Tag: গান

  • বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয়

    কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ও লস অ্যাঞ্জেলেস ভিত্তিক জনপ্রিয় ডিজে ও সঙ্গীত প্রযোজক সঞ্জয়। শুক্রবার (১২ জুন) তার এই অনন্য পারফরম্যান্স দেশ ও বিদেশে ব্যাপক প্রশংসার পাশাপাশি সকলের নজর কেড়েছে। 

    উদ্বোধনী মঞ্চে বিশ্বখ্যাত নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি গায়ক ভেজেড্রিমের সঙ্গে তাদের যৌথ গান ‘সির সির’ পরিবেশন করেন সঞ্জয়। এ সময় তার পরনে ছিল একটি চমৎকার মেরুন রঙের স্যুট, যার হাতায় নিখুঁত সুই-সুতার কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী মোটিফ।

    পোশাকটির নকশায় অত্যন্ত যত্ন সহকারে বাংলাদেশের জাতীয় প্রতীকসমূহ ফুটিয়ে তোলা হয়। এতে স্থান পায় বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকার লাল বৃত্তটি। 

    পারফরম্যান্স চলাকালীন সঞ্জয়কে বারবার তার জ্যাকেটের হাতায় থাকা এই বিশেষ এমব্রয়ডারির দিকে ইঙ্গিত করতে দেখা যায়। দর্শকরা এটিকে নিজের শিকড় ও মাতৃভূমির প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিশ্বকাপের মতো এত বড় বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দেশের নামি-দামি সঙ্গীতশিল্পী থেকে শুরু করে তারকারা এই পারফরম্যান্সের ভিডিও ক্লিপ শেয়ার করে সঞ্জয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। 

    ঐতিহাসিক এই মুহূর্তের ভিডিওটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে সঞ্জয় ক্যাপশনে লেখেন, ‘আমার মানুষ। এটি কেবল একটি সুন্দর পথচলার শুরু মাত্র।’ 

    উল্লেখ্য, সঞ্জয়ের জন্ম বাংলাদেশের শ্রীমঙ্গলে এবং বেড়ে ওঠা চট্টগ্রামে। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি প্রায়শই তার সঙ্গীত জীবনে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণের কথা উল্লেখ করেন। এই অনন্য শৈল্পিক যাত্রার পেছনে নিজের পারিবারিক সঙ্গীত ঐতিহ্য, বিশেষ করে তার মা ও দাদির অবদানকে তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘বনলতা সেন’ দেখে মুগ্ধতা ছড়ালেন সংগীতশিল্পী কোনাল

    কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ এবার রুপালি পর্দায়। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘বনলতা সেন’ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। রুপালি পর্দায় এ সিনেমাটিকে উপজীব্য করে গল্প বুনেছেন নির্মাতা। 

    সিনেমাটি মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমী দর্শক-সমালোচকদের দারুণ প্রশংসা পাচ্ছেন পরিচালক। এবার সেই তালিকায় শামিল হলেন সময়ের আলোচিত জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। সিনেমাটি দেখে একই সঙ্গে মুগ্ধতা এবং আফসোস প্রকাশ করেছেন এ গায়িকা।

    ‘বনলতা সেন’ সিনেমা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কোনাল। শনিবার (৬ জুন) ফেসবুক পোস্টে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। 

    গল্পে যেভাবে যিশুখ্রিস্ট ও রবীন্দ্রনাথ ঠাকুরকে সমন্বয় করেছেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন এ সংগীতশিল্পী। এ জন্য মাসুদ হাসান উজ্জ্বলকে ‘জিনিয়াস’ বলেও সম্বোধন করেছেন তিনি। সেই সঙ্গে সিনেমার পুরো টিমকেই সাধুবাদ জানিয়েছেন কোনাল। এবং অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন— ‘বনলতা সেন’ দেশি-বিদেশি সব দর্শকের দেখা উচিত।

    সেই পোস্টে কোনাল লিখেছেন— দেখে এলাম ঈদের সিনেমা ‘বনলতা সেন’। শিল্পপ্রেমীদের জন্য এটি এক রঙিন ক্যানভাসের মতো। এই প্রথম আমার খুব আফসোস হচ্ছে— কেন আমি বাংলাদেশে বড় হইনি, কেন আরও বেশি বাংলা সাহিত্য পড়িনি, কেন জীবনানন্দকে আরও ভালো করে এক্সপ্লোর করিনি এতদিন।

    সিনেমার সংগীত প্রসঙ্গে এ সংগীতশিল্পী আরও বলেন, আবহসংগীত অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। দৃশ্যের সঙ্গে নিবিড়ভাবে মিশে গেছে। ‘এখানে কেউ নেই’ গানটি অদ্ভুত এক বিষণ্ণতা জাগিয়েছে মনে। যেমনটি আগে কখনো শোনা যায়নি। এর জন্য বাপ্পা (বাপ্পা মজুমদার) দাকে কুর্নিশ জানাই।

    ‘বনলতা সেন’ সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এ ছাড়া আছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী, গাজী রাকায়েত প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বকাপের অ্যালবামে বাংলাদেশি বংশোদ্ভুত ডিজে সঞ্জয়

    বিশ্বসংগীতের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর অফিশিয়াল অ্যালবামে একজন অফিশিয়াল শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেও লাইভ পারফর্ম করার সুযোগ পেয়েছেন এই সংগীতশিল্পী। 

    সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সঞ্জয় নিজেই এই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। 

    নিজের দীর্ঘ সংগীতযাত্রার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে সঞ্জয় জানান, দুটি ভিন্ন সংস্কৃতির মাঝে বড় হওয়া এবং বিশ্বমঞ্চে নিজের সংগীতকে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন তিনি দেখতেন, আজ তা সত্যি হতে চলেছে। এই অর্জনকে কেবল নিজের একক সাফল্য হিসেবে দেখছেন না তিনি; বরং একে দেখছেন সেইসব তরুণ স্বপ্নবাজদের অনুপ্রেরণা হিসেবে—যারা সমস্ত সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের বড় লক্ষ্যগুলো ছুঁতে লড়াই করে যাচ্ছেন। 

    এই অফিশিয়াল অ্যালবামে ভক্তরা খুব শিগগিরই শুনতে পাবেন সঞ্জয়ের নতুন গান ‘সির সির’। গানটিতে তার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তারকাবহুল ফিফা অ্যালবাম ও উদ্বোধনী আয়োজন 

    ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামটি হতে যাচ্ছে বিশ্বসংগীতের এক মহোৎসব। এই অ্যালবামে সঞ্জয় ছাড়াও থাকছেন দ্য রোলিং স্টোনস, শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় এবং রেমার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীরা। 

    যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পারফর্মারদের একটি তালিকা ইতোমধ্যেই চূড়ান্ত করেছে ফিফা। তিন আয়োজক দেশজুড়ে হতে যাওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসেরা তারকা কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্ক-এর জনপ্রিয় সদস্য লিসার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়। 

    উল্লেখ্য, শ্রীমঙ্গলে জন্ম নেওয়া এবং পরবর্তীতে চট্টগ্রামে বেড়ে ওঠা সংগীতশিল্পী ও ‍ডিজে সঞ্জয় ক্যারিয়ারের প্রয়োজনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিজের অনন্য মিউজিকাল আইডেন্টিটি বা সংগীতের ধরন গড়ে ওঠার পেছনে তিনি সবসময়ই তার এই বহুসাংস্কৃতিক জীবনকে কৃতিত্ব দিয়ে এসেছেন। 

    মূলত সংগীতের এই ধারাটি তার পারিবারিক ঐতিহ্যেই মিশে আছে। তার মা এবং নানী দুজনেই সংগীতের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • সন্ধ্যায় নতুন গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

    ছয় মাস বিরতির পর নতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলা। শনিবার (২৩ মে) সন্ধ্যায় প্রকাশ পাবে এর চতুর্থ সিজনের প্রথম গান। জানা গেছে, নজরুল সংগীত ‘রুম ঝুম’-এর মাধ্যমে এ সিজনের যাত্রা শুরু হচ্ছে। 

    মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবে এমন সিদ্ধান্ত। 

    ‘রুম ঝুম’ গানটির মূল সুর অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে নেওয়া, যা নজরুল গ্রহণ করে বাংলা বর্ষার কবিতায় রূপান্তর করেছিলেন। বহু প্রজন্ম ধরে বাংলাদেশে গানটি জনপ্রিয় হলেও এর দীর্ঘ সাংস্কৃতিক ভ্রমণের গল্প অনেকের কাছেই অজানা ছিল। কোক স্টুডিও বাংলা এবার সেই সংগীত ঐতিহ্যকেই নতুনভাবে উপস্থাপন করছে। 

    গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান এবং সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। 

    এ গানের মাধ্যমেই কোক স্টুডিও বাংলায় অভিষেক করছেন মাহতিম সাকিব। অন্যদিকে নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু করছেন নুসরাত জাহান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্ল্যাটফর্মটিতে নিজের অভিষেক প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, ‘রুম ঝুম-এর অংশ হতে পারা আমার জন্য সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে। কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের সঙ্গে সংযুক্ত করার মতো করে উপস্থাপন করা হচ্ছে এবং একই সঙ্গে এর মূল শেকড় ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান ও নিবেদন বজায় রাখা হয়েছে।’ 

    কোক স্টুডিওতে কাজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আরেক কণ্ঠশিল্পী নুসরাত জাহান বলেন, ‘রুম ঝুম গানটি আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত এবং ভীষণ অর্থবহ। গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু ভাইয়া, যিনি ছোটবেলা থেকেই আমার এবং আমার ভাই সাইফের মেন্টর ছিলেন। এ কোলাবরেশন আমার কাছে একটি স্বপ্নপূরণের মতো। কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমার সংগীত যাত্রা রুম ঝুম-এর মতো একটি গানের মাধ্যমে শুরু করাটা এ অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে। 

    আমাদের ঐতিহ্য, কোলাবরেশনের সৌন্দর্য এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির এই কালজয়ী গানের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।’ 

    শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে। এর চতুর্থ সিজনে ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীত ধারার ওপর ভিত্তি করে তৈরি করা মোট আটটি গান থাকবে। 

    বিনোদন ডেস্ক

  • ‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

    দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ‘লোকে বলে’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। গানটি তৈরি হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের আয়োজনে।

    শুক্রবার (২২ মে) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন গানের ঘোষণা দেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি জানান, ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন গান নিয়ে ফিরছেন তিনি। একই সঙ্গে এবারের ঈদ উদযাপন আরও বিশেষ হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন এই অভিনেত্রী-গায়িকা। আগামী ২৬ মে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

    ফোক-পপ ঘরানার ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশিত হবে এসভিএফ এবং ব্লিং মিউজিক–এর ব্যানারে। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের নির্মাতা ও কোরিওগ্রাফার বাবা যাদব।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল শিল্পী বেলাল খান–এর একটি গানের মডেল হিসেবে। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। গানটি প্রকাশের পর প্রশংসার পাশাপাশি সমালোচনাও তৈরি হয়েছিল।

    ২০২৪ সালে এসভিএফের ব্যানারে তার সর্বশেষ গান প্রকাশিত হয়। ‘লোকে বলে’ হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার পঞ্চম একক গান।

    এদিকে গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটছে এই তারকার। সম্প্রতি দুবাইয়ে একটি স্টেজ পারফরম্যান্সে অংশ নিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সংশ্লিষ্টদের আশা, আসন্ন ঈদে ‘লোকে বলে’ গানটি দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

    বিনোদন ডেস্ক

  • দীর্ঘ বিরতির পর চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

    জনপ্রিয় সংগীতভিত্তিক প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা আবারও ফিরছে নতুন আয়োজন নিয়ে। চতুর্থ মৌসুমের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এর অংশ হিসেবে ঢাকায় একটি গানের শুটিংও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    সূত্র জানায়, গত ১৪ ও ১৫ মে রাজধানীতে নতুন মৌসুমের একটি গানের দৃশ্যধারণ করা হয়। এতে দুইজন শিল্পী অংশ নিয়েছেন। পর্যায়ক্রমে অন্যান্য গানের শুটিংও শেষ করা হবে বলে জানা গেছে।

    তবে নতুন মৌসুমের প্রথম গান কবে প্রকাশ পাবে কিংবা কোন কোন শিল্পী এতে থাকছেন— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম। পরে বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট নতুন গান প্রকাশের মাধ্যমে আবারও কার্যক্রম চালু হয়।

    ২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা এখন পর্যন্ত তিনটি মৌসুমে ধারাবাহিকভাবে গান প্রকাশ করেছে। প্রথম মৌসুমে প্রকাশ পেয়েছিল মোট ১০টি গান।

    চতুর্থ মৌসুমের খবর প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • এক রাতে ৩ অ্যালবাম! ড্রেকের নজিরবিহীন ঘোষণা

    এক রাতে একটি বা দুটি নয়, একেবারে তিনটি নতুন অ্যালবাম মুক্তির এক নজিরবিহীন ঘোষণা দিয়ে পুরো সংগীতবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন কানাডিয়ান র্যাপ তারকা ড্রেক। 

    শুক্রবার (১৫ মে) রাতেই একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে এই তিনটি প্রজেক্ট। এই আকস্মিক ঘোষণায় বিশ্বজুড়ে তার ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা ও উন্মাদনা তৈরি হয়েছে, যার জোয়ার আছড়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে। 

    দীর্ঘদিন ধরেই ভক্তরা ড্রেকের বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘আইসম্যান’-এর জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে এই র্যাপার জানান, ‘আইসম্যান’-এর পাশাপাশি আরও দুটি সম্পূর্ণ নতুন প্রজেক্ট—‘হাবিবতি’ এবং ‘মেইড অব অনার’ একই সঙ্গে মুক্তি পাচ্ছে। 

    ড্রেকের একসঙ্গে তিনটি ফুল-লেন্থ অ্যালবাম প্রকাশের এই অভাবনীয় সিদ্ধান্ত ভক্তদের যেমন আনন্দিত করেছে, তেমনি চমকে দিয়েছে পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে। 

    তবে এই খুশির খবরের মাঝেও ড্রেকের জন্য রয়েছে বিষাদের অনুভূতি। হৃদয়স্পর্শী এক পারিবারিক খবরের কারণে এই বিশাল হাইপ ও প্রচারণার আড়ালে যোগ হয়েছে এক আবেগঘন অধ্যায়। ‘আইসম্যান’ অ্যালবামের প্রমোশনাল রোলআউটের একটি প্রিভিউতে ড্রেক তার বাবা ডেনিস গ্রাহামের এক কঠিন লড়াইয়ের কথা সামনে এনেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ড্রেক প্রকাশ করেন, তার বাবা বর্তমানে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ড্রেক বলেন, ‘আমার বাবা এখন ক্যানসারে আক্রান্ত; আমরা একদম শেষ ধাপগুলোর বিরুদ্ধে লড়াই করছি।’ এর মাধ্যমে এই প্রথম ড্রেক তার বাবার কঠিন অসুস্থতার কথা প্রকাশ্যে আনলেন, যা ভক্তদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। 

    উল্লেখ্য, বিগত বছরগুলোতে ড্রেক এবং তার বাবা ডেনিস গ্রাহামের সম্পর্ক বেশ ওঠানামার মধ্য দিয়ে গেছে। বিভিন্ন সময়ে তাদের পারিবারিক দূরত্ব ও ভুল বোঝাবুঝি নিয়ে গুঞ্জন থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে তাদের মধ্যকার মেলবন্ধন ও পারস্পরিক সমর্থন বেশ জোরালো হয়েছে।

    ডেনিস গ্রাহাম সবসময়ই ছেলের এই বিশ্বজোড়া সাফল্যে গর্ব করে এসেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ড্রেককে ছোটবেলা থেকেই এক উজ্জ্বল ‘তারকা’ হিসেবে অভিহিত করেছেন এবং ছেলের মেধার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। 

    বাবার এই কঠিন সময়ে ড্রেকের পাশে থাকা এবং একই সঙ্গে সংগীত ক্যারিয়ারের এত বড় মাইলফলক স্পর্শ করা—সব মিলিয়ে আজ রাতটি ড্রেক ভক্তদের জন্য এক মিশ্র আবেগ ও চরম উত্তেজনার রাত হতে যাচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • গাজী মাজহারুল আনোয়ারের শেষ গানে মেয়ে দিঠি

    উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। ২০২২ সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুর দুই দিন আগে জীবনের শেষ গান লিখেছিলেন এই কিংবদন্তি। এবার সেই গানটিই প্রকাশ পেতে যাচ্ছে। 

    ‘মেঘলা আকাশ’ শিরোনামের সেই গানটি গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার ও অপু আমান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অপু আমান নিজেই।

    দিঠি জানান, ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। গানটির সঙ্গে তার ব্যক্তিগত আবেগ গভীরভাবে জড়িত বলেও তিনি উল্লেখ করেন।

    গানটি প্রসঙ্গে এই সংগীতশিল্পী গণমাধ্যমকে বলেন, ‘মারা যাওয়ার দুই দিন আগেই গানটি লিখেছিলেন বাবা, সেদিনই অপুকে বাসায় ডেকে এর সুর করিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশটা তিনি দেখে যেতে পারলেন না।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দিঠি আরও বলেন, অপুর সুর গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং গানটি শ্রোতাদের মনে ভালো লাগা জাগাবে বলেই আমার বিশ্বাস।

    অপু আমান বলেন, গাজী মাজহারুল আনোয়ারের মতো কিংবদন্তির লেখা গানে সুর করার সুযোগ পাওয়া আমার সংগীতজীবনের অন্যতম বড় প্রাপ্তি। 

    আগামী ঈদের আগেই দিঠির নতুন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলের যাত্রাও শুরু করবেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মার্কিন র‌্যাপারের বিচ্ছেদের ঘোষণা

    জনপ্রিয় মার্কিন র‌্যাপার মেগান থি স্ট্যালিয়ন এবং বাস্কেটবল তারকা ক্লে থম্পসনের বহুল আলোচিত প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে। মেগানের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। 

    বিচ্ছেদের এই আনুষ্ঠানিক ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন চারদিকে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন তুঙ্গে। 

    মেগান তার প্রতিনিধির মাধ্যমে সংবাদমাধ্যম ‘টিএমজেড’কে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমি ক্লে-র সঙ্গে আমার সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস, সততা এবং সম্মান—এসব বিষয়ে কোনো আপস নেই। যখন এই মূল্যবোধগুলো ক্ষুণ্ণ হয়, তখন আর একসঙ্গে এগিয়ে যাওয়ার কোনো পথ থাকে না। এখন আমি নিজের মানসিক প্রশান্তি ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দিচ্ছি।’

    এদিকে বিবৃতি দেওয়ার ঠিক আগ মুহূর্তে মেগান তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু রহস্যময় এবং সরাসরি অভিযোগ জানিয়ে পোস্ট করেন। 

    সেখানে তিনি ক্লে-র বিরুদ্ধে পরকীয়া বা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দিয়ে লেখেন, ‘প্রতারণা! আমাকে তোমার পুরো পরিবারের সামনে নিয়ে গিয়ে ঘর-সংসারের নাটক করালে… আর এখন তোমার পা কাঁপছে?’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি ক্ষোভ উগরে দিয়ে আরও লেখেন, ‘বাস্কেটবল সিজন চলাকালীন তোমার ভয়াবহ সব ‘মুড সুইং’ এবং খারাপ আচরণ সহ্য করে আমি তোমার পাশে ছিলাম। আর এখন তুমি জানো না যে তুমি ‘একগামী’ থাকতে পারবে কিনা? আমার এখন একটা লম্বা বিরতি দরকার। বিদায় সবাই।’

    সম্পর্কের শুরু ও ভাঙন 

    ২০২৫ সালের ১৬ জুলাই নিউইয়র্ক সিটিতে মেগানের ‘পিট অ্যান্ড থমাস ফাউন্ডেশন গালা’-তে এই যুগলকে প্রথমবার রেড কার্পেটে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে মেগান ক্লের ভূয়সী প্রশংসাও করেছিলেন।

    ভক্তরা ধারণা করেছিলেন এই বন্ধন বেশ শক্ত, কিন্তু শেষ পর্যন্ত ক্লে-র বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ সেই আশায় জল ঢেলে দিল। 

    তবে এখন পর্যন্ত ক্লে থম্পসনের পক্ষ থেকে এই বিচ্ছেদ বা মেগানের করা অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেখানকার সংবাদমাধ্যমগুলো তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি। 

    সূত্র: হাঙ্গামা এক্সপ্রেস 

    বিনোদন ডেস্ক

  • নিজের উপর অনেক অত্যাচার করেছি, কেন বললেন অরিজিৎ

    বাংলা ও হিন্দি গানের জগতের ধ্রুবতারা অরিজিৎ সিং শনিবার (২৫ এপ্রিল) ৩৯ বছরে পদার্পণ করলেন। দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোটি কোটি ভক্ত, যারা তার জাদুকরী কণ্ঠের গানে বুঁদ হয়ে থাকেন। 

    যার মায়াবী কণ্ঠে মুগ্ধ আট থেকে আশি, একটা সময় কিনা সেই কণ্ঠস্বরই অরিজিতের জন্য সবথেকে বড় দুশ্চিন্তার কারণ ছিল।

    এক পডকাস্টে এসব কথা সংগীতশিল্পী নিজেই জানিয়েছিলেন। অরিজিৎ জানান, ক্যারিয়ারের শুরুতে মানুষ তার কণ্ঠ পছন্দ করত না। তাই নিজের গানের গলা বদলে ফেলতে হয়েছিল তাকে।  

    গায়কের কথায়, ‘মানুষ আমার কণ্ঠস্বর পছন্দ করত না। আমি যখন ওই কণ্ঠে গান গাইতাম কেউ পছন্দ করত না। আমায় তাই আমার কণ্ঠস্বর বদলাতে হয়েছিল। বলা যায় এক প্রকার গলা ভেঙে ভেঙে আজকের এই টেক্সচার বানিয়েছি। নিজের গলাকে নিজেই তৈরি করেছি। নিজের উপর অনেক অত্যাচার করেছি যাতে ভয়েসের প্রজেকশন বদলাতে পারি। রাত জেগে জেগে রেওয়াজ করেছি। সারা রাত এমনভাবে প্র্যাকটিস করতাম যে, ক্লান্তিতে গলা ভেঙে বসে যেত।’

    মুম্বাইয়ে একটি ছোট ভাড়াবাড়িতে থেকে শঙ্কর-এহসান-লয় বা প্রীতমের মতো মিউজিক ডিরেক্টরদের অধীনে মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ দিয়ে যাত্রা শুরু করেন অরিজিৎ। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০১৩ সালে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানের মাধ্যমে।  গানটি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। 

    এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সব শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে গেছেন এই সংগীতশিল্পী। শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে শুরু করে অনুরাগ বসুর ‘বারফি’ সহ উল্লেখযোগ্য সংখ্যক সিনেমায় গান গেয়েছেন।

    কিন্তু ২০২৬ সালের জানুয়ারিতে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে এক ঘোষণায় অরিজিৎ জানান, তিনি আর নতুন কোনো ছবিতে প্লেব্যাক করবেন না। সই করা প্রজেক্টগুলো শেষ করেই তিনি সিনেমার গায়ক হিসেবে ইতি টানবেন। 

    তবে গান থেকে দূরে সরছেন না, এখন থেকে স্বাধীনভাবে গান এবং চলচ্চিত্র নির্মাণের দিকেই সব মনোযোগ দিতে চান এই জীবন্ত কিংবদন্তি। 

    সম্প্রতি মুক্তি পাওয়া এ সংগীতশিল্পীর ‘রানা’ গানটি প্রমাণ করে দিয়েছে যে, প্লেব্যাক ছাড়লেও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। অরিজিৎ সিংয়ের এই যাত্রাপথ শেখায় যে, প্রতিভা থাকলেও কঠোর পরিশ্রম এবং নিজেকে প্রতিনিয়ত নতুন করে গড়ার মানসিকতাই একজন মানুষকে কিংবদন্তি করে তোলে। 

    বিনোদন ডেস্ক