার কথা না বললেই নয়, শুরু থেকেই আমাকে সাহস দিয়েছে আপু।

    ছোট বোনের প্রসঙ্গে বড় বোন মেহজাবীন বলেন, মালাইকা শৈশব থেকেই অভিনয় করতে চাইতো। আর সব সময়ই তাকে বলেছি, বড় হয়ে সিদ্ধান্ত নিও। এখন যেহেতু সে সিদ্ধান্ত নিতে শিখেছে, তাই সে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও আমাদের আপত্তি নেই। পরিবার থেকে মালাইকার জন্য সবরকম স্বাধীনতা দেওয়া আছে। যা ভালো লাগবে, সেটাই করবে। 

    বিনোদন ডেস্ক

  • অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি: পরীমনি

    মাত্র ৯ মাস আগের কথা, ফেসবুকে ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত হন ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরীমনি ও শবনম বুবলী। পরীর অভিযোগ ছিল, তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানিয়েছেন বুবলী। অভিযোগের জবাব দিতে দেরি করেননি বুবলীও। তিনি জানান, কারোটাই কপি করেননি তিনি। 

    দুই নায়িকার সেই কথার লড়াইয়ে একটা সময় যোগ দেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। যিনি পরোক্ষভাবেই পরীকে ইঙ্গিত করে ফেসবুকে কিছু মন্তব্য করেন। যা শুনে আরও ক্ষেপে ওঠেন পরীমনি। 

    সেই ঘটনার র্দীঘ দিন পর সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে পরীমনিকে কথা বলতে দেখা গেছে।  যেখানে শুধু বুবলীর সঙ্গে সম্পর্কই নয়, পরী কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়েও।

    বুবলীর সঙ্গে ভার্চ্যুয়াল যুদ্ধের ঘটনায় পরী বলেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সঙ্গে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

    পরীমনি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

    কারো মতে, পরীমনি ও বুবলী কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন। তবে পরীর দাবি, তার এসব দেখার সময়ই নেই। 

    অভিনেত্রী বললেন, ‘আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই যা। এর বাইরে আর কিছু না।’

    এ সময় অপুকে নিয়ে নায়িকা বলেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’

    বিনোদন ডেস্ক

  • জাহিদ হাসানের নায়িকা নিয়ে রহস্য!

    টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তবে ইদানীং ওটিটি কনটেন্টের কাজে ব্যস্ত তিনি। দীর্ঘদিন ধরেই বিশেষ দিবসের কোনো নাটক ছাড়া টিভিতে তার উপস্থিতি মিলছে না। 

    অভিনেতা নিজেও বলেছেন, টিভি নাটকে অভিনয় তিনি কমিয়ে দিয়েছেন। এখন মনযোগী হয়েছেন ওয়েবের কাজে। 

    কিছুদিন আগেই জানিয়েছেন নতুন তিন ওয়েবের কাজে যুক্ত হওয়ার খবর। সম্প্রতি সিরিজটির কাজও তিনি শেষ করেছেন। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এ অভিনেতা। এটুকু নিশ্চিত যে, রায়হান রাফী পরিচালিত এ সিরিজের নাম ‘যাহা বলিব যত্য বলিব’। 

    এখানেও তৈরি হয়েছে নায়িকা নিয়ে রহস্য! এতে আগে থেকেই প্রার্থনা ফারদিন দীঘির কাজ করার কথা ছিল। কিন্তু দীঘি জানান, তিনি এ সিরিজে কাজ করেননি। 

    তাহলে কে করেছে? এরইমধ্যে গুঞ্জন উঠে তমা মির্জার নাম। তবে এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান কেউ এখনই এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেন তারা। 

    জাহিদ হাসান বলেন, আমার কাজ অভিনয় করা। আমি সেটিই করছি। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সব কিছু গণমাধ্যমে জানাবে। তাদের নিশ্চয়ই প্রচারের প্ল্যান রয়েছে। 

    জানা গেছে, কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘিরে এই সিরিজের গল্প। এটি একটি অনলাইন পেইড ভার্সনের জন্য নির্মিত হয়েছে। তবে একে প্রথমে সিনেমা ট্যাগ দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। 

    এর আগেও তারা একই প্রক্রিয়ায় ‘৩৬-২৪-৩৬’ নামে একটি ওয়েব কনটেন্ট সিনেমা বলে প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছে। সেটি অবশ্য দর্শক খরায় মুখ থুবরে পড়ে।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন মিম

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম দীর্ঘদিন ধরে সিনেমার ক্যামেরার সামনে নেই। তাই তার নতুন কোনো কাজ বা সিনেমার খবর না থাকায় ভক্তদের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে, তিনি হয়তো খুব শিগগিরই সন্তানের মা হতে চলেছেন। তবে এই বিষয়ে জন্মদিনে নিজেই মুখ খুললেন মিম।

    ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। রোববার (১০ নভেম্বর) জীবনের ৩১টি বসন্ত পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছেন তিনি। এদিন জন্মদিন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিম। অভিনেত্রী জানান, আর আগের মতো বড় কোনো আয়োজন করেন না। ছোটবেলায় জমকালোভাবে জন্মদিন উদযাপন করলেও এখন পরিবারের সদস্য, স্বামী, মা এবং কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া পরিবেশে দিনটি উদযাপন করেন তিনি।

    কথা প্রসঙ্গে উঠে আসে নতুন অতিথি আসার কথা। এরপরই মিম বলেন, ‘এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’

    ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। এরপর একাধারে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন ভক্তমনে।

    অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মিমের। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় অভিনেত্রীর প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় মিমের উপন্যাস ‘পূর্ণতা’।

    বিনোদন ডেস্ক

  • সুর পালটে স্রোতে মিশে যাওয়ার চেষ্টা করছেন পর্দার হাসিনা

    ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় ও গান দুটিই সমানতালে চলে তার। তবে অনেক দিন নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই এ নায়িকা। সর্বশেষ ‘মুজিব’ সিনেমায় তাকে দেখা গেছে। এদিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশ ত্যাগ করেন তিনি। আওয়ামী সমর্থিত শিল্পী বলেই মিডিয়াপাড়ায় পরিচিত এ নায়িকা। 

    ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের সুবাদে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে বেশ সখ্য গড়ে তোলেন। পর্দায়ও তিনি হাসিনার চরিত্রেই অভিনয় করেন। আর তাতেই দুই হাসিনা ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ফলে গণভবনে নিত্য যাতায়াতসহ সরকারি নানা সুযোগ সুবিধা নিতেন এ অভিনেত্রী। স্বৈরাচার সরকার পতনের আড়াই মাস পর নীরবে দেশে আসেন এ নায়িকা। দেশে ফিরেই ভোল পালটে স্রোতে মিশে যাওয়ার চেষ্টা করছেন। নিজেকে কোনো রাজনৈতিক দলের সমর্থক নন বলেও দাবি করছেন। কিন্তু তাতে নেটিজেনদের ক্ষোভের শিকার হচ্ছেন এ নায়িকা। জুলাই-আগস্টে দেশে যখন রক্তের বন্যা বইছিল, তখন তিনি বিদেশে বসে স্বল্পবসনা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। সে সময় থেকেই নেটিজেনদের ঘৃণার পাত্রী হন এ অভিনেত্রী। সম্প্রতি দেশে ফিরলেও এখনো সেভাবে প্রকাশ্যে আসছেন না। তবে নেটিজেনদের সমালোচনা আড়াল থেকেই পর্যবেক্ষণ করছেন তিনি। 

    স্বীকার করে নুসরাত বলেন, ‘আমাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে তা সবকিছুই চোখে পড়ছে। কিন্তু কাকে কী বলব? আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি।’ এদিকে বেশ কিছু মিউজিক ভিডিও করার কথা ছিল এ অভিনেত্রীর। যা প্রায় আড়াই মাস আগেই ঘোষণা দিয়েছিলেন। এখন সে কাজগুলোও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘বাবার মৃত্যুর পরদিনই’ কেন মায়ের ওপর রেগেছিলেন রুক্মিণী?

    টলিউডে অন্যতম আলোচিত নায়িকা রুক্মিণী মৈত্র। তেমন কোনো বিতর্ক নেই তাকে নিয়ে। সাত বছরে টলিপাড়ায় নিজের আসন প্রায় শক্ত করে ফেলেছেন এ অভিনেত্রী। তবে ফ্যাশন জগতে তার বিচরণ বহু দিনের। 

    ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘চ্যাম্প’। অভিনেতা দেবের সঙ্গে জুটি বাঁধেন নায়িকা। সেই একই সময় বাবাকেও হারান এই অভিনেত্রী। সেই বছরটা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন নায়িকা। 

    সম্প্রতি এক পডকাস্টে সেই পুরনো স্মৃতিটাই স্মরণ করলেন রুক্মিণী।

    নায়িকা জানালেন তার বেস্ট ফ্রেন্ড হলেন তার মা। জীবনের খুঁটিনাটি যা ঘটে সবটাই তিনি মায়ের সঙ্গে শেয়ার করে থাকেন। তাই রুক্মিণীর মাও মেয়ের কোনটা ভালো হবে না হবে- সেটা বোঝেন। 

    রুক্মিণী জানালেন নিজের বেস্ট ফ্রেন্ডের ওপর কেনো রেগে গিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি মায়ের ওপর চোখ বন্ধ করে ভরসা করি। কিন্তু বাবা মারা যাওয়ার পরের দিন মায়ের ওপর খুব রাগ হয়েছিল’। 

    কেন রাগ হয়েছিল? বাবাকে হারানোর পর এমন কী করেছিলেন মা, যে বিরক্ত হয়েছিলেন নায়িকা?

    রুক্মিণী বলেন, ‘বাবা চলে যাওয়ার পরের দিন আমি দেখলাম, মা প্রতি দিনের মতোই রেডি হয়েছেন শাড়ি পরে। নিজের কাজে যাচ্ছেন। আর আমায় বললেন, আমি যেন নিজের শুটিংয়ে যাই। সেই মুহূর্তে মায়ের ওপর রাগ হয়েছিল খুব। মনে হয়েছিল কেনো মা এটা করছেন। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম। মা সেটের প্রত্যেককে বলে দিয়েছিলেন যেন, আমায় কেউ প্রশ্ন না করে যে আমি ঠিক আছি কিনা। আর পাঁচটা দিনের মতোই যেন আমার সঙ্গে ব্যবহার করা হয়’। 

    সেই একটা মুহূর্তের জন্য নিজের মায়ের ওপর বিরক্ত হয়েছিলেন নায়িকা। পরে অবশ্য অনুভব করেন, ঠিক কী কারণে তার মা সেদিন এমনটা করেছিলেন। 

    এদিকে এই মুহূর্তে রুক্মিণীর ঝুলিতে রয়েছে একের পর এক সিনেমা। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে খুব ভালো সময়ই কাটাচ্ছেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • শরিফুলের সঙ্গে প্রেমে বাধা, যা বললেন ইধিকা

    বিনোদন জগতের এপার-ওপার দুই বাংলায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। তিনি কখনো শাকিব খানের বিপরীতে, আবার কখনো দেব। এভাবেই তিনি সিনেমাপ্রেমীদের মাতিয়ে তুলেছেন। যদিও আপাতত বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর নায়িকা হিসেবে কাজ করছেন তিনি। 

    ‘বহুরূপ’ সিনেমায় ইধিকা নাকি দর্শকদের চমকে দিতে চলেছেন। এ মুহূর্তে তাকে নিয়ে চর্চার কারণ ভিন্ন। কথা ছিল— শাকিবের পর তিনি নাকি পর্দায় শরিফুল রাজের সঙ্গে প্রেম করবেন। তখন থেকেই কানাঘুষা। বাংলাদেশের ছবিতে আবারও অভিনয়ের সুযোগ পেয়েই নাকি শরিফুলের সঙ্গে রোম্যান্সে মেতেছেন ইধিকা! 

    শোনা গেছে, সেই সম্ভাবনা নাকি শুরুতেই শেষ। ছবিটিই নাকি বিশ বাঁও জলে। আর এ খবর জানা গেছে বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে। ওপার বাংলার সংবাদমাধ্যম জানাচ্ছে—শরিফুল রাজ ও ইধিকা পালকে নিয়ে গত আগস্টে ‘সাহেব’ ছবির শুটিং শুরুর কথা ছিল। পরে শুটিং পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে, ছবিটি নাও হতে পারে। এ প্রসঙ্গে ছবির পরিচালক সাইফ চন্দন বলেন, মনে হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিই ছবি না হওয়ার নেপথ্য কারণ। সম্ভবত সেই জায়গা থেকেই ছবিটি আর না–ও হতে পারে। সেই খবরে মন খারাপ ইধিকার? 

    যা রটেছে তাই কি ঘটছে— আনন্দবাজার অনলাইনের এমন প্রশ্নে ইধিকা ফোনে বলেন, ছবিটি নিয়ে অনেক দিন আগেই কথা হয়েছিল। তারপর বিষয়টি চাপা পড়ে যায়। এটা আপনার আনন্দবাজার অনলাইন থেকেই জানতে পারলাম— ছবিটি নাও হতে পারে। এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।

    এদিকে টালিউডে গুঞ্জন— নায়িকার নাকি একটুও মনখারাপ হয়নি। কারণ তিনি ফের শাকিবের ‘প্রিয়তমা’ হয়ে ফিরতে চলেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, আমিও তেমনটাই শুনছি। তবে আমায় এখনো অনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। 

    শাকিব বাংলাদেশের। ইধিকা ভারতীয়। বাংলাদেশে শুটিং হলে নায়িকা কি বর্তমান পরিস্থিতিতে ভিসা পাবেন? এ সমস্যা এড়াতে ছবির অধিকাংশের শুটিং হবে এপার বাংলায়। সেটি হলে শাকিব স্বচ্ছন্দে শুটিং করতে পারবেন। কারণ অধিকাংশ সময় তিনি লন্ডনে থাকেন। সে ক্ষেত্রে তার ভারতে আসার ভিসা পেতে সমস্যা হবে না। ইধিকা পাল বলেন, এসব তিনি কিছুই জানেন না। তাকে কোনো কিছু জানানো হয়নি। 

    উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে অভিনয়ের কথা রয়েছে শাকিব খান ও ইধিকা পালের। এ ছবিতে আরও থাকতে পারেন দুই ফাইটমাস্টার রবি বর্মা ও আয়জাজ শেখ। থাকতে পারেন মিশা সওদাগর। আর নৃত্য পরিকল্পনায় বলিউডের আদিল শেখ থাকবেন বলে জানা গেছে। 

    আগামী অক্টোবরে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

    আন্তর্জাতিক ডেস্ক

  • নায়িকা পরীমনি আদালতে

    আদালতে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায়  সাক্ষ্য দিতে রোববার দুপুর ১২টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালতে হাজির হন তিনি। কিছুক্ষণের মধ্যে তার জবানবন্দি রেকর্ড করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

    মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।

    ২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 

    ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

    ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।

    যুগান্তর প্রতিবেদন

  • নিজের সৌন্দর্য ও ফিটনেসের ‘রহস্য’ জানালেন নায়িকা

    বলিউডের অনেক অভিনেত্রীই আছেন যারা নিজেদের সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখতে বহু রকমের ট্রিটমেন্ট নিয়ে থাকেন। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম হিন্দি সিনেমার নায়িকা কারিনা কাপুর খান। এক সময়ের দ্যুতি ছড়ানো এ নায়িকাকে দেখে এখনও চমকে যান তার অনুরাগী ও ভক্তরা। 

    ৪৪-এ পা রাখা এ নায়িকার ফিট থাকার নেপথ্যে রয়েছে বেশ কিছু রহস্য। তবে কোনো রকম আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট নয়, ঘরোয়া শরীরচর্চাতেই নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রেখেছেন কারিনা কাপুর।

    মূলত বোটক্স, ফিলারের ট্রিটমেন্টে সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার চেষ্টা করেন বলিউড অভিনেত্রীরা। অভিনয় জগতে এমন বহু তারকা রয়েছেন, যারা কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বাড়িয়েছেন। কিন্তু সে দিকে কখনোই পা বাড়াননি কারিনা। 

    সম্প্রতি বলিউড নির্মাতা করণ জোহরের এক শো-তে বোটক্স প্রসঙ্গে কথা বলেন কারিনা। সেখানে অভিনেত্রী জানান, নিজের সৌন্দর্য ধরে রাখতে এমন কোনো কিছুরই দরকার নেই। যদিও এসব আর্টিফিশিয়াল ট্রিটমেন্টের পেছনে স্বামী সাইফ আলী খানেরও আপত্তি রয়েছে বলে জানান তিনি।

    অভিনেত্রীর ভাষায়, ‘সাইফ এখনও এ বয়সে আমাকে এভাবেই দেখতে ভালোবাসেন। আমিও আমার বয়স নিয়ে গর্বিত। ৪৪ বছরেও আমি তার কাছে আকর্ষণীয়। আসলে বয়স লুকানোর বিষয় না, বরং উদ্‌যাপনের বিষয়। আমি এমন সব সিনেমাই করি, যেখানে আমার বয়স স্পষ্ট বোঝা যায়, সে জন্য আমি গর্বিত। আমি চাই, আমি ব্যক্তিগত জীবনে ঠিক যেমন, আমার দর্শকরাও সেভাবেই দেখুক’।

    তবে কারিনা নিজেকে ফিট রাখতে ডায়েটের ওপর বেশ সতর্ক। তার কথায়, ‘বোটক্স না করালেও শরীরচর্চা করি। ভালো খাওয়া দাওয়া করি, ভালো ওয়াইন ছাড়া মদ্যপান করি না। ভালো বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখি।’

    এক সময়ের জিরো সাইজের নায়িকা কারিনা কাপুর এখন দুই সন্তানের জননী। ক্যারিয়ারের তুঙ্গে থেকেই সাইফকে বিয়ে করেন। যদিও সে সময় বিয়ে করতে নাকি অনেকেই নিষেধ করেছিলেন তাকে। কিন্তু মানা শোনেননি কারিনা। কারণ ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী কাপুর পরিবারের এই লাস্যময়ী।

    বিনোদন ডেস্ক

  • অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা শিরিন শিলা

    কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এর জেরে ১৮টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির লিংক তুলে ধরে রাজধানীর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

    জানা গেছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিলা’-এমন শিরোনামে কিছু কনটেন্ট চোখে পড়ে শিরিন শিলার। শুরুতে এসব কনটেন্ট পাত্তা না দিলেও ক্রমেই তা অসহনীয় পর্যায়ে চলে যায়। এটাকে তার ক্যারিয়ার ধ্বংসের পাঁয়তারা হিসেবে উল্লেখ করেছেন শিরিন শিলা।

    তার ভাষায়, ‘প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। সেসব আবার লাখ লাখ মানুষ দেখছে। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে।’ 

    তিনি আরও বলেন, ‘আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, নেতিবাচক খবর প্রকাশ করেছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, দেশ ছেড়ে পালিয়ে গেছি। এগুলো অসত্য। ভক্ত-দর্শকের কাছে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এসব কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

    প্রসঙ্গত, শিরিন শিলাকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘শেষ বাজি’ সিনেমায়। মেহেদি হাসানের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে।

    বিনোদন ডেস্ক