Tag: দেব

  • শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী

    ঢালিউড অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ফার্স্টলুক এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের প্রকাশ পেয়েছে। কিং খানের লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস; হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ঝলক। আর এ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী। অন্যদিকে টালিউডের দেবের বিপরীতে বড়পর্দায় অভিষেকের পর এটা তার দ্বিতীয় সিনেমা। 

    আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের এই মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করলেও সবার মনেই প্রশ্ন জেগেছে—কিং খানের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু কোন চরিত্রে আছেন? 

    ছোটপর্দার এ অভিনেত্রী জনপ্রিয়তার রেশ ধরে এখন বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই বাংলার শীর্ষ দুই নায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী। দেব ও শাকিবের মধ্যে কাজের কোনো পার্থক্য লক্ষ্য করেছেন কিনা— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দুই তারকাই অত্যন্ত বিনয়ী ও কঠোর পরিশ্রমী।

    জ্যোতির্ময়ী বলেন, দেবদা শুটিং সেটে এলে বোঝা যায়। খুব মজা করে। নতুনদের জন্য পরিবেশ খুব সহজ করে দেয়। অন্যদিকে শাকিব খান খুব ধীরস্থির এবং শান্ত স্বভাবের। তিনি আরও বলেন, খান একেবারে যে কথা বলেন না, তা এমন নয়। তবে সময়ে সময়ে মজার কথা বলতেও ছাড়েন না। আমি যেটা বুঝেছি— উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য। তবে দেবের পর শাকিবের মতো বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করেছে বলে জানান জ্যোতির্ময়ী। 

    তিনি বলেন, বর্তমানে তিনি অন্য কোনো কাজ নিয়ে ভাবছেন না। বরং পুরো মনোযোগ ‘প্রিন্স’ সিনেমার ওপরই রাখছেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি আছে বলে জানান অভিনেত্রী।

    উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার পুরো দল রয়েছে শ্রীলংকায়। শাকিব খানের বিপরীতে এ সিনেমায় অভিনেত্রী জ্যোতির্ময়ীকে দেখা যাবে নব্বই দশকের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। শাকিব খান, জ্যোতির্ময়ী ছাড়াও এ সিনেমায় আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুই নায়িকাকে ঘিরে শাকিবের এ ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদে। 

    বিনোদন ডেস্ক

  • দূরত্ব ঘুচিয়ে আবারও জুটি বাঁধছেন দেব-রুক্মিণী!

    কলকাতার দুই অভিনয় শিল্পী দেব ও রুক্মিণীর সম্পর্ক নাকি খুব একটা ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে কলকাতার শোবিজে এমনটাই শোনা যাচ্ছিল।  মূলত গত বছর ‘ধূমকেতু’ মুক্তিকে কেন্দ্র করে দেব-শুভশ্রীর এক হওয়া নিয়েই এসব গুঞ্জন ডাল-পালা মেলতে শুরু করে। তার ওপর গত তিন বছর এই জুটির নতুন কোনো ছবিও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। 

    তাই সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়, দুজনের ভালোবাসার সমুদ্রে নাকি ভাটা পড়েছে! যদিও তারা সব সময়ই বলে এসেছেন, তাদের সম্পর্ক ঠিক আগের মতোই আছে।  কিন্তু ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর পরে দেব-রুক্মিণী জুটিকে আর বড় পর্দায় দেখতে না পাওয়াটাই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিচ্ছিল। 

    অবশেষে গুঞ্জনকে গুজবে পরিণত করে টালিউডে নতুন খবর, ভারতের স্বাধীনতা দিবসে ‘অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মধ্য দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরতে যাচ্ছে দেব-রুক্মিণী জুটি। এটি হতে যাচ্ছে অভিনেতার ৫০তম ছবি। বিনয় মুদগিলের পরিচালনায় সব ঠিক থাকলে সামনের ফেব্রুয়ারি মাস থেকেই ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে নিজের সবশেষ জন্মদিনে দেব জানান, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি নির্মিত হবে। বাস্তবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের ভূমিকায়  সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব। 

    সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পারায় করিমুলের অসুস্থ মা বিনা চিকিৎসায় মারা যান। তারপর থেকেই উত্তরবঙ্গের এই যুবক নিজের বাইকে করে প্রত্যন্ত গ্রামের অসুস্থদের বিনা খরচে হাসপাতালে পৌঁছে দেন। সেবাপরায়ণ এই ব্যক্তিকে পরবর্তীতে ‘পদ্ম’ সম্মানে ভূষিত করা হয়। এই বাস্তব ঘটনাটিই রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন দেব। 

    এর আগে দেব ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করিমুলের সঙ্গে তার কথা হয়েছে। মাটির কাছাকাছি থাকা মানুষটিকে তার বেশ ভালো লেগেছে। এছাড়া বাস্তবের এই নায়কের সঙ্গে সাক্ষাৎ করতে উত্তরবঙ্গে যাওয়ার প্রত্যাশার কথাও তখন জানিয়েছিলেন দেব। তবে ছবিটি নিয়ে সাম্প্রতিক শুরু হওয়া হওয়া গুঞ্জন নিয়ে এখনো অভিনেতার তরফ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

    বিনোদন ডেস্ক

  • দেব-শুভশ্রীর বিয়ে হলে বোধহয় ভালোই হতো: রাজ

    ওপার বাংলার একসময়ের দর্শকপ্রিয় জুটি দেব-শুভশ্রী। যদিও তাদের প্রেম ভেঙেছে বহু বছর হল। দুজনেই এখন যে যার বাস্তবতার সঙ্গে মানিয়ে চলছেন। দেব এখনো বিয়ে না করলেও পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে শুভশ্রী এখন দুই সন্তানের মা। যদিও আগের মতোই কলকাতার সিনেমায় এখনো দাপিয়ে বেড়াচ্ছেন ‘দেশু’ জুটি। 

    তবে মজার বিষয় হল, যেই রাজ চক্রবর্তীর ছবিতে কাজের প্রেক্ষিতেই দুজনের মন দেওয়া-নেওয়া, সম্পর্ক ভাঙনের পরে সেই নির্মাতাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন শুভশ্রী। বিয়ের পর থেকে রাজ-শুভশ্রী জুটিও টালিউডে সমানভাবে চর্চিত। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্ত্রী-দুই সন্তানের মা শুভশ্রীর অতীত নিয়ে মুখ খুলেছেন রাজ। সেই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা অনেককেই অবাক করেছে। দেব-শুভশ্রীর প্রেমের সাক্ষী ছিলেন রাজ। সেই স্মৃতি মনে করে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজের মন্তব্য, ‘আমারও এক সময় মনে হয়েছিল ওদের বিয়ে হলে বোধহয় ভালোই হত!’ এর পরই রাজের সত্য বাস্তব স্বীকারোক্তি, ‘কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। কিছু করার নেই। আর আমি শুভশ্রীর কপালে ছিলাম, কিছু করার নেই। আমরা কিন্তু খুব হ্যাপি। আর দেবের সঙ্গেও যার বিয়ে হবে সেও খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রাজের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেননা স্ত্রীর প্রাক্তন প্রেম নিয়ে এমন পরিণত জবাব বোধহয় খুব কম পুরুষই দিতে পারবে। 

    উল্লেখ্য, দেব-শুভশ্রীও ‘ধূমকেতু’র বক্স অফিস সফলতার পর আবারও একসঙ্গে অভিনয়ের ঘোষণা দিয়েছেন।  মান-অভিমান ভুলে দেবের ৫১তম সিনেমা ‘দেশু ৭’-এ আবার জুটি বাঁধবেন জনপ্রিয় এই জুটি। ইতোমধ্যে এক ফেসবুক লাইভে তারা বিষয়টি নিশ্চিত করেছেন। 

    এদিকে, রাজের এমন মন্তব্যের পর রাজ-শুভশ্রী দম্পতিকেও প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। ব্যবহারকারীরা বলছেন, রাজের এই মন্তব্য তার এবং শুভশ্রীর মধ্যকার গভীর বিশ্বাসের প্রতিফলন। কোনো লুকোছাপা নয়, বরং স্ত্রীর অতীতকে সম্মান জানিয়েই রাজ বুঝিয়ে দিয়েছেন তাদের বর্তমান সম্পর্কের ভিত কতটা মজবুত। শুভশ্রীও বারবার জানিয়েছেন, রাজের মাঝেই তিনি তার কাঙ্ক্ষিত স্থিরতা খুঁজে পান। 

    বিনোদন ডেস্ক

  • একসঙ্গে ফেসবুক লাইভে এসে সুখবর দিলেন দেব-শুভশ্রী

    একাধিক চমক নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ফেসবুক লাইভে আসলেন টালিউডের জনপ্রিয় জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘ সময় খুঁনসুটি আড্ডার পর ভক্তদের নতুন একটি সুখবর জানালেন এই জুটি।

    সোমবার (১৯ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে আসেন দেব ও শুভশ্রী। ৩৮ মিনিট ২৬ সেকেন্ডের দীর্ঘ লাইভে দেখা যায় একটি ফাঁকা প্রেক্ষাগৃহে বসে আছেন দেব-শুভশ্রী। সেখান থেকেই নেটিজেনদের সঙ্গে সরাসরি আড্ডায় মেতে ওঠেন তারা।

    শুরুতেই দেব বলেন, আজকে একটি বিশেষ দিন আমাদের কাছে। আসন্ন ছবিটি নিয়ে সত্যিই খুবই উত্তেজিত আমরা।

    তখনই দেবকে খোঁচা দিয়ে শুভশ্রী প্রশ্ন করেন, এই যে ‘দেশু সেভেন’ ছবিটা, এই ভাবনাটা  হলো কী করে? দেব তোমার এ বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ছবির জন্য ‘নট সো ইনোসেন্ট’-এর কাছেই কেন ফোনটা এলো? তার মানে অনেক বড় একটা যুদ্ধে নামতে হবে! তুমিতো ছোটবেলা থেকে অনেক যুদ্ধই করেছ?

    শোনামাত্রই উত্তরের বদলে খুনসুঁটিতে মেতে ওঠেন টালিউডের হার্থথ্রব নায়ক। অতীত স্মৃতিতে ডুব দিয়ে দেব বলেন, হ্যাঁ তুমি তো ছোটবেলা থেকেই তো আমাকে যুদ্ধ করাটা দেখেছ! আমার এখনো একটা কথা মনে আছে, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’ সিনেমাগুলোতে শুভশ্রীকে পরিচালকরা নিতে চাচ্ছিল না। ওকে ব্যান করা হয়েছিল তখন। আমরা ওই সময় সাউথ থেকে পরিচালক নিয়ে আসি। এ লড়াইটা আমাদের ছিল।

    তখন শুভশ্রী বলেন, লড়াই ই জীবন। আমরা যখন পৃথিবীতে থাকব না, তখন দর্শক আমাদের মনে রাখবে, আমাদের গল্প মনে রাখবে। সেই যুদ্ধটাই আমরা করে যেতে চাই।

    দীর্ঘ আলাপচারিতায় জানা যায়, ‘ধূমকেতু’র সাফল্যের পর দর্শকের চাওয়াতে আবারও বড়পর্দায় হাজির হচ্ছেন দেব-শুভশ্রী। নতুন সিনেমার নাম ‘দেশু ৭’। এ সিনেমায় আবারও জুটি হয়ে ধরা দেবেন তারা।

    রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলারধর্মী সিনেমা হবে ‘দেশু ৭’। এই জুটির সপ্তম সিনেমা এটি। চলতি বছর আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

    এদিকে সিনেমা মুক্তির ৯ মাস আগেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। গত ১৯ জানুয়ারি থেকে ‘দেশু ৭’-র ফার্স্ট ডে ফার্স্ট শোর টিকিট বুকিং চলছে। এই স্পেশাল গোল্ড টিকিটে রয়েছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ।

    ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন দেব-শুভশ্রী। ছবিটি দারুণ সফল হয়। সেসময় থেকেই তাদের সম্পর্ক প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমে রূপ নেয়। তবে অজানা কারণে জনপ্রিয় জুটির প্রেমের সম্পর্কে ইতি ঘটলে ভেঙে যায় তাদের সফল জুটি।

    ব্যক্তিজীবনের টানাপোড়েন ভুলে গত বছর মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ সিনেমার সুবাদে এক হন দেব-শুভশ্রী। সিনেমাটি গতবছর টালিউড ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়ে। সিনেপ্রেমীদের জন্য সে ধারাবাহিকতায় আবারও নতুন সিনেমায় জটি গড়ছেন দেব-শুভশ্রী।

    প্রসঙ্গত, টালিউডে দেব-শুভশ্রী  অভিনীত জনপ্রিয় ব্যবসা সফল সিনেমাগুলো হলো ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘ধূমকেতু’।

    বিনোদন ডেস্ক

  • দেব-শুভশ্রীর নতুন সিনেমা মুক্তির ১০ মাস আগেই অগ্রিম টিকিট বুকিং শুরু

    টলিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। ভক্তরা ভালোবেসে বড়পর্দার এই জুটির নাম দিয়েছে ‘দেশু’। দীর্ঘ এক দশক পর সবশেষ গত বছর তাদের একসঙ্গে অভিনীত ছবি ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। দর্শকেরাও ছবিটি লুফে নেয়। ফলে সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। আবার নতুন করে ভক্তদের জন্য সুখবর নিয়ে আসলেন দর্শকপ্রিয় এই জুটি। 

    মাঝে কয়েক বছরের মান-অভিমান ভুলে আবারও নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন দেব-শুভশ্রী। চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষ্যে আসন্ন সিনেমাটি মুক্তি পাবে। সোমবার (১৯ জানুয়ারি) এক ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন দুজন। এছাড়া ছবিটি সম্পর্কে সেই লাইভেই একের পর এক চমকপ্রদ তথ্য শেয়ার করেন তারা। 

    জনপ্রিয় ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই ভক্ত-দর্শকের উন্মাদনা তুঙ্গে।  দুজনেই জানান, আপাতত ছবির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘দেশু ৭’। যদিও নাম নিয়ে আরও কিছু পরিকল্পনা রয়েছে। তবে সবকিছু চূড়ান্ত হলে তখনই আনুষ্ঠানিকভাবে সব বিষয়ে ঘোষণা করা হবে বলে সেই লাইভে জানানো হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটি কে পরিচালনা করবেন বা অভিনেতা হিসেবেই আর কারা থাকছেন সে সম্পর্কেও কিছুই জানানো হয়নি। তবে ফেডারেশন থেকে ‘নিষিদ্ধ’ হওয়া অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের এই সিনেমায় যুক্ত হওয়া নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। 

    অবশ্য ছবিটির মুক্তি প্রসঙ্গে আরও কিছু চমকপ্রদ তথ্য রয়েছে। ছবির মুক্তি ও টিকিট বুকিং সম্পর্কে দুজন জানান, আগামী ১৬ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ‘দেশু ৭’। শুধু তাই নয়, ছবির মুক্তির প্রায় দশ মাস আগেই শুরু হয়ে যাচ্ছে অগ্রিম টিকিট বুকিং। 

    লাইভে জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টা থেকে ‘দেশু ৭’র ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট বুক করা যাবে। প্রথম দুই হাজার দর্শক পাবেন দেব ও শুভশ্রীর অটোগ্রাফ সংবলিত বিশেষ গোল্ডেন টিকিট- যা নিঃসন্দেহে ভক্তদের কাছে বাড়তি আকর্ষণ। 

    প্রসঙ্গত, এই জুটির সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূমকেতু’ গত বছরের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যদিও এর শুটিং সম্পন্ন হয়েছিল ২০১৫ সালে, কিন্তু নানা জটিলতার কারণে ছবিটির মুক্তি দীর্ঘদিন আটকে ছিল।  জানা গেছে, ‘দেশু ৭’ একটি রোমান্টিক, অ্যাকশন, রিভেঞ্জ ও থ্রিলারের মিশেলে একেবারে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ঘরানার একটি ছবি।  

    বিনোদন ডেস্ক

  • দেব-শুভশ্রীর কার কত সম্পত্তি?

    টালিউডের জনপ্রিয় ‘চ্যাম্প’খ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব প্রথম সারির নায়ক থেকে সফল প্রযোজক। সেই সঙ্গে বর্তমান সংসদ সদস্য— বহুমুখী প্রতিভার অধিকারী দেবের সম্পত্তির পরিমাণ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বরাবরই চর্চায়। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি টালিউডের লেডি সুপারস্টার। বর্ধমানের এ অভিনেত্রীর নিজের দমে টালিপাড়ায় পরিচিতি গড়ে তুলেছেন। দুজনের একটা অতীত ছিল।

    অন্দরমহলের খবর অনুযায়ী, প্রতিটি সিনেমার জন্য শুভশ্রী এখন বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে তার পারিশ্রমিক প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার আশপাশে। এ ছাড়া নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচার এবং ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মতো রিয়্যালিটি শোর বিচারক হিসেবে তার আয় নেহাত কম নয়। 

    আরবানায় রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। প্রায় ১৭৭৮ বর্গফুটের এই সুসজ্জিত ফ্ল্যাটেই রাজ-শুভশ্রী দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে বসবাস করেন। এ ছাড়া যৌথভাবে তাদের কিছু জমি ও অন্যান্য বিনিয়োগও রয়েছে বলে জানা যায়।

    সব ভুলে ইন্ডাস্ট্রির স্বার্থে আবার পর্দায় এক হচ্ছেন দেব-শুভশ্রী। আগামী পূজায় আসছে এ তারকা জুটির সাত নম্বর সিনেমা। কিন্তু সম্পত্তির নিরিখে কে এগিয়ে জানেন কি? 

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যানুযায়ী, দেবের সম্পত্তির গ্রাফ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে দেব এখন কোটি কোটি টাকার মালিক।

    হলফনামার তথ্যানুযায়ী, দেবের অস্থাবর সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা। যার মধ্যে রয়েছে— বিভিন্ন ব্যাংকে গচ্ছিত আমানত, বন্ড ও শেয়ার মিলিয়ে তার বড় অঙ্কের লগ্নি রয়েছে। দেবের মোট সম্পদ ৩৭,১৩,৪৭,০৬৯ টাকা এবং মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ২,৯৫,৭৩,১২২ টাকা।

    ২০২২-২৩ আর্থিক বছরে দেবের আয়কর রিটার্নে প্রদর্শিত মোট আয় ছিল প্রায় ৫ কোটি টাকা। অভিনেতার কাছে ২৬,৭৫৮ নগদ টাকা ছিল। দেবের বিনিয়োগ করা অর্থের মোট পরিমাণ হলো ১৫ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৯৪৩ টাকা। এ ছাড়া দেবের কাছে যত হাতঘড়ি আছে, সেগুলোর মোট মূল্য বা বাজারদর ১২ লাখ টাকার বেশি। তারকা সাংসদের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি রয়েছে। আর সেই গাড়ির বর্তমান বাজারমূল্য হলো এক কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। 

    এ ছাড়া ২০২৪ সালে দেব জানিয়েছিলেন তার কাছে প্রায় ৪৯ লাখ ১৮ হাজার ৫৬২ টাকার সোনা আছে। যার মূল্য় বর্তমানে কোটি টাকার বেশি। সঙ্গে আছে একাধিক ফ্ল্যাট। সাউথ সিটি, আরবানার মতো অভিজাত এলাকায় সেই ফ্ল্যাটগুলোর মোট মূল্য হলো ১৯ কোটি ৯১ লাখ ১২ হাজার।

    অভিনেতা হিসেবে পারিশ্রমিক ছাড়াও দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ আয়ের অন্যতম প্রধান উৎস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় রাজ চক্রবর্তী যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে স্ত্রী শুভশ্রীর আয়ের একটি স্পষ্ট চিত্র পাওয়া গিয়েছিল। সেই তথ্যানুযায়ী, শুভশ্রীর নামে কয়েক কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। যার মধ্যে বড় অংশই রয়েছে ফিক্সড ডিপোজিট, বন্ড এবং হীরা ও সোনার গহনা হিসেবে। সেই সময় নায়িকার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৫.৫ কোটি টাকার কাছাকাছি। বর্তমানে সেই অঙ্ক আরও বেড়েছে বলেই মনে করা হচ্ছে। শুভশ্রীর সংগ্রহে রয়েছে বেশ কিছু দামি গাড়ি। তার গ্যারেজে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ভলভো গাড়ির পাশাপাশি রয়েছে টাটা নেক্সনের মতো একাধিক যান।

    বিনোদন ডেস্ক

  • দেবের নামে চালু হলো বিশেষ ডাকটিকিট

    টলিউডে পা রাখার পর থেকেই অভিনয় দিয়ে ভক্ত-দর্শকের মন জয় করেছেন দেব। এমনকি এই অভিনেতার খ্যাতি সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। পরবর্তীতে রাজনীতির মাঠে নেমেও হয়ে উঠেছেন সকলের প্রিয়জন। রুপালি পর্দায় বাণিজ্যিক ঘরানার পাশাপাশি গল্পকেন্দ্রীক সিনেমাতেও নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন। 

    এবার এই তারকা নতুন এক স্বীকৃতি পেলেন। মেগাস্টার দেবের নামে এবার ডাক টিকিট চালু করেছে দেশটির ডাক বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। শনিবার (১৭ জানুয়ারি) ডাক টিকিটের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেতা উচ্ছ্বাস প্রকাশ করেন।  

    ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ভারতীয় ডাক বিভাগকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি সত্যিই কল্পনাও করতে পারিনি। একজন মানুষ হিসাবে সকলের ভালোবাসা এবং বিশ্বাসের এই স্বীকৃতি আমার কাছে চরম প্রাপ্তি। আমি চির কৃতজ্ঞ থাকব সকলের কাছে।’

    প্রসঙ্গত, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেবের এই সম্মান প্রাপ্তিতে আনন্দে ভেসেছে গোটা ঘাটালবাসী। এদিকে, যে ডাকটিকিটে জায়গা করে নিয়েছেন নামিদামি ব্যক্তিত্বরা সেখানে এ অভিনেতার জায়গা করে নেওয়া দেখে তার ভক্তরাও সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছে। 

    বিনোদন ডেস্ক

  • অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন দেব

    জনপ্রিয় টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই টলিউডে ‘অলিখিত নিষেধাজ্ঞা’য় দিনাতিপাত করছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে, ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া নিয়েই ব্যাপক জটিলতার মুখে পড়েছেন গুণি এ অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্য ও ফেডারেশনের মধ্যে চলমান উত্তপ্ত সম্পর্ক গলাতেই এবার এ অভিনেতার পাশে দাঁড়ালেন ওপার বাংলার সাংসদ ও সুপরাস্টার অভিনেতা দেব। 

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইমপা অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দেব জানান, অনির্বাণ যেন শান্তিতে কাজ করতে পারেন, সেটাই তার একমাত্র অনুরোধ। 

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করে তাকে আবারও কাজের সুযোগ দেওয়ার আবেদন জানান দেব।  তিনি বলেন, ‘আমি অনির্বাণের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমা চাইছি। ওকে কাজ করতে দিন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেখানে দেব ছাড়াও স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, প্রযোজক নিসপাল সিং রানে ও রানা সরকার, প্রেক্ষাগৃহ মালিক ও পরিবেশক শতদীপ সাহা, পঙ্কজ লাডিয়া, অরিজিৎ দত্তসহ ইন্ডাস্ট্রির একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। 

    দেব আরও বলেন, টলিউডের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। কাজ বন্ধ হয়ে গেলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই শুধু অনির্বাণ নয়, ইন্ডাস্ট্রির প্রত্যেক শিল্পী ও কলাকুশলীর কাজের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। 

    তবে তার আসন্ন ছবিতে অনির্বাণ থাকবেন কিনা সে প্রসঙ্গে দেব বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেও এখনো তার কোনো চূড়ান্ত উত্তর মেলেনি। তবে অনির্বাণকে আবার বড় পর্দায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি দেব।  এর আগেও একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন দেব ও অনির্বাণ। 

    বিনোদন ডেস্ক

  • দেব-শুভশ্রীর নতুন ছবি নিয়ে যা বললেন রাজ

    প্রায় ১০ বছর অপেক্ষার অবসান করে গত বছরের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’। ২০১৫ সালে ছবিটির শুটিং শেষ হলেও নানা জটিলতার কারণে লম্বা সময় ধূমকেতুর মুক্তি আটকে ছিল। দীর্ঘদিন পর মুক্তি পেলেও বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় ছবিটি। 

    দীর্ঘদিনের মান-অভিমানের পর্ব ভুলে আবারও বড় পর্দায় জুটি বাধছেন কলকাতার সিনেমার জনপ্রিয় এই জুটি। ইতোমধ্যেই দেব নিশ্চিত করেছেন, ২০২৬ সালের দুর্গাপূজায় রুপালি পর্দায় আবারও এক হচ্ছেন তারা। তবে এর বাইরে আর কোনো তথ্য দিতে রাজি হননি ওপার বাংলার এই সুপারস্টার। 

    নতুন এই ছবি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন শুভশ্রীও। নায়ক-নায়িকা কে হবেন সেটা জানা গেলেও এখনো পরিচালকের নাম জানা যায়নি। এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভশ্রীর স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী বলেন, ‘দেশু জুটিই বলুক, আমি কী বলব আমি কোনোভাবে পার্ট নই ছবিটার। আমার পরের ছবি হোক কলরব।’ 

    সঙ্গে রাজ আরও স্পষ্ট করে দেন যে, তিনি এই ছবির পরিচালনা করছেন না মোটেও। যদিও রাজের দাবি, দেব-শুভশ্রীর পরের ছবি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করছেন। 

    বিনোদন ডেস্ক

  • অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

    টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পায়। এটিই ছিল এ তারকা জুটির শেষ সিনেমা। এরপর আর তাদের একসঙ্গে দেখা যাবে না—সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনটিই ছিল গুঞ্জন। কিন্তু নেটিজেনদের সেসব ধারণা মিথ্যে হতে চলেছে। অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর। 

    এর মধ্যেই বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকারই দুটি সিনেমা। দেবের ‘প্রজাপতি ২’ ও শুভশ্রী গাঙ্গুলির ‘লহ গৌরাঙ্গের নাম রে’। প্রেক্ষাগৃহ পাওয়া নিয়েও হয়েছে তুমুল বিতর্ক। সেসব বিতর্ক পার করেই ২০২৬-এ আবার জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। চলতি বছর পূজাতেই নাকি মুক্তি পাবে সেই সিনেমা।

    ‘ধূমকেতু’ সিনেমার প্রচার ঘিরে দর্শকদের মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছিল। ঝলক-প্রকাশের মঞ্চেও ধরা পড়েছিল তা। সেই দিন নিজেদের পুরোনো সিনেমার গানে আবার একসঙ্গে নেচেছিলেন তারা। পরস্পরকে সামাজিক মাধ্যমে অনুসরণ করেছিলেন। একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে পূজাও দিতে গিয়েছিলেন এ তারকা জুটি। কিন্তু সিনেমা মুক্তি পেতেই আবার দূরত্ব তৈরি হয় সাবেক এ জুটির। 

    সামাজিক মাধ্যমে দুজনেরই কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। দুই তারকার ফ্যান-ক্লাবের মধ্যেও বাকবিতণ্ডা চলেছিল। সেই বিতর্কে জড়িয়ে গিয়েছিল রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও। কিন্তু সেই বিতর্ক বাধা হয়ে থাকতে পারল না দেব-শুভশ্রীর আবার জুটি বাঁধার রাস্তায়।

    আদ্যপান্ত প্রেমের সিনেমাতেই জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। তাদের শেষ সিনেমাটি পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এবার তাদের নতুন সিনেমাটি কে পরিচালনা করবেন, তা এখনো অজানা। 

    ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রযোজনা ‘দেব এন্টারটেনমেন্ট’-এরই। খুব শিগগির এক এক করে ছবি সম্পর্কিত নানা তথ্য ঘোষণা করবেন তারকারা নিজেই।

    বিনোদন ডেস্ক