Tag: মোশাররফ করিম

  • কানাডার চলচ্চিত্র উৎসবে নুহাশের ‘২ষ’

    কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়াবারের মতো অংশগ্রহণ করছেন বাংলাদেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। তার ভৌতিক ঘরানার সিনেমা ‘২ষ’ এ উৎসবে গতকাল প্রদর্শিত হয়। 

    হরর, অতিপ্রাকৃত ও ফ্যান্টাসি ঘরানার এ সিনেমা প্রদর্শন নিয়ে বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। এ উৎসবের আয়োজন শুরু হয়েছে গত ১৬ জুলাই। শেষ হবে আগামী ৩ আগস্ট ২০২৫।

    নুহাশ ক্যারিয়ার শুরুর পর থেকেই মনোনয়ন পেয়ে আসছেন। জুনে মনোনয়নের সঙ্গে পেয়েছিলেন মন ভালো করে দেওয়া চিঠি। ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক কর্তৃপক্ষ উৎসব নিয়ে অফিশিয়াল ফেসবুক পেজে সিনেমা সম্পর্কে মন্তব্য করে বলেছে, এর আগে নির্মাতা “ষ”, “মশারি” ও “ফরেনার্স অনলি” নির্মাণ করেছেন। তিনিই আবার অবশ্য দ্রষ্টব্য আরেক অ্যানথোলজি নিয়ে এসেছেন। সৃজনশীল কাজে উদ্ভাবনদক্ষ তরুণ নির্মাতা নুহাশ হরর ঘরানার সিনেমাকে বাংলাদেশে নতুন এক দিগন্তে নিয়ে গেছেন। দ্বিতীয় সিজনেও তিনি ভীতিকর গল্প নিয়ে এসেছেন।

    জানা গেছে, নুহাশ তার হরর ঘরানার স্বল্পদৈর্ঘ্য ও সিনেমাগুলো দেখার পর থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করেছে। যেখানে নির্মাতাদের সিনেমা বানিয়ে জমা দিতে হয়, সেখানে নুহাশের সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন আয়োজকরা।

    এবারের হরর ‘২ষ’ সিনেমায় চারটি গল্পে প্লট তৈরি করা হয়েছে। তুলে ধরা হয়েছে ভয়ংকর ভুতুড়ে সব গল্প। আর উপস্থাপনার ঢংও কৌতূকপূর্ণ। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে। এ সিনেমার ‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।

    আবার ‘ভাগ্য ভালো’ পর্বে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। এ ছাড়া আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। অন্যদিকে ‘বেসুরা’য় আছেন সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকার প্রমুখ।

    এটি হচ্ছে চরকি প্ল্যাটফর্মের অ্যানথোলজি সিরিজ ‘২ষ’। এ বিষয়ে নুহাশ হুমায়ূন বলেন, আগামীকাল শুক্রবার ‘২ষ’ সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে। এ উৎসব থেকে এর আগে নুহাশের ‘মশারি’ ও ‘ফরেনার্স অনলি’ অংশ নিয়ে পুরস্কার জয় করে।

    বিনোদন ডেস্ক

  • সাফা কবিরের প্রেমে ‘পাগলু’ মোশাররফ করিম!

    মোশাররফ করিম ও সাফা কবিরকে জুটি হিসেবে খুব বেশি নাটকে দেখা যায়নি। এর আগে শুধু তপু খানের ‘ডিল ডান কালাচাঁন’ এবং মো. তৌফিকুল ইসলামের ‘চারুলতা’ নাটকে একসঙ্গে দেখা যায় তাদের। তবে জুটিতে অল্প কাজ হলেও তাদের একসঙ্গে দেখতে মুখিয়ে থাকেন দর্শক। তাদের জন্য এই জুটির নতুন নিবেদন একক নাটক ‘পাগলু’। সেজান নূরের রচনা ও সালমান রহমান খানের পরিচালনায় সম্প্রতি এই নাটকটির শুটিং শেষ হয়েছে।

    পাগলু’ নাটকের গল্প সম্পর্কে জানা যায়, পাগলু (মোশাররফ করিম) বিয়ের উপযুক্ত হলেও পছন্দের মেয়ে না পাওয়ায় বিয়ে হচ্ছে না তার। মৃত্যুর আগে বাবার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে পাগলু গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ান। একসময় পাশের গ্রামে নতুন শিক্ষিকা মায়া (সাফা কবির) আসেন। তাকে দেখে মুগ্ধ হয়ে পাগলু বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মায়ার পরিবার বেকার ছেলের প্রস্তাব ফিরিয়ে দেয়। মায়া, পাগলুকে সুযোগ দেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। একটি নৈশ স্কুল প্রতিষ্ঠা করেন পাগলু যেখানে শিক্ষক হিসেবে যোগ দেন মায়া। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

    নাটকটি নিয়ে সাফা কবির বলেন, ‘গল্পটি দারুণ। যদিও এটি কমেডি ধাঁচের, তবে এর ভেতরে সামাজিক বার্তাও আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এই নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’

    মোশাররফ করিম ও সাফা কবির ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজী প্রমুখ। 

    বিনোদন ডেস্ক

  • প্রচারে আসছে মোশাররফ করিমের নতুন ধারাবাহিক

    বেশ কিছুদিন আগে একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছিলেন জনপ্রিয়
    অভিনেতা মোশাররফ করিম। নাম ‘শাদী মোবারক’। এটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা
    করেছেন শামীম জামান।

    নির্মাতা জানিয়েছেন, আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে সপ্তাহে টানা
    পাঁ চদিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে। এটি মূলত পারিবারিক গল্পের নাটক। এ
    নির্মাতার প্রায় সব নাটকেই মোশাররফ করিমের উপস্থিতি মেলে। এ নাটকেও ব্যতিক্রম হয়নি।

    এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘যে নাটকে মোশাররফ থাকে সেই নাটকের প্রতি
    দর্শকের একটা আলাদা আগ্রহ থাকে। তা ছাড়া তার সঙ্গে সম্পর্কটা আমার বন্ধুত্বের। বন্ধুর
    চেয়েও বড় কথা হলো তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। এজন্য তাকে নিয়ে নাটক
    নির্মাণ করি। সব মিলিয়ে খুব ভালো হয়েছে নাটকটি। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালে
    লাগবে।’

    নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘শামীম জামানের সঙ্গে আমার
    কাজের রসায়ন বেশ ভালো। আগেও আমরা একাধিক ধারাবাহিক নাটকে একসঙ্গে কাজ করেছি। সেগুলো
    দর্শকরা পছন্দও করেছেন। এবার নতুন কাজ শুরু করলাম। আশা করি এটিও দর্শকরা উপভোগ করবেন।’

    এদিকে নাটকের বাইরে গত কয়েক বছর সিনেমায়ও সময় দেন মোশাররফ করিম। সর্বশেষ
    গত রোজার ঈদে তার অভিনীত ‘চক্কর ৩০২’ নামে একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সেই রাগী ‘শামীম স্যার’ এখন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম

    জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের শুরুটা মঞ্চে অভিনয়ের মাধ্যমে। এরপর টিভি, সিনেমা ও ওটিটিতেও অভিনয় করেছেন। এখন তো সব মাধ্যমেই নিজের অভিনয়গুণে রাজত্ব করছেন। তবে অনেকেরই হয় অজানা যে, পুরোদস্তুর অভিনেতা হয়ে ওঠার আগে শিক্ষকতাও করেছেন তিনি।

    দেশের স্বনামধন্য কোচিং সেন্টার ই-হক কোচিংয়ে ইংরেজিসহ বিভিন্ন বিষয় পড়াতেন মোশাররফ করিম। সে কোচিংয়ে তার সরাসরি ছাত্রী ছিলেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।

    সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে মোশাররফ করিমের শিক্ষকতা নিয়ে কথা বলেন এই সংগীতশিল্পী। তার ভাষায়, ‘আমি যে কোচিংয়ে পড়তাম, সেখানে মোশাররফ করিম ভাই পড়াতেন। উনার ডাক নাম হচ্ছে শামীম। আমরা শামীম ভাই বলে ডাকতাম। তবে আমাদের কাছে কোনো ক্লু ছিল না যে উনি এত বড় অভিনেতা হবেন। তখন আমরা শুনতাম যে উনি মঞ্চ নাটক করেন। তবে উনি খুব রাগী স্যার ছিলেন।’

    মোশাররফ করিম ১৯৭১ সালের ২২ আগস্ট বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। অভিনয়ের প্রতি টান থাকায় একসময় অভিনেতা তারিক আনাম খানের ‘নাট্যকেন্দ্র’ মঞ্চদলের সদস্য হন তিনি।

    ১৯৯৯ সালে এক পর্বের নাটক ‘অতিথি’-তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন মোশাররফ করিম। এরপর থেকেই ছোটপর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। পরে বড়পর্দায়ও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ক্ষণজন্মা এই অভিনেতা।

    এবারের কুরবানি ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দিয়েও দর্শক মাতিয়েছেন এ গুণী অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • আগামী ঈদে মোশাররফ-রাজের ‘ইনসাফ ২’, গল্পে থাকছে বড় চমক

    গেল ঈদে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’। শরিফুল রাজ, মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিণ অভিনীত এই সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছে। এবার সে সাফল্যের ধারায় ইনসাফের দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন নির্মাতা। আগামী বছরের কুরবানির ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সিনেমাটির টিম।

    নির্মাতা সঞ্জয় সমদ্দার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ইনসাফ ২’-এর পাণ্ডুলিপি লেখার কাজ শুরু হয়ে গেছে। আগেরটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার।

    জানা গেছে, প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও ক্যামিও চরিত্রে চমকে দেওয়া চঞ্চল চৌধুরীদের সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। তবে সে অভিনেত্রীর নাম এখনই প্রকাশ করতে চান না নির্মাতা।

    দ্বিতীয় কিস্তির প্রেক্ষাপট নিয়ে কিছুটা ধারণা দিয়ে নির্মাতা সঞ্জয় বলেছেন, ‘এবারের গল্পটি আরো বড় পরিসরে হবে। ২০ টাকার ডাক্তার শমশের তথা মোশাররফ করিম ভাইয়ের চরিত্রটি ইনসাফ-এর প্রথম পর্বে ছিল ইন্ট্রো। সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে। আরো অনেক অনেক প্ল্যান আছে। ধীরে ধীরে জানাব।’

    দ্বিতীয় কিস্তি আগামী বছরের ঈদে মুক্তি দেওয়ার ইঙ্গিত দিয়ে সঞ্জয় যোগ করেন, ‘এবারের পর্বের বাজেট আরও বেশি। ফলে ঈদে মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই। যেহেতু প্রায় এক বছর হাতে আছে, আমি সুন্দর একটি প্রজেক্ট রেডি করতে পারব। প্রথম পর্ব যেভাবে দর্শক গ্রহণ করেছে, আশা করছি, পরের পর্বও সবার ভালো লাগবে।’

    স্পোর্টস ডেস্ক

  • এক মোশাররফ করিমের ‘নিয়ন্ত্রণে’ ৮ নায়িকা

    ঈদসহ যে কোনো উৎসবেই শোবিজ অঙ্গন থাকে সরগরম। শুরু হয় শিল্পীদের ব্যস্ততা। দর্শকরাও অপেক্ষায় থাকেন প্রিয় তারকার কাজের জন্য। নতুন সব টিভি নাটক, ওটিটি কনটেন্ট, গান ও সিনেমা মুক্তি পায় উৎসবে। তবে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। তাই ঈদের সিনেমা নিয়ে আওয়াজ একটু বেশিই হয়। 

    তবে আলোচনার বাইরে নয় ওটিটি কনটেন্টও। সিনেমার পরই পেইড ভার্সনের ওটিটি কনটেন্টগুলোর দিকেও নজর থাকে দর্শকদের। এবারও তার ব্যতিক্রম নয়। এ ঈদেও ভিন্ন ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন সব কনটেন্ট। তবে ঈদে অন্যদের থেকে ওটিটিতে আলোচনায় এগিয়ে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। একটি কনটেন্টে শুধু তার বিপরীতেই অভিনয় করছেন আট নায়িকা। ঈদের এসব কনটেন্ট নিয়েই বিস্তারিত রয়েছে প্রতিবেদনে।

    বোহেমিয়ান ঘোড়া: ঈদ উপলক্ষ্যে ৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘মহানগর’-এর ওসি হারুন থেকে ‘মোবারকনামা’র মোবারকসহ অসংখ্য চরিত্র দিয়ে ওটিটির দর্শকের মনে তিনি দাগ কেটেছেন। 

    এবার তিনি হাজির হচ্ছেন আব্বাস হয়ে। যিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ২২ মে সিরিজের ট্রেলার প্রকাশ হয়। ২ মিনিটের ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে সিরিজটি। 

    এতে মোশাররফ করিমের (আব্বাস) আট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। 

    সিরিজটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর। এখন পর্যন্ত এটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখতে পেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’

    বোহেমিয়ান ঘোড়ায় মোশাররফ করিমের বউ আজমেরী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। যিনি পেশায় একজন নারী মৌয়াল। নিজের করা চরিত্রটি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সুন্দরবনের ভেতরে গিয়ে কিছু মানুষ মধু সংগ্রহ করেন। এটাই তাদের নেশা ও পেশা। আমার কাজটিও তাই। এরকম একটি চরিত্রে অভিনয় করা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। নতুন গল্প ও চরিত্রের সঙ্গে মিশে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

    এবারের ঈদে ওটিটিতে আরও যা থাকছে

    হাইড এন সিক : নাটক ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এবার ঈদে একাধিক নাটকের পাশাপাশি ওটিটিতেও থাকছেন তিনি। দীপ্ত প্লে-তে মুক্তি পাবে তিশা অভিনীত থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। বিয়ের ঘোষণা এবং এক তরুণীর আত্মহত্যার চেষ্টা থেকে শুরু এ ওয়েব ফিল্মের গল্প। সিনেমার গল্প যত এগোতে থাকে, ঘন হয় রহস্য। তাতে উঠে আসে গ্ল্যামার জগতের রঙিন আলোর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের নানা দিক। 

    এতে আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকে। পরিচালক বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’

    তানজিন তিশা বলেন, ‘এর গল্প অনেক সুন্দর। তাই কাজটি করা। আশাকরি দর্শক পছন্দ করবেন।’

    এদিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ঈদুল আজহা উপলক্ষ্যে নিয়ে আসছে পাঁচটি কনটেন্ট। সেগুলো হচ্ছে ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’, ওয়েব সিরিজ পাপ কাহিনি, ওয়েব সিরিজ ‘জল রঙ’, সিনেমা ‘জলে জ্বলে তারা’ ও ওয়েব ফিল্ম ‘পার্টি’।

    নীলপদ্ম: ৭ জুন আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’। তৌফিক এলাহি পরিচালিত এ ফিল্মের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও রাশেদ মামুন অপু। দৌলতদিয়ার যৌন কর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এ সিনেমার। চলতি বছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি।

    জলে জ্বলে তারা : চলতি বছরের ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমা ‘জলে জ্বলে তারা’। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার এটি ৮ জুন আইস্ক্রিনে মুক্তি পাবে। গত রোজার ঈদেও মুক্তি পেয়েছিল মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’। এ ঈদেও তিনি থাকছেন। 

    প্রতিটি ওয়েব কনটেন্টে অভিনেত্রী নিজেকে ভিন্ন রূপে আবির্ভূত করছেন। মিথিলা বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর যারা দেখেছিলেন তারা বেশ প্রশংসা করেছেন। আশা করি ওটিটিতেও দর্শক উপভোগ করবেন।’

    এতে মিথিলার সহশিল্পী হিসাবে রয়েছেন এফ এস নাঈম। এ সিনেমায় জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফজলুর রহমান বাবু, মোস্তাফিজ নূর ইমরান, মুনিরা মিঠু প্রমুখ। এদিকে একই দিনে এ প্ল্যাটফর্মে মুক্তি পাবে আরও একটি ওয়েব সিরিজ। এটির নাম ‘জল রঙ’।

    পাপ কাহিনি: রুনা খান অভিনীত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনি’ ৯ জুন মুক্তি পাবে আইস্ক্রিনে। এটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। 

    এ প্রসঙ্গে জয় বলেন, ‘ওয়েব কনটেন্ট নিয়ে আমাদের দেশে সবার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, সিনেমা নাটকে যেসব গল্প বলা যায় না, সেগুলো ওয়েবে মুক্তি দেওয়া যায়। আমি কনফিডেন্ট, আমার এই ওয়েব সিরিজ দর্শক দেখলে পছন্দ করবেন। এটি সুন্দর গল্পে সবার সু-অভিনীত একটি কনটেন্ট।’ এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘স্বামী স্ত্রীর প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে এ ওয়েব সিরিজ। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

    পার্টি : ডার্ক কমেডি থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পার্টি’। এটি রচনা ও পরিচালনা করেছেন রিয়াদ মাহমুদ। কুরবানির ঈদের জন্য নির্মিত এ ওয়েব ফিল্মটি ১ জুন মুক্তি পেয়েছে আইস্ক্রিনে। 

    এ প্রসঙ্গে নির্মাতা রিয়াদ মাহমুদ বলেন, ‘এটি একটি তারুণ্যনির্ভর থ্রিলার কমেডি ঘরানার গল্প। পার্টিতে ঘটতে থাকা অপ্রত্যাশিত ঘটনাগুলোই ডার্ক কমেডি জার্নিতে দেখানো হয়েছে। গল্পে অনেক টুইস্ট আছে, যা দর্শকদের ধরে রাখবে।’ এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ, সাদ নাওভি, দস্তগীর শান, আবদুল্লাহ সেন্টু, আলমগীর হোসেন, বাঁধন খান, ফারুক আহমেদ প্রমুখ।

    রিয়েল তন্ময়

  • ‘অশিক্ষিত এমডি’ মোশাররফ করিম, বিপরীতে শাকিলা

    আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ঈদে বড়পর্দা ও ওটিটির পাশাপাশি বেশকিছু খণ্ড নাটকেও দেখা যাবে তাকে। এর মধ্যে সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘অশিক্ষিত এমডি’ প্রচারিত হওয়ার কথা রয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

    নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে তার চরিত্রের নাম মিজান। নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী শাকিলা পারভীন। পাশাপাশি প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

    পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে এর আগেও আমি বেশ কিছু নাটকে কাজ করেছি। যেহেতু আমি নিজেই নাট্যকার, তাই গল্প ও চরিত্রগুলোতে ব্যক্তিগতভাবে খুব যত্নশীল। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময় অনুপ্রেরণামূলক। শাকিলা চরিত্রের প্রতি খুব মনোযোগী ও পরিশ্রমী, আশা করি ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। এই নাটক নিয়ে আমি বেশ আশাবাদী।’

    অন্যদিকে শাকিলা পারভীন বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করার সুযোগ পেয়েছি। এবারও তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। তিনি আমাকে অনেক সহযোগিতা ও অনুপ্রেরণা দেন সবসময়। এছাড়া নাটকের গল্প ও আমার চরিত্র খুব ভালো লেগেছে।’

    নির্মাতা সাজিন আহমেদ বাবুর পরিচালনায় এর আগে ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’, ‘কিড সোলায়মান’, ‘পোশাকে বংশের পরিচয়’, ‘উচ্চতর ভালোবাসা’, ‘ভারপ্রাপ্ত বউ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম।

    বিনোদন ডেস্ক

  • ‘বোহেমিয়ান ঘোড়ায়’ মোশাররফ করিমের সঙ্গী একঝাঁক অভিনেত্রী

    প্রথমবারের মতো ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ওটিটি কনটেন্টে কাজ করেছেন মোশাররফ করিম। শিগগিরই ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’ নামের সিরিজে অমিতাভের নির্দেশনায় দেখা মিলবে এই কিংবদন্তি অভিনেতার।

    রোববার (১১ মে) সিরিজটির একটি পোস্টার প্রকাশের মাধ্যমে পর্দার সামনের কুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে মোশাররফ করিমের সঙ্গে একঝাঁক অভিনেত্রীর দেখা মিলেছে। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন-সাদিয়া আয়মান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, রুনা খান, ফারহানা হামিদ, জুঁই করিম, অদিতি ও বৃষ্টি প্রমুখ।

    সিরিজটিতে ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এতো বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সাথে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচই-এর সাথে আমার সম্পর্কটা তো বহুদিনের তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক বোহেমিয়ান ঘোড়াতে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।’

    ‘বোহেমিয়া ঘোড়া’-তে রুনা খানকে দেখা যাবে গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর চরিত্রে। অন্যদিকে বাস্তব জীবনের চেয়ে একদম বিপরীতমুখী চরিত্রে দেখা যাবে তানজিকা আমিনের। মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়।

    জুঁই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান-যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

    সিরিজের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দিয়ে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, ‘বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার।’

    বিনোদন ডেস্ক

  • এ কোন মোশাররফ করিম!

    সঞ্জয় সমদ্দারের মুক্তি প্রতীক্ষিত ‘ইনসাফ’ সিনেমায় অন্য এক মোশাররফ করিমের দেখা মিলেছে। চোখে সানগ্লাস, মুখভর্তি দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো স্টেথোস্কোপ। কিংবদন্তি এই অভিনেতা এমন ভয়ঙ্কর রূপেই ধরা দেবেন ‘ইনসাফ’-এ।

    বড়পর্দায় মোশাররফ করিমকে এর আগে জীবনঘনিষ্ঠ বিভিন্ন চরিত্রে দেখা গেছে। তবে এমন অ্যাকশন অবতারে কখনো দেখা যায়নি তাকে। এবারই প্রথম ধুন্ধুমার অ্যাকশন সিনেমায় কাজ করছেন দেশের শক্তিমান এই অভিনেতা।

    রোববার (৪ মে) সন্ধ্যায় ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয়। সে পোস্টারেই মোশাররফ করিমকে এমন ভয়ঙ্কর রূপে দেখা গেল। পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’

    নির্মাতা আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলারধর্মী গল্পের সিনেমা ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল।

    ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে আরও থাকছেন শরীফুল রাজ ও তাসনিয়া। সিনেমাটি আসছে কুরবানির ঈদে বড়পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    প্রসঙ্গত, গত ঈদে মুক্তি পেয়েছিল শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’। এই সিনেমায় পুলিশ কর্মকর্তা মইনুলের চরিত্রে বাজিমাত করেছেন মোশাররফ করিম।

    বিনোদন ডেস্ক

  • উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন মোশাররফ করিম

    গেল ঈদে ‘চক্কর ৩০২’ সিনেমায় পুলিশের চরিত্রে হাজির হয়ে সবার মন জয় করেছেন কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম। তবে এবার আর গোয়েন্দা বা পুলিশ নয়, বরং ধরা দিলেন উপস্থাপক হিসেবে। সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। ‘সংসার বিষের বড়ি’ নামের সে নাটকে সঞ্চালকের ভূমিকায় হাজির হবেন তিনি।

    নাটকের গল্প সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘এটি একটি পরিবারের গল্প, যেখানে সংসার জীবনের সুখ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমাদের ভেতরকার কিছু রিপুর কারণে সেই সুখ আমরা খুঁজে পাই না, অথচ সুখের নেয়ামতটা যে আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে, সেটা বুঝতে পারি না।’

    ‘একটি সংসার অবশ্যই বিশ্বাস এবং সম্মানের ওপর দাঁড়িয়ে থাকতে হবে। একে অপরের প্রতি সাপোর্ট আর ভালোবাসা থাকা দরকার’-যোগ করেন জনপ্রিয় এই অভিনেতা।

    ‘সংসার বিষের বড়ি’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে তাসনুভা তিশাকে। নাটকটির গল্প লিখেছেন সুজিত বিশ্বাস এবং পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

    পায়ে অস্ত্রোপচারের কারণে মাঝে কাজ থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন মোশাররফ করিম। তবে সুস্থ হয়ে এখন আবার পুরোদমে কাজ শুরু করেছেন এই অভিনেতা। নাটক, ওটিটি এবং বড়পর্দার বেশকিছু প্রজেক্টের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার।

    বিনোদন ডেস্ক