Tag: মৃত্যু

  • ১০০ কোটির প্রস্তাব এলে যা বলেছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা— এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে নানা প্রশ্ন ও বিতর্ক চলে আসছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে এখনো আলোচনা-সমালোচনা থামেনি।

    এ হত্যা মামলার অন্যতম আসামি ডন গ্রেফতার হওয়ার পর সালমান শাহর মৃত্যুর বিষয়টি নিয়ে আবারও সামনে এসেছে। সম্প্রতি সালমান শাহর মা লন্ডনে বাঙালি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন।

    সালমান শাহর মৃত্যু নিয়ে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। অন্যদিকে সালমানভক্তদেরও প্রত্যাশা— তিন দশক ধরে চলা এই রহস্যের অবসান ঘটিয়ে একদিন সত্য সবার সামনে চলে আসবে। নব্বই দশকের জনপ্রিয় এ নায়কের মৃত্যুরহস্য নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা-সমালোচনা আর বিতর্ক অবসান ঘটবে। 

    সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ডন গ্রেফতার হওয়ার পর তার পরিবার ও ভক্তরা আবার বিচারের দাবিতে সরব হয়েছেন। এমন পরিস্থিতিতে লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর তাকে দেওয়া কথিত প্রলোভন ও হুমকির বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন। 

    লন্ডনে সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী বলেন, সালমানের মৃত্যুর পর মামলা নিয়ে আর না বাড়াবাড়ি করার বিনিময়ে তাকে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, ‘১৯৯৬ সালের সেপ্টেম্বরে সালমান মারা যায়। ওই বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে জাতীয় পার্টির তৎকালীন একজন মন্ত্রী, যিনি আজিজ মোহাম্মদের বন্ধু ছিলেন, আমার বাসায় এসেছিলেন। তার নাম বলতে চাই না। মনে হয় তিনি এখন আর বেঁচে নেই। ওই ব্যক্তির দেওয়া প্রস্তাবের কথা উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, তিনি আমাকে বলেছিলেন— ভাবি আপনাকে ১০০ কোটি টাকা দেওয়া হবে। এসব নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। আপনার বয়স হয়ে যাচ্ছে, এই টাকাগুলো খরচ করেন। আমি তাকে বলেছিলাম— ভাই, আমি ১০০ কোটি টাকা চাই না, আমার ছেলেটাকে এনে দেন।

    সালমানের মায়ের দাবি, তিনি তার ছেলের মৃত্যুর পর শুধু অর্থের প্রস্তাবই নয়, বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হয়েছিল। তবে কোনো প্রলোভন বা হুমকিই তাকে ছেলের মৃত্যুর সত্য উদ্ঘাটনের দাবি থেকে সরাতে পারেনি।

    সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও তার সাবেক স্ত্রী সামিরা প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, ‘সামিরা দোষী। ও খুনি। ওর বিচার চাই। খুনি না হলে ও পালাবে কেন? 

    সামিরার শাস্তি চেয়ে তিনি বলেন, আমি শুনেছি সামিরা পালিয়ে ভারতের এলাহাবাদ অথবা হায়দরাবাদে গেছে। ভারত থেকে সালমান শাহর এক ভক্ত আমাকে জানিয়েছে— ‘সে নিশ্চিত হয়ে বলেছে সামিরা ভারতে পালিয়ে গেছে।’ তবে সামিরার বিরুদ্ধে করা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা দাবির স্বাধীন সত্যতা সংবাদ সম্মেলনে উপস্থাপিত হয়নি।

    অভিনেত্রী শাবনূরের সঙ্গে সালমান শাহর সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, ‘শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না।’

    তিনি বলেন, ‘সালমান শাবনূরকে নিজের বোনের মতোই দেখত। শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল এবং সালমান তাকে সাহায্য করার চেষ্টা করত। সালমানের কোনো বোন ছিল না। তাই সে শাবনূরকে বোনের মতোই দেখত ও স্নেহ করত’ বলেও জানান নীলা চৌধুরী।

    বিনোদন ডেস্ক

  • বাথরুম থেকে জনপ্রিয় রিয়েলিটি শো টিভি তারকার মৃতদেহ উদ্ধার

    জনপ্রিয় এমটিভি রিয়েলিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’-এর বিজয়ী ও পরিচিত মুখ টাইলার ডাকওয়ার্থ ৪৪ বছর বয়সে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তার মা জনি এই দুঃসংবাদটি জানান। 

    ‘পিপল’-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে টাইলারের নিচের তলার প্রতিবেশীরা তাদের ছাদ থেকে পানি পড়ার অভিযোগ করলে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ফর্ক্স পুলিশ ডিপার্টমেন্ট তার বাড়িতে পৌঁছায়। পুলিশ সেখানে গিয়ে তার অ্যাপার্টমেন্টের বাথরুমের ভেতর থেকে টাইলার ডাকওয়ার্থকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

    প্রাথমিকভাবে কোনো ধরনের সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত এবং টক্সিকোলজি রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। 

    টাইলারের মা ফেসবুকে লেখেন, ‘আমার ছেলে টাইলার মারা গেছে। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ তবে সদ্য প্রয়াত টাইলারের বাবার সঙ্গে কথা বলে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা ঠিক করার পর বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    টাইলারের আকস্মিক প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার প্রাণবন্ত ব্যক্তিত্ব স্মরণ করে এবং পরিবারকে সান্ত্বনা জানিয়ে বার্তা দিয়েছেন। 

    কে ছিলেন টাইলার ডাকওয়ার্থ?

    টাইলার ডাকওয়ার্থ একজন মার্কিন রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব। তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন এমটিভির ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড: কি ওয়েস্ট’ শোয়ের মাধ্যমে। 

    পরবর্তীতে তিনি ‘দ্য চ্যালেঞ্জ’ ফ্র্যাঞ্চাইজির বহু সিজনে প্রতিদ্বন্দ্বিতা করেন—যার মধ্যে দ্য ডুয়েল, দ্য গন্টলেট ৩, কাটথ্রোট, রাইভালস, অল স্টারস ২ এবং অল স্টারস ৩ অন্যতম। প্রতিযোগিতামূলক মনোভাব ও দারুণ পারফরম্যান্সের জন্য তিনি শোর ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং ‘দ্য চ্যালেঞ্জ’-এর শিরোপাও জয় করেছিলেন। 

    সূত্র: সামা টিভি

    বিনোদন ডেস্ক

  • ‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত গায়ক স্বাগত দে মারা গেছেন

    ওপার বাংলার লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

    এই সংগীতশিল্পী ‘ময়না ছলাৎ ছলাৎ’ এবং ‘সোনা বন্ধু রে’র মতো অসামান্য সব জনপ্রিয় লোকগানের মাধ্যমে বাংলা গানের জগতে ব্যাপক পরিচিতি লাভ করেন। 

    পরিবার জানায়, সোমবার (৩ আগস্ট) তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (৬ আগস্ট) না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী শিল্পী। 

    স্বাগত দে জাদুকরী ও প্রাণবন্ত কণ্ঠে বাংলা লোকসংগীত নতুন প্রজন্মের কাছেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। বিশেষ করে সুরেলা কণ্ঠ ও আবেগঘন পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। তার এই আকস্মিক প্রয়াণে সংগীত ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সদ্য প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওপার বাংলার গায়িকা জোজো লিখেছেন, ‘তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।’ 

    অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে লেখেন, খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই। 

    আরেক লোকসংগীতশিল্পী দেব চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি। 

    বিনোদন ডেস্ক

  • ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি এগিদা রিভেরা মারা গেছেন

    মার্ভেলের ইতিহাস সৃষ্টি করা সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ জ্যাকব ব্যাটালনের (নেড) নানি চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা মারা গেছেন। হঠাৎ তার এই প্রয়াণে মার্ভেল অনুরাগী এবং চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

    অভিনেত্রীর শোকসংবাদ এবং স্বজনদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড সোমবার (৩ আগস্ট) জানায়, মেরি রিভেরা গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনুলুলুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

    পরিবারের এক সদস্য জানান, তিনি স্ট্রোক করেছিলেন। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় তার সংক্ষিপ্ত কিন্তু স্মরণীয় ভূমিকাটি নিয়ে মেরি অত্যন্ত গর্বিত ছিলেন বলেও জানান সেই স্বজন। 

    সিনেমায় মেরি রিভেরার উপস্থিতি সংক্ষিপ্ত হলেও তা প্রেক্ষাগৃহে দর্শকদের দারুণ হাসির খোরাক জুগিয়েছিল। 

    চলচ্চিত্রে যখন অল্টারনেট ইউনিভার্স থেকে আসা অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যানের সঙ্গে নেড ও এমজে (জেনডায়া)-এর এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়, ঠিক তখনই ঘরে প্রবেশ করেন মেরি। হালকা পরিবেশে তিনি নেডের মাধ্যমে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যানকে ছাদের কোণ থেকে মাকড়সার জাল পরিষ্কার করার নির্দেশ দেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দৃশ্যটিতে অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুইয়ার, টম হল্যান্ড, জেনডায়া ও জ্যাকব ব্যাটালনের মতো বড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে মেরি দর্শক হৃদয়ে জায়গা করে নেন। 

    মেরি রিভেরার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক বার্তা পাঠাচ্ছেন বিশ্বজুড়ে থাকা স্পাইডার-ম্যান ভক্তরা। 

    উল্লেখ্য, মেরি এগিদা রিভেরা ১৯৪৩ সালের ২ জুন ফিলিপাইনের ইলোইলোতে জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে একজন অবসরপ্রাপ্ত মিশনারি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী আলেজান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন পুতি-পুতিনি রেখে গেছেন। 

    বিনোদন ডেস্ক

  • রিনা রহমান আর নেই

    দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে।

    অভিনেত্রী রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিনগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি প্রকাশ করে তিনি তার মৃত্যুর খবর জানান।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও নিয়মিত অভিনয় চালিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাম্প্রতিক সময়ে তিনি কাজ থেকে অনেকটাই দূরে ছিলেন।

    মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন। তবে অসুস্থতার কারণে ওই নাটকের শুটিংয়ে নিয়মিত অংশ নিতে পারছিলেন না।

    দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী ধারাবাহিক ‘সংশপ্তক’ (১৯৮৭), জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’ এবং চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪) ও ‘ঘানি’ (২০০৬)।

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় মাত্র ১৮ বছরে প্রাণ হারালেন ‘গডজিলা’খ্যাত অভিনেত্রী

    অল্প বয়সেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা আমেরিকান অভিনেত্রী কেলি হটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে যাওয়া একটি গাড়ি দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই তার জীবনপ্রদীপ নিভে গেল। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

    মেরিল্যান্ডের ফ্রেডরিক কাউন্টি শেরিফ অফিস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটিতে চালকসহ তিনজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেলি হটল ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ঘটনাস্থলেই মারা যান। 

    গাড়িটি যিনি চালাচ্ছিলেন, তিনি ১৯ বছর বয়সি এক তরুণ। দুর্ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে আশঙ্কামুক্ত। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিই এই প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ হতে পারে। 

    জানা যায়, কেলি হটল একজন বধির ছিলেন। তার পরিবারে বধিরতার ইতিহাস চার প্রজন্ম ধরে বিস্তৃত। তার বাবা জশুয়া হটলও একজন বধির। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই অভিনেত্রী মূলত বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান ২০২১ সালের জনপ্রিয় থ্রিলার সিনেমা ‘গডজিলা ভার্সেস কং’-এ ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে। পরবর্তীতে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’-এও তিনি একই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। সিনেমাগুলোতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। 

    চলতি বছরের মার্চ মাসে ‘গুড মর্নিং আমেরিকা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সাফল্য নিয়ে কেলি বলেছিলেন, ‘আমার সহপাঠীরা বিষয়টাকে দারুণভাবে উপভোগ করে। তারা তাদের একজন বন্ধুকে বড় পর্দায় কিং কংয়ের পাশে অভিনয় করতে দেখে সত্যি আনন্দিত।’ 

    শোকে স্তব্ধ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান

    কেলি হটলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা জশুয়া হটল একটি ভিডিও বার্তায় আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ-এর মাধ্যমে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান, তিনি মেরিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি এমন একটি ফ্লাইটে উঠছি, যা আমি কখনোই জীবনে নিতে চাইনি।’ 

    কেলি অস্টিনের ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’-এর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার স্কুল কর্তৃপক্ষ। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় স্কুলটি লিখেছে, ‘কেলিকে হারানোর এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীর শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহপাঠীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সবাই যেন এই কঠিন শোক সহ্য করতে পারেন।’ 

    বিনোদন ডেস্ক

  • ‘টোটাল ইক্লিপ্স অব দ্য হার্ট’ খ্যাত পপতারকা বনি টাইলার আর নেই

    আশির দশকের পপ ও রক মিউজিকের গতিপথ বদলে দেওয়া এবং নিজের জাদুকরী ও গম্ভীর কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা ওয়েলশ রক সংগীতশিল্পী বনি টাইলার আর নেই। 

    গত ৮ জুলাই পর্তুগালের ফারো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

    বৃহস্পতিবার (৯ জুলাই) তার অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করা হয়। 

    পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় আকস্মিকভাবেই শারীরিক জটিলতার কারণে মারা যান।’ উল্লেখ্য, গত মে মাসে পর্তুগালের ফারোতে নিজের বাসভবনের কাছে অন্ত্রের সমস্যার কারণে তার একটি জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে কৃত্রিম কোমায় রাখা হয়। 

    মাঝে কিছুটা সুস্থতার লক্ষণ দেখা গেলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি বিদায় নিলেন। মৃত্যুকালে তিনি তার ৫০ বছরেরও বেশি সময়ের জীবনসঙ্গী, সাবেক অলিম্পিক জুডো প্রতিযোগী রবার্ট সালিভানকে রেখে গেছেন। 

    উল্লেখ্য, ১৯৫১ সালের ৮ জুন দক্ষিণ ওয়েলসের এক কয়লা খনি শ্রমিকের পরিবারে জন্মগ্রহণ করেন বনি টাইলার, যার আসল নাম ছিল গেনর হপকিন্স। ক্যারিয়ারের শুরুতে ‘বনি টাইলার’ মঞ্চনাম বেছে নেওয়ার পর সত্তর ও আশির দশকে তিনি বিশ্বসংগীতের অন্যতম চেনা কণ্ঠস্বরে পরিণত হন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ১৯৭০-এর দশকে গলার ভোকাল নডিউল অপসারণের এক অস্ত্রোপচারের পর তার কণ্ঠে এক অদ্ভুত গম্ভীর ও খসখসে ভাব আসে, যা পরবর্তীতে তার গানের প্রধানতম শক্তি ও সিগনেচার স্টাইলে পরিণত হয়।

    ১৯৭৭ ও ১৯৭৮ সালের আন্তর্জাতিক হিট গান ‘ইটস আ হার্টঅ্যাক’-এর মাধ্যমে আটলান্টিকের দুই পারেই তার ব্যবসায়িক সাফল্য আসে। তবে গীতিকার ও প্রযোজক জিম স্টেইনম্যানের সঙ্গে তার জুটি ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করে নেয়। 

    ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত তার আইকনিক গান ‘টোটাল ইক্লিপ্স অব দ্য হার্ট’ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে টানা চার সপ্তাহ অবস্থান করে এবং যুক্তরাজ্যের সিঙ্গেলস চার্টেও এক নম্বরে জায়গা করে নেয়। নাটকীয় সুর আর বনির আবেগী কণ্ঠের এই গানটি আজও বিশ্বসংগীতের অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত। 

    সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ উপাধিতে ভূষিত করা হয়। 

    মৃত্যুর মাত্র কয়েক মাস আগেই স্পোটিফাই-এ বনি টাইলারের ‘টোটাল ইক্লিপ্স অব দ্য হার্ট’ গানটি ১ বিলিয়ন (১০০ কোটি) স্ট্রিমের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে। 

    বিনোদন ডেস্ক

  • চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

    দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের রুপালি পর্দার খ্যাতনামা নৃত্য পরিচালক জাকির হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। 

    তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান। 

    এক ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’ 

    তিনি আরও বলেন, ‘জাকির ভাইয়ের অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কষ্টের। যেখানেই থাকেন, ভালো থাকেন ভাই। আমিন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনের মৃত্যু হয়। তার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত জাকির। আগে বহু সিনেমায় নৃত্য নির্দেশনা দিয়েছেন তিনি; করেছেন অভিনয়ও। তিনি শিল্পী সমিতিতে একসময় ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।  

    বিনোদন ডেস্ক

  • ‘ফ্রেন্ডস’খ্যাত কিংবদন্তি পরিচালক জেমস বারোজ আর নেই

    টেলিভিশন ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সিটকম (কমেডি সিরিজ) পরিচালক জেমস বারোজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

    জেমস বারোজের পরিবার মার্কিন গণমাধ্যম পিপল-কে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। 

    বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি আজ পরিবারের সদস্যদের সান্নিধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

    কয়েক দশক দীর্ঘ ক্যারিয়ারে জেমস বারোজ মার্কিন টেলিভিশন কমেডির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। টেলিভিশনের পর্দায় একের পর এক কালজয়ী ও জনপ্রিয় শো উপহার দিয়েছেন তিনি। তার পরিচালিত ও যুক্ত থাকা বিখ্যাত সিরিজগুলোর মধ্যে— ‘চিয়ার্স’, ‘ট্যাক্সি’, ‘ফ্রেন্ডস’, ‘উইল অ্যান্ড গ্রেস’ অন্যতম। 

    টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য জেমস বারোজ তার ক্যারিয়ারে ব্যাপক স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন। তিনি মোট ১১টি এমি অ্যাওয়ার্ড জয় করেন। এর মধ্যে ১৯৮০ এবং ১৯৮১ সালে পরপর দুই বছর জনপ্রিয় কমেডি সিরিজ ‘ট্যাক্সি’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ডিরেক্টিং’ বিভাগে নিজের প্রথম এমি পুরস্কারগুলো লুফে নেন তিনি। 

    এমি ছাড়াও তিনি পাঁচবার ‘ডাইরেক্টরস গিল্ড অব আমেরিকা’ পুরস্কারে ভূষিত হন। টেলিভিশন পরিচালনায় তার আজীবন অবদানকে সম্মান জানিয়ে ২০১৫ সালে ডাইরেক্টরস গিল্ড অব আমেরিকা তাকে মর্যাদাপূর্ণ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, ১৯৭৪ সালে টেলিভিশন ক্যারিয়ার শুরু করা জেমস বারোজ দীর্ঘ ক্যারিয়ারে ৫০টিরও বেশি জনপ্রিয় মার্কিন শোর পাইলট (প্রথম/উদ্বোধনী পর্ব) পর্ব পরিচালনা করেছেন, যা আমেরিকান সিটকমের ধারা বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়া টেলিভিশনের ইতিহাসের অন্যতম সেরা কমেডি সিরিজ ‘চিয়ার্স’র সহ-স্রষ্টাও ছিলেন তিনি। 

    বড় বড় তারকাদের নিখুঁতভাবে পরিচালনা করার দক্ষতার জন্য তিনি সুপরিচিত ছিলেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে সব মিলিয়ে এক হাজারেরও বেশি টেলিভিশন পর্ব পরিচালনা করেছেন এই গুণী নির্মাতা। তার প্রস্থান মার্কিন বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। 

    বিনোদন ডেস্ক

  • ৩৫তম জন্মদিনের একদিন পর তুর্কি অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

    জনপ্রিয় তুর্কি টেলিভিশন নাটক ওয়ান লাভ-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেত্রী ইসি ইরতেম আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

    অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানান, গত সোমবার (১৫ জুন) বিকালে ইসি ইরতেমকে তার নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। অভিনেত্রী সেখানে তার মায়ের সঙ্গে থাকতেন। 

    ঘটনাটি অত্যন্ত আকস্মিকভাবে ঘটে এবং দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করা সত্ত্বেও তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। 

    অত্যন্ত হৃদয়বিদারক বিষয় হলো, নিজের ৩৫তম জন্মদিন উদযাপনের মাত্র একদিন পরেই তার এই অকাল মৃত্যু ঘটল। 

    আইনজীবী গোক্কোয়ুন উল্লেখ করেন যে, প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াকেই (হার্ট অ্যাটাক) মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে চূড়ান্ত কারণ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই গুঞ্জনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন যে অভিনেত্রী নিজের জীবন নিজে শেষ করে দিয়েছেন (আত্মহত্যা)। তিনি সবাইকে এই ধরণের সংবেদনশীল সময়ে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানান। 

    ১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্ম এই অভিনেত্রী ২০১৪ সালে ইয়াসার ইউনিভার্সিটির ‘অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স’ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ইস্তাম্বুলের সাদরি আলিশিক কালচারাল সেন্টারে অভিনয়ের ওপর আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেন। 

    দেশের অন্যতম উদীয়মান ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত ইসি ইরতেমের এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তুরস্কের বিনোদন অঙ্গন এবং তার অগণিত ভক্ত-অনুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক