দেবের বিশ্বাস অর্জন করতে পেরে খুশি ইধিকা

Written by

in

টালিউড অভিনেতা দেবের ‘খাদান’ ছবির ঝড় এখনো থামেনি। এখনো রমরমিয়ে চলছে ছবিটি। এর মধ্যেই ফের দেবের পরবর্তী ছবিতে জায়গা করে নিলেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। ‘রঘু ডাকাত’ ছবিতেও বিশেষ চরিত্রে অভিনয়ে ডাক পেলেন তিনি। তবে এখনই চরিত্র নিয়ে বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী।

বিনোদন জগতে ছোটপর্দা থেকে সফর শুরু ইধিকা পালের। সেখান থেকে দেবের নায়িকা। বর্তমানে অনুরাগীরা ‘কিশোরী’ নামেই তাকে বেশি চেনেন। আর এর মধ্যেই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এ সুযোগ পেলেন ইধিকা। কীভাবে এলো এ সুযোগ, সে কথাই জানালেন অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে।

 ইধিকা পাল বলেন, আমিও সদ্যই জানতে পেরেছি। কোনো ধারণা ছিল না। তবে আমার মনে হয়, এ সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও না বলত না। দুবার ভেবেও দেখত না। হঠাৎই এ প্রস্তাব আসে। তিনি বলেন, আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। যদিও চরিত্র নিয়ে এখনো কোনো কিছু বলা নিষেধ। তবে এটুকু বলতে পারি— এ ছবিও দর্শকদের ভালো লাগবে। তবে ছবির শুটিং কবে থেকে শুরু, তা নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি বলে জানান ইধিকা।

নতুন ছবিতে সুযোগ পেয়ে উত্তেজিত অভিনেত্রী বলেন, আমি খুব খুশি। খুবই উত্তেজিত হয়ে পড়েছি। এটিও দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে, তাই খুশি তো বটেই। দায়িত্ব তো রয়েছেই। আর একটা সুযোগ যখন পেয়েছি, সেটিও খুব ভালো করে কাজে লাগাতে চাই।

‘খাদান’ ছবির সাফল্য নিয়েও উচ্ছ্বসিত ইধিকা পাল। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, এর আগে বাংলাদেশে আমার নাম ‘প্রিয়তমা’ হয়ে গিয়েছিল। এখন আমার নামটা বদলে গেছে। এখন যেখানেই যাই, সবাই ‘কিশোরী’ বলে ডাকেন। ভালো লাগছে নতুন নাম পেয়ে।

 ‘রঘু ডাকাত’ ছবিতে ইধিকা ছাড়াও রয়েছেন টালিউডের আরেক অভিনেত্রী সোহিনী সরকার। তার সঙ্গেও ছবি শেয়ার করে নিয়েছিলেন দেব। ইধিকার কথায়, সোহিনীদির সঙ্গে এই প্রথম কাজ। এর আগে সেভাবে কোথাও দেখা হয়নি। তবে সোহিনীদি খুব ভালো। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ ওর। আশা করছি, একসঙ্গে কাজ করে আমরা মনে রাখার মতো বহু মুহূর্তের সাক্ষী থাকব।

উল্লেখ্য, ২০২১ সালে প্রথম ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা হয়েছিল। বড় বাজেটের ছবি বলেই নাকি এর কাজ শুরু হতে সময় লাগছিল। পরে ‘খাদান’-এর সাফল্যের পর ফের চর্চায় উঠে এসেছে দেবের ‘রঘু ডাকাত’। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *