বর্ষার অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে যা বললেন পরীমনি

Written by

in

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রী মনে করেন— সন্তানরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত তার। বর্ষা আরও বলেছেন, তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষে করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। 

অভিনেত্রী বর্ষার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন জগতে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নেননি। ঠিক তেমনি ভালোভাবে নেননি চিত্রনায়িকা পরীমনি। 

বর্ষার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী। গতকাল বুধবার (২৬ মার্চ) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বর্ষাকে রীতিমতো ধুয়ে দিলেন পরীমনি। যদিও স্ট্যাটাসে কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এ অভিনেত্রী। তবে বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে জবাব দিয়েছেন তিনি। 

সামাজিক মাধ্যমে স্ট্যাটাসের শুরুতেই পরীমনি লিখেছেন— জ্বি ছোট্ট আপা। একদম ঠিক। সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই। কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন, সেটা আজীবনই রয়ে যাবে। 

বর্ষাকে কটাক্ষ করে পরীমনি লিখেছেন— এই যে আপনি এত যুগ পর এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন, আপনার বাচ্চাদের কারও দশ বছর হয়ে যাবে কারও সাত বছর হয়ে যাবে। কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা! কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন। 

এখানেই থামলেন না পরীমনি। একের পর এক প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে, কোনো দিন আপনি একজন নায়িকা ছিলেন? কোনো একদিন নাচগান করেছেন? কোনো একদিন নাভি দেখেছিলেন পর্দায়? কোনো একদিন আপনার হাঁটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে? কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক্যামেরার অ্যাকশনে? যা দেখে শিস বাজিয়েছিল সিনেমা হলের রিকশাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদের। তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন।

বর্ষা সেই সংবাদ সম্মেলনে নিজের স্বামী অনন্ত জলিলের প্রশংসা করেছিলেন। যেখানে স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন— অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয়, তাহলে সেখানে ঘুরে কারো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছেই ফিরে আসবেন। অনন্তের স্ত্রীর সেই মন্তব্যেও আপত্তি জানিয়েছেন পরীমনি। চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, আপনি যে বলেছেন মেয়েদের বাজার! এএএএইইই….মেয়েদের বাজার কি? কি বোঝাতে চাইলেন কচি আপা? এটা আম, মুলা, আলু, কচু? তাহলে আপনি কি? আর বাজার হলে কি সমস্যা? যদি সেই বাজারের খরিদ্দার নাই বা ছিল কোনো দিন? তারা ছিল বলেই বাজার হয়েছে। মেয়েদের বাজাইরা কে বা কারা বানিয়েছে আপনার জানতে মন চায় নাই কখনো, কোনো দিন? 

তিনি বলেন, শোনেন, এ রকম একটা বয়সের পর আমি কেন, আমরা কেন, পৃথিবীর সব মেয়েই (প্রিন্সেস ডায়না হলেও) তার পার্টনারকে এ রকম বাজারে ছেড়ে দিতে পারে। কারণ ওই নারী জানেন, জীবনের কোন বয়সে তার জামাইকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়।

এবার বর্ষা তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষে করেই অভিনয়কে বিদায় জানানো প্রসঙ্গে পরীমনি বলেন, আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন! যদি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন।

পরীমনির এই স্ট্যাটাস নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ নায়িকার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করছেন। তবে পরী বরাবরই স্পষ্টভাষী— এই স্ট্যাটাসেও তার প্রমাণ মিলল।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *