Tag: মৃত্যু

  • ৩৭-এ চলে গেলেন ‘স্প্লিটসভিলা ৭’খ্যাত মায়াঙ্ক

    বিনোদন জগতে গ্লিটজ আর গ্ল্যামারের আড়ালে আবার শোকের ছায়া নেমে এসেছে। ‘স্প্লিটসভিলা ৭’খ্যাত মডেল মায়াঙ্ক পাওয়ারের অকাল প্রয়াণে স্তম্ভিত তার সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা। রিয়্যালিটি শোর পরিচিত মুখ মায়াঙ্কর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া।

    মাত্র ৩৭ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

    এমটিভির জনপ্রিয় শো ‘স্প্লিটসভিলা সিজন ৭’-এ অংশ নিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন এ হ্যান্ডসাম যুবক। তার এই আকস্মিক প্রয়াণের খবর সামনে আসতেই নেটদুনিয়ায় শোকের ছায়া।

    গণমাধ্যমসূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মায়াঙ্ক। দুই বছর আগে বিয়ে ভেঙে যায় এ হ্যান্ডসাম যুবকের। তারপর থেকেই মানসিক অবসাদ ঘিরে ধরেছিল তাকে। নিজেকে ফিটনেসের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মায়াঙ্কের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছেলে ডিপ্রেশনের শিকার ছিল। শুধু তাই নয়, গত বছর মার্চে লিভারে কঠিন রোগও ধরা পড়ে মায়াঙ্কের। শেষরক্ষা হলো না। মাসখানেক ধরেই ভুগছিলেন তিনি। অল্প বয়সে এই প্রতিভাবান মডেলের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তার বন্ধু এবং সহকর্মীরা।

    এর আগে ২০১৪ সালে ‘স্প্লিটসভিলা ৭’-এ সানি লিওন ও রণবিজয় সিংয়ের সঞ্চালনায় মায়াঙ্ক ছিলেন অন্যতম শক্তিশালী প্রতিযোগী। তার ফিটনেস ও ব্যক্তিত্ব সেই সময় যুবসমাজের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। শোর অন্যতম প্রতিযোগী প্রিয়াংকা পুরোহিতের সঙ্গে তার রসায়ন আজও দর্শকদের মনে রয়েছে। গ্ল্যামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছিলেন মায়াঙ্ক, কিন্তু মাঝপথেই থমকে গেল সেই লড়াই।

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীর পর মেয়েকে হারালেন জনপ্রিয় হলিউড তারকা

    জনপ্রিয় কৌতুকাভিনেতা মার্টিন শর্টের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সম্প্রতি তার মেয়ে ক্যাথরিন হার্টলি শর্ট না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার বয়স হয়েছিল ৪২ বছর। 

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

    পরিবারের পক্ষ থেকে একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে ক্যাথরিন হার্টলি শর্টের চলে যাওয়ার খবরটি নিশ্চিত করছি। শর্ট পরিবার এই অপূরণীয় ক্ষতিতে বিধ্বস্ত এবং এই কঠিন সময়ে সবার কাছে গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানাচ্ছে।’

    ‘ক্যাথরিন সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন এবং তিনি পৃথিবীতে যে আনন্দ ও আলো ছড়িয়েছেন, তার মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

    এই ঘটনায় লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যার পরে ক্যাথরিনের হলিউড হিলসের বাসভবনে উপস্থিত হয়। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, একটি সম্ভাব্য আত্মহত্যার কল পেয়ে অফিসাররা সেখানে যান এবং একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শর্ট পরিবারের পূর্বের ট্র্যাজেডি 

    এই ঘটনাটি ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-খ্যাত তারকা মার্টিন শর্টের জন্য আরও একটি বড় ধাক্কা। এর আগে ২০১০ সালে তিনি তার স্ত্রী ন্যান্সি ডলম্যানকে হারান, যিনি দীর্ঘ ৩০ বছর শর্টের জীবনসঙ্গিনী ছিলেন এবং ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মার্টিন শর্ট (৭৫) এবং তার প্রয়াত স্ত্রী ন্যান্সি তিন সন্তান—ক্যাথরিন, অলিভার (৩৯) এবং হেনরিকে (৩৬) দত্তক নিয়েছিলেন।

    এর আগে ২০২৪ সালে এক সাক্ষাৎকারে স্ত্রীর প্রয়াণ নিয়ে শর্ট বলেছিলেন, ‘এটি ছিল চরম ভয়াবহ এবং অত্যন্ত দুঃখজনক। আমি তখন আমার সন্তানদের যা বলেছিলাম তা হলো— আমি বিশ্বাস করি মা আমাদের আত্মার মধ্যে মিশে আছেন।’

    ক্যাথরিনের জীবন ও কর্ম 

    ক্যাথরিন একজন পেশাদার সমাজকর্মী হিসেবে লস অ্যাঞ্জেলেসে কর্মরত ছিলেন। তিনি ২০০৬ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান এবং জেন্ডার ও যৌনতা বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১০ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে সমাজকর্মে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

    তিনি ‘ব্রিং চেঞ্জ ২ মাইন্ড’ নামক একটি দাতব্য সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন, যা মানসিক স্বাস্থ্যের সামাজিক কলঙ্ক দূর করতে কাজ করে। বাবার আকাশচুম্বী খ্যাতি থাকা সত্ত্বেও ক্যাথরিন প্রচারের আড়ালে থাকতেই পছন্দ করতেন। ২০২১ সালে একটি প্রি-এমি পার্টিতে শেষবার তাকে তার বাবার সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল। 

    সূত্র: নিউজ ডটকম 

    বিনোদন ডেস্ক

  • কিংবদন্তি শিল্পী উইলি কোলন আর নেই

    নিউইয়র্কের সালসা আন্দোলনের অন্যতম পথিকৃৎ বিশ্বখ্যাত সংগীতশিল্পী উইলি কোলন মারা গেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি তার মৃত্যুর খবরটি প্রকাশ করেছে।

    শিল্পীর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই বিদায় নিয়েছেন এই কিংবদন্তি। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার আহ্বানও জানানো হয়।

    উইলি কোলন ১৯৫০ সালে নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে ‘এল মালো’ অ্যালবামের মাধ্যমে সংগীত জগতে তার যাত্রা শুরু হয়। ল্যাটিন সংগীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে তার ব্যাপক অবদান ছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কণ্ঠশিল্পী হেক্টর লাভো–এর সঙ্গে তার জুটি ল্যাটিন সংগীতকে বিশ্বমঞ্চে বিপুল পরিচিতি এনে দেয়। ১৯৬৯ সালে প্রকাশিত ‘চে চে কোলি’ সালসা সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত। দীর্ঘ সংগীতজীবনে তিনি কাজ করেছেন রুবেন ব্লেডস ও সেলিয়া ক্রুজের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে।

    ক্যারিয়ারে ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন কোলন; বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৮০ লাখের বেশি রেকর্ড। আটবার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পী অর্জন করেছেন একাধিক প্লাটিনাম ও গোল্ড রেকর্ড। এছাড়া জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মিয়ামি ভাইস’ এবং চলচ্চিত্র ‘দ্য লাস্ট ফাইট’-এ অভিনয় করেছেন তিনি।

    শোবিজের বাইরেও উইলি কোলন ছিলেন একজন সক্রিয় সমাজকর্মী ও রাজনৈতিক সংগঠক। ল্যাটিনো জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি সোচ্চার ভূমিকা রেখেছেন এবং নিউইয়র্কের রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন। এমন এক কিংবদন্তির মৃত্যুতে ল্যাটিন সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

    সূত্র: ভ্যারাইটি 

    বিনোদন ডেস্ক

  • অকালে চলে গেলেন হলিউড অভিনেতা এরিক ডেন

    হলিউডের তারকা অভিনেতা এরিক ডেন আর নেই। দীর্ঘ সময় ধরে এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামক এক জটিল স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

    অভিনেতার প্রয়াণের খবরটি তার প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে নিশ্চিত করেন। এরিক ডেন তার জীবনের শেষ সময়টুকু পরিবার ও বন্ধুদের সান্নিধ্যেই কাটিয়েছেন বলে জানা যায়। জনপ্রিয় মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে খ্যাতির চূড়ায় পৌঁছান।

    এরিক ডেন তার এ বিরল রোগের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন গত বছর। তখন তিনি জানিয়েছিলেন, এ মরণব্যাধির কারণে তিনি তার ডান হাতের কর্মক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। এমনকি মৃত্যুর তিন সপ্তাহ আগেও একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় সেটি আর শেষ পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়নি।

    অসুস্থ থাকার পরও জীবনের শেষ সময়গুলোতে বিরল এ রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এবং গবেষণার কাজে নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত রেখেছিলেন এরিক ডেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন। 

    বিনোদন ডেস্ক

  • চৌরঙ্গীখ্যাত লেখক ‘শংকর’ আর নেই

    বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র মণিশংকর মুখোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পাঠকমহলে ‘শংকর’ নামে পরিচিত প্রখ্যাত এই সাহিত্যিকের বয়স হয়েছিল ৯৩ বছর।

    হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক। গত ডিসেম্বর মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল তার।

    সেই সময়ে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দিন পনেরো আগে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মণিশংকরের জীবনাবসান ঘটে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্ম হয় প্রখ্যাত এই সাহিত্যিকের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতার হাওড়ায় বসবাস শুরু করেন। সেখানেই তার বেড়ে ওঠা ও লেখাপড়া।

    পরবর্তীকালে তার সাহিত্যচর্চার শুরুও হয় সেখান থেকেই। ১৯৫৫ সালে তার প্রথম বই প্রকাশিত হয়। শংকরের জনপ্রিয় লেখার মধ্যে অন্যতম ‘চৌরঙ্গী’।

    এছাড়াও তিনি লিখেছেন ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’, ‘কত অজানারে’, ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ ইত্যাদি। এমন এক গুণি সাহিত্যিকের মৃত্যুতে বাঙালি পাঠক, সাহিত্যিকমহল এবং বাংলা বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। 

    বিনোদন ডেস্ক

  • বাবা হারালেন মৌমিতা

    ঢালিউড অভিনেত্রী মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার পাশাপাশি নাটকেও নিয়মিত কাজ করে চলেছেন অভিনেত্রী। এর মধ্যেই পরিবারে নেমে আসে দুঃসংবাদ।

    মৌমিতা মৌয়ের বাবা মো. মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। এ বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।

    মৌমিতা মৌ বলেন, তার বাবা ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ কারণে তিনি কিছু দিন ধরে অভিনয়ে থেকেও বিরতি নিয়েছিলেন। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে সামাজিক মাধ্যমে বাবার অসুস্থতায় এক আবেগঘন পোস্ট দিয়েছিলেন মৌমিতা মৌ। সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন— মাত্র ৩/৪ মাসের মধ্যে কী থেকে কী হয়ে গেল। একটা রিপোর্ট সব কিছু এলোমেলো করে দিল। এ রকম একটা সময় পার করতে হবে কখনই ভাবিনি।  তিনি বলেন, এখন আমি বুঝি, দায়িত্ব কী জিনিস। এখন আমি জানি ধৈর্য কীভাবে ধরতে হয়। এখন আমি বুঝতে পারি, তোমার সুস্থতা ছাড়া আমি কতটা অসহায়।

    মৌমিতা মৌ বলেন, কবে তুমি আবার নাম ধরে ডাকবা? কবে তুমি আবার শাসন করবা? কবে তুমি আবার আদর করবা? তোমার স্মৃতিগুলো খুব মনে পড়ছে আব্বু। হে আল্লাহ আমার আব্বুকে সুস্থতা দান করুন, আমিন।

    পরিবার সূত্রে জানা যায়, আজ (১৮ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১১টায় মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে মরহুম মো. মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হবে।

    বিনোদন ডেস্ক

  • ‘দ্য গডফাদার’খ্যাত অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভাল আর নেই

    বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শক্তিমান ও বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা রবার্ট ডুভাল আর নেই। রোববার (১৫ ফেব্রুয়ারি) ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতার স্ত্রী লুসিয়ানা ডুভাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। 

    এক জীবনে শত চরিত্র

    প্রায় ১০০টি চলচ্চিত্রে অভিনয় করা ডুভাল তার দীর্ঘ ক্যারিয়ারে এমন সব চরিত্রে অভিনয় করেছেন, যা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। ‘দ্য গডফাদার’-এর ধুরন্ধর আইনজীবী টম হেগেন থেকে শুরু করে ‘অ্যাপোক্যালিপ্স নাও’-এর নেপালম প্রেমী কর্নেল কিলগোর—প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন অনবদ্য। এই কিংবদন্তিকে নিয়ে তার স্ত্রী লুসিয়ানা বলেন, ‘বব তার প্রতিটি চরিত্রের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতেন এবং মানুষের আত্মার সত্যতাকে ফুটিয়ে তুলতেন।’ 

    অস্কার ও গুরুত্বপূর্ণ অর্জন 

    রবার্ট ডুভাল তার দীর্ঘ ক্যারিয়ারে মোট সাতবার একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য মনোনীত হন। ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ ছবিতে একজন বিপর্যস্ত কান্ট্রি সিঙ্গারের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার অস্কার জয় করেন। এছাড়া ‘দ্য গডফাদার’, ‘দ্য গ্রেট সান্তিনি’, ‘দ্য অ্যাপোস্টল’, ‘আ সিভিল অ্যাকশন’ এবং ‘দ্য জাজ’ সিনেমার জন্য তিনি বিভিন্ন বিভাগে মনোনয়ন পান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মনে রাখার মতো কাজ 

    ১৯৭৯ সালের ভিয়েতনাম যুদ্ধের ওপর নির্মিত ‘অ্যাপোক্যালিপ্স নাও’ ছবিতে তার কয়েক মিনিটের উপস্থিতিই সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। বিশেষ করে তার সেই বিখ্যাত সংলাপ—‘আই লাভ দ্য স্মেল অব নেপালম ইন দ্য মর্নিং’ (সকালে নেপালমের গন্ধ আমার খুব প্রিয়)—আজও দর্শকদের কানে বাজে। এছাড়া ‘টু কিল আ মকিংবার্ড’ ছবিতে রহস্যময় ‘বু র‍্যাডলি’ চরিত্রে তার অভিষেক ছিল অত্যন্ত শক্তিশালী। 

    ব্যক্তিগত জীবন 

    একজন নৌ-অ্যাডমিরালের সন্তান অভিনেতা রবার্ট ডুভাল সেনাবাহিনীতে কাজ করার পর অভিনয়ে যোগ দেন। তবে তার এই যাত্রা মোটেই সহজ ছিল না। নিউইয়র্কে থাকাকালীন তাকে ডাস্টিন হফম্যান এবং জিন হ্যাকম্যানের সঙ্গে রুম শেয়ার করে থাকতে হতো। পরবর্তীকালে এই দুজনও সফলতার শিখরে পৌঁছান। 

    পর্দার বাইরে ডুভালের অন্যতম ভালোবাসা ছিল ‘ট্যাঙ্গো’ নাচ। আর্জেন্টিনা ও ভার্জিনিয়ায় তিনি সময় কাটাতেন। ভার্জিনিয়ার খামারে নিজের শস্যভাণ্ডারকে একটি ট্যাঙ্গো নাচের হলে রূপান্তরিত করেছিলেন তিনি। সেখানেই নিজের চতুর্থ স্ত্রী লুসিয়ানার সঙ্গে পরিচয় হয় ডুভালের। 

    রবার্ট ডুভালের মৃত্যুতে হলিউড এমন একজন অভিনেতাকে হারাল, যিনি কাউবয় থেকে শুরু করে গ্যাংস্টার—সব চরিত্রেই মিশে যেতে পারতেন অবলীলায়। তার প্রয়াণে বিশ্ব চলচ্চিত্রে শোকের ছায়া নেমে এসেছে। 

    বিনোদন ডেস্ক

  • বাবা হারালেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা

    না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার প্রয়াণের এই খবর সিদ্ধার্থ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় শেয়ার করেন। 

    এ ঘটনায় অভিনেতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

    বাবার সঙ্গে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সিদ্ধার্থ লেখেন, ‘তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাবা। তোমার উপস্থিতি অনেক মূল্যবান ছিল আমাদের কাছে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে শ্বশুরের প্রয়াণে তাকে নিয়ে সিদ্ধার্থের স্ত্রী কিয়ারা আদভানিও আবেগঘন স্মৃতিচারণা করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্বশুর সুনীল মালহোত্রাকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, ‘প্রথম দিন থেকেই উষ্ণ অভ্যর্থনায় আমাকে নিজের করে নিয়েছিলে। কখনো কিছুর কমতি ছিল না। স্নেহ-ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলে। 

    তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা, দায়বদ্ধতাই ছিল তোমার জীবনের সব কিছু। সবার ছোট ছোট জিনিসের দিকে তুমি বরাবর নজর রেখেছ। পরিবারের সবার জন্য সবটুকু উজাড় করে দিয়ে গিয়েছ। কিন্তু পরিবর্তে কিছুই চাওনি। 

    তোমার হাসি, প্রাণোচ্ছ্বল স্বভাব, তোমার শক্তি, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা— এই সব কিছুই থেকে যাবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে তোমায়। চিরশান্তিতে থেকো।’ 

    বিনোদন ডেস্ক

  • ৪৮ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন হলিউড তারকা

    না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস ভ্যান ডার বিক। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।‘ডসন্স ক্রিক’খ্যাত এই তারকার মৃত্যুর খবর তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়। 

    ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় জেমস ডেভিড ভ্যান ডার বিক আজ সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।জীবনের শেষ দিনগুলো তিনি সাহস, বিশ্বাস ও অসাধারণ মর্যাদার সঙ্গে কাটিয়েছেন।’ 

    ক্যারিয়ারে এই অভিনেতা সবচেয়ে বেশি পরিচিতি পান জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ডসন্স ক্রিক’-এ ডসন লিরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজটি যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরবর্তীতে জেমস ভ্যান ডার বিক সিনেমায়ও অভিনয় করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ভার্সিটি ব্লুজ’ ও ‘দ্য রুলস অব অ্যাট্রাকশন’। তবে বড় পর্দায় কাজ করলেও ‘ডসন্স ক্রিক’-এর বিপুল সফলতাকে তিনি কখনোই সেভাবে পেছনে ফেলতে পারেননি। 

    এর আগে ২০২৪ সালে অভিনেতা প্রকাশ্যেই জানিয়েছিলেন, কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত তিনি। তখন থেকেই তার চিকিৎসা চলছিল। 

    এই হলিউড তারকার প্রয়াণে তার স্ত্রী কিম্বারলি ভ্যান ডার বিক সামাজিক মাধ্যমে দেওয়া এক শোকবার্তায় জানান, মানবতার প্রতি তার ভালোবাসা ও জীবনের নানা দিক নিয়ে আরও অনেক কিছু বলার আছে। তবে এই মুহূর্তে পরিবারটি ব্যক্তিগতভাবে শোক পালনের সময় চাইছে। 

    ভ্যান ডার বিক দম্পতির সংসারে ছয় সন্তান রয়েছে। 

    সূত্র: এএফপি 

    বিনোদন ডেস্ক

  • ‘দুই ভুবনের দুই বাসিন্দা’ গানের সুরকার শাহনেওয়াজ আর নেই

    দেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ ফ্রেবুয়ারি) কানাডায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মো. শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

    বাংলাদেশ বেতারের সুরকার ও সংগীত পরিচালক রুমন হায়াৎ গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। 

    রুমন হায়াৎ বলেন, ‘দুঃসংবাদটি আমাকে জানিয়েছেন তার ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন। এমন সংবাদ জেনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তার মতো একজন্য বরেণ্য সংগীত পরিচালক ও সুরকারকে হারিয়ে দেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মো. শাহনেওয়াজের সুর করা ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তাল’ ও ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করি লেনদেন’ গান দুটি তাকে সুরকার হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়। ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করা নন্দিত এই সুরকারের সুরারোপিত গানের সংখ্যা দুই হাজারেরও বেশি। 

    তার সুর করা শ্রোতপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে’, ‘দমে দমে মাটির পুতুল কি করে যে চাই’, ‘তুমি কি সেই তুমি’, ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে’ ইত্যাদি। শাহনেওয়াজের সুর করা গানে শাহনাজ রহমাতুল্লাহ, ফেরদৌসী রহমান, রুনা লায়লা, দিলরুবা খান, আব্দুল জব্বার, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, ফাহমিদা নবীসহ দেশের খ্যাতিমান প্রায় সব শিল্পীই কণ্ঠ দিয়েছেন। 

    উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনিসেফ মাতৃভাষা দিবসের উদ্বোধনী সংগীত পরিচালনা করেন শাহনেওয়াজ। বিটিভিতে প্রচারিত নাটক ‘তৃষ্ণা’র সংগীত পরিচালনার জন্য তিনি জার্মানি থেকে বেস্ট টিভি অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও ১৯৮৮ সালে নাট্যসভা পুরস্কার, ২০০৯ সালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পুরস্কার, ২০১৩ সালে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদকসহ জীবদ্দশায় অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। 

    বিনোদন ডেস্ক