Blog

  • শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

    অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান তিনি। এদিন সকাল ১১টা ২৫ মিনিটে আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

    এর আগে গত ১২ জুলাই তাকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। 

    এর আগে, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

    মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে এই অভিনেত্রী দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্ন ছিল না। 

    এ ঘটনায় দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। 

    সমনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

    বিনোদন ডেস্ক

  • নেট দুনিয়ায় দুরেফিশানকে ঘিরে সমালোচনার ঝড়

    পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি প্রচারিত ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ তার ইংরেজি সংলাপ বলার ধরন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে বিষয়টি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছে যায়। এ পরিস্থিতিতে সহশিল্পীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সানাম সাইদ।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সানাম সাইদ বলেন, কোনো শিল্পীর উচ্চারণ বা উপস্থাপনা নিয়ে এভাবে উপহাস করা অযৌক্তিক ও অস্বস্তিকর। বিভিন্ন প্ল্যাটফর্মে দুরেফিশানকে যেভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, তা নির্মমতা এবং অসংবেদনশীলতার পরিচয় বহন করে।

    ‘দার-ই-নিজাত’ নাটকে দুরেফিশান অভিনীত ‘জারিয়াব’ চরিত্রটি একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছে। চরিত্রের প্রয়োজনেই তাকে উর্দু ও ইংরেজির মিশ্রণে কথা বলতে দেখা যায়।

    তবে দর্শকদের একটি বড় অংশের মতে, বিতর্কের মূল কারণ অভিনেত্রীর উচ্চারণ নয়; বরং নাটকের চিত্রনাট্য ও সংলাপের দুর্বলতা। একজন দর্শক মন্তব্য করেন, একটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে শক্তিশালী সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রনাট্য দুর্বল হলে কোনো অভিনেতার পক্ষেই চরিত্রটিকে পূর্ণতা দেওয়া কঠিন।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আরেক দর্শকের ভাষ্য, চিত্রনাট্যের ত্রুটি তুলে ধরা ব্যক্তিগত আক্রমণ নয়; বরং এটি গঠনমূলক সমালোচনার অংশ হিসেবে দেখা উচিত।

    অভিনয়শিল্পীদের কাজের মূল্যায়ন ও সমালোচনা স্বাভাবিক হলেও, তা ব্যক্তিগত আক্রমণে রূপ নেওয়া কতটা গ্রহণযোগ্য—সানাম সাইদের এই প্রশ্ন এখন পাকিস্তানের বিনোদন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

    উল্লেখ্য, ‘ইশক মুর্শেদ’ নাটকে বিলাল আব্বাস খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন দুরেফিশান সেলিম। সম্প্রতি তাকে ‘কাফিল’ ধারাবাহিকে ‘জেব’ চরিত্রেও দেখা গেছে।

    বিনোদন ডেস্ক

  • টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, দাবি মল্লিকার

    একসময় বলিউডে একের পর এক আইটেম গানে পারফর্ম করে দর্শকদের নজর কাড়েন মল্লিকা শেরাওয়াত। তবে মূলধারার অভিনেত্রী হিসেবে খুব বেশি সাফল্য না পেলেও দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন তিনি। জনপ্রিয় রিয়েলিটি সিরিজ ‘দ্য ট্রেইটরস ২’-এ অংশ নিয়ে নতুন করে শিরোনামে এসেছেন এ অভিনেত্রী।

    সম্প্রতি সিরিজটির প্রচারণায় অংশ নিয়ে মল্লিকা এমন একটি দাবি করেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার দাবি, হলিউড তারকা টম ক্রুজ নাকি তার প্রতি আকৃষ্ট ছিলেন এবং তাকে ভিডিওও পাঠাতেন।

    ‘দ্য ট্রেইটরস ২’-এর সহ-প্রতিযোগী আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেন, তার কখনও কারও প্রতি ‘ক্রাশ’ তৈরি হয়েছিল কি না, নাকি সবাই তার প্রেমেই পড়েছে। জবাবে মল্লিকা হাস্যরসের সুরে বলেন, সবাই আমার প্রেমে পড়েছে। ইদানীং টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না। এখন ফোনটা সঙ্গে থাকলে তার পাঠানো ভিডিওগুলোও দেখাতে পারতাম।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে টম ক্রুজ কী ধরনের ভিডিও পাঠাতেন—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি মল্লিকা। বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, আমরা যখন বিভিন্ন পার্টিতে একসঙ্গে সময় কাটাতাম, তখন দেখা হতো। তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ।

    মল্লিকার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, হলিউডে উল্লেখযোগ্য কোনো সফল সিনেমা না থাকা একজন অভিনেত্রীর প্রতি টম ক্রুজের আকৃষ্ট হওয়ার দাবি সহজে বিশ্বাস করা কঠিন।

    উল্লেখ্য, ‘দ্য ট্রেইটরস ২’-এর প্রচারণা কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। সিরিজটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হবে।

    বিনোদন ডেস্ক

  • জোভান ও তানজিন তিশার ‘প্রতিশোধ’

    বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিন তিশা। তারা একসঙ্গে কাজ করেছেন— ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’সহ আরও অনেক নাটকে। তাদের জুটি হয়ে একসঙ্গে কাজ  ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়েছে। দীর্ঘ বিরতির পর আবার নতুন নাটক ‘প্রতিশোধ’ -এ জুটি হয়ে কাজে  ফিরলেন এ তারকা জুটি।

    জোভান ও তানজিন তিশা একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তারা নিজেরাই একসময় একসঙ্গে অভিনয় থেকে দূরে সরে যান। এ প্রসঙ্গে অভিনেতা জোভান বলেন, ‘অনেক দিন পর আমাদের কাজ। এর শুটিং করেছিলাম ঈদের আগে।’

    ‘প্রতিশোধ’ নাটকের গল্পে ভিন্নতা রয়েছে। এ নাটকে দেখা যাবে, বিদেশে পড়াশোনা শেষে এক বছর চাকরি করে দেশে আসে এক তরুণ। দেশে এসে একটি প্রতিষ্ঠানে সিইও পদে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের আগেই নানা রকম অভিজ্ঞতা চাওয়া হয়। তেমন কিছু প্রসঙ্গ এতে রয়েছে। তার পরের গল্প ক্যারিয়ার নিয়ে ভিন্ন এক প্রতিশোধের কাহিনি। এর মধ্য দিয়ে দেওয়া হয়েছে সচেতনতার বার্তা। 

    নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। আরও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায়, বড়দা মিঠু। এটি লিখেছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন। 

    ‘প্রতিশোধ’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটির প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়াচ্ছেন। এ নিয়ে রুদ্র নামে এক দর্শক লিখেছেন— ‘অনেক আগে থেকে তিভানদের সব নাটক দেখি। পুরোনো জুটির মধ্যে তাদের দুর্দান্ত লাগে। এ জুটির রসায়নে আলাদা একটা আকর্ষণ আছে, এক ধরনের মায়া আছে। দুজনেই একসঙ্গে অসাধারণ কিছু হয়ে যায়। আচ্ছা, কেন এই জুটির কাজ কম আসে, নিয়মিত কাজ আসে না? এ জুটির বেশি বেশি কাজ আসা উচিত।’

    তোফাজ্জল হোসেন নামে এক দর্শক লিখেছেন— ‘অনেক দিন পর জোভান–তানজিন তিশা জুটির নতুন নাটক দেখলাম। এ জুটির অন স্ক্রিন কেমিস্ট্রিতে মুগ্ধ। গল্প যেমনই হোক না কেন, দুজনের ন্যাচারাল অভিনয়, বোঝাপড়া দারুণ হয় বলেই জুটির রসায়ন এত ভালো জমে ওঠে। এ কারণে তাদের নাটক মিস করি। তাদের আবার নিয়মিত হওয়া উচিত।’

    বিনোদন ডেস্ক

  • আকাশছোঁয়া পারিশ্রমিক শ্রদ্ধার

    বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর থেকেই নতুন করে পরিচিত হচ্ছেন। বলিপাড়ায় চলছে এ নিয়ে গুঞ্জন। সাফল্যের এই জোয়ারে এবার নিজের পারিশ্রমিক এক লাফে তিনগুণ বাড়িয়ে দিয়ে ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার আসন্ন এক ভিন্নধর্মী প্রজেক্ট।

    গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শ্রদ্ধা কাপুর বর্তমানে দারুণ সময় কাটাচ্ছেন। বক্স অফিসে ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর এবার তিনি খবরের শিরোনামে এসেছেন নিজের পারিশ্রমিক বাড়ানোর কারণে। আগামী সিনেমা ‘ইথা’-র জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এ অভিনেত্রী, যা তার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি। 

    যদিও অভিনেত্রী কিংবা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি।  তবে বলিপাড়ার অন্দরে এ ফি বৃদ্ধির গুঞ্জন বেশ জোরালো রূপ নিয়েছে। চলতি দশকের অন্যতম সফল ‘স্ত্রী ২’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পরই শ্রদ্ধার ক্যারিয়ারে এ বড় পরিবর্তন। 

    নারায়ণগাঁওকরের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমা ‘ইথা’। পরিচালক লক্ষ্মণ উটেকরের এ সিনেমায় শ্রদ্ধাকে তার চিরচেনা গ্ল্যামারাস রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন এবং অভিনব একটি চরিত্রে দেখতে পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা, যা তার অভিনয় জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

    সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে এবং তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে শ্রদ্ধা কাপুরের নতুন লুক ও নিপুণ অভিনয়ের ঝলক দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে। সব ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে প্রতীক্ষিত এ সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • সঞ্চালকের ভূমিকায় মাধুরী

    তুমুল জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) কথা উঠলেই চোখের সামনে ভেসে আসে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কথা। তবে এবার সেই চিরচেনা আমেজে যোগ হচ্ছে ভিন্নমাত্রা। এবার সঞ্চালকের ভূমিকায় দর্শক নতুন রূপে আবিষ্কার করবেন ‘ধক ধক গার্ল’খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। মারাঠি ভাষায় কেবিসির সঞ্চালকের ভূমিকায় আসছেন অভিনেত্রী। 

    যদিও মারাঠি কেবিসির ইতিহাসে প্রথম নারী সঞ্চালক হলেও পুরো কেবিসির আঞ্চলিক সংস্করণের ক্ষেত্রে তিনিই প্রথম নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সফলভাবে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার। 

    গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, হিন্দিতে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের উপস্থাপনায় নতুন মৌসুমের প্রচার-ঝলক ইতোমধ্যে সামনে এলেও মাধুরীর বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে বিষয়টির নেপথ্য গল্প ভিন্ন। মূলত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণে সঞ্চালিকার আসনে বসতে যাচ্ছেন অভিনেত্রী।

    এর আগে মারাঠি কেবিসিতে সঞ্চালক হিসেবে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর কিংবা নাগরাজ মঞ্জুলের মতো খ্যাতনামা তারকাদের। তবে এবার এই প্রথম কোনো নারী সঞ্চালককে কেন্দ্র করে সাজানো হচ্ছে মারাঠি সংস্করণটি। সেদিক থেকে মাধুরীর হাত ধরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস। 

    আর নতুন এই অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন— জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এ প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যম নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

    সিনেমা জগতের ক্যারিয়ারের পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোর বিচারকের আসনে মাধুরী দীক্ষিতকে দেখা গেলেও পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তার আত্মপ্রকাশ বলে জানা গেছে। প্রিয় তারকাকে এমন নতুন অবতারে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার কোটি ভক্ত-অনুরাগী। সামাজিক মাধ্যমে ভেসে আসছে শুভ কামনার জোয়ারও।

    বিনোদন ডেস্ক

  • ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

    নব্বইয়ের দশকের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে নিজেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু হয়। এ ক্ষণজন্মার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা-সমালোচনা। এ তর্কবিতর্কের যেন শেষ নেই।

     তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগও তোলা হয়েছিল। সেই সঙ্গে তার সাবেক স্ত্রী সামিরাকে ঘিরেও নানা সময়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে। 

    এর আগে ১৯৯২ সালের আজকের এই দিনে (১২ আগস্ট) ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। কয়েক বছরের দাম্পত্যের পর সালমান শাহর আকস্মিক মৃত্যু তাদের জীবনে গভীর শোকের অধ্যায় তৈরি হয়। এরপরও সামিরাকে ঘিরে বিভিন্ন সময় নানা গুঞ্জন সামনে এসেছে। 

    কয়েক বছর আগে খলঅভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা গুঞ্জন। ছবির সেই নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে ছবিটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা সামনে আসে। 

    সেই সময় ছবির নেপথ্যের ঘটনা নিয়ে কথা বলেছিলেন সামিরা ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ। 

    এদিকে সালমানের মৃত্যুর পর সামিরা মোস্তাক ওয়াইজকে বিয়ে করেন। পরবর্তী সময়ে তাদের সেই দাম্পত্যেরও অবসান ঘটে। ভাইরাল ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক দাবি করে বলেছিলেন, ডনের পাশে থাকা নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা। ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল। তিনি আরও বলেন, সামিরা আমাকে বলেছে— এ ছবির পেছনের কাহিনি। ছবিটি ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে তোলা।

    ছবিটির নেপথ্যের ঘটনা ব্যাখ্যা করে মোস্তাক ওয়াইজ আরও বলেন, ‘আশা ভালোবাসা’ সিনেমার মূল নায়ক-নায়িকা ছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা। শুটিংয়ের সময় দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরে সেই ছবি নিয়ে বিভিন্ন সময় ডনের সঙ্গে মজা করতেন বলেও দাবি করেন মোস্তাক।

     তবে ডনের সঙ্গে সামিরার একটি আলাদা ছবির কথাও জানিয়েছেন মোস্তাক ওয়াইজ। তিনি বলেন, একবার সামিরা ম্যাগাজিন পড়ার সময় সালমান শাহ ছবি তুলছিলেন। সেই সময় ডন হাত বাড়িয়ে দিলে সামিরার সঙ্গে তার একটি ছবি তোলা হয়।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ডন ও সামিরার অন্য ছবিগুলো সম্পাদিত বলেও দাবি করে মোস্তাক ওয়াইজ বলেন, এসব ছবির বেশিরভাগই ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে।

    অন্যদিকে সেই সময়ের ভাইরাল হওয়া ছবি ঘিরে নিজের অবস্থানও তুলে ধরেছিলেন সামিরা। তিনি বলেছিলেন, আমার একটি ছবি দেখিয়ে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। ওর ভক্তরা না জেনে আমাকে ভুল বুঝছেন, অপবাদ দিচ্ছেন। তারা আসলে ইমনের ভালোবাসার মানুষকেই ছোট করছেন। সামিরা বলেন, ডন তার কাছে ছোটভাইয়ের মতো এবং প্রতি ঈদে তার পা ছুঁয়ে সালাম করতেন। 

    বিনোদন ডেস্ক

  • সাদিয়ার সঙ্গে বিচ্ছেদের পর কেন আর একসঙ্গে কাজ করেন না বাসার?

    একসময় ছোট পর্দায় বেশ জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করতে গিয়ে তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে দীর্ঘদিন আলোচনা থাকলেও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং বরাবরই বিষয়টিকে গুঞ্জন হিসেবে এড়িয়ে গেছেন তারা।

    তবে এবার একটি পডকাস্টে এসে সেই সম্পর্কের বিষয়টি আর গোপন রাখেননি খায়রুল বাসার। তিনি জানিয়েছেন, সাদিয়া আয়মানের সঙ্গে সত্যিই তার প্রেমের সম্পর্ক ছিল। যদিও সেই সম্পর্ক কয়েক বছর আগেই শেষ হয়ে গেছে।

    বাসার জানান, নাটকে জুটি হিসেবে কাজ শুরুর আগেই বিজ্ঞাপনের মাধ্যমে সাদিয়ার সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে কাজের সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

    তবে সম্পর্ক ভেঙে যাওয়ার নির্দিষ্ট কারণ প্রকাশ করতে চাননি এই অভিনেতা। এ বিষয়ে তিনি বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্পর্কের ইতি টানার পর তাদের পেশাগত সম্পর্কেও পরিবর্তন আসে। একটা সময় নিয়মিত একসঙ্গে নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে হঠাৎ করেই একই পর্দায় তাদের উপস্থিতি কমে যায়। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও নানা কৌতূহল তৈরি হয়।

    কেন এখন আর একসঙ্গে অভিনয় করেন না—পডকাস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন বাসার। তার ভাষ্য, সম্পর্ক শেষ হওয়ার পর দুজনের সম্মতিতেই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অভিনেতার ভাষায়, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’

    অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হওয়ার পর একই পর্দায় কাজ করাটাকে দুজনের জন্যই স্বস্তিদায়ক মনে হয়নি। দর্শকদের আগ্রহ থাকলেও নিজেদের স্বাভাবিকভাবে কাজ করার স্বার্থেই আপাতত একসঙ্গে অভিনয় থেকে দূরে রয়েছেন তারা।

    করোনার পরবর্তী সময়ে ছোট পর্দায় নিয়মিত জুটি হিসেবে দর্শকের নজর কাড়েন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। তাদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’-এর মতো নাটকও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান?

    পপ তারকা টেইলর সুইফটের গান আর কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত থাকছে না।

    সম্প্রতি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে টেইলর সুইফটের যেসব গান বা অডিও ব্যবহার করা হয়েছিল, তা সরিয়ে দেওয়া হয়েছে। 

    এর একটি পোস্টে সুইফটের জনপ্রিয় গান ‘অগাস্ট’-এর পরিবর্তে একটি কান্ট্রি মিউজিক যুক্ত করা হয়েছে। এ ছাড়া তার ‘ফাদার ফিগার’ গানটির কথা উল্লেখ করে তৈরি করা অপর একটি পোস্টে এখন দেখাচ্ছে— ‘দিস সাউন্ড ইজ নট অ্যাভেইলেবল’। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই বিষয়ে বক্তব্য জানতে টেইলর সুইফটের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মতামত দিতে রাজি হননি।

    উল্লেখ্য, কেবল টেইলর সুইফটই নন; কেটি পেরি, সাবরিনা কার্পেন্টার এবং অলিভিয়া রদ্রিগোর মতো অন্যান্য তারকারাও প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের গান বা সুর ব্যবহার না করার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার সম্প্রতি থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

    মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

    পাহাড়ের ওপর শুটিং শেষ করে নিচে নামার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এ ঘটনায় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। 

    একটি শুটিংয়ের কয়েকটি দৃশ্য ধারণের জন্য পাহাড়ের ওপর গিয়েছিলেন খায়রুল বাসার ও নাটকের টিম। 

    গণমাধ্যমকে খায়রুল বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। এক পর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’ 

    জানা যায়, ওই সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। সবকিছু খুব দ্রুত ঘটে যায়। তাদের শুটিং টিম কিছুটা দূরে ছিল। তবে তারাই তাদের উদ্ধার করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ ব্যাপারে খায়রুল বাসার বলেন, দুর্ঘটনায় আমি বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত পেয়েছি। এখন হাঁটতে কষ্ট হচ্ছে। এ অবস্থায় আমাদের শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা এখন, তাতে শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়। 

    খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহকের শরীরের কিছু অংশ ছুলে গেছে। বেশ আহত হয়েছেন। তাদের দুজনেরই এক্স-রে করাতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এখন বিশ্রাম নিতে হবে তার। এ অবস্থায় আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব নয় বলেও জানান খায়রুল বাসার। 

    জানা গেছে, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন এই অভিনেতা। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই তিনি বিদেশে শুটিংয়ে অংশ নিয়েছেন। এই নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকেই। 

    বিনোদন ডেস্ক