‘সাইয়ারা’র সেই আহান-অনীত ফের রোমান্টিক সিনেমায় জুটি

Written by

in

ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল প্রেমের সিনেমা ‘সাইয়ারা’-র সেই ম্যাজিক আবারও বড় পর্দায় ফিরতে চলেছে। পরিচালক মোহিত সুরি, যশ রাজ ফিল্মস এবং জনপ্রিয় জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডা নতুন একটি রোমান্টিক চলচ্চিত্রের জন্য পুনরায় চুক্তিবদ্ধ হয়েছেন। 

জানা গেছে, ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্যে চলতি বছরের শেষভাগেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। 

বক্স অফিসে বিশ্বব্যাপী ৫৮০ কোটি রুপির (প্রায় ৬২ মিলিয়ন ডলার) ব্যবসা করে ‘সাইয়ারা’ সর্বকালের অন্যতম সফল রোমান্টিক সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। শুধু ব্যবসাই নয়, এই সিনেমার মিউজিক এবং সাউন্ডট্র্যাক দীর্ঘ সময় ধরে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর টপ চার্টে রাজত্ব করেছে। 

সেই একই সৃজনশীল দল নিয়ে এই নতুন প্রজেক্টের ঘোষণা ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। 

আসন্ন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক মোহিত সুরি বলেন, ‘সাইয়ারার টিমের সঙ্গে আবারও কাজ করা মানে অনেকটা ঘরে ফেরার মতো। তবে এবার আমি একজন নবাগতের মতো উত্তেজনা ও কিছুটা ভয় অনুভব করছি। আশা করি আমার মিউজিক আবারও মানুষের মনকে সেভাবেই স্পর্শ করবে যেমনটা আমি সবসময় চেয়েছি।’

আরও পড়ুন
আরও পড়ুন

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানীর ভাষায়, ‘মোহিতের সঙ্গে কাজ করা মানে কেবল একটি সিনেমা বানানো নয়, বরং একটি বিশেষ অনুভূতিকে তাড়া করা। এবারের লক্ষ্য আরও বেশি সৎ, সংবেদনশীল এবং দীর্ঘস্থায়ী কোনো গল্প দর্শকদের উপহার দেওয়া।’

আহান পান্ডে এবং অনীত পাড্ডার অনস্ক্রিন জুটিকে ভক্তরা ভালোবেসে ‘আহ্ণিত’ নামে ডাকেন। তাদের এই জনপ্রিয়তাকে পুঁজি করেই বড় বাজেটের এই নতুন প্রজেক্টটি সাজানো হচ্ছে। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি মোহিত সুরির ক্যারিয়ারের চিরচেনা ‘মিউজিক্যাল রোমান্স’ ঘরানারই হবে বলে ধারণা করা হচ্ছে। 

এর মধ্য দিয়ে ‘আশিকি ২’, ‘হামারি আধুরি কাহানি’ এবং ‘মালাং’-এর মতো আবেগঘন সিনেমার পরিচালক মোহিত সুরি যশ রাজ ফিল্মসের সঙ্গে তার দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। মিউজিক এবং ইমোশনকে উপজীব্য করে তিনি যেভাবে গল্প বলেন, তা এবারও দর্শকদের নতুন কিছু দেবে বলে মনে করছে ফিল্ম ইন্ডাস্ট্রি। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *