Tag: গ্রেফতার

  • গ্রেফতারের পর কারাগারে নোবেল

    ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেফতার সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে (৩১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

    মঙ্গলবার বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এর আগে বেলা আড়াইটার দিকে নোবেলকে সিএমএম আদালতে আনা হয়। বেলা তিনটার দিকে তাকে আদালতকক্ষে তোলা হয়।

    ইডেন কলেজের এক ছাত্রীকে অপহরণের পর ৭ মাস ঘরে আটক রেখে শারীরিক নির্যাতন ও একাধিকবার ধর্ষণের অভিযোগে নোবেলকে গ্রেফতার করে ডেমরা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন পেয়ে গত সোমবার দিবাগত রাত ২ টার দিকে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী মেয়েটিকে ডেমরার আমতলা এলাকায় নোবেলের নিজ বাড়ি থেকে উদ্ধার করে। নোবেল ওই এলাকার মোজাফ্ফর এইচ নান্নুর ছেলে। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ঘোষের চর এলাকায়। 

    এই ঘটনায় নোবেল ও তার ২ থেকে ৩ জন সহযোগীর বিরুদ্ধে সোমবার রাতে ডেমরা থানায় মামলা করেন ওই যুবতী।

    জানা যায়, ভুক্তভোগী এ নারী শিক্ষার্থী ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত অবস্থায় ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয়ের পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এদিকে গত বছর ১২ নভেম্বর নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে মেয়েটিকে ডেমরায় নিজের বাড়িতে নিয়ে আসেন।  পরে ওই নারীকে আটকে রাখেন এবং তার মোবাইল ভেঙে ফেলেন।  পরবর্তীতে নোবেল মেয়েটিকে ধর্ষণ ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করেন। 

    আরও জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাকে মারধর করতেন এবং একপর্যায়ে চুল ধরে টেনে আরেক কক্ষে নিয়ে আটক রাখতেন। পরে  চুলের মুঠি ধরে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচে নামানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পরিবারের লোকজন মেয়েটিকে শনাক্ত করেন। 

    ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ২টার দিকে নোবেলকে গ্রেফতার করা হয়। নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ জন্য তিনি একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে গ্রেফতার করা হয়।

    দু’বছর আগেও নোবেলকে গ্রেফতার করেছিল পুলিশ। তখন প্রতারণার মামলায় তাকে গ্রেফতার হন তিনি। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন এ গায়ক। কিন্তু পরে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। এ ঘটনায় ২০২৩ সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়। 

    উল্লেখ্য, ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেনে নোবেল। একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেন নোবেল। কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি। এরপর ২০২৩ সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে। 

    প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলচনা-সমালোচনা ছিল। একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালোচনা হয়। ২০২৩ সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি। কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন এ শিল্পীর দিকে। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। 

    ডেমরা (ঢাকা) প্রতিনিধি

  • ‘কি লজ্জার বিষয়’, নুসরাত ফারিয়া গ্রেফতার প্রসঙ্গে বাঁধন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতে তোলা হয়।

    শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা ফারিয়াকে কারাগারে রাখার আবেদন জানান, অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।

    নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনায় শোবিজ অঙ্গনের অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার ফেসবুকে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

    সোমবার সকালে নুসরাত ফারিয়াকে গ্রেফতার প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন বাঁধন। তিনি লিখেছেন,! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

    তিনি আরও লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’

    উল্লেখ্য, গতকাল (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

    বিনোদন প্রতিবেদন

  • হোটেল থেকে পালানোর পর ভারতীয় অভিনেতা গ্রেফতার

    হোটেল থেকে পালানোর পর ভারতীয় অভিনেতা টম চাকোকে গ্রেফতার করেছে পুলিশ। মালয়ালি সিনেমার পরিচিত মুখ টমকে শনিবার রাতে গ্রেফতার করে কেরালা পুলিশ। তবে তার ম্যানেজার অভিনেতার জামিনের ব্যবস্থা করেন। 

    নিষিদ্ধ মাদক সেবন, প্ররোচনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোচির এক হোটেলে মাদকবিরোধী অভিযান করেছিল পুলিশ। অভিযোগ, সেই সময়ে হোটেলে থাকলেও পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে যান তিনি। ভারতের নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স বা এনডিপিএস আইনে চাকোকে গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রের খবর, টম চাকোকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। গতকাল সকালে এর্নাকুলাম নর্থ টাউন পুলিশ স্টেশনে আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি।

    উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

    হোটেলে থাকার কথা স্বীকার করলেও অভিনেতার দাবি, তিনি বোঝেননি যে পুলিশ অভিযান চালিয়েছে। ভয় পেয়েই তিনি পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। তার পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। পুলিশ সূত্রের খবর, অভিযানের সময়ে ওই হোটেলের চারতলায় একটি রুমে ছিলেন টম।

    এর আগে ২০১৫ সালেও এই অভিনেতার নাম জড়িয়েছিল মাদক মামলায়। যদিও চলতি বছরেই সেই মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • সালমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, সেই যুবক গ্রেফতার

    বাংলা নববর্ষের প্রথম দিনেই বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। সেই ব্যক্তিটিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতার ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবার দাবি করেছে।

    ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৪ এপ্রিল সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেলপ লাইন হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়েছে, যেখানে লেখা রয়েছে তারা (হুমকিদাতা) সালমানের বাড়িতে ঢুকে তাকে হত্যা করবে এবং তার গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে। 

    গুজরাটের বরোদার কাছে এক গ্রাম থেকে সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

    যিনি হুমকি দিয়েছিলেন তার বয়স ২৬ বছর। তবে অজ্ঞাত ব্যক্তিটির নাম এখনো প্রকাশ্যে আসেনি। ২৬ বছরের তরুণ বরোদার কাছের গ্রামের বাসিন্দা। প্রথমে পুলিশ সমন পাঠিয়ে দুই থেকে তিন দিনের মধ্যে তাকে হাজির থাকার জন্য আদেশ পাঠিয়েছিল।

    কিন্তু এ মামলার গুরুত্ব বুঝে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে যে হুমকির বার্তা পাঠানো ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন।

    পরিবারের দাবি, এই তরুণের এখন চিকিৎসা চলছে। তরুণের পরিবারের দাবি কতটা সত্য, এর তদন্ত করছে পুলিশ।

    গত বছর সালমানের মুম্বাইয়ের বান্দ্রার গ্যালক্সি অ্যাপার্টমেন্টের গেইটে গুলিবর্ষনের পর অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়। গত বছর মুম্বাই পুলিশ অভিনেতাকে তার পানভেল ফার্মহাউসে হত্যা করার একটি ষড়যন্ত্রের কথাও জানিয়েছেন।

    যুগান্তর ডেস্ক

  • নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি

    গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি উঠেছে। 

    জানা গেছে, পরীমনির এক বছরের দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি।  এ ঘটনায় পিংকি আক্তার নামের গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার এই জিডিটি করেন পিংকি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ। 

    ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

    গৃহকর্মীকে মারধরের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনিকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। নেটিজেনরা নায়িকাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। 

    আবদুর রহমান ভুট্টো নামে এক ব্যক্তি লিখেছেন, পরীমনিকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না?

    নিজাম নামে একজন লিখেছেন, যারা গৃহকর্মীকে নির্যাতন করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিৎ।

    মানিক খান লিখেছেন, যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করা হোক।

    শরীফুল ইসলাম বলেছেন, তাকে আইনের আওতায় আনা হোক।

    পরীমনিকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আশরাফুল ইসলাম নামে আরেক নেটিজেন। 

    প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমনির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। 

    ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান।

    বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

    এছাড়া ২০২১ সালের ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির একই বছরের ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

    যুগান্তর ডেস্ক

  • ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: জনপ্রিয় অভিনেত্রী

    দুবাই থেকে ১২ কোটি টাকার সোনাপাচারের অভিযোগে গ্রেফতার কন্নড় অভিনেত্রী রানিয়া রাও নিজেকে ব্ল্যাকমেইল করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন। গত রোববার রাতে বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রিয় এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। 

    এদিকে এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি অভিনেত্রীকে সোনা নিয়ে বিমানবন্দর থেকে নিরাপদে বের হয়ে যেতে সাহায্য করছিলেন।

    গত ৪ মার্চ রানিয়া রাওকে গ্রেফতারের পর লাভেল রোডের নন্দওয়ানি ম্যানশনে তার বাসভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তল্লাশিতে ২.৬৭ কোটি রুপি ও ২.০৬ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়। অভিযানের পর কর্মকর্তারা তার বাড়ি থেকে তিনটি বড় বাক্স উদ্ধার করেন। মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য ১৭.২৯ কোটি রুপি।

    দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার পর রানিয়া পুলিশ কনস্টেবল বাসবরাজুর সাহায্যে নিরাপত্তা তল্লাশি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এদিকে তার কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই খবর ছিল ডিআরআইয়ের কাছে। ফলে অভিনেত্রীকে সোনাসহ হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়। তল্লাশি করার সময় রানিয়ার জ্যাকেটের ভেতরে ১২.৫৬ কোটি রুপি মূল্যের ১৪.২ কেজি বিদেশি সোনা পাওয়া যায়। গ্রেফতারের পরে অভিনেত্রীকে বিশদ তদন্তের জন্য নাগাভারায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়।

    এদিকে এ ঘটনার কথা জানার পরেই অভিনেত্রীর বাবা কন্নড় আইপিএস অফিসার ড. কে রামচন্দ্র রাও দাবি করে সংবাদমাধ্যমকে বলেছেন, মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো রকমের যোগ নেই। মাস চারেক আগে রানিয়ার বিয়ে হয়ে গেছে। তার পর থেকে মেয়ের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই। রামচন্দ্র আরও বলেন, মেয়ে কিংবা তার স্বামী কী ব্যবসা করেন, সেই সম্পর্কে আমরা কিছুই জানি না। যা ঘটেছে, তা আমাদের বড় ধাক্কা দিয়েছে। আমরা খুবই হতাশ। তবে আইন আইনের পথেই চলবে।

    পুলিশের দাবি, অভিনেত্রী তার স্বামী যতীনের সঙ্গে প্রায়ই দুবাই যান। তবে তা কোনো ব্যবসায়িক বা পারিবারিক কারণ নয়, এই সোনাপাচারের জন্যই। তদন্তে দেখা গেছে যে, বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি এড়াতে রানিয়া সবসময়েই পুলিশের সাহায্য পেতেন।

    উল্লেখ্য, রানিয়া রাও বেশ কয়েকটি কন্নড় ও তামিল ছবিতে অভিনয় করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেফতার

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

    বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জানা গেছে, গ্রেফতারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

    ২০১২ সালের ২৮ এপ্রিল পরীমনির সঙ্গে বিয়ে হয় সৌরভের। দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

    বিনোদন ডেস্ক

  • মেহের আফরোজ শাওন আটক

    অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। 

    ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে আটক করা হয়েছে। আটকের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। 

    এর আগে বিকালে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নাম মেহের আফরোজ শাওন। গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি পোস্ট করেছেন তিনি। সবগুলো পোস্টই সমালোচনামূলক। 

    যুগান্তর প্রতিবেদন

  • সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি কিনা প্রমাণ নেই

    বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত করার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে রোববার গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তার নাম শরিফুল ইসলাম শেহজাদা (৩১)। তিনি নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ ছিল না। শরিফুলকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে পুলিশ। তিনি কি আদৌ বাংলাদেশি! আদালতে প্রশ্ন তুললেন হামলাকারীর আইনজীবী। সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। তার মক্কেল ওই এলাকায় গত সাত বছর ধরে রয়েছেন বলেও দাবি করেন।

    গত বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ। ছুরির আঘাতে মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তিন দিন পর, রোববার ভোরে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তারা।

    কিন্তু এদিন বান্দ্রা আদালতে শরিফুলকে তোলা হলে, তার আইনজীবী সন্দীপ শেখানে দাবি করেন, তার মক্কেল যে বাংলাদেশের নাগরিক, এমন কোনো প্রমাণ পুলিশের হাতে নেই। গত সাত বছর ধরে সপরিবার শরিফুল মুম্বাই এলাকায় বাস করছেন বলেও দাবি করেন সন্দীপ। এর আগে ঠাণের হিরনন্দানি এস্টেট এলাকা থেকে শরিফুলকে গ্রেফতারের পর মুম্বাই পুলিশের ডিসিপি (অপরাধ দমন) দীক্ষিত গেদাম জানিয়েছিলেন, শরিফুলের কাছে ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক। গত পাঁচ-ছয়মাস ধরে এই এলাকায় থাকছিলেন এবং বিভিন্ন হোটেলে কাজ করছিলেন।

    তার আইনজীবী আরও বলেন, ‘আদালত পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি পুলিশকে এই সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছেন। পুলিশের কাছে এমন কোনো তথ্য নেই যা থেকে প্রমাণ হয় শরিফুল বাংলাদেশের নাগরিক।’

    সন্দীপের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নোটিশ জারি করা হয়নি। আদতে হত্যার কোনো উদ্দেশ্যই ছিল না। এফআইআর বা রিমান্ড কপিতে হত্যা বা প্রাণনাশের হুমকির মতো কোনো শব্দের উল্লেখ করা নেই। অথচ, সরাসরি পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হল।

    একা সন্দীপ নন, শরিফুলের আর এক আইনজীবী দীনেশ প্রজাপতি দাবি করেন, গত সাত বছর ধরে তিনি সপরিবার মুম্বাই এলাকায় বাস করছেন। তিনি দাবি করেন, ‘আমার মক্কেলের কাছে থেকে কিছুই পাওয়া যায়নি। বাংলাদেশি হওয়ার কোনো তথ্যও আদালতে পেশ করতে পারেনি পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • কুম্ভমেলায় কেউ পদপিষ্ট হলে কি ঈশ্বরের দায়: রামগোপাল

    কুম্ভমেলাতেও উপচেপড়া ভিড় দেখা যায়। সেখানে কেউ পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? এমন প্রশ্ন তুললেন বলিউড পরিচালক রামগোপাল ভার্মা। এক রাত কারাবাস করে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বাড়ি ফেরেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সেই গ্রেফতার ঘটনা নিয়ে এ প্রতিক্রিয়া জানান রামগোপাল। আল্লুকে সমর্থন করে তিনি কয়েকটি প্রশ্ন তোলেন।

    রামগোপালের প্রশ্ন— কুম্ভমেলা বা ব্রাহ্মোৎসবে যদি কেউ পদপিষ্ট হন, তাহলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? দ্বিতীয়ত রাজনৈতিক জমায়েতে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হবে তো? চলচ্চিত্রসংক্রান্ত কোনো অনুষ্ঠানে কেউ পদপিষ্ট হলে কি নায়ক-নায়িকা দুজনকেই গ্রেফতার করা হবে? পুলিশ ও আয়োজক ছাড়া আর কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে!

    এর আগে গত শুক্রবার অভিনেতা আল্লু অর্জুনের গ্রেফতার নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তার দাবি, কেউ-ই এ ঘটনার দায় এড়িয়ে যেতে পারেন না। মান্ডির লোকসভার সংসদ সদস্য বলেছেন, খুব দুঃখজনক ঘটনা। আমি নিজে আল্লু অর্জুনের বড় সমর্থক। কিন্তু এটিও বলব— কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত। তিনি জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু উচ্চ স্তরের মানুষ বলেই কোনো ফল ভোগ করতে হবে না— এমন যেন না হয়। মানুষের জীবনের কিন্তু দাম দেওয়া যায় না। 

    গতকাল শনিবার আল্লু বাড়ি ফিরতেই তার সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন রানা দগ্গুবতী, নাগা চৈতন্যরা।

    উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শন। আল্লু অর্জুন উপস্থিত থাকায় উপচে পড়েছিল ভিড়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। ঘটনায় অভিযোগ দায়ের হয় আল্লুর বিরুদ্ধে এবং গ্রেফতার করা হয় দক্ষিণী অভিনেতাকে। যদিও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাকে।

    বিনোদন ডেস্ক