
তরুণ সংগীতশিল্পী মিনার রহমান। গেল কিছুদিন ধরেই তার একটি চ্যাটের স্ক্রিনশট নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কানাঘুষা চলছিল। সেখানে দেখা যায়, এই সংগীতশিল্পী একজন নারীকে একের পর এক খুদে বার্তা পাঠাচ্ছেন, কিন্তু তার থেকে কোনো উত্তর আসছে না।
এরই মাঝে বৃহস্পতিবার (৫ মার্চ) ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে জীবনের প্রথম প্রেমের গল্প ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন মিনার রহমান। যদিও সেই প্রেমের শেষটা সুখকর ছিল না। তবে সেই প্রেমের গল্পই এখন তার জীবনে প্রতারণার স্মৃতি হয়ে আছে।
মিনার লিখেছেন, জীবনের এই ছোট কিন্তু সত্য গল্পটি কখনো প্রকাশ করবেন—এমনটা তিনি ভাবেননি। কিন্তু বহু বছর পর পবিত্র রমজান মাসের এক নির্জন মধ্যরাতে হঠাৎ মনে হল, গল্পটি সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত।
স্কুলজীবন থেকেই মিনারের সংগীতজীবন শুরু হয়। এসএসসি পরীক্ষার পর প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম ‘ডানপিটে’ (২০০৮)। অ্যালবামের ‘সাদা’ গানটি সেসময়ে তুমুল জনপ্রিয় হয় এবং অল্প সময়েই মিনার পরিচিতি পান শ্রোতাদের মধ্যে। এর কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। নতুন বন্ধু, নতুন পরিবেশ—সব মিলিয়ে জীবনে রঙিন এক অধ্যায়ের সূচনা হয় তার।
এ সময় প্রথমবার প্রেমে পড়েন মিনার। তখন তার বয়স ২০ বছর। এই সংগীতশিল্পী জানান, শুরুতে সম্পর্কটি খুবই সুন্দর ছিল। তবে ধীরে ধীরে রহস্যময় ‘বড় মামা’ নামে একটি কলের কারণে তার সন্দেহ জাগে।
যতবার তারা শহরের বিভিন্ন জায়গায় দেখা করতেন, মেয়েটির ফোনে প্রায়ই সেই কল আসত। প্রথমে মিনার বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারেন, নম্বরটি ছিল প্রেমিকার সাবেক প্রেমিকের। এরপর তার প্রথম প্রেমের সমাপ্তি ঘটে।
মিনার লিখেছেন, ওই ঘটনার পর থেকে ‘বিশ্বাস’ শব্দটি তার কাছে অনেকটা মিথের মতো হয়ে গিয়েছিল। জীবনে তখন নতুন একটি শব্দের সঙ্গে পরিচয় হয়—‘চিট’ বা প্রতারণা। তবে তিনি জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষটিকে ক্ষমা করে দিয়েছেন। যদিও ঘটনাটি ভুলে যাননি তিনি। মিনার বলেন, ‘সে যেখানে থাকুক, ভালো থাকুক—এই কামনাই করি।’
পাশাপাশি যেন অন্য কেউ জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি না হয়- সেই প্রত্যাশার কথাও ব্যক্ত করেন এই সংগীতশিল্পী।
বিনোদন ডেস্ক
Leave a Reply