Tag: হিরো আলম

  • উপনির্বাচন হলে মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম

    বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনটি শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

    রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার সম্ভাবনার খবর জানার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।  

    তিনি বলেন, ‘আমি আগে সাতক্ষীরা থেকে নির্বাচনের কথা বলেছিলাম। তখন জানতাম না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হতে পারে। আমার এলাকার মানুষও চান আমি উত্তরাঞ্চলের কোনো আসন থেকেই নির্বাচন করি। সেই চিন্তা থেকেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হিরো আলম জানান, তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিতে চান।

    তবে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ফলে হিরো আলমের প্রার্থিতাও সেই প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

    এদিকে সম্ভাব্য উপনির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও-১ আসনে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ বাড়ছে। এর মধ্যে হিরো আলমের প্রার্থী হওয়ার ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

    দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নানা ইস্যুতে প্রায়ই তিনি আলোচনায় থাকেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই তালিকায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমেরও নাম আছে। 

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (২৬ জুলাই) অভিযোগটি জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।  এদিন দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। 

    তবে নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিরো আলম। 

    তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না। এমনকি সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন এই কনটেন্ট ক্রিয়েটর। 

    সোমবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হিরো আলম বলেন, ‘আমি সারা জীবন আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি। এর জন্য বহুবার হামলার শিকার হয়েছি, মারও খেয়েছি। অথচ এখন আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অনেক দিন ধরেই একটি মহল আমাকে হত্যা ও সম্মানহানির চেষ্টা করছে।’ 

    তিনি অভিযোগ করে বলেন, ‘যারা আমার নামে মামলা করেছেন, তারা যদি সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে আমি তাদের বিরুদ্ধেই মামলা করতে বাধ্য হব। আমি মৃত্যুকে ভয় পাই না। এক হিরো আলম চলে গেলে কিছুই হবে না।’ 

    নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, ‘আন্দোলনের দুই বছর পর হঠাৎ করে আমার নাম কেন মনে পড়ল? এতদিন কোথায় ছিলেন? আমি আন্দোলনের সময় ছাত্রদের পাশে ছিলাম। আমি নিজেই একজন জুলাই যোদ্ধা। এখন প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে এসব অভিযোগ-মামলা দেওয়া হচ্ছে।’ 

    আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না দাবি করে হিরো আলম বলেন, ‘একটা পোস্ট দেখাতে পারবেন, যেখানে আমি আওয়ামী লীগের হয়ে ভোট চেয়েছি বা প্রচারণা চালিয়েছি? আমি বরং সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এটাই কি আমার অপরাধ?’ 

    বিনোদন ডেস্ক

  • গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

    নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় নেওয়া এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে বলে জানিয়েছে রাজনৈতিক দলটি। 

    এ সিদ্ধান্তের কারণে সংসদ সদস্য পদটিও হারাতে পারেন গাজী নজরুল ইসলাম। 

    পরিপ্রেক্ষিতে সম্ভাব্য উপনির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই এবার ভোটে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে সমধিক পরিচিত। 

    এক অডিওবার্তায় হিরো আলম বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, এমপি হব। আমি চেয়েছিলাম, যদি কখনো সুষ্ঠু নির্বাচন হয় আমি দাঁড়াব। গত নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই আমি দাঁড়াব। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে মারে কিনা। আমার ওপর জামায়াত অ্যাটাক করে, বিএনপি অ্যাটাক করে নাকি এনসিপি অ্যাটাক করে। কয়েকবার নির্বাচনে আমি লড়েছি, পাশও করেছি, এবার উপনির্বাচনে দেখি জনগণ কী করে।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম। নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় তার ওপর হামলার অভিযোগও ওঠে। পরে তিনি কয়েকটি নির্বাচনকে বিতর্কিত দাবি করে তিনি বর্জন করেছিলেন। 

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।  

    বগুড়ার ক্যাবল অপারেটর থেকে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম পরে রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেন। বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে তিনি আলোচনা-সমালোচনায় থাকলেও সংসদ সদস্য হওয়ার লক্ষ্য থেকে সরে আসেননি।  

    বিনোদন ডেস্ক

  • মনের মানুষ খুঁজতে কক্সবাজারে হিরো আলম

    মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। পেয়ে গেলে বিয়ে করবেন বলেও জানিয়েছেন তিনি। 

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা গেছে, সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন হিরো আলম। মজার ছলে বলছেন, ‘মনের মানুষ খুঁজতে কক্সবাজারে চলে এসেছি। যদি পেয়ে যাই বিয়ে করবো।’

    তিনি বলেন, ‘কক্সবাজারে এত সুন্দর পরিবেশ, এত মানুষ আসে। ভাবলাম যদি ভাগ্যে থাকে, তাহলে এখান থেকেই হয়তো জীবনসঙ্গী পেয়ে যাব।’

    জানা গেছে, ২১ দিন জেল খাটার অজানা গল্প নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন হিরো আলম। নিজের জেল জীবনের ২৪ ঘণ্টার অভিজ্ঞতা এবং কারাগারের ভেতরের বাস্তব চিত্রই তুলে ধরা হবে এ সিরিজে।

    এ বিষয়ে হিরো আলম বলেন, সাধারণ মানুষ বাইরে থেকে জেলের ভেতরের জীবন সম্পর্কে খুব বেশি জানেন না। কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় সেখানে প্রতিটি মুহূর্ত কতটা ভিন্ন বাস্তবতার মধ্যে দিয়ে কাটে। কারাগারের প্রতিদিনের রুটিন, বন্দিদের জীবনসংগ্রাম, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি রাতের বেলার পরিবেশ-সবকিছুই এই সিরিজে দেখানোর পরিকল্পনা রয়েছে।

    এ ওয়েব সিরিজে তার নিজের অভিজ্ঞতার পাশাপাশি জেলের ভেতরে দেখা নানা চরিত্র এবং ঘটনার প্রতিফলন থাকবে। বাস্তবতার সঙ্গে মিল রেখে গল্প সাজানো হবে, যাতে দর্শকরা কারাগারের ভেতরের ২৪ ঘণ্টার জীবনযাত্রা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পান।

    বিনোদন ডেস্ক

  • জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

    আলোচিত সামাজিক মাধ্যম তারকা হিরো আলম আবারও নতুন উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। এবার তিনি নিজের কারাবন্দি জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করছেন। জানা গেছে, ২১ দিন কারাগারে থাকার অজানা নানা অভিজ্ঞতা নিয়েই এই সিরিজটি তৈরি করতে চান তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরো আলম জানান, জেলে কাটানো সেই সময়টি তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। কারাগারের ভেতরের বাস্তবতা, বন্দিদের দৈনন্দিন জীবন এবং কঠোর নিয়মকানুন—এসব তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতাগুলোই দর্শকদের সামনে তুলে ধরতে চান ওয়েব সিরিজের মাধ্যমে।

    তার ভাষ্য, বাইরে থেকে সাধারণ মানুষ কারাগারের ভেতরের জীবন সম্পর্কে খুব কমই জানেন। কিন্তু ভেতরে গেলে বোঝা যায় প্রতিটি মুহূর্ত কতটা ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। বন্দিদের দিন-রাতের রুটিন, তাদের সংগ্রাম, নিরাপত্তাব্যবস্থা এবং রাতের পরিবেশ—এসব বিষয় সিরিজে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হিরো আলম আরও বলেন, শুধু নিজের অভিজ্ঞতাই নয়, জেলের ভেতরে দেখা বিভিন্ন চরিত্র ও ঘটনার প্রতিফলনও এই সিরিজে থাকবে। বাস্তবতার কাছাকাছি থেকে গল্প সাজানো হবে, যাতে দর্শকরা একটি বন্দির ২৪ ঘণ্টার জীবনযাত্রা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন।

    তিনি জানান, নির্মাতা হিসেবে কাজটি করতে গিয়ে বাস্তব ঘটনাকেই প্রাধান্য দিতে চান। তার মতে, একজন বন্দির দিন কীভাবে শুরু হয় এবং কীভাবে শেষ হয়—সেই বাস্তব চিত্রই এই সিরিজে দেখানো হবে।

    জানা গেছে, শিগগিরই ওয়েব সিরিজটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ে নিজেই যুক্ত থাকবেন হিরো আলম। তবে সিরিজটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

    বিনোদন ডেস্ক

  • জামিন পেলেন হিরো আলম, সংবাদ সম্মেলনের ঘোষণা

    দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিছু দিন আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেফতার হন।  বুধবার (১১ মার্চ) সেই মামলায় জামিন পেয়েছেন তিনি। 

    বিষয়টি হিরো আলম নিজেই নিশ্চিত করেছেন।

    জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় হিরো আলমের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা পারেনি। আজকে আমি জামিন পেয়েছি।

    এ প্রসঙ্গে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরবেন জানিয়ে হিরো আলম বলেন, ‘আগামীকাল দুপুর ১২টায় ঢাকায় আমার অফিসে সংবাদ সম্মেলন করব। সেখানে পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরব।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের প্রতিশ্রুতি এবং সিনেমার নায়িকা বানানোর আশ্বাস দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে হিরো আলমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, পরবর্তীতে এক মৌলভি ডেকে কবুল করিয়ে ওই নারীকে বিয়ে করার কথা বলা হয়। এরপর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তারা একসঙ্গে বসবাস করেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

    অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৮ এপ্রিল তাকে বগুড়ায় হিরো আলমের নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলমসহ অন্য অভিযুক্তরা তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

    এতে রক্তক্ষরণ হলে তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার গর্ভপাত ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। পরে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ওই নারী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও মামলার নথিতে বলা হয়েছে।

    এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সিনেমা তৈরির কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বগুড়া যান হিরো আলম। নির্বাচনের পরে সেখান থেকেই গত ১৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • হিরো আলম–মুনমুনের ‘বউ জামাইয়ের লড়াই’ প্রদর্শনের অযোগ্য ঘোষণা

    সামাজিক মাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিনীত সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’ আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা। এ সিনেমায় অভিনয় করেছেন একসময়ের আলোচিত অভিনেত্রী মুনমুন।

    সরকার অশ্লীলতার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করলে ২০০৩ সালের পর মুনমুনকে আর রুপালি পর্দায় দেখা যায়নি। দীর্ঘদিন পর হিরো আলমের সিনেমায় অভিনেত্রীর উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। এ সিনেমাটি মুক্তির লক্ষ্যে সেন্সর বোর্ডে জমা পড়লেও ছাড়পত্র পায়নি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে প্রদর্শনের অনুপযোগী হিসেবে বিবেচনা করেছে।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রযোজক হিসেবে শুরুর দিকে হিরো আলমের নাম থাকলেও পরে প্রযোজনায় যুক্ত হন সত্তর দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তার প্রযোজনা প্রতিষ্ঠান উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন বাবুল রেজা।

    এর আগে ২০২১ সালের ২০ নভেম্বর সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়। সেই সময় প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও বর্তমান নথিতে প্রযোজক হিসেবে উজ্জ্বলের নাম দেখা যায়। বর্তমানে হিরো আলম কারাগারে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

    ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাটিতে হিরো আলম ও মুনমুনের পাশাপাশি অভিনয় করেছেন গাঙ্গুয়া, নুসরাত ও জারা জেরিন।

    এদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে সিনেমাটির জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। পরিচালক (উৎপাদন) কামাল মোহাম্মদ রাশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে— উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি বিএফডিসিতে তালিকাভুক্ত নয় এবং এ খাতে সংস্থাটির কোনো আর্থিক পাওনা না থাকায় অনাপত্তি প্রদান করা হয়েছে। তবে সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটি ছাড়পত্র পায়নি। 

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য আওলাদ হোসেন বলেন, ‘চলচ্চিত্রশিল্পকে টিকিয়ে রাখতে এই সময়ে মানসম্মত সিনেমা প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের সিনেমা প্রদর্শনের উপযোগী নয় বলেই বোর্ড সিনেমাটি বাতিল করেছে। প্রযোজক পুনরায় আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।’

    উল্লেখ, আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা রয়েছে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের। দীর্ঘদিন স্থবির থাকার পর আগামী ৪ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও তা আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। নানা জটিলতা ও আইনি প্রক্রিয়ার কারণে সমিতিটি বেশ কিছু দিন ধরেই কার্যত নেতৃত্বশূন্য।

    বিনোদন ডেস্ক

  • ভোট দিতে গিয়ে গ্রেফতার হলেন হিরো আলম

    ফের গ্রেফতার হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে তিনি বগুড়া যান। সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানার পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন, ‘আজ (১৯ ফেব্রুয়ারি) সকালে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো।’

    এর আগে বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

    এরপর ১১ ফেব্রুয়ারি হিরো আলম বলেন, ‘আমি এলাকার দিকে রওনা হয়েছি। রাতের মধ্যে এলাকায় চলে যাবো। মামলা তো ভুয়া। নির্বাচনের পর আমি আদালত যাবো। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও আমি ভোট দিতে যাবো। কারণ ভোট দেয়া আমার নাগরিক অধিকার।’

    শেষ পর্যন্ত নিজের এলাকা বগুড়া থেকেই গ্রেফতার হলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা, হিরো আলম কি ভোট দিতে যাবেন?

    আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়। 

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন। এমতাবস্থায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই নিজ এলাকায় ভোট দিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

    নাগরিক হিসেবে ভোট দেওয়া তার সাংবিধানিক অধিকার উল্লেখ করে গণমাধ্যমকে এই আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর জানান, কোনো পরিস্থিতিতেই তিনি ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকবেন না।  হিরো আলম বলেন, ‘আমি এলাকার দিকে রওনা হয়েছি। রাতের মধ্যে এলাকায় চলে যাব। মামলা তো ভুয়া। নির্বাচনের পর আমি আদালত যাব।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

    হিরো আলম ঘটনাটি অস্বীকার করলে সাদিয়া রহমান মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে আদালত অভিযোগটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

    বিনোদন ডেস্ক

  • আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি: হিরো আলম

    শেষ মুহূর্তে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠের প্রচারণা। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) ভোটের দিন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে, যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এবার এ নিয়ে মন্তব্য করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। 

    ইসির এই নিষেধাজ্ঞার পর সোমবার (৯ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, ‘ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে না-এ কেমন কথা? আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি?’ তার এই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

    প্রসঙ্গত, এর আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম নিজেও এমপি প্রার্থী হয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ সময়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও পরে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। 

    বিনোদন ডেস্ক