Tag: মামলা

  • পাকিস্তানে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে অভিনেত্রীকে হয়রানির অভিযোগ

    জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবালের দায়ের করা অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং জীবননাশের হুমকির অভিযোগে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাডারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। 

    অভিযুক্ত সাকিব চাডার ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) একজন আইনপ্রণেতা। এই মামলায় অভিযুক্তের স্ত্রী সামিরা খানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    পাঞ্জাব এনসিসিআইএ-এর পরিচালক মুহাম্মদ আলী ওয়াসিম গণমাধ্যমকে জানিয়েছেন, মামলার তদন্ত সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে এবং কোনো রাজনৈতিক চাপ ছাড়াই পরিচালিত হচ্ছে। আইনি বাধ্যবাধকতার কারণে শুরুতে অভিযুক্তের নাম প্রকাশ না করা হলেও, সম্প্রতি উভয় পক্ষের আইনজীবীদের প্রকাশ্য বক্তব্য এবং শুনানির পর বিস্তারিত তথ্য সামনে এসেছে। 

    ঘটনার সূত্রপাত ঘটে বুধবার (২০ মে), যখন অভিনেত্রী মোমিনা ইকবাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে অনলাইনে হয়রানি ও হুমকি দিয়ে আসছেন। 

    ইতোপূর্বে এফআইএ এবং এনসিসিআইএ-তে অভিযোগ করেও কোনো ফল না মেলায়, তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি ন্যায়বিচার এবং নিরপেক্ষ তদন্তের আবেদন জানান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রীর এই আকুল আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে মুখ্যমন্ত্রী কার্যালয় এবং পিএমএল-এন নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। এর পরপরই এনসিসিআইএ-এর পাঞ্জাব প্রধান মুহাম্মদ আলী ওয়াসিম মোমিনা ইকবাল এবং অভিযুক্ত এমপিএ উভয়কেই লাহোর কার্যালয়ে হাজির হওয়ার জন্য আনুষ্ঠানিক সমন জারি করেন। 

    বৃহস্পতিবার (২১ মে) উভয় পক্ষ নিজ নিজ আইনজীবীসহ তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হন। মোমিনা ইকবালের আইনজীবীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, ২০২২ সাল থেকে ওই আইনপ্রণেতার সঙ্গে অভিনেত্রীর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এক পর্যায়ে তিনি মোমিনাকে বিয়ের প্রস্তাবও দেন। তবে পরবর্তীতে উক্ত এমপিএ বিবাহিত জানার পর মোমিনা সেই সম্পর্ক থেকে সরে আসেন। 

    অভিযোগ অনুযায়ী, সম্প্রতি মোমিনা ইকবালের অন্যত্র বাগদান সম্পন্ন হওয়ার পর এবং বিয়ের প্রস্তুতি শুরু হলে হয়রানির মাত্রা চরম আকার ধারণ করে। এমপিএ সাকিব চাডার অভিনেত্রীর হবু স্বামীকে হুমকি দিতে শুরু করেন এবং তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও দায়ের করান বলে অভিনেত্রীর আইনি দল দাবি করেছে। 

    মোমিনা ইকবালের আইনজীবীরা সাইবার বুলিং এবং হুমকির যাবতীয় ডিজিটাল প্রমাণাদি (স্ক্রিনশট এবং কল রেকর্ড) তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করেছেন। এনসিসিআইএ জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। 

    অন্যদিকে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়ায় মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী মোমিনা ইকবাল। 

    সূত্র: ২৪নিউজ 

    বিনোদন ডেস্ক

  • আলভীর স্ত্রীর আত্মহত্যা মামলার তদন্তভার পেল ডিবি

    ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভী। গত ১ মার্চ তার স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় ওইদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তভার এবার থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। 

    পাশাপাশি এ মামলায় আগামী ২৪ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন। 

    রোববার (১৭ মে) পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম এমন তথ্য জানান। 

    তিনি বলেন, ‘গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। আজ মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা ডিবি পুলিশ এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন জমার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মামলার নথি সূত্রে জানা যায়, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। 

    এ ঘটনায় ওইদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। 

    মামলায় ইকরার স্বামী অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • অপহৃত স্কুলছাত্রীকে কথিত অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার

    পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে অপহরণের একদিন পর শুক্রবার (১৫ মে) রাজধানীর বাড্ডা এলাকায় এক কথিত অভিনেত্রীর বাসা থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। 

    এ ঘটনায় অপহরণের অভিযোগে ওই কথিত অভিনেত্রী সুলতানা রোজ নিপা ও তার ভাইসহ তিনজনকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেছে ওই স্কুলছাত্রীর বাবা। 

    জানা গেছে, মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। 

    পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তবে স্কুল ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থী সেদিন স্কুলে উপস্থিত ছিল না। 

    সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও কোনো সন্ধান না পেয়ে শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

    ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। অপরপ্রান্ত থেকে বলা হয়, আঙ্কেল আপনার মেয়ে আমার কাছে এসেছে। আমি তাকে বিয়ে করেছি। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

    লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটি ট্রুকলারে আকাশ নামে এক ব্যক্তিকে শনাক্ত করে। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে আব্বাস আলী ওরফে আকাশ (৩৫) নাম পাওয়া যায়। তার বাবার নাম মৃত জাহাঙ্গীর হোসেন। স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এলাকা এবং বর্তমান ঠিকানা রাজধানী ঢাকার বাড্ডা বলে জানা গেছে।

    পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশ রাতে ঢাকার বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে ওই শিক্ষার্থীকে সুলতানা রোজ নিপা নামে এক নারীর বাসা থেকে উদ্ধার করে। পরে শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে অপহরণের ঘটনায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, সুলতানা রোজ নিপা ঢাকায় অভিনেত্রী হিসেবে পরিচিত। 

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আকাশ দেবীগঞ্জে ভাড়া ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কলেজপাড়ায় ভাড়াবাসায় থাকতেন। এ সময় শিক্ষার্থীর বাড়ির পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে তিনি ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজনের সহায়তায় পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটানো হয়।

    এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানিয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • তথ্য গোপন ও নজরদারির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

    ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ এবং প্ল্যাটফর্মটিকে আসক্তিমূলকভাবে গড়ে তোলার অভিযোগে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। সোমবার (১১ মে) ডালাস এলাকার একটি আদালতে টেক্সাসের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন ৫৯ পৃষ্ঠার একটি অভিযোগপত্র দাখিল করেন। 

    মামলার শুরুতেই প্যাক্সটন অভিযোগ করেন, ‘আপনি যখন নেটফ্লিক্স দেখেন, নেটফ্লিক্স তখন আপনাকে দেখে।’ 

    মামলার বিবরণী অনুযায়ী, নেটফ্লিক্সকে একটি বিশাল তথ্যের ভাণ্ডার হিসেবে বর্ণনা করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, কোম্পানিটি ব্যবহারকারীদের দেখার অভ্যাস, পছন্দ-অপছন্দ এবং অন্যান্য সংবেদনশীল আচরণগত তথ্য নিয়মিত ট্র্যাক ও লগ করে রাখে।

    একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্যাক্সটন দাবি করেন, নেটফ্লিক্স টেক্সাসের শিশু এবং সাধারণ গ্রাহকদের ওপর নজরদারি চালাচ্ছে। সংগৃহীত এই তথ্যগুলো পরবর্তীতে বিজ্ঞাপনদাতাদের সরবরাহ করা হয়, যাতে তারা গ্রাহকদের লক্ষ্য করে সুনির্দিষ্ট বিজ্ঞাপন প্রচার করতে পারে। 

    মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, নেটফ্লিক্স এমন কিছু প্রযুক্তি ব্যবহার করছে যা তরুণ দর্শকদের এই প্ল্যাটফর্মের প্রতি আসক্ত করে তোলে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘অটোপ্লে’ ফাংশন। 

    শিশুদের প্রোফাইলসহ সব প্রোফাইলে এটি ডিফল্ট হিসেবে চালু থাকে। এর ফলে একটি পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী পর্ব শুরু হয়ে যায়, যা দর্শকদের দীর্ঘক্ষণ স্ক্রিনে আটকে রাখে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নেটফ্লিক্সের প্রতিক্রিয়া 

    এই অভিযোগের জবাবে এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে নেটফ্লিক্স জানিয়েছে, ‘এই মামলার কোনো ভিত্তি নেই এবং এটি ভুল ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে।’ 

    প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে যে, তারা সদস্যদের গোপনীয়তাকে গুরুত্ব দেয় এবং বিশ্বজুড়ে প্রচলিত ডেটা সুরক্ষা আইন মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করে। 

    বর্তমানে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে বর্তমান সিনেটর জন কর্নিনের বিরুদ্ধে প্রাথমিক লড়াইয়ে যুক্ত আছেন কেন প্যাক্সটন। এই অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে বলেন, ‘নেটফ্লিক্স যেমন দাবি করে তারা আসলে তেমন বিজ্ঞাপনমুক্ত বা শিশুবান্ধব প্ল্যাটফর্ম নয়। বরং তারা গ্রাহকদের বিভ্রান্ত করে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে।’ 

    এই মামলা চলাকালীন গ্রাহকদের তথ্য সংগ্রহ বা প্রকাশ নিষিদ্ধ করার জন্যও আদালতের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। টেক্সাসের ‘ডিসিপ্টিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট’ লঙ্ঘনের দায়ে প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানার আবেদন করা হয়েছে। 

    সূত্র: দ্য হিন্দু 

    বিনোদন ডেস্ক

  • স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার

    টেলিভিশন বিক্রির বিজ্ঞাপনে অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করার অভিযোগে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের বিরুদ্ধে অন্তত ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা।

    মামলায় অভিযোগ করা হয়েছে, খুচরা বিক্রির জন্য রাখা টেলিভিশনের কার্ডবোর্ডের বাক্সের সামনে দুয়া লিপার একটি কপিরাইট করা ছবি ব্যবহার করেছে স্যামসাং। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এমন একটি আবহ তৈরি করেছে, যা দেখে মনে হয় পপ তারকা এ পণ্যটির প্রচার বা ‘এন্ডোর্সমেন্ট’ করছেন।

    মামলার তথ্য অনুযায়ী, টিভির বাক্সে ব্যবহৃত ছবিটির শিরোনাম ‘দুয়া লিপা— ব্যাকস্টেজ অ্যাট অস্টিন সিটি লিমিটস, ২০২৪’। এ ছবির যাবতীয় স্বত্ব ও মালিকানা কেবল দুয়া লিপার। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে এ মামলাটি করা হয়।

    চলমান আইনি প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্যামসাং ইলেকট্রনিকসের একজন মুখপাত্র। অন্যদিকে, দুয়া লিপার আইনজীবীরাও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বাড়তি কোনো মন্তব্য করেননি।

    কপিরাইট এবং ট্রেডমার্ক লঙ্ঘনের পাশাপাশি স্যামসাংয়ের বিরুদ্ধে প্রচারণার অধিকার (পাব্লিসিটি রাইটস) লঙ্ঘনেরও অভিযোগ এনেছেন লিপা।

    আদালতে জমা দেওয়া নথিতে লিপার আইনজীবীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং মন্তব্যের স্ক্রিনশট যুক্ত করেছেন। তাদের দাবি, বাক্সের ওপর পপ তারকার ছবি দেখে সাধারণ গ্রাহকরা পণ্যটি কিনতে উৎসাহিত হয়েছেন। একটি স্ক্রিনশটে দেখা যায়, একজন ভক্ত মন্তব্য করেছেন— ‘শুধু দুয়া লিপার ছবি আছে বলেই’ তিনি টিভিটি কিনবেন।

    ‘লেভিটেটিং’ খ্যাত এই গায়িকার আইনজীবীরা জানান, গত বছরের জুন মাসে স্যামসাংয়ের এ নিয়ম লঙ্ঘনের বিষয়টি লিপার নজরে আসে। তখন তিনি স্যামসাংকে ছবিটির ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বারবার তা প্রত্যাখ্যান করে।

    মামলায় আরও বলা হয়, স্যামসাংয়ের এ অননুমোদিত ব্যবহারের ফলে দুয়া লিপার ব্র্যান্ড ইমেজ ও বাণিজ্যিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। কারণ এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে মিথ্যা বার্তা যাচ্ছে যে, তিনি ওই পণ্যটির অনুমোদন দিয়েছেন।

    অনলাইন ডেস্ক

  • স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৮৩ কোটি টাকার মামলা

    বিশ্বখ্যাত ব্রিটিশ-আলবেনীয় পপ তারকা ডুয়া লিপা ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা) একটি বিশাল মামলা দায়ের করেছেন। ৩০ বছর বয়সী এই গায়িকার অভিযোগ, স্যামসাং তার অনুমতি না নিয়েই এবং কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই টিভি বিক্রির প্রচারণায় তার ছবি ব্যবহার করেছে।

    শুক্রবার (৮ মে) দায়ের করা এই মামলায় উল্লেখ করা হয়, স্যামসাং তাদের বিশ্বব্যাপী বিপণন কর্মসূচিতে ডুয়া লিপার ছবিকে প্রধান্য দিয়েছে, যেখানে শিল্পীর কোনো প্রকার সম্মতিই ছিল না। 

    মামলার বিবরণীতে বলা হয়, ‘মিস লিপার চেহারা তার অজান্তেই একটি গণ-বিপণন প্রচারণায় ব্যবহার করা হয়েছে। তিনি এর অনুমতি দেননি এবং কখনোই এমন ব্যবহারের অনুমতি দিতেন না।’ 

    অভিযোগ অনুসারে, ২০২৫ সালের শুরু থেকে স্যামসাং তাদের টিভির কার্টন এবং বিপণন সামগ্রীতে লিপার ছবি ব্যবহার করা শুরু করে। বিতর্কিত এই ছবিটি ২০২৪ সালে ‘অস্টিন সিটি লিমিটস’ ফেস্টিভ্যালের ব্যাকস্টেজে তোলা হয়েছিল, যার কপিরাইট বা মালিকানা স্বয়ং ডুয়া লিপার। 

    এই সংগীতশিল্পী যখন বিষয়টি জানতে পারেন, তিনি স্যামসাংকে ছবিটি ব্যবহার বন্ধ করতে অনুরোধ করেন। তবে মামলায় দাবি করা হয়েছে, কোম্পানিটি তার অনুরোধের প্রতি ‘উদাসীন ও কঠোর’ মনোভাব প্রদর্শন করেছে এবং তা প্রত্যাখ্যান করেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মামলায় আরও বলা হয়, স্যামসাং লিপার ছবি ব্যবহার করে এমন একটি ধারণা তৈরি করেছে যেন ডুয়া লিপা পণ্যটির বিজ্ঞাপনের সঙ্গে জড়িত (এন্ডোর্সমেন্ট)। 

    সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) এবং ইনস্টাগ্রামের কিছু মন্তব্য প্রমান হিসেবে সেখানে পেশ করা হয়েছে, যেখানে ভক্তরা জানিয়েছেন যে তারা ডুয়া লিপার ছবি দেখেই স্যামসাং টিভি কিনতে উৎসাহিত হয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আমি টিভি কেনার পরিকল্পনাও করিনি, কিন্তু বক্সে তার ছবি দেখে কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ 

    ডুয়া লিপা এই মামলায় কপিরাইট লঙ্ঘন, পাবলিসিটি রাইটস বা প্রচারের অধিকার লঙ্ঘন এবং মিথ্যা অনুমোদন- এই তিনটি প্রধান অভিযোগ এনেছেন। 

    ক্ষতিপূরণ হিসেবে তিনি ১৫ মিলিয়ন ডলারের পাশাপাশি তার ছবি ব্যবহারের ফলে স্যামসাং যে অতিরিক্ত মুনাফা করেছে, তার অংশও দাবি করেছেন। ক্যালিফোর্নিয়ার ‘রাইট অব পাবলিসিটি’ আইন এবং ফেডারেল ‘ল্যানহাম অ্যাক্ট’-এর অধীনে এই দাবি উত্থাপন করা হয়েছে। 

    উল্লেখ্য, ডুয়া লিপার জন্য এটাই প্রথম নয়। গত বছর তিনি দুই সঙ্গীত রচয়িতার বিরুদ্ধে একটি মামলায় জয়লাভ করেছিলেন। ওই দুজনের দাবি ছিল, লিপার জনপ্রিয় গান ‘লেভিটেটিং’-এর সুর চুরি করা। তবে বিচারক সেই দাবি খারিজ করে দেন। 

    এই মামলার বিষয়ে স্যামসাং বা ডুয়া লিপার প্রতিনিধিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

    সূত্র: ইয়াহু নিউজ 

    বিনোদন ডেস্ক

  • সেলিনা জেটলির স্বামীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

    পারিবারিক নির্যাতনের অভিযোগে স্বামী ও অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের বিরুদ্ধে নতুন করে আইনি লড়াই শুরু করেছেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি। 

    মুম্বাইয়ের ভারসোভা থানায় পিটারের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তে সহযোগিতা না করায় পুলিশ এই হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে ইতোমধ্যেই একটি ‘লুকআউট সার্কুলার’ জারি করেছে। 

    সেলিনা জেটলি গত বছরের নভেম্বরে প্রথমবার গার্হস্থ্য সহিংসতা আইনের অধীনে সুরক্ষা চেয়েছিলেন। বর্তমানে এই মামলাটি ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় নথিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে শারীরিক নির্যাতন, নিষ্ঠুরতা এবং অপরাধমূলক হুমকির অভিযোগ রয়েছে। 

    মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে যে, এই ফৌজদারি কার্যক্রমটি বর্তমানে চলমান দেওয়ানি মামলার থেকে সম্পূর্ণ আলাদা।

    আদালতের কাছে সেলিনা মাসিক ১০ লাখ টাকা রক্ষণাবেক্ষণ খরচ এবং দীর্ঘদিনের মানসিক ও শারীরিক হয়রানির ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা দাবি করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির তিনটি সন্তান বর্তমানে অস্ট্রিয়ায় তাদের বাবার হেফাজতে রয়েছে। সেলিনার অভিযোগ, পিটার তার সঙ্গে সন্তানদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

    সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করে এই অভিনেত্রী জানান, ‘অস্ট্রিয়ান আদালতের যৌথ হেফাজতের নির্দেশ থাকা সত্ত্বেও আমাকে আমার তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। আমার সন্তানদের একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আদালতের প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের ফিরিয়ে আনা হয়নি।’ 

    উল্লেখ্য, ভারতে লুকআউট নোটিশ জারির ফলে পিটার হাগ যদি ভারতের কোনো বিমানবন্দরে প্রবেশ করার চেষ্টা করেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হবে। সাধারণত যখন আশঙ্কা থাকে, অভিযুক্ত ব্যক্তি তদন্ত এড়িয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন, তখনই লুকআউট সার্কুলেশন জারি করা হয়। 

    যদিও এখন পর্যন্ত পিটার হাগ কিংবা তার আইনজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

    সূত্র: দেশিব্লিটজ 

    বিনোদন ডেস্ক

  • ‘অ্যাভাটার’ নির্মাতা জেমস ক্যামেরনের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

    বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’-এর জনপ্রিয় চরিত্র ‘নেইতিরি’র নকশায় নিজের মুখাবয়ব অবৈধভাবে ব্যবহারের অভিযোগ তুলেছেন অভিনেত্রী কোরিয়ানকা কিলচার। 

    এই অভিযোগে পরিচালক জেমস ক্যামেরন এবং প্রযোজনা সংস্থা ডিজনির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে তিনি একটি মামলা দায়ের করেছেন। 

    মঙ্গলবার (৫ মে) দায়ের করা অভিযোগে কিলচার দাবি করেছেন, ক্যামেরন তার অনন্য বায়োমেট্রিক এবং মুখাবয়বের বৈশিষ্ট্যগুলো অনুমতি ছাড়াই ‘নিষ্কাশন এবং প্রতিলিপি’ করেছেন এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করেছেন। 

    কিলচারের আইনজীবী আর্নল্ড পিটার এক বিবৃতিতে বলেন, ‘ক্যামেরন যা করেছেন তা কোনো অনুপ্রেরণা নয়, এটি ছিল ‘এক্সট্রাকশন’ বা নিংড়ে নেওয়া। তিনি একজন ১৪ বছর বয়সী আদিবাসী কিশোরীর অনন্য মুখাবয়ব নিয়ে সেটিকে একটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন প্রসেসের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারে রূপান্তরিত করেছেন, কিন্তু একবারও তার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি।’ 

    মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, জেমস ক্যামেরন নিজেই একসময় স্বীকার করেছিলেন তিনি ‘দ্য নিউ ওয়ার্ল্ড’ (২০০৫) ছবিতে কোরিয়ানা কিলচারের একটি ছবিকে ‘নেইতিরি’ চরিত্রের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন। কোরিয়ানা পেরুভীয় আদিবাসী বংশোদ্ভূত। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিযোগে বলা হয়েছে, একদিকে এই ফ্র্যাঞ্চাইজি আদিবাসীদের সংগ্রামের প্রতি সহানুভূতি দেখিয়ে মুনাফা লুটছে, অন্যদিকে পর্দার আড়ালে একজন বাস্তব আদিবাসী কিশোরীর সত্তাকে নিঃশব্দে শোষণ করা হয়েছে। 

    উল্লেখ্য, অ্যাভাটার (২০০৯) সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা (প্রায় ৩ বিলিয়ন ডলার)। এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ গত বছরের শেষের দিকে মুক্তি পায়, যা ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

    যদিও পর্দায় নেইতিরি চরিত্রে অভিনয় করেছেন জো সালদানা, কিন্তু অভিযোগ অনুযায়ী এর ডিজিটাল রেন্ডারিং করা হয়েছে কিলচারের আদলে।

    কে এই কোরিয়ানকা কিলচার? 

    মাত্র ১৪ বছর বয়সে টেরেন্স ম্যালিকের ‘দ্য নিউ ওয়ার্ল্ড’-এ পোকাহন্টাস চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে তার। এছাড়াও তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ইয়েলোস্টোন’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। 

    কোরিয়ানকা ক্যালিফোর্নিয়ার ‘রাইট অব পাবলিসিটি’ আইন লঙ্ঘনের অভিযোগে অনির্দিষ্ট অংকের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। অন্যদিকে ডিজনির পক্ষ থেকে বুধবার (৬ মে) পর্যন্ত এই মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • কারাদণ্ড থেকে মুক্তি পেলেন পপ আইকন ব্রিটনি স্পিয়ার্স

    মদ্যপ অবস্থায় বিপজ্জনক গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স শেষ পর্যন্ত জেল খাটা থেকে রেহাই পেলেন। আদালতের সঙ্গে একটি বিশেষ সমঝোতার মাধ্যমে চলতি বছরের শুরুতে শুরু হওয়া এই আইনি জটিলতার অবশেষে সমাপ্তি ঘটল।

    গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪৪ বছর বয়সী এই গায়িকাকে গ্রেফতার করেছিল পুলিশ। 

    অভিযোগ ছিল, তিনি তার বিএমডব্লিউ গাড়িটি অত্যন্ত উচ্চগতিতে এবং বিপজ্জনকভাবে চালাচ্ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ সন্দেহ করে, তিনি মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

    সোমবার (৪ মে) লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ব্রিটনি নিজে উপস্থিত না থাকলেও তার আইনজীবীর মাধ্যমে অপরাধ স্বীকার করে নেন। 

    তবে আদালতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তার বিরুদ্ধে থাকা গুরুতর (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) অভিযোগটি তুলে নেওয়া হয়েছে। এর পরিবর্তে তাকে ‘রে বেকলাস ড্রাইভিং’ বা মদ্যপানের সঙ্গে সংশ্লিষ্ট বেপরোয়া গাড়ি চালানোর থেকে অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সংশোধনের পথে ব্রিটনি 

    গ্রেফতারের পরপরই ব্রিটনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। তার প্রতিনিধিরা জানিয়েছেন, ব্রিটনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করছেন। 

    তার আইনজীবী আদালতে জানান, ব্রিটনি নিজেকে শুধরে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন, যা আদালতের নমনীয় হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।

    এই আইনি সমঝোতার ফলে এই গায়িকাকে কোনো ধরনের কারাদণ্ড ভোগ করতে হবে না। তবে তাকে নির্দিষ্ট মেয়াদে আদালতের নজরদারিতে থাকতে হতে পারে। ব্রিটনির ভক্তরা এই খবরে স্বস্তি প্রকাশ করলেও, নেটিজেনদের মধ্যে তারকাদের প্রতি আইনি নমনীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

    সূত্র: জিও নিউজ 

    বিনোদন ডেস্ক

  • ৫০ লাখ রুপি জরিমানার রায়ের বিরুদ্ধে মিশা শাফির আপিল

    পাকিস্তানি গায়ক আলী জাফরের দায়ের করা মানহানি মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে লাহোর হাইকোর্টে আপিল করেছেন গায়িকা মিশা শাফি। যৌন হয়রানির অভিযোগে করা এই মামলায় কিছুদিন আগে সেশন কোর্ট মিশা শাফিকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) মিশা শাফির পক্ষে অ্যাডভোকেট সাকিব জিলানি লাহোর হাইকোর্টে এই আপিল আবেদনটি দায়ের করেন।

    আবেদনে বলা হয়েছে, সেশন কোর্ট মামলার তথ্য-প্রমাণ সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। 

    নিম্ন আদালত তার রায়ে উল্লেখ করেছিল যে, মিশা শাফি আলী জাফরের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণ করতে পারেননি। এর বিপরীতে আপিল আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে—যদি অভিযোগ প্রমাণের দায়ভার মিশা শাফির ওপর বর্তায়, তবে আলী জাফরেরও এটি প্রমাণ করা উচিত ছিল যে তিনি কোনো হয়রানি করেননি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। মিশা শাফি এর আগে প্রাদেশিক ওম্বুডসম্যানের কাছে যৌন হয়রানির অভিযোগ নিয়ে গিয়েছিলেন। সেই বিষয়টি বর্তমানে পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

    আপিলকারীর দাবি অনুযায়ী, সুপ্রিম কোর্টে মূল অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মানহানি মামলার রায় ঘোষণা করা আইনত যুক্তিযুক্ত নয়। 

    মিশা শাফি লাহোর হাইকোর্টের কাছে সেশন কোর্টের দেওয়া ৫০ লাখ রুপির জরিমানার আদেশটি বাতিল করার এবং এটিকে ‘অবৈধ’ ঘোষণার অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে নিম্ন আদালতের রায়টি পুরোপুরি খারিজ করার আবেদন করা হয়েছে।

    উল্লেখ্য, ২০১৮ সালে মিশা শাফি সামাজিক যোগাযোগমাধ্যমে আলী জাফরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলে এই দীর্ঘস্থায়ী আইনি লড়াই শুরু হয়। এর প্রেক্ষিতে আলী জাফর তার সম্মানহানি হয়েছে দাবি করে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন। 

    দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সেশন কোর্ট সম্প্রতি আলী জাফরের পক্ষে রায় দিয়েছিল, যার বিরুদ্ধেই এখন উচ্চ আদালতের দ্বারস্থ হলেন মিশা। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক