এবার দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

Written by

in

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে।

দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও জমজমাট ব্যবসা করছে এটি। মুক্তির মাত্র চার দিনেই ছবিটি ১ কোটির বেশি টাকার টিকিট বিক্রির পর এবার আট দিনে ২ কোটির ক্লাবে প্রবেশ করল তারকাবহুল এই সিনেমাটি।

বিষয়টি ছবির পরিচালক নিজেই নিশ্চিত করেছেন।  জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’-এর গ্রস কালেকশন ২ কোটি ২৬ লাখ টাকা।

এ প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়। প্রত্যেক দর্শক, যারাই আসছেন তারা তাদের বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন। সবাই দল বেঁধে দেখতে আসছেন। এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের। দর্শকরা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন।’

আরও পড়ুন
আরও পড়ুন

তবে অনেক দর্শক সিনেমাটির টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ আছে। টিকিট না পেয়ে তাই অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন তারা। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এ রকম অনেক অভিযোগই পাচ্ছি যে দর্শক টিকিট পাচ্ছে না। দেখুন, আমি একজন পরিচালক মাত্র, কোনো সিনেমা হলের মালিক নই। এখন টিকিট কিংবা শো বাড়ানো-কমানোর বিষয়টি একান্তই তাদের ব্যাপার। এখন তারা যদি কম শো দেয় তাহলে এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই।’

জানা গেছে, দ্বিতীয় সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২১টি, লায়ন সিনেমাসে ৩টি ও ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

উল্লেখ্য, এই ছবিটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক ফুটে উঠেছে।

এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, লাবণ্য চৌধুরী, শামীমা নাজনীন প্রমুখ।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *