পুরুষরা কোনো কিছু উপহার দিলেই সেই জিনিসের মূল্য খুঁজে বের করতেন আনুশকা, কারণ কী?

Written by

in

পুরুষের ওপর আর্থিক নির্ভরশীলতায় কোনো দিন বিশ্বাসী নন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ক্রিকেটার বিরাটকে বিয়ের পর গোল্ড ডিগার কটাক্ষ শুনেছেন। তবে জানেন কি? বিরাটের সঙ্গে সাক্ষাতের অনেক আগে অভিনেত্রী জানিয়েছিলেন ডেটিংয়ের সময় সবসময় নিজের বিল নিজে মেটানো বা বিল শেয়ার করে দেওয়ায় বিশ্বাসী তিনি।

অভিনেত্রী আনুশকা শর্মা তার স্পষ্টবাদিতা ও স্বাধীনচেতা মানসিকতার জন্য সবসময়ই প্রশংসিত। বিরাট কোহলির সঙ্গে বিয়ে করে সুখে সংসার করার অনেক আগে, কর্মজীবনের শুরুর দিকে নিজের ডেটিং লাইফ এবং টাকা-পয়সা নিয়ে এক অদ্ভুত অথচ বাস্তবসম্মত দর্শনের কথা শেয়ার করেছিলেন তিনি।

এর আগে ২০১১ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে তার সিনেমা ‘লেডিস ভার্সেস রিকি বহল’-এর প্রমোশনের সময়কার একটি পুরোনো ভিডিও নতুন করে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে আনুশকা শর্মা স্বীকার করে নিয়েছেন যে, পুরুষের থেকে উপহার নিতে তিনি এতটাই অস্বস্তি বোধ করতেন যে, বাধ্য হয়ে একটি ‘নিচু মানসিতার কাজ’ করে বসতেন!

অভিনেত্রী বলেন, আমি চাই না কোনো ছেলে বলুক সে আমার পেছনে টাকা খরচ করেছে। ভাইরাল হওয়া সেই সাক্ষাৎকারে আনুশকা শর্মাকে বলতে শোনা যায়, তিনি সম্পর্কের ক্ষেত্রে সবসময় আর্থিক স্বাধীনতা বজায় রাখায় বিশ্বাসী। তিনি উপহার দেওয়ার এ পুরো বিষয়টিকে বেশ অদ্ভুত বলে মনে করেন। 

নিজের সেই ‘চিপ হরকত’-এর খোলসা করে আনুশকা শর্মা বলেন আমার এই গিফটের পুরো ফান্ডাটাই খুব বোকা বোকা লাগে। সত্যি বলতে— কোনো ছেলে যখনই আমাকে কোনো উপহার দিত, আমি ভীষণ অস্বস্তিতে পড়ে যেতাম। প্রথমত আমি গিফট নিতেই চাইতাম না। কিন্তু কোনো কারণে যদি নিতেই হতো, তবে আমি একটা ভারি সস্তা কাজ করতাম— আমি যেভাবেই হোক ওই উপহারটার আসল দাম খুঁজে বের করার চেষ্টা করতাম। তারপর ওই দামেরই বা তার চেয়েও বেশি দামের কোনো জিনিস সেই মানুষটিকে পাল্টা উপহার হিসেবে ফেরত দিতাম। 

আরও পড়ুন
আরও পড়ুন

এর পেছনের কারণ ব্যাখ্যা করে আনুশকা শর্মা আরও যোগ করেন, আমি জীবনে কখনোই চাই না যে কোনো ছেলে ঘুরে দাঁড়িয়ে বলুক সে আমার পেছনে টাকা খরচ করেছে। এই টাকার ব্যাপারটা আমার মনের মধ্যে খুব গভীরভাবে কাজ করে। ডেটে গেলে আমাকে সবসময় বিল স্প্লিট (সমান ভাগে ভাগ) করতেই হবে। আমি কখনোই কোনো ছেলেকে একতরফা বিল মেটাতে দিতে পারি না। হয় আমি পুরো বিল দেব, না হলে অর্ধেক দেব। এ বিষয়ে আমি একদম পরিষ্কার।

কেন এমন মনস্তত্ত্ব? চিকিৎসকদের ব্যাখ্যা আনুশকা শর্মার এ পুরোনো ভিডিওটি ভাইরাল হতেই মনস্তাত্ত্বিকরা এর গভীরতা নিয়ে আলোচনা শুরু করেছেন। তাদের মতে, অনেক স্বনির্ভর নারীই উপহার পাওয়ার পর এক ধরনের ‘ঋণগ্রস্ততা’ বা মানসিক দুর্বলতায় ভোগেন। কেউ যেন তাদের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে বা ভবিষ্যতে কেউ যাতে তাদের ‘গোল্ড ডিগার’ বা লোভী বলে অপবাদ দিতে না পারে, সেই আত্মরক্ষা থেকেই অনেকে অবিলম্বে সমমূল্যের ফিরতি উপহার দিয়ে সম্পর্কে সমতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। আনুশকা শর্মার ক্ষেত্রেও তার প্রবল আত্মসম্মানবোধ এবং স্বনির্ভর থাকার জেদ থেকেই এ আচরণের জন্ম হয়েছিল।

২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে আলাপ হয় আনুশকা শর্মার এবং ২০১৭ সালে তারা ইতালিতে বিয়ে করেন। আজ দুই সন্তানের মা হয়ে এবং সফলভাবে সংসার সামলানোর পরও আনুশকা শর্মার এই পুরোনো ‘ইন্ডিপেন্ডেন্ট’ চিন্তাভাবনা নেটপাড়ার বহু তরুণীকে নতুন করে অনুপ্রাণিত করছে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *