আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: পার্বতী

Written by

in

ভারতীয় সিনেমার অভিনেত্রী পার্বতী থিরুভোথু জানিয়েছেন, শিল্পে ন্যায়বিচারের পক্ষে কথা বলার পর তাকে ভয়াবহ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে। বড় বড় সিনেমা হারানোর পাশাপাশি তিনি মৃত্যুর হুমকি ও ধর্ষণের হুমকিও পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে পার্বতী তার ক্যারিয়ারের পরিবর্তিত যাত্রা নিয়ে কথা বলেন, যা ২০১৭ সালের কেরালা অভিনেত্রী অপহরণ ও নির্যাতন মামলার পর বড় মোড় নেয়। তিনি জানান, সমাজে পরিবর্তন আনতে হলে ন্যায্যতার লড়াইকে বহুমাত্রিকভাবে দেখতে হবে।

স্পষ্টভাষী অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে অনলাইনে তীব্র সমালোচনা ও বিদ্বেষের মুখোমুখি হয়েছেন পার্বতী।  তবে তিনি জানিয়েছেন, এসব হুমকি ও আক্রমণ তাকে থামাতে পারেনি।  বিশেষ করে নারী ও প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কথা বলার কারণে কয়েকটি বড় চলচ্চিত্র থেকে দূরে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আমি এখানে বসে আছি অনেক সহযোদ্ধার কারণে, যারা অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকেনি। আমি বড় কিছু করছি না, শুধু একজন দায়িত্বশীল মানুষের ন্যূনতম কাজ করছি।

পার্বতী বলেন, এ পথ সহজ ছিল না। অনেক সময় এমন শক্তি একত্র হয়েছে যারা আমাকে সরিয়ে দিতে চেয়েছে, কারণ আমি শক্তভাবে কথা বলি। এটি আমাকে ভীতও করেছে।

তবে তিনি জানান, পরিবার ও বন্ধুরাই তার সবচেয়ে বড় শক্তি। তার বাবা-মা অত্যন্ত সহানুভূতিশীল, ভাই তার সবচেয়ে ভালো বন্ধুর মতো, আর বন্ধুরা সবসময় পাশে থেকেছে। বেঙ্গালোর ডেজ, চার্লি, কাডাক সিং, টেক অফ, উয়ারে, কারিব কারিব সিঙ্গেল, ইন্নু নিনতে মোইদিন এর মতো ছবিতে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।  

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *