শিবপ্রসাদ-নন্দিতার নতুন সিনেমায় মিঠুন, যা বললেন অভিনেতা

Written by

in

সম্প্রতি হাতে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরতে না ফিরতেই সুখবর পেলেন এ ফাটাকেষ্টখ্যাত অভিনেতা। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। 

আগামী বছর উইন্ডোজের পঁচিশ বছরপূর্তিতে আসবে সেই নতুন সিনেমা। মঙ্গলবার (১১ আগস্ট) সব চূড়ান্ত হওয়ার পর সবার সঙ্গে সেই খবর শেয়ার করে নিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও টালিউডের প্রায় সব পরিচালকই এ অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখে থাকেন। চিত্রনাট্য যদি মনের মতো হয় তিনি বাংলা ছবি করতে সবসময় রাজি। বলিউডে নিজের জায়গা পোক্ত করেও তিনি বাংলাকে ভোলেননি। হিন্দি সিনেমার পাশাপাশি প্রতি বছরই বাংলায় এসে ছবি করেছেন মিঠুন চক্রবর্তী।

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই এ খবর জানান সামাজিক মাধ্যমে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে উচ্ছ্বসিত হয়ে নির্মাতা লিখেছেন—হ্যাঁ ফাইনালি আমরা একসঙ্গে কাজ করছি। আমি আর নন্দিতা দি, সঙ্গে মিঠুন চক্রবর্তী। 

তিনি বলেন, প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। আমার তেমনই একটি স্বপ্ন ছিল — কোনো একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করব। কারণ বড় হয়েছি তাকে পর্দায় দেখে। ‘অগ্নিপথ’, ‘ডিস্কো ড্যান্সার’, ‘দো আনজানে’, ‘ড্যান্স ড্যান্স’ — আরও কত ছবি! 

শিবপ্রসাদ বলেন, আবার বাংলা সিনেমায় তার অসামান্য সব কাজ আমাদের বারবার মনে করিয়ে দেয়— একজন অভিনেতার কোনো ভাষা হয় না, কোনো সীমানা হয় না। তার অভিনয়, তার ব্যক্তিত্ব, তার পর্দাজুড়ে থাকা— সব মিলিয়ে ছোটবেলা থেকেই তিনি আমার কাছে শুধু একজন তারকা নন, এক অদ্ভুত বিস্ময়। আমার কাছে উনিই রামকৃষ্ণ, উনিই মৃগয়া, উনিই ডিস্কো ড্যান্সার।

এর আগে এ কিংবদন্তি অভিনেতাকে নিজে চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই অভিজ্ঞতাও শেয়ার করে নিলেন তিনি। এ নির্মাতা বলেন, কিছু কিছু অপেক্ষা বোধহয় ঠিক গল্পটার জন্যই থেকে যায়। যেদিন ওর সঙ্গে দেখা করে গল্পটা শোনালাম, বুকের ভেতরটা কোথাও সেই ছোটবেলার আমিটা বোধহয় তখনো চুপ করে বসেছিল। গল্প বলা শেষ হতেই মিঠুনদা হাত মিলিয়ে বললেন— ফাটিয়ে দিয়েছিস! এ তো আমার জীবনের গল্প।

এর আগে আমেরিকায় থাকাকালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক। নিজের পরিচয় দিয়ে একটা ভয়েস নোট পাঠিয়েছিলেন তিনি, যা শুনেই সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছিলেন এ বর্ষীয়ান অভিনেতা। সেদিন মিঠুনদা কল ব্যাক করে বলেছিলেন—শিবু! নিজেকে শিবপ্রসাদ বলে এত বড় ফিরিস্তি দিচ্ছিস কেন? বসে আছি তো কাজ করব বলে!

আগেবতাড়িত হয়ে শিবপ্রসাদ বলেন, কয়েকটা শব্দ কখনো কখনো অনেক বছরের স্বপ্নকে ছুঁয়ে যায়। সেই মুহূর্তটা আমার কাছে ঠিক তেমনই। আর কয়েকটি দিনের অপেক্ষা। তারপর বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপান্তিরত হবে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *