চতুর্থবারের মতো অযোধ্যায় সম্পত্তি কিনলেন অমিতাভ বচ্চন, কারণ কী?

Written by

in

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন অযোধ্যায় চতুর্থবারের মতো সম্পত্তি কিনলেন। সর্বশেষ তিনি নগরীর একটি অভিজাত এলাকায় ২৫ হাজার বর্গফুট জমি কিনেছেন, যার বাজার মূল্য ভারতীয় টাকায় ৪০ কোটি। 

হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, নতুন জমিটি ‘সারায়ু’ নামে একটি প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পের কাছাকাছি অবস্থিত, যেখানে এর আগেও বিনিয়োগ করেছিলেন বিগ বি। এই নিয়ে গত এক বছরে অযোধ্যায় তার এটি চতুর্থ রিয়েল এস্টেট বিনিয়োগ।

এর আগে তিনি রাম মন্দির উদ্বোধনের আগেই ৫,৩৭২ বর্গফুট একটি প্লট ৪.৫৪ কোটি টাকায় কেনেন। এছাড়া ‘সারায়ু’ প্রকল্পেই ১৪.৫ কোটি টাকায় ৫৪ হাজার বর্গফুট জমি কেনেন, যা তার বাবা হরিবংশ রাই বচ্চনের নামে নিবন্ধিত ট্রাস্টের অধীনে রাখা হয়েছে। সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি তিনি বলিউড প্রযোজক আনন্দ পণ্ডিতের মালিকানাধীন একটি রিয়েল এস্টেট কোম্পানিতেও ২০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে যৌথভাবে গত বছর ২৫ কোটি টাকায় ১০টি অ্যাপার্টমেন্ট কেনেন মুম্বাইয়ে।

অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ সম্পর্কে সর্বশেষ তথ্য পাওয়া যায় জয়া বচ্চনের নির্বাচনী হলফনামা থেকে, যেখানে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয় ১,৫৭৮ কোটি টাকা।

সম্প্রতি তিনি মুম্বাইয়ের অন্ধেরিতে ২০২১ সালে ৩১ কোটি টাকায় কেনা একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ৮৩ কোটি টাকায় বিক্রি করেছেন।

অমিতাভ বচ্চনের উত্তরপ্রদেশে ধারাবাহিক বিনিয়োগ সম্পর্কে ধারণা করা হচ্ছে, অযোধ্যাকে ঘিরে দেশের আবেগ ও আগামীর সম্ভাবনাকে মাথায় রেখেই এই পরিকল্পনা নিয়েছেন তিনি।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *