Tag: আফরান নিশো

  • ‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না, কিন্তু…

    ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমা। আর এই সিনেমার মাধ্যমে দুই বছর পর বড়পর্দায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদের দিন  মুক্তির পর থেকেই ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউসফুল যাচ্ছে। হলেও আছে দর্শক উপস্থিতি। 

    আর ‘ দাগি’ নিশোর দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

    মুক্তির একদিন পরই নতুন খবর জানালেন সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।

    আলফা আই আরও জানায়, কেবল সিনেপ্লেক্সে সোমবার ৩৪টি শো ছিল। গতকাল রানিং রয়েছে ৪৪টি শো। যদিও শো বাড়ানো নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই ফেক বলে উড়িয়ে দিচ্ছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান অফিসিয়ালি জানিয়েছেন— শো বেড়েছে এটাই সত্যি। কে ফেক বলল না বলল, সেটি ভাববার বিষয় নয়, যা সত্যি আমরা তাই জানিয়েছি।

    সুস্মিতা নামে এক সিনেমাপ্রেমী সামাজিক মাধ্যমে ‘দাগি’ নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন— ‘দাগি’ অনেকের কাছেই ভালো লাগবে না। যেমনটি আমার পাশের মানুষটা এ সিনেমায় কোনো গল্প খুঁজে পায়নি। কিন্তু আমি পেয়েছি। নিশোর অভিনয় অন্তত দুই জায়গায় আমাকে কাঁদিয়েছে। সবাই সিনেমাটি হলে গিয়ে দেখুন। একবার যার গায়ে জেলের দাগ লেগে যায়। একবার যে দাগি হয়ে যায় সামাজিকভাবে সে আর কখনই মুক্ত হতে পারে না।

    আরেক দর্শকের লিখেছেন— এটি একটি সিনেমার চেয়েও বেশি কিছু। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এ সিনেমাটি অ্যাকশন ও রোমান্সে ভরপুর। একটি গভীর ও চিন্তা-উদ্দীপক বার্তার মিশ্রণে একটি অবিস্মরণীয় সিনেম্যাটিক যাত্রা প্রদান করে। নিঃসন্দেহে এটি বছরের সেরা বাংলাদেশি  সিনেমা।

    এদিকে আইএমডিবিতে ‘দাগি’ রিভিউ জানিয়ে একজন ভক্ত লিখেছেন— ‘দাগি’ সিনেমাটি দেখে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। বিশেষ করে এ সিনেমায় আফরান নিশোর অভিনয় অসাধারণ ছিল। আমি বলতে চাইছি— এটি একেবারেই মূল্যবান। সবার এই সিনেমাটি দেখা উচিত। এ সিনেমাটিতে আবেগঘন গল্প ও শ্বাসরুদ্ধকর সিনেমাটোগ্রাফি এবং কিংবদন্তি আফরান নিশোর অসাধারণ অভিনয়ের সমন্বয় ঘটেছে।

    বিনোদন ডেস্ক

  • ঈদের চূড়ান্ত তালিকায় ছয় সিনেমা

    মাত্র দুদিন পরই ঈদুল ফিতর। দেশের সিনেমাঙ্গনেও চলছে ঈদের শেষ প্রস্তুতি। বরাবরের মতো এবারও রয়েছে প্রতিযোগিতা। এমনিতেই ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। 

    কেবল ঈদ এলেই ডজনখানেক সিনেমা মুক্তির ঘোষণা আসে। কিন্তু এরই মধ্যে বেশকটি আবার শেষ মুহূর্তে পিছিয়েও যায়। আবার আগাম বার্তা ছাড়াই নীরবে শেষ মুহূর্তে মুক্তির মিছিলে যোগ দেয় কিছু সিনেমা, এমন নজিরও রয়েছে। যা ঘটেছে এবারের ঈদেও। 

    একেবারে শেষ মুহূর্তে এসে কোনো ধরনের প্রচারণা ছাড়াই ঘোষণা এলো ‘অন্তরাত্মা’ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ঈদে। এটি শাকিব খান অভিনীত কয়েক বছর আগের সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। চার বছর আগে এটি নির্মাণ হলেও দীর্ঘদিন মুক্তির আলোচনায় ছিল না। সম্প্রতি সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির মিছিলে যুক্ত হয় সিনেমাটি। 

    এদিকে এ সিনেমা আসার কারণে ঈদে অন্যদের সঙ্গে তো বটে, নিজের সঙ্গে নিজেরই আরেকটি লড়াইয়ে যুক্ত হতে হচ্ছে শাকিব খানকে। কারণ, একই সময় মুক্তি পাচ্ছে তার আরেক সিনেমা ‘বরবাদ’। দীর্ঘদিন ধরেই চলছে এর প্রমোশন। শাকিবভক্ত-অনুরাগীরাও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। এ মুহূর্তে প্রিয় নায়কের আরও একটি সিনেমা মুক্তির তালিকায় যোগ হওয়ায় তাদের কপালেও চিন্তার ভাঁজ। ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। 

    এদিকে ঈদুল ফিতরে শাকিবের দুই সিনেমাসহ চূড়ান্ত তালিকায় রয়েছে ছয়টি সিনেমা। অন্য সিনেমাগুলো হলো ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘জ্বীন-৩’। 

    দুবছর পর ‘দাগি’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন আফরান নিশো। এবারও তার সঙ্গে জুটি বেঁধেছেন প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র নায়িকা তমা মির্জা। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিয়াম আহমেদ-শবনম বুবলী ও দীঘিকে নিয়ে নির্মিত হয়েছে ‘জংলি’ সিনেমা। এটি পরিচালনা করেছেন এম রাহিম। এর আগে কয়েকদফা মুক্তির তারিখ ঘোষণা দিয়েও সিনেমাটি পর্দায় আনতে পারেননি নির্মাতা। অবশেষে এবারের ঈদে আসছে, এটি নিশ্চিত। 

    শরাফ আহমেদ জীবনের পরিচালনায় ‘চক্কর ৩০২’ সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এটি প্রায় দুবছর আগের নির্মিত সিনেমা। এদিকে নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এখন সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। তিনিও আসছেন ‘জ্বীন-৩’ নামে একটি সিনেমা নিয়ে। তার সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রুমান।

     ঈদের সবকটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির জন্য একেবারেই প্রস্তুত বলা যায়। প্রচারের অংশ হিসাবে টিজার, ট্রেলার, গান প্রকাশ হয়েছে। দর্শক ও প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যেও ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ‘সুড়ঙ্গ’ জুটির নতুন চমক, প্রকাশ্যে ‘দাগি’র দুর্দান্ত টিজার

    আবারো বড় একটি চমক নিয়ে হাজির হলেন আফরান নিশো। সুড়ঙ্গ দিয়ে বাজিমাত করার পর এবার ‘দাগি’ রূপের বড় পর্দায় দেখা গেল নিশোকে।

    মঙ্গলবার দুপুরে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমার ১ মিনিটের টিজার প্রকাশের পরে ব্যাপক মাত্রায় উচ্ছ্বাস দেখা গেছে সিনেমাপ্রেমিদের মাঝে। 

    ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরে বড় চমক দেখাতে যাচ্ছে সুড়ঙ্গ জুটি নিশো-তমার ‘দাগি’।

    প্রকাশিত টিজারে আফরান নিশোকে দেখা গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তাকে দেখা যায় লম্বা চুলে, মাঝখানে স্বাভাবিক চেহারায় এবং একেবারে শেষে তিনি হাজির হন ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে। টিজারে আরও দেখা গেছে, অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল এবং শহীদুজ্জামান সেলিমকে।

    এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। পরিচালক বলেন, ‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, যা আমাদের জন্য আনন্দের বিষয়। এটি কেবলমাত্র প্রথম ঝলক, সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে।’

    প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো সিনেমার কিছু দৃশ্য দেখল, এবং আমরা দারুণ সাড়া পাচ্ছি। তবে প্রকৃত আনন্দ তখনই আসবে, যখন দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখে প্রশংসা করবে।’

    এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে প্রচারের দিক থেকে পিছিয়ে আছে ‘দাগি’। এ প্রসঙ্গে প্রযোজক জানান, ‘আমরা আগেও প্রচার করিনি, আবার দেরি করেও করছি না। আমরা শুরু থেকেই পরিকল্পনা করেছিলাম, কখন কোন প্রচারণা চালানো হবে’।

    ‘সুড়ঙ্গ’-এরপর দ্বিতীয় সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন আফরান নিশো। নতুন সিনেমার ঝলক প্রকাশের পর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার সামান্য ইঙ্গিত দিয়েছে। এই সিনেমার প্রতিটি ফ্রেমেই গভীর অর্থ রয়েছে।’

    ‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ আরও অনেকে। সিনেমাটিকে বলা হচ্ছে মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প। নির্মাতার দাবি, এ ধরনের কাহিনি বাংলাদেশের দর্শক আগে কখনো দেখেনি।

    বিনোদন ডেস্ক

  • দৃশ্যধারণ শেষ হলো আফরান নিশোর ‘দাগি’র

    আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘দাগি’ সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত মঙ্গলবার সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক শিহাব শাহীন। 

    সম্প্রতি ‘দাগি’ সিনেমার শুটিং সম্পন্ন হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন এ নির্মাতা।  ক্যাপশনে লিখেছেন, ইটস র্যাপ আপ। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’। 

    সেই ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ অন্যান্য কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র্যাপ আপ’! 

    এরপর নিশো মজা করে বলেন, সব মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে! 

    জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

    সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, শিহাব শাহীন ‘দাগি’ সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছেন এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফরান নিশো। একটি ভালো গল্প নির্ভর  চলচ্চিত্র হিসেবে ‘দাগি’ নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি ‘দাগি’ সিনেমাটি পরিচালক শিহাব শাহীনের সেরা নির্মাণ হতে যাচ্ছে।  ‘দাগি’র পুরো টিম এই সিনেমার জন্য সর্বোচ্চটা দিয়েছে, যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে ‘দাগি’র পাশাপাশি অনেক সিনেমা আসছে। সবার জন্য আমার শুভকামনা। 

    তিনি আরও বলেন, ‘দাগি’ নিয়ে আমি একদমই চিন্তিত নই। কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং ‘দাগি’ একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মতো পরীক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মতো অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণ করে, সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছু নেই।

    গত বছরের ডিসেম্বরে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। সেই সময় আফরান নিশো বলেছিলেন, আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগি’র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনয়ে মুগ্ধ দর্শকরাও। সেই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন বড় পর্দাতেও। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দর্শক ও সমালোচক দ্বারা ব্যাপক প্রশংসিত হয়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা।  ‘দাগি’ নিশোর দ্বিতীয় সিনেমা। এতেও নিশোর নায়িকা হয়েছেন তমা। 

    আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। 

    বিনোদন ডেস্ক

  • শুভেচ্ছাদূত হলেন আফরান নিশো

    একসময় নাটকে অভিনয় নিয়েই বছরে পুরোটা সময় কাটতো আফরান নিশোর। কিন্তু এখন তিনি পুরোদস্তুর সিনেমার অভিনেতা। নামের আগে যোগ হয়েছে ‘চিত্রনায়ক’। 

    ২০২৩ সালে ঢাকাই সিনেমায় তার অভিষেক হয়। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। প্রথম সিনেমার শুটিং শুরু পরপরই নাটকে বিদায় জানান এ অভিনেতা। প্রথম সিনেমা মুক্তির পর দীর্ঘদিন অবসরে থাকলেও আর নাটকে ফেরেননি।

    সম্প্রতি শুরু করেছেন দ্বিতীয় সিনেমার কাজ। এদিকে দিন কয়েক আগে এ অভিনেতা যুক্ত হয়েছেন একটি ফুটওয়্যার ব্রান্ডের বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসাবে। প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে দুই বছরের চুক্তি সম্পন্ন করেন তিনি। 

    আগামি দুই বছর এ প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমাদের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব কিছু জেনে শুনে তাদের সঙ্গে পথচলা শুরু করেছি। আমি এখন এ পরিবারের একজন সদস্য। আশাকরি আমাদের আগামীর পথচলা আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।’ 

    এদিকে আফরান নিশো প্রায় দেড় বছর পর শুরু করেছেন তার দ্বিতীয় সিনেমার কাজ। ‘দাগি’ নামে একটি সিনেমার শুটিং করেছেন তিনি। এ সিনেমায় তার সঙ্গে থাকছেন দুই নায়িকা, তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এটি পরিচালনা করছেন শিহাব শাহিন। জানা গেছে, চলতি বছরের ঈদে এটি মুক্তি পাবে। 

    এ সিনেমার শুরুর আগে নিশোকে নিয়ে নিয়ে বেশ জল্পনা কল্পনা হয়। প্রথম সিনেমার পর আড়ালে চলে যাওয়ায় তার হাতে ‘কাজ নেই’ বলে গুজবও রটেছিল। ছিলেন না কোনো খবরেও। নিজ থেকেই ছিলেন আড়ালে। ফলে হতাশ ছিলেন তার ভক্তরা। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে শুটিং শুরু করেছেন তিনি। এদিকে নতুন একটি ওটিটির কাজেও যুক্ত হয়েছেন এ অভিনেতা।

    আনন্দনগর প্রতিবেদক

  • ছন্দে ফিরলেন আফরান নিশো

    নাটকে ইতি টেনে গত বছরেই সিনেমায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির প্রায় দেড় বছর পার হয়ে গেলেও নতুন কোনো কাজ শুরু করতে পারেননি এ অভিনেতা। 

    তবে নানা জল্পনা-কল্পনার পর কয়েকদিন আগেই দ্বিতীয় সিনেমা ‘দাগি’র ঘোষণা আসে। এতে তিনি দুই নায়িকা নিয়ে পর্দায় আসছেন। প্রথম সিনেমার নায়িকা তমা মির্জার সঙ্গে এবার তার সঙ্গী হচ্ছেন সুনেরাহ বিনতে কামাল। 

    এদিকে সিনেমার ঘোষণার পরই নতুন একটি ওটিটি কনটেন্টে যুক্ত হবার খবরও জানান এ অভিনেতা। পরপর দুই কাজের ঘোষণা দিয়ে যেন ছন্দে ফিরলেন নিশো। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন একটি ওয়েব সিরিজে। তবে এটির নাম এখনও চূড়ান্ত হয়নি। নির্মাণ করছেন ভিকি জাহেদ। জুটি বেঁধে তারা এর আগেও অনেক প্রশংসনীয় কাজ উপহার দিয়েছেন। 

    নির্মাতা বলেন, “নিশো ভাই জানালেন, অনেক দিন দুজনের কাজ হচ্ছে না। একটা সিরিজের গল্প ফাঁদতে, আলোচনা করে সব চূড়ান্ত করলাম। ‘দাগি’র শুটিংয়ের পরই নাম ঠিক না হওয়া সিরিজের কাজ করব।” 

    এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমার নতুন সিনেমার জন্য অনেকেই অপেক্ষায় ছিল। শিগগিরই শুটিং শুরু হবে আশা করছি। এদিকে ভিকির সঙ্গে এর আগেও কাজ হয়েছে। এ সিরিজটি আগের কাজগুলোর মতোই দর্শক গ্রহণ করবে বলে আমি আশাবাদী।’

    বিনোদন ডেস্ক

  • অবশেষে সিনেমার শুটিংয়ে আফরান নিশো

    অবশেষে শুটিং ফ্লোরে গড়াল আফরান নিশোর দ্বিতীয় সিনেমা। দেড় বছর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এ অভিনেতার। এতে তার সঙ্গী ছিলেন তমা মির্জা। সিনেমাটি ব্যবসাসফল হয়। কিন্তু তারপরও দেড় বছর নতুন কোনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি এ অভিনেতা। 

    অনেক জল্পনা-কল্পনা হচ্ছিল তাকে নিয়ে। মাঝে নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর দিলেও সেগুলোর ছিল না কোনো অগ্রগতি। তাই আফরান নিশোর ফেরা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে দুই নায়িকা নিয়ে ‘দাগী’ সিনেমার শুটিং শুরু করেছেন আফরান নিশো। 

    কথা ছিল আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই সিনেমাটির শুটিং শুরু হবে। জটিলতার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। তাই গোপনেই এর অ্যানাউন্সমেন্ট প্রমোর দৃশ্যধারণ শুরু হয়েছে বলে জানা গেছে। এটি পরিচালনা করছেন শিহাব শাহীন। এ সিনেমায় আফরান নিশোর নায়িকা তমা মির্জা থাকছেন এমন খবর যুগান্তর আগেই জানিয়েছিল। 

    তবে তিনি ছাড়া আরও একজন নায়িকা রয়েছেন এতে। তিনি হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘ন ডরাই’খ্যাত নায়িকা সুনেরাহ বিনতে কামাল। বর্তমানে এ নায়িকা নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। তবে এ সিনেমা প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি নন অভিনয়শিল্পী, পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের কেউ। 

    তাদের ভাষ্য, সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে এর ব্যাপারে। তবে এটুকু নিশ্চিত করেছেন যে, ‘দাগী’ সিনেমাটি ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে। এ লক্ষ্যেই প্রস্তুত করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • খবরের মধ্যেই আটকে আছেন আফরান নিশো

    নাটকে অভিনেতা আফরান নিশোর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সেই জনপ্রিয়তার ওপর ভর করেই গত বছর সিনেমায় নাম লেখান। অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে বেশ ভালোই সাড়া ফেলেন। নিশো ভক্ত ও সিনেপ্রেমীরা ভেবেছিলেন এরপর থেকে হয়তো তাকে সিনেমায় নিয়মিতই পাওয়া যাবে। অবশ্য তিনিও সিনেমায় অভিনয়ের পর থেকেই নাটকের কাজ ছেড়ে দিয়েছেন। 

    কিন্তু সুড়ঙ্গ’র পর এক বছর পার হয়ে গেলেও নতুন কোনো সিনেমায় অভিনয় শুরু করতে পারেননি এ অভিনেতা। শুধু তাই নয়, মিডিয়া থেকেও নিজেকে আড়ালে রেখেছেন। কিছুদিন আগে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার তথ্য জানালেও সেগুলো খবরেই রয়ে গেল। শুরু হয়নি একটিরও কাজ। নেই কোনো অগ্রগতি। মাঝে তার সেই দুই সিনেমার নাম ও পরিচালক নিয়ে মিডিয়াপাড়ায় নানা গুঞ্জন শোনা যায়। যার কোনো সঠিক তথ্য প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নিশো, কেউই দিচ্ছেন না। 

    বলা যায়, গুঞ্জনের মধ্যেই চলছে নিশোর সিনেমা জীবন। এদিকে সম্প্রতি আবারও একটি খবর চাউর হয়েছে, নিশোর দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘দাগী’। ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই যৌথভাবে সিনেমাটি বানাবেন। পরিচালনা করবেন শিহাব শাহীন। 

    আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে বলেও নানা মাধ্যমে শোনা যাচ্ছে। কিন্তু এবারও আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া গেল না। প্রযোজনা প্রতিষ্ঠান ও আফরান নিশো, কেউ এ বিষয়ে কিছু বলতে চাইছেন না। কিছুদিন আগে ‘অসিয়ত’ নামে আরও একটি সিনেমার খবর শোনা গিয়েছিল। যেখানে তমা মির্জাকে নিশোর বিপরীতে দেখা যাবে বলে জানা গেছে। নির্মাণ করবেন রায়হান রাফি। কিন্তু সেটিও খবরের মধ্যে সীমাবদ্ধ। সংশ্লিষ্টরা কোনো বক্তব্য দেননি। স্বভাবতই নিশোর সিনেমা ক্যারিয়ার নিয়ে এখন আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। 

    কেউ কেউ বলছেন, তার সিনেমা ক্যারিয়ার খবরের মধ্যেই আটকে আছে। এদিকে নিশো ভক্তরাও দীর্ঘদিন ধরেই এ অভিনেতার নতুন সিনেমার জন্য অপেক্ষায় আছেন। কিন্তু পাচ্ছেন না সুস্পষ্ট কোনো খবর। ফলে বিভ্রান্তিতে পড়ছেন ভক্তরা। প্রযোজনা প্রতিষ্ঠান তাদের স্বার্থ সিদ্ধির জন্য সিনেমা নির্মাণ করার আগেই অভিনেতার নাম ব্যবহার করে হাইপ তোলার চেষ্টা করছেন বলেও দাবি করছে একটি মহল।

    বিনোদন ডেস্ক

  • ‘দাগী’ দিয়ে দ্বিতীয়বারের মতো সিনেমায় ফিরছেন আফরান নিশো

    বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে দর্শকনন্দিত অভিনেতাদের মধ্যে অন্যতম আফরান নিশো। অনবদ্য অভিনয় দিয়ে সহজেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। গত বছরের জুনে রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে। এরপর আর নতুন সিনেমার খবরে পাওয়া যায়নি তাকে। সিনেমার জন্য কমিয়ে দেন নাটকের কাজ।

    দীর্ঘ বিরতি পেরিয়ে আফরান নিশো আবারও ফিরছেন বড় পর্দায়। এই অভিনেতার দ্বিতীয় সিনেমার নাম ‘দাগী’। কয়েকদিন আগে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে।

    এর মধ্যে গুঞ্জন ওঠে, এই ছবির জন্যে নাকি নাটক-ওয়েব সিরিজের কাজ ছেড়েছেন অভিনেতা! দর্শকরা তাহলে ধরে নিতেই পারেন, যে এই ছবি দিয়ে বড় কোনো চমক দিতে চলেছেন নিশো।

    জানা গেছে, গত ২১ অক্টোবর চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। নভেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা। জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। যদিও নির্মাতা সূত্র এর চেয়ে বেশি কিছু গণমাধ্যমে জানায়নি।

    তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি।

    শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। ‘দাগী’ তার দ্বিতীয় সিনেমা এবং আফরান নিশোরও দ্বিতীয় সিনেমা। ইতোমধ্যে শিহাব

    শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • নিশোর ফেরা নিয়ে ধুম্রজাল!

    গত বছর সিনেমায় অভিষেক হয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। ব্যবসাসফল তকমাও পেয়েছিল। বলা যায় নিশো ভক্তরা লুফে নিয়েছিল এটি। তবে প্রথম সিনেমার পর নতুন কোনো কাজ করতে দেখা যায়নি এ অভিনেতাকে।

    কিছুদিন আগে এক জোড়া সিনেমার ঘোষণা আসে নিশোর। জানানো হয়, দুটি সিনেমার চুক্তি সেরেছেন এই অভিনেতা। তবে ওই দুই সিনেমায় নাম ও পরিচালক কারা হবেন, তার কিছুই অফিশিয়ালি জানানো হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রের বরাতে পাওয়া খবর, ওই দুই সিনেমার একটির নাম ‘অসিয়ত’। যেটি পরিচালনা করার কথা রায়হান রাফির। সব প্রস্তুতি শেষ, শুধু অপেক্ষায় ছিল শুটিং ফ্লোরে যাওয়ার। পরিকল্পনা অনুযায়ী গেল সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরুর কথা ছিল, কিন্তু তা হয়নি। সিনেমাটির শুটিং আদৌ হবে কি না সেটা নিয়েও শুরু হয়েছে কৌতূহল।

    কারণ পরিচালক রায়হান রাফি এখন ওটিটি কনটেন্ট ‘ব্ল্যাক মানি’র শুটিং করছেন। এরপরই শুরু করবেন ‘লায়ন’ সিনেমার শুটিং, যা ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন রাফি।

    তাহলে অসিয়তের খবর কী? প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও এ বিষয়ে কিছুই জানানো হচ্ছে না। এ বিষয়ে নিশোর সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি। এদিকে শোনা যাচ্ছে, আসছে ঈদেই নিশোর দ্বিতীয় সিনেমা মুক্তি পাবে। এটি নির্মাণ করবেন নির্মাতা শিহাব শাহীন। তবে এটি নিয়েও মুখে কুলুপ এঁটেছেন নিশো ও নির্মাতা।

    বিনোদন ডেস্ক