Blog

  • দুই দিনেই আয় ১০০ কোটি

    তিন মাসেরও কম সময়ের ব্যবধানে এবার মুক্তি পেল সুরিয়ার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। এটিও পাচ্ছে বিপুল সাড়া। মাত্র দুই দিনেই সিনেমাটির আয় ছাড়িয়েছে ১০০ কোটি রুপি। ফলে পরপর দুটি সেঞ্চুরি হাঁকালেন সুরিয়া।

    কিছুদিন আগেই তার ‘কারুপ্পু’ বক্স অফিসে ঝড় তুলেছিল। বিশ্বব্যাপী প্রায় সাড়ে তিনশ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। হয়ে ওঠে সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা।

    ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ আগস্ট মুক্তি পেয়েছে ভেঙ্কি আতলুরির সিনেমাটি। প্রযোজকরা জানান, দুই দিনেই এর বৈশ্বিক আয় ১০০ কোটি ছাড়িয়েছে। ফলে এটি সুরিয়ার ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরি।

    সিনেমাটির গল্প এক শিল্পপতি ও অলিম্পিক মেডেলজয়ী ব্যক্তি সঞ্জয় বিশ্বনাথকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে একটি সন্তানের বাবা হয় সে। কিন্তু কিছুদিন পর সন্তান অসুস্থ হয়ে পড়লে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করে।

    শুরুতে অর্থের বিনিময়ে স্বাভাবিক লেনদেন থাকলেও সন্তানের সূত্র ধরে সঞ্জয় বিশ্বনাথ ও সেই নারীর মধ্যে গড়ে ওঠে প্রেম। অথচ সঞ্জয়ের চেয়ে ২০ বছরের ছোট সেই সারোগেট মা, ম্যাডি।

    সমাজের বিভিন্ন ট্যাবু ভাঙার বিষয় তুলে ধরার জন্য সিনেমাটি প্রশংসিত হচ্ছে। এই সিনেমায় সুরিয়ার সঙ্গে আছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি, নাসার প্রমুখ। এটি নির্মাণে ১৩০ কোটি রুপির মতো ব্যয় হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘রকস্টার’ থেকে ‘ডাক্তার কাকু’, নতুন রূপে প্রসেনজিৎ

    ‘অভিমান’ ছবিতে রকস্টারের চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেতা। ‘ডাক্তার কাকু’ ছবিতে এবার তাকে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে।

    গত জুলাইয়ে সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে প্রসেনজিৎ জানিয়েছিলেন, শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। 

    তবে নির্দিষ্ট সেই তারিখে আর মুক্তি পাচ্ছে না ‘ডাক্তার কাকু’।  নুতুন ঘোষণা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ পরিবর্তনের খবর জানিয়েছেন প্রসেনজিৎ নিজেই।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টারে চিকিৎসকের বেশে একেবারে ভিন্ন লুকে দেখা দিয়েছেন কলকাতার এই তারকা। পোস্টারে দেখা যাচ্ছে, দাঁড়িপাল্লার এক পাশে কোটি কোটি টাকা, অন্য পাশে মুমূর্ষ রোগী।  এর সঙ্গে আকাশে উড়ছে কাগজের তৈরি প্লেন।

    পোস্টার প্রকাশ করে ফেসবুক পোস্টে প্রসেনজিৎ লিখেছেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছাক (৪ থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে! তবে হঠাৎ করে তিনি কেন সিনেমাটির মুক্তির তারিখ পেছালেন সেটি এখনও স্পষ্ট নয়।

    সিনেমাটিতে প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন ঋদ্ধিসেন, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দোপাধ্যায়, সুচন্দ্রাসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ‘ডাক্তার কাকু’র পরিচালক পাভেল নিজেই।

    যুগান্তর ডেস্ক

  • সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

    ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। ১৫ আগস্ট অভিনয়জীবনের এই মাইলফলক উদযাপন করলেন তিনি। এ সময় তার নতুন সিনেমা ‘ধরমন’-এর সেটে পরিচালক অশ্বথ মারিমুথু এবং ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে কেক কেটে রজনীকান্তের বর্ণাঢ্য চলচ্চিত্রযাত্রার ৫১ বছর উদযাপন করা হয়।

    যেভাবে শুরু রজনীকান্তের যাত্রা

    কমল হাসান অভিনীত ‘অপূর্ব রাগাঙ্গাল’ সিনেমার মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট অভিনয়ে অভিষেক ঘটে রজনীকান্তের। শুরুতে পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রধান অভিনেতা হিসেবে।

    পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন। ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিত রজনীকান্ত তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করেছেন।

    বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়ের পাশাপাশি তার নিজস্ব স্টাইল, সংলাপ বলার ধরন এবং পর্দায় উপস্থিতি তামিল সিনেমার গণ্ডি পেরিয়ে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ প্রভাব ফেলেছে।

    ধরমন’ নিয়ে যত আয়োজন

    বর্তমানে ‘ধরমন’ সিনেমার শুটিং করছেন রজনীকান্ত। এটি তার অভিনীত ১৭৩তম সিনেমা। অশ্বথ মারিমুথুর পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন কমল হাসান ও আর মহেন্দ্রন। রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল ও টারমেরিক মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

    রজনীকান্তের সঙ্গে এতে অভিনয় করছেন সিমরান বাগ্গা, রাশি খান্না ও যোগী বাবু। পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করছেন অশ্বথ মারিমুথু। এর আগে ‘পেট্টা’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন সিমরান। নতুন সিনেমাটির মাধ্যমে তারা আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন।

    সিনেমাটির সংগীত ও আবহসংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন নিখেত বোম্মিরেড্ডি এবং সম্পাদনা করছেন প্রদীপ ই রাঘব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন অনবাড়িভ জুটি। সম্প্রতি সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিংও শুরু হয়েছে।

    এরপর ‘জেলার ২’

    ‘ধরমন’-এর কাজ শেষ করার পর রজনীকান্তকে দেখা যাবে ‘জেলার ২’ সিনেমায়। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্যাহ ও সুরজ ভেঞ্জারামুডুর অভিনয়ের কথা রয়েছে।

    প্রথম ‘জেলার’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করা মোহনলাল ও শিব রাজকুমারও দ্বিতীয় কিস্তিতে একইভাবে ফিরতে পারেন। এ ছাড়া হৃতিক রোশনকে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

    নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ঝড়

    বলিউড অভিনেতা ইমরান হাশমির জনপ্রিয়তা, পুরোনো দিনের নস্টালজিয়ায় ‘আওয়ারাপন ২’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মাত্র তিন দিনেই সিনেমাটি ভারতে ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট এবং ৯৮ কোটি ১০ লাখ রুপি গ্রস আয় করেছে।

    তৃতীয় দিনে আয় কত?

    ভারতের স্বাধীনতা দিবসের তুলনায় রোববার (১৬ আগস্ট) সিনেমাটির আয় কিছুটা কমেছে। এদিন ৯ হাজার ৪০৩টি প্রদর্শনী থেকে আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারে রোববার সিনেমাটির আয় হয়েছে প্রায় ৪ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি গ্রস।

    স্বাধীনতা দিবসের বক্স অফিস লড়াইয়েও স্পষ্টভাবে এগিয়ে ছিল ‘আওয়ারাপন ২’। ওই দিন সিনেমাটি ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করে। একই দিনে ‘তামিল বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ২৬ কোটি, ‘বাটওয়ারা ১৯৪৭’ ১৬ কোটি ২০ লাখ, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ১২ কোটি আয় করে।

    ইমরানের পুরোনো রেকর্ড ভাঙল

    মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ মূল ‘আওয়ারাপন’-এর পুরো আয়কে ছাড়িয়ে যায়। ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি ভারতে মোট ৭ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছিল।

    শনিবারের মধ্যেই ইমরান হাশমির বেশ কয়েকটি সফল সিনেমার চূড়ান্ত আয়ও ছাড়িয়ে যায় ‘আওয়ারাপন ২’। এর মধ্যে রয়েছে ‘হক’ (২০ কোটি), ‘রাজ ২’ (২৫ কোটি ৫০ লাখ), ‘এক থি ডায়ান’ (২৬ কোটি) এবং ‘জান্নাত’ (৩০ কোটি)। ফলে এটি ইমরান হাশমির একক নায়ক হিসেবে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হওয়ার পথে রয়েছে।

    কী আছে ‘আওয়ারাপন ২’-এ?

    ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ প্রথমদিকে বক্স অফিসে বড় সাফল্য পায়নি। তবে সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। সিনেমাটির গান, আবেগঘন গল্প এবং ইমরান হাশমির অভিনয় এটিকে কাল্ট সিনেমার মর্যাদা এনে দেয়।

    নিতিন কক্করের পরিচালনায় ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশেষ ভাট। বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

    সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ইমরানের ভক্তরা সিনেমাটিতে তার অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতির প্রশংসা করছেন।

    আসছে কি ‘আওয়ারাপন ৩’?

    ‘আওয়ারাপন ২’-এর বিশেষ প্রদর্শনীতে মুম্বাইয়ে দর্শকদের সঙ্গে কথা বলার সময় ইমরান হাশমি ‘আওয়ারাপন ৩’ নিয়ে ইঙ্গিত দিয়েছেন। সিক্যুয়েলে শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন তিনি। সহ-অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে ওই প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকদের প্রতিক্রিয়াও শোনেন।

    ইমরান বলেন, এই সিনেমা নির্মাতাদের চেয়ে ভক্তদের বেশি। তাই আমরা আবার ফিরে এসেছি।

    এক দর্শক ‘আওয়ারাপন ২’ সুপারহিট হবে বলে মন্তব্য করলে ইমরান বলেন, সিনেমা এখনো শেষ হয়নি, দ্বিতীয়ার্ধ আরও ভালো।

    এরপরই ‘আওয়ারাপন ৩’ নিয়ে সম্ভাবনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আশা করি, খুব শিগগিরই আসছে ‘আওয়ারাপন ৩’। 

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • কাপড় খুলে ব্লেড হাতে অভিনেত্রীর হামলা, অতঃপর…

    মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনায় ৩১ বছর বয়সি এই অভিনেত্রীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

    রোববার (১২ আগস্ট) অরাবল্লী এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরায় ওঠার পর আরপিএফ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অন্তরা। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পোশাক খুলে ব্লেড হাতে নিয়ে হামলা চালানোর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

    জানা গেছে, একটি শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তার কাছে ছিল স্লিপার শ্রেণির টিকিট। অভিযোগ, ওই টিকিট থাকা সত্ত্বেও তিনি অরাবল্লী এক্সপ্রেসের সংরক্ষিত এসি কোচে উঠে পড়েন।

    ঘটনাটি রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিভলি ও দহানুর মধ্যবর্তী এলাকায় ঘটে। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তিনি আসন ছাড়তে অস্বীকার করলে ওই যাত্রী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আরপিএফকে জানান।

    আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন অন্তরা। একপর্যায়ে তার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।

    পুলিশের দাবি, একপর্যায়ে অভিনেত্রী নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে শুরু করেন। ওই ব্লেড দিয়ে এক কর্মকর্তাকে আঘাতও করেন বলে অভিযোগ। এ ঘটনায় অন্তরাও আহত হন। যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, অন্তরা তার পোশাক ও মোবাইলও ক্ষতিগ্রস্ত করেন।

    পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। তখন কামরা থেকে বের হওয়ার জন্য জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন অন্তরা। পরে দহানু স্টেশনে তাকে ট্রেন থেকে নামিয়ে সরকারি রেল পুলিশকে (জিআরপি) হস্তান্তর করা হয়।

    ঘটনাটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বলে জানা গেছে। এতে ট্রেনের অন্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    বোরিভলি রেল পুলিশ অন্তরাকে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এসি কামরার টিকিট না পাওয়ায় অভিনেত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    পুলিশের পক্ষ থেকে অন্তরাকে পরিবারের সদস্য বা আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি বলে দাবি করা হয়েছে। বরং তাকে গ্রেফতারের দাবি জানান অভিনেত্রী।

    এক পুলিশ কর্মকর্তা বলেন, এফআইআর দায়ের হওয়ার পর অন্তরা কিছুটা শান্ত হন। তার বিরুদ্ধে জননিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মীকে গুরুতরভাবে আহত করা, হামলা ও ইচ্ছাকৃতভাবে অপমান করার মতো অভিযোগে মামলা করা হয়েছে। পরে তাকে নোটিশ দিয়ে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে ঘটনার তদন্ত চলছে।

    বিনোদন ডেস্ক

  • এক-দুটি গানের ক্ষেত্রে আমি নীতিতে অটল থাকতে পারিনি: কুমার শানু

    বলিউডে নব্বইয়ের দশকে কাজ করার সময় বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। ওই দশকের অন্যতম জনপ্রিয় রোমান্টিক গানের কণ্ঠশিল্পী তিনি। তবে ক্যারিয়ারের শুরু থেকেই অশ্লীলতা বা অশোভনীয়তার সীমা অতিক্রম করে—এমন গান এড়িয়ে চলার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন এই শিল্পী। যদিও শিল্পজগতের চাপের কারণে এক-দুবার সেই নীতিতে ছাড় দিতে হয়েছিল বলেও স্বীকার করেছেন তিনি।

    ‘জুম’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নব্বইয়ের দশকের সংগীত নিয়ে স্মৃতিচারণ করেন কুমার শানু। তার মতে, ওই সময়ের অনেক গান এখনো শ্রোতাদের মনে জায়গা করে আছে। তবে একই সময়ে এমন কিছু গানও তৈরি হয়েছিল, যেগুলো সময়ের সঙ্গে তাদের আবেদন হারিয়েছে। নিজের গানকে সেই ধরনের বিষয়বস্তু থেকে দূরে রাখার চেষ্টা করতেন তিনি।

    কুমার শানু বলেন, আমার একটি নীতি ছিল—আমার গানে অশ্লীলতা আনব না। কিন্তু এক-দুটি ক্ষেত্রে আমি সেই নীতিতে অটল থাকতে পারিনি। কারণ তখন এমন চাপ ছিল যে মনে হয়েছিল, গানগুলো গাইতেই হবে, না হলে হয়তো কাজ চলবে না।

    বলিউডের তথাকথিত ‘মুভি মাফিয়া’র চাপের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, কিছু গান গাইতে অস্বীকৃতি জানানোয় পেশাগতভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তবে নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

    তিনি বলেন, তার কণ্ঠে গাওয়া এক-দুটি গান ওই বিতর্কিত শ্রেণিতে পড়ে। উদাহরণ হিসেবে তিনি ‘রাজ গয়া তবলা তবেলে মে…’ গানটির কথা উল্লেখ করেন। তবে এ ধরনের গান খুবই কম এবং তিনি বরাবরই সরাসরি অশ্লীল গান এড়িয়ে চলেছেন। এখনো সেই নীতি অনুসরণ করেন বলেও জানান তিনি।

    কুমার শানু নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক হয়ে ওঠেন। এ সময় বহু জনপ্রিয় সিনেমায় গান গেয়েছেন তিনি এবং কাজ করেছেন শীর্ষস্থানীয় সংগীত পরিচালক ও অভিনেতাদের সঙ্গে।

    তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়’, ‘তুম মিলে দিল খিলে’, ‘আব তেরে বিন’, ‘দো দিল মিল রহে হ্যায়’ এবং ‘আঁখ হ্যায় ভারি ভারি’। এসব গান নব্বইয়ের দশকের সংগীতপ্রেমীদের কাছে এখনো ব্যাপক জনপ্রিয়।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • বচ্চন পরিবারের সুনাম নিয়ে হাইকোর্টের প্রশ্ন

    অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশের অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ কিছু আইনি প্রশ্ন তুলেছেন দিল্লি হাইকোর্ট। 

    আদালত জানতে চেয়েছে, কোনো পরিবারের নামের সঙ্গে যুক্ত সুনাম কি প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকারসূত্রে বহমান থাকে এবং থাকলে তা কতদূর পর্যন্ত কার্যকর হয়?

    ২০২৩ সালে আরাধ্যা বচ্চন একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেন। তার অভিযোগ ছিল, তার স্বাস্থ্য নিয়ে সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ভিডিওতে তাকে গুরুতর অসুস্থ এবং হাসপাতালে ভর্তি বলে দাবি করা হয়। এমনকি একটি ভিডিওতে তার মৃত্যুরও মিথ্যা দাবি করা হয়েছিল। এসব ভিডিওর মাধ্যমে তার ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

    বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি অনুপ জে ভাম্ভানি বলেন, কোনো পণ্য বা সেবার সঙ্গে যুক্ত ট্রেডমার্কের মূল্য ও সুনাম যেমন থাকে, একজন ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, কোনো পারিবারিক নামের সঙ্গে যদি ট্রেডমার্কের মতো সুনাম যুক্ত থাকে, তাহলে সেই সুনাম প্রজন্মের কতদূর পর্যন্ত বহাল থাকে।

    আদালত আরও জানতে চান, পরিবারের কোনো সদস্যের অর্জন, খ্যাতি বা নির্দিষ্ট ক্ষেত্রে সাফল্যের কারণে যে পারিবারিক সুনাম তৈরি হয়, সেটি পরবর্তী প্রজন্মের সদস্যদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য কি না।

    আরাধ্যার পক্ষে আইনজীবী প্রবীণ আনন্দ যুক্তি দেন, বচ্চন পরিবারের সুনাম ক্ষুণ্ন করা বা তা ব্যবহার করে সুবিধা নেওয়ার যেকোনো প্রচেষ্টা বন্ধ করা প্রয়োজন। তিনি বলেন, পরিবারের ছবি ব্যবহার করে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে এবং এসব প্রতিবেদনের সঙ্গে বচ্চন নামটিও জড়িয়ে দেওয়া হচ্ছে।

    এর আগে ২০২৩ সালের ২০ এপ্রিল দিল্লি হাইকোর্ট একাধিক ইউটিউব চ্যানেলকে আরাধ্যার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। আদালত বলেছিলেন, একটি শিশুর স্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো অত্যন্ত গুরুতর বিষয় এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    আদালত আরও পর্যবেক্ষণ করেছিলেন, প্রতিটি শিশুর সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। শিশুর স্বাস্থ্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অসহনীয় বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি।

    মামলাটি আগামী সেপ্টেম্বরে ফের শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। আরাধ্যার পক্ষ থেকে তার বাবা অভিষেক বচ্চন আদালতে আবেদন করেন। মামলায় বচ্চন পরিবারের ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • ঘুমের মধ্যেই চিরঘুমে বলিউড অভিনেত্রী

    বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে। অভিনেত্রীর মৃত্যুর প্রায় এক মাস পর সম্প্রতি তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানানো হয়।

    পরিবারের বিবৃতি অনুযায়ী, গত ১৫ জুলাই ২০২৬ মধ্যরাতে ঘুমের মধ্যেই মারা যান অনন্যা। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, গত এক বছর ধরে অনন্যা শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন ধরনের অস্বস্তি ও কষ্টের মধ্যেও তিনি সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছিলেন।

    অভিনেত্রীর শেষকৃত্যের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তার পরিবার। তবে মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ সময়ে পরিবারের গোপনীয়তা ও মানসিক অবস্থার প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।

    অনন্যা রাজের মৃত্যুর পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সর্বশেষ পোস্টটিও আলোচনায় এসেছে। গত ১৭ মে ওই পোস্টটি করেছিলেন তিনি। একটি শুটিংয়ের ছবি প্রকাশ করে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী। ছবির সঙ্গে লিখেছিলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার জ্বলে ওঠার সময়।

    মৃত্যুর আগে দেওয়া এই আশাবাদী বার্তাই এখন ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    অনন্যার সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় লাখের বেশি অনুসারী ছিল। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ২০১৭ সালে ‘দ্যা ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।

    সিনেমার পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন অনন্যা। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো প্রতিষ্ঠিত মিউজিক লেবেলের বেশ কয়েকটি প্রকল্পে দেখা গেছে তাকে। আঞ্চলিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘থাগ্গেদে লে’ এবং ত্রিভাষিক সিনেমা ‘মাদ্রাসি গ্যাং’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।

    সূত্র: বলিউড শাদিজ

    বিনোদন ডেস্ক

  • উপনির্বাচন হলে মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম

    বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনটি শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

    রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার সম্ভাবনার খবর জানার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।  

    তিনি বলেন, ‘আমি আগে সাতক্ষীরা থেকে নির্বাচনের কথা বলেছিলাম। তখন জানতাম না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হতে পারে। আমার এলাকার মানুষও চান আমি উত্তরাঞ্চলের কোনো আসন থেকেই নির্বাচন করি। সেই চিন্তা থেকেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হিরো আলম জানান, তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিতে চান।

    তবে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ফলে হিরো আলমের প্রার্থিতাও সেই প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

    এদিকে সম্ভাব্য উপনির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও-১ আসনে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ বাড়ছে। এর মধ্যে হিরো আলমের প্রার্থী হওয়ার ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আল্লাহ যেন ঈমানের সঙ্গে জীবনযাপন ও নেক আমল করার সুযোগ দেন

    জীবনের আরও একটি বছর পার হওয়ার উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। 

    রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অতীতের ভুল-ত্রুটি ক্ষমা এবং ভবিষ্যৎ জীবন বরকতময় করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

    স্ট্যাটাসে লুবাবা লেখেন, আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।

    তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন আমার অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।

    লুবাবা আরও প্রার্থনা করেন, জীবনের অবশিষ্ট সময় যেন আল্লাহর সন্তুষ্টির পথে কাটাতে পারেন। একই সঙ্গে নিজের পরিবার ও সব মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন তিনি।

    নিজের জন্য সবার দোয়ার গুরুত্ব তুলে ধরে এই শিশুশিল্পী লেখেন, আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।

    স্ট্যাটাসের শেষাংশে তিনি আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধি ও জীবনে বরকতের প্রার্থনা করেন। এ সময় তিনি লেখেন, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।

    লুবাবার এই দোয়া ও শুভকামনার পোস্টে তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেন।

    বিনোদন ডেস্ক