Tag: টেইলর সুইফট

  • টেইলর সুইফটের বিয়েতে কি হয়েছিল জানালেন তার বন্ধু

    বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্রাভিস কেলসের বহুল চর্চিত ও গোপন বিয়ের গুঞ্জন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তুঙ্গে। এরই মধ্যে এই তারকা যুগলের বিয়েতে উপস্থিত থাকার অভিজ্ঞতা শেয়ার করে সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন গায়িকার ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ রেডিও উপস্থাপক গ্রেগ জেমস। 

    অনুষ্ঠানটিকে তিনি ‘অবিশ্বাস্য রকমের জমকালো এক রাত’ বলে অভিহিত করেছেন। 

    বিবিসি রেডিও ১-এর জনপ্রিয় উপস্থাপক গ্রেগ জেমস তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, জীবনের ‘সেরা হ্যাংওভার’ থেকে তিনি এই মুহূর্তে সেরে উঠছেন। 

    বিয়ের আমন্ত্রণপত্র এবং এনডিএ (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি)-র দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, তিনি একটি আমন্ত্রণপত্র পেয়েছিলেন এবং বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিলেন। অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি পরে তিনি ও তার স্ত্রী বেলা ম্যাকি সেই বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে সাজা একটি ছবিও পোস্ট করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    গ্রেগ জেমস এবং টেইলর সুইফটের বন্ধুত্ব এক দশকেরও বেশি সময় ধরে। ২০১৪ সালে লন্ডনে এক সাক্ষাৎকারের পর থেকে তাদের এই বন্ধুত্বের সূচনা। 

    এরপর সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রমোশনের সময় গ্রেগ জেমস যখন ট্রেভিস কেলসের সঙ্গে দেখা করার বিষয়ে জানতে চান, তখন সুইফট রসিকতা করে বলেছিলেন যে তাকে (গ্রেগ) অবশ্যই নিজের বিয়েতে আমন্ত্রণ জানাবেন। 

    বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ জুলাই নিউইয়র্কে বিনোদন ও ক্রীড়া জগতের এক হাজারেরও বেশি অতিথির উপস্থিতিতে সুইফট ও কেলসে বিয়ের পিঁড়িতে বসেন। 

    আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতার আগেই এই জুটি একটি প্রাক-বিবাহ চুক্তি স্বাক্ষর করেছেন। 

    তবে বিয়ের এই পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসে—কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা সত্যতা নিশ্চিত করা হয়নি। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • নতুন অধ্যায় শুরু করলেন টেইলর সুইফট

    গত তিন বছরের রোমাঞ্চকর প্রেমের মধুর সমাপ্তি ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বসংগীতের মেগাস্টার টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসে। 

    এ উপলক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) নিউইয়র্কের ঐতিহ্যবাহী ভেন্যু ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন’-এ বসেছিল তারকাদের চাঁদের হাট। জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই তারকা যুগল একে অপরের হাত ধরেন বলে নিশ্চিত করেছেন সুইফটের জনসংযোগ কর্মকর্তা।

    শুক্রবার ম্যানহাটনের ঐতিহাসিক এই ক্রীড়া ও বিনোদন কেন্দ্রের বাইরের জায়ান্ট স্ক্রিনগুলোতে ভেসে ওঠে একটি বার্তা— ‘জাস্ট ম্যারিড’। 

    এরপর ইমেইলের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গায়িকার প্রতিনিধি নিশ্চিত করেন যে, ১৪ বার গ্র্যামিজয়ী এই গায়িকা এবং কানসাস সিটি চিফসের তারকা ফুটবলার ট্রাভিস কেলসে আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবন শুরু করেছেন। 

    সুইফটের জনসংযোগ কর্মকর্তার দেওয়া বিবৃতিটির শিরোনাম ছিল, ‘টেইলর সুইফট অ্যান্ড ট্রাভিস কেলসে আর ম্যারিড!’। এই তারকা দম্পতির ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় মার্কিন কমেডিয়ান অ্যাডাম স্যান্ডলার বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন। 

    বিয়েতে কনের পক্ষে ‘ম্যান অব অনার’ হিসেবে দায়িত্ব পালন করেন টেইলরের ভাই অস্টিন সুইফট। অন্যদিকে, বরের পক্ষে ‘বেস্ট ম্যান’ ছিলেন ট্রাভিসের ভাই ও সাবেক ফুটবল তারকা জেসন কেলসে। বিয়ের এই বিশেষ মূহূর্তে বর-কনে দুজনের পোশাকই ডিজাইন করেছে বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ‘ক্রিশ্চিয়ান ডিয়র’ এবং সুইফটের অলংকার ছিল লাক্সারি ব্র্যান্ড ‘কারটিয়ের’-এর। তবে নবদম্পতির কোনো ছবি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তারকাদের মেলা, ভক্তদের উন্মাদনা

    নিউইয়র্কের প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমের মাঝেই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একে একে হাজির হন জেনিফার লোপেজ, এড শিরান, জিমি ফ্যালন, অ্যাবি ওয়ামব্যাচ, হিউ গ্র্যান্ট, জেসন সুডেইকিস এবং ইথান হকের মতো বিশ্বখ্যাত তারকারা।

    আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর দীর্ঘ ছুটির শুরুতে আয়োজিত এই বিয়েকে অনেকেই ‘আমেরিকার রয়্যাল ওয়েডিং’ বা রাজকীয় বিয়ে বলে আখ্যা দিয়েছেন। 

    নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে আয়োজিত এই বিয়ের এক ঝলক দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় জমান সুইফটের হাজারো ভক্ত, যারা বিশ্বজুড়ে ‘সুইফটিস’ নামে পরিচিত। ভক্তদের হাতে ছিল নানা ধরনের ফ্রেন্ডশিপ ব্রেসলেট এবং হাতে লেখা প্ল্যাকার্ড। 

    এই রাজকীয় বিয়ের প্রতি সম্মান জানিয়ে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্কের বিখ্যাত ‘এম্পায়ার স্টেট বিল্ডিং’-এর চূড়া হালকা নীল আলোয় আলোকিত করা হয়। বিয়ের ঐতিহ্যে ‘সামথিং ব্লু’ বা নীল কিছু রাখাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়, সেই ভাবনা থেকেই এই বিশেষ আলোকসজ্জা। 

    সম্পর্কের শুরু যেভাবে 

    টেইলর ও ট্রাভিসের এই প্রেমের গল্প শুরু হয়েছিল ২০২৩ সালে। ট্রাভিস প্রথমবার টেইলরের একটি কনসার্টের ব্যাকস্টেজে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন। কিন্তু দমে না গিয়ে নিজের পডকাস্টে সেই মন খারাপের গল্প শোনান তিনি, যা নজর কাড়ে টেইলর সুইফটের। 

    পরবর্তীতে সুইফট কেলসের সেই উদ্যোগকে একটি ৮০-র দশকের রোমান্টিক সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমি ভাবলাম, এই ছেলেটা যদি পাগল না হয়ে থাকে—তবে এটাই তো সেই ঘটনা যা নিয়ে আমি কিশোরী বয়স থেকে গান লিখে আসছি।’ 

    পরবর্তীতে ২০২৫ সালের আগস্টে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। বিয়ের আনন্দ উদযাপনের অংশ হিসেবে চলতি সপ্তাহে এই দম্পতি নিউইয়র্কসহ বিভিন্ন চ্যারিটি বা দাতব্য সংস্থায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • কে এই টেইলর সুইফটের জীবনসঙ্গী ট্রাভিস কেলসি

    ট্রাভিস কেলসি যুক্তরাষ্ট্রের আমেরিকান ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়দের একজন। তবে সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী টেইলর সুইফটের সঙ্গে তার সম্পর্কের কারণে তিনি আরও বেশি বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছেন।

    ট্রাভিস কেলসি পেশাদার এনএফএল দল কানকাস সিটি চিফস–এর হয়ে ‘টাইট এন্ড’ পজিশনে খেলেন। ২০১৩ সালে এনএফএলে অভিষেকের পর থেকেই তিনি ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে লিগের শীর্ষ তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। একাধিক সুপার বোল জয় এবং ব্যক্তিগত অর্জন তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ।

    সম্পর্কের শুরু ও আলোচনায় উঠে আসা

    ২০২৩ সালে একটি কনসার্টে টেইলর সুইফটকে নিজের ফোন নম্বর লেখা ব্রেসলেট দেওয়ার চেষ্টা করেন ট্রাভিস কেলসি। বিষয়টি পরে একটি পডকাস্টে তিনি প্রকাশ করেন। এরপর ধীরে ধীরে তাদের পরিচয় বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

    পরবর্তীতে টেইলর সুইফটের খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিতি এবং ট্রাভিস কেলসির কনসার্টে অংশ নেওয়া—এই সম্পর্ককে আন্তর্জাতিক মিডিয়ার অন্যতম আলোচিত বিষয়ে পরিণত করে।

    বাগদান ও ভবিষ্যৎ পরিকল্পনা

    ২০২৫ সালে এই জুটি বাগদানের ঘোষণা দেয়। এরপর থেকেই তাদের সম্ভাব্য বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের আয়োজন হতে পারে বলে আলোচনা থাকলেও, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিবার ও ব্যক্তিগত জীবন

    ট্রাভিস কেলসির পারিবারিক জীবনও বেশ আলোচিত। তার বড় ভাই জেসন কেলসিও এনএফএলের একজন সাবেক তারকা। দুই ভাই মিলে জনপ্রিয় পডকাস্ট “নিউ হাইটস” পরিচালনা করেন, যেখানে তারা খেলাধুলা ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন।

    কেলসি পরিবার টেইলর সুইফটকে আন্তরিকভাবে গ্রহণ করেছে বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানা যায়। ট্রাভিস ও তার ভাই জেসন দুজনেই সুইফটকে পরিবারের অংশ হিসেবে দেখার ইঙ্গিত দিয়েছেন।

    মাঠের বাইরেও জনপ্রিয়তা

    খেলার পাশাপাশি ট্রাভিস কেলসি বিজ্ঞাপন, টেলিভিশন, পডকাস্ট ও জনহিতকর কর্মকাণ্ডে সক্রিয়। তার ব্যক্তিত্ব ও রসবোধ তাকে আরও জনপ্রিয় করেছে।

    টেইলর সুইফটের সঙ্গে সম্পর্কের পর তার পরিচিতি বিশ্বব্যাপী আরও বৃদ্ধি পেয়েছে। তবে ভক্তদের মতে, এই সম্পর্কের বিশেষ দিক হলো—দুজনই নিজেদের ক্যারিয়ার বজায় রেখে একে অপরের প্রতি সম্মান দেখিয়ে চলেছেন।

    বিনোদন ডেস্ক

  • সুইফট-কেলসির বিয়ের উৎসব শুরু, ভক্তদের চোখে ‘রাজকীয় বিয়ে’

    পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের মূল আয়োজন শুরু হয়েছে। এ উপলক্ষে নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জড়ো হয়েছেন অনেক তারকা। 

    ৩৬ বছর বয়সি এ বিলিয়নেয়ার গায়িকা ও তিনবারের সুপার বোলজয়ী কেলসি বৃহস্পতিবার (২ জুলাই) একটি বিশেষ ডিনারের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। এতে মাত্র ১০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

    নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    গত আগস্টে কেলসির সঙ্গে বাগদানের ঘোষণা দেওয়া সুইফট বছরের সবচেয়ে আলোচিত এ বিয়ের আয়োজন সম্পর্কে কিছু বলেননি। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অতিথিদের গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করানো হয়েছে।

    তবে সবকিছুই ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় অনুষ্ঠিত এ আয়োজন বিশ্বের অন্যতম আলোচিত এ জুটির মর্যাদার সঙ্গে মানানসই ও জাঁকজমকপূর্ণ হবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এএফপির এক সাংবাদিক বৃহস্পতিবার গভীর রাতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে একটি ব্যক্তিগত তাবুর সামনে একের পর এক কালো এসইউভি গাড়ি ঢুকতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, সেগুলোতে অতিথিরা এসেছিলেন। এ সময় একঝলক দেখার আশায় বাইরে ভিড় করেছিলেন ভক্তরাও।

    ম্যানহাটনের ২৪ বছর বয়সি অ্যালিসা হাইনেন বলেন, ‘টেইলর এখন আমেরিকার সবচেয়ে বড় তারকা। তিনি আমাদের রাজপরিবারের সদস্যের মতো, আমাদের রানি, আমাদের সবকিছু।’ 

    হাইনেন বলেন, ‘তিনি তার জীবনের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছেন, আর তিনি নিজেও এত বড় একজন তারকা। আমাদের কাছে এটি রাজকীয় বিয়ের মতো মনে হচ্ছে।’

    মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবারের (৩ জুলাই) মূল আয়োজনে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন। তাদের মধ্যে সুইফটের ঘনিষ্ঠ বন্ধু মডেল জিজি হাদিদ ও কারা ডেলেভিন, গায়িকা সেলেনা গোমেজ এবং অভিনেত্রী জোয়ে ক্রাভিৎসের উপস্থিত থাকার কথা রয়েছে। 

    কেলসির দল কানসাস সিটি চিফসের সতীর্থরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। 

    গুঞ্জন রয়েছে, সুইফটের ঘনিষ্ঠ স্টিভি নিকস ও টিম ম্যাকগ্রো অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। এ ছাড়া সুইফটের আরেক ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ শিল্পী এড শিরান এবং পল ম্যাকার্টনিও মঞ্চে উঠতে পারেন। বিকালের ককটেল পর্ব দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সংবর্ধনা চলবে।

    কয়েক সপ্তাহ ধরেই এ জুটির বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে গত এক সপ্তাহ ধরে ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকায় ছিল ব্যাপক সরগরম পরিবেশ।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাংবাদিকেরা লবস্টারের মাংস ও ডোনাট বহনকারী খাবারবাহী ট্রাক সেখানে ঢুকতে দেখেছেন। পুলিশও এরই মধ্যে স্টেডিয়ামের আশপাশের কয়েকটি সড়ক বন্ধের ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এ দম্পতি ইতোমধ্যেই নিউইয়র্কে অবস্থান করছেন।

    মঙ্গলবার সুইফটের ব্যক্তিগত বিমান কাছাকাছি অবতরণ করেছে। শহরে তার গাড়িও দেখা গেছে। অন্যদিকে ম্যানহাটনে দৌড়ানোর সময় কেলসির ছবিও তোলা হয়েছে। বড় দিনের আগে এ দম্পতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দুই কোটি ৬০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • টেইলর সুইফট-ট্র্যাভিস কেলসের বিয়ে এ সপ্তাহেই!

    মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ তারকা ট্র্যাভিস কেলসে এ সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে চারদিকে ব্যাপকভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 

    যদিও এই তারকা জুটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তবে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ম্যানহাটনে চলতি সপ্তাহের শেষের দিকে একটি জমকালো বিয়ের আয়োজন হতে যাচ্ছে। শহরের বিভিন্ন অনুমতিপত্র (সিটি পারমিটস) এবং অন্যান্য সূত্র সেই দিকেই ইঙ্গিত করছে। 

    কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না থাকা সত্ত্বেও, এই শতাব্দীর অন্যতম প্রতীক্ষিত এই তারকা জুটির বিবাহকে ঘিরে ভক্ত ও অনুরাগীদের মধ্যেও চরম উত্তেজনা বিরাজ করছে। 

    নিউইয়র্ক পোস্টের পেজ সিক্স-এর স্টাইল অ্যান্ড শপিং ডিরেক্টর এলানা ফিশম্যান সুইফট-কেলসের বিয়ে প্রসঙ্গে বলেন, ‘এটি সত্যিই আমাদের জন্য একটি ‘রাজকীয় বিয়ে’। চারদিকে শুধু এটি নিয়েই গুঞ্জন চলছে।’ 

    সাধারণত রাজকীয় বিয়েগুলোর স্থান আগে থেকে জানা থাকলেও, এই জুটির বিয়ের সঠিক সময় ও স্থান কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে। তবে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোমান্টিক কোনো স্থানের বদলে তারা বেছে নিয়েছেন নিউইয়র্কের বিখ্যাত ইনডোর স্পোর্টস অ্যারেনা ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন’। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সুইফটের তারকা বন্ধুদের দীর্ঘ তালিকার কারণে এই বিয়েতে সেলেনা গোমেজ, এড শিরান, এমা স্টোন এবং গিগি হাদিদের মতো বিশ্বখ্যাত তারকাদের এক বিশাল সমাগম আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে সুইফটের জনসংযোগ কর্মকর্তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

    ধারণা করা হচ্ছে, এই বিয়েটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন নিউইয়র্ক সিটিতে দুটি বড় ইভেন্টের কারণে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকবে। 

    শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নিউইয়র্ক হারবারে ডজন খানেক বড় জাহাজ নোঙর করবে এবং রোববার (৫ জুলাই) পার্শ্ববর্তী নিউ জার্সিতে একটি বিশ্বকাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

    বিয়ের কতটুকু অংশ জনসমক্ষে প্রকাশ করা হবে তা এখনো স্পষ্ট নয়। 

    তবে ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করছেন, সুইফট তার বিয়ের পোশাকে ও সাজে ওল্ড হলিউড রোমান্সের সঙ্গে মডার্ন গ্ল্যামারের একটি মিশ্রণ রাখবেন, যা আগামী বহু বছর ধরে নতুন কনেদের ফ্যাশন ট্রেন্ড হিসেবে অনুপ্রাণিত করবে। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • টেইলর সুইফটের গোপন খবর ফাঁস করলেন মামদানি

    বিশ্বখ্যাত মার্কিন গীতিকার, প্রযোজক-অভিনেত্রী ও পপ সংগীতশিল্পী টেইলর সুইফট ইতিহাসের অন্যতম সফল এবং সর্বাধিক অ্যালবাম বিক্রি হওয়া সংগীতশিল্পীদের একজন। ১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর জন্ম নেওয়া এ তারকা বিশ্বব্যাপী প্রভাবশালী সাংস্কৃতিক প্রভাবের জন্য পরিচিত। সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ গায়িকার বিয়ের গুঞ্জন উঠেছে। সেই আলোচনায় সুইফটের বিয়ের গোমর ফাঁস করলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। 

    প্রেমকে পূর্ণতা দিয়ে পরিণয়ের দিকে এগোচ্ছেন আমেরিকান পপ সেনসেশন টেইলর সুইফট ও ক্রীড়া তারকা ট্রাভিস কেলসি। এর মধ্যেই সেরেছেন বাগদানও। এরপর থেকেই ভক্তদের মাঝে কৌতূহল— বিয়েটা কবে করবেন তারা?

    এবার সেই দিন-তারিখ ফাঁস করে দিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সম্প্রতি সংবাদ সম্মেলনে কথার ফাঁকে বলে দেন তিনি, ৪ জুলাই বিয়ে করবেন সুইফট ও কেলসি। তার মন্তব্যের পরই বিষয়টি নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। ফিফা বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমন কথা বলেন জোহরান মামদানি। 

    এ নিউইয়র্ক সিটির মেয়র বলেন, আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদযাপন। একই সময়ে টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠান। সব কিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।

    মেয়র কি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন?—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মামদানি বলেন, না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে তাদের বিয়ের অনুষ্ঠান যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেটির জন্য শুভকামনা জানাই।

    উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সম্পর্কে রয়েছেন পপ সংগীতশিল্পী টেইলর সুইফট ও ক্রীড়া তারকা ট্রাভিস কেলসি। রাখঢাক না করে নানা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে প্রেমের সিলমোহর দিয়েছেন তারা। এরপর বাগদানের মাধ্যমে সম্পর্ককে আরও পাকা করে নেন দুজনে। এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্যে প্রবেশের পালা। যদিও বিয়ের দিন-তারিখ এখনো কোনো কিছু প্রকাশ করেননি সুইফট ও কেলসি। 

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুইফট ও কেলসির বিয়েতে এড শিরান, জিজি হাদিদ, সেলেনা গোমেজ, কার্লি ক্লসের মতো বড় তারকারা উপস্থিত থাকবেন। বিয়ের অনুষ্ঠান হতে পারে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।

    বিনোদন ডেস্ক

  • ৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট

    ‘ওয়ান ফর দ্য মানি, টু ফর দ্য শো’—টেইলর সুইফট যেন থামবার পাত্রী নন। ‘শ্যাম্পেন প্রবলেমস’ খ্যাত এই গায়িকার আনুমানিক মোট সম্পত্তি মাত্র দুই বছর আগে ছিল ১.৬ বিলিয়ন ডলার। তবে ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই অঙ্ক এখন এক লাফে পৌঁছে গেছে রেকর্ড ছুঁয়ে ফেলা ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারে। 

    গত ৩ জুন প্রকাশিত ফোর্বসের ‘আইকনোক্লাস্ট ৫০’ তালিকা অনুসারে, ২০২৩ সালে প্রথমবার বিলিয়নিয়ারের ক্লাবে পা রাখার পর মাত্র তিন বছরের মাথায় নিজের মোট সম্পত্তি দ্বিগুণ করেছেন এই গ্র্যামিজয়ী তারকা। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত চলা তার রেকর্ড-ব্রেকিং ‘ইরাস ট্যুর’ এবং পুরোনো অ্যালবামগুলোর রি-রেকর্ডেড সংস্করণ বিক্রির অভাবনীয় সাফল্যই মূলত তার এই আর্থিক সম্পত্তি বৃদ্ধির মূল কারণ। 

    এছাড়া বর্তমানে ৩৬ বছর বয়সী এই শিল্পী ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে ‘টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ এবং ‘লাইফ অব আ শোগার্ল’ শিরোনামে দুটি নতুন অ্যালবাম উপহার দিয়েছেন। এখানেই শেষ নয়, গত বছর তিনি তার প্রথম ছয়টি অ্যালবামের মালিকানা স্বত্বও (রাইটস) সফলভাবে কিনে নিয়েছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ফোর্বসের হিসাব অনুযায়ী, ‘ওপালাইট’ খ্যাত এই গায়িকার বর্তমান মোট সম্পত্তির ব্যবচ্ছেদ করলে দেখা যায়, কনসার্ট ট্যুর ও রয়্যালটি থেকে তার আয় প্রায় ৮০ কোটি ডলার। এছাড়া তার মিউজিক ক্যাটালগের আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি ডলার এবং আবাসন বা রিয়েল এস্টেট সম্পদ আছে প্রায় ১১ কোটি ডলারের। 

    ২ বিলিয়ন ডলারের এই বিপুল সাম্রাজ্যের মালিক হয়ে বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পীর খেতাবটি নিজের দখলে আরও শক্তভাবে ধরে রাখলেন টেইলর। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ১.৬ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে পপ তারকা রিয়ানাকে ছাড়িয়ে তিনি এই মুকুট মাথায় পরেছিলেন।  

    নারী শিল্পীদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেও, সার্বিকভাবে সবচেয়ে ধনী সংগীতশিল্পী অবশ্য তিনি নন। ফোর্বসের হালনাগাদ অনুযায়ী, ২.৮ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে সেই শীর্ষস্থানটি ধরে রেখেছেন মার্কিন র্যাপার ও ব্যবসায়ী জে-জি। 

    তবুও টেইলর সুইফটের এই অর্জন ঐতিহাসিক। কারণ ফোর্বস আগেই ঘোষণা করেছিল, টেইলর হলেন ইতিহাসের প্রথম সংগীতশিল্পী যিনি কোনো ধরনের রিটেইল বা ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসার ওপর নির্ভর না করে মূলত নিজের গান, অ্যালবাম এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিলিয়নিয়ারের তালিকায় স্থান করে নিয়েছেন। 

    সূত্র: ইনিউজ 

    বিনোদন ডেস্ক

  • ‘টয় স্টোরি ৫’- এ থাকছে টেইলর সুইফটের চমক

    জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র পঞ্চম কিস্তিকে ঘিরে দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, তখন নতুন এক ঘোষণায় উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা। জানা গেছে, ছবিটিতে কণ্ঠ দেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা টেইলর সুইফট।

    শুধু তাই নয়, নতুন এই সিনেমায় আধুনিক সময়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়—শিশুদের অতিরিক্ত স্ক্রিনটাইমের প্রবণতাও তুলে ধরা হবে।

    গত এপ্রিল থেকেই টেইলর সুইফটের ওয়েবসাইটে রহস্যময় কাউন্টডাউন এবং বিভিন্ন প্রচারণামূলক ইঙ্গিত দেখে ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়। অবশেষে ডিজনি নিশ্চিত করেছে, ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনামের একটি নতুন গান নিয়ে সিনেমাটির সঙ্গে যুক্ত হচ্ছেন এই তারকা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমা মুক্তির প্রায় দুই সপ্তাহ আগে, আগামী ১৯ জুন গানটি প্রকাশ করা হবে। ডিজনির ভাষ্য অনুযায়ী, এই গানের মাধ্যমে সুইফট তার সংগীতজীবনের শুরুর দিকের কান্ট্রি ঘরানায় ফিরে যাচ্ছেন। গানটির অনুপ্রেরণা এসেছে ‘টয় স্টোরি’র পরিচিত চরিত্র জেসির জীবনযাত্রা থেকে।

    ছবিটির নির্মাতা অ্যান্ড্রু স্ট্যান্টন বলেন, টেইলর সুইফটের মতো একজন শিল্পীকে এই প্রকল্পে পাওয়া তাদের জন্য বিশেষ আনন্দের বিষয়। তার মতে, গানটি শুনলে মনে হয় এটি যেন শুরু থেকেই ‘টয় স্টোরি’র অংশ ছিল।

    অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে টেইলর সুইফট জানান, শৈশব থেকেই তিনি ‘টয় স্টোরি’র ভক্ত। ছবিটির একটি প্রাথমিক প্রদর্শনী দেখার পরই তিনি অনুপ্রাণিত হয়ে গানটি লিখে ফেলেন। নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের অনুভূতিও প্রকাশ করেন তিনি। গানটির সহ-প্রযোজনায় রয়েছেন তার দীর্ঘদিনের সহযোগী জ্যাক অ্যান্টনফ।

    বিনোদন ডেস্ক

  • টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনা করায় কারাদণ্ডে যুবক

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্টে সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে ২১ বছর বয়সী এক যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। নিরাপত্তা আইনের কারণে তার নাম প্রকাশ না করে আদালতের নথিতে তাকে ‘বেরান এ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

    ঘটনাটি ঘটে ২০২৪ সালের আগস্টে, যখন টেইলর সুইফটের ‘এরাস ট্যুর’-এর ভিয়েনা কনসার্ট শুরুর ঠিক আগেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সম্ভাব্য হামলার আশঙ্কায় তখন নির্ধারিত তিনটি কনসার্টই বাতিল করা হয়, যেখানে প্রায় দুই লাখ দর্শকের অংশ নেওয়ার কথা ছিল।

    প্রসিকিউটরদের দাবি, অভিযুক্ত ব্যক্তি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন এবং হামলার জন্য অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। তিনি মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড কেনার চেষ্টা করলেও তা সফল হয়নি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আদালতের মনোরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, অভিযুক্তের মধ্যে কোনো মানসিক রোগের লক্ষণ পাওয়া যায়নি এবং উগ্রবাদে জড়িয়ে পড়ার পেছনে কোনো চিকিৎসাগত কারণও নেই।

    একই মামলায় আরও একজন ২১ বছর বয়সী স্লোভাক নাগরিক দোষী সাব্যস্ত হন এবং তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়নি।

    রায় ঘোষণার আগে অভিযুক্ত নিজের কর্মকাণ্ডের জন্য আদালতে দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে টেইলর সুইফট বলেন, এই ঘটনা তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

    সূত্র : বিবিসি

    বিনোদন ডেস্ক

  • বিশালসংখ্যক ফলোয়ার হারালেন প্রিয়াংকা-টেইলর-কাইলি, জানা গেল কারণ

    বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্রিকেটার বিরাট কোহলি, আমেরিকান সংগীতজগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, গীতিকার ও সংগীতশিল্পী টেইলর সুইফটের মতো বিশ্বখ্যাত তারকারা রাতারাতি তাদের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ফলোয়ার হারিয়েছেন।

    মেটার মালিকানাধীন এ সামাজিক মাধ্যম প্ল্যাটফরমটি ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম ও ইনঅ্যাক্টিভ প্রোফাইল মুছে ফেলার জন্য একটি বিশাল ‘শুদ্ধি অভিযান’ শুরু করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাকে অনেকেই— ‘গ্রেট পার্জ অফ ২০২৬’ বলে অভিহিত করেছেন।

    কারণ বলিউড থেকে হলিউড— সর্বত্র এ সমস্যার সম্মুখীন তারকারা। এ তালিকায় আরও রয়েছেন সফল নারী উদ্যোক্তা কাইলি জেনার, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেসসহ আরও অনেক তারকা। 

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এসব তারকার হঠাৎ করেই লাখ লাখ ফলোয়ার কমে গেছে। জানা গেছে, ইনস্টাগ্রামের মূল সংস্থা— ‘মেটা’ নাকি ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর জন্য এ বড় পদক্ষেপ নিয়েছে। এর জেরেই একরাতের মধ্যে বহু তারকার ফলোয়ার সংখ্যা হু হু করে কমে গেছে।

    মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, মডেল ও সফল নারী উদ্যোক্তা প্রসাধনী ব্র্যান্ড ‘কাইলি কসমেটিকস’-এর প্রতিষ্ঠাতা ও মালিক কাইলি জেনারের প্রায় এক কোটি ৪০ লাখ অনুসরণকারী কমে গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রায় ৮০ লাখ এবং সেলেনা গোমেসের প্রায় ৬০ লাখ অনুসরণকারী কমে গেছে বলে জানা গেছে। এ ছাড়া বিরাট কোহলি, প্রিয়াংকা চোপড়া, টেইলর সুইফট, জাস্টিন বিবার, বিয়ন্সেদের অ্যাকাউন্টেও বড়সড় প্রভাব পড়েছে।

    সামাজিক মাধ্যমের অনেক ব্যবহারকারীর দাবি, ইনস্টাগ্রাম এবার কৃত্রিমভাবে বাড়ানো ফলোয়ার সরিয়ে দিচ্ছে। তবে এখন পর্যন্ত ‘মেটা’র পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এসব তারকা ভুয়া ফলোয়ার কিনেছিলেন— এমন কোনো প্রমাণ ও তথ্যও নেই। 

    বিশেষজ্ঞদের মতে, বড় তারকাদের অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই প্রচুর ‘স্প্যাম’ অ্যাকাউন্ট যুক্ত হয়। তাই সাফাই অভিযানে তাদের ফলোয়ার সংখ্যায় বড় ধাক্কা দেখা গেছে। যদিও এ বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো তারকাই মুখ খোলেননি।

    বিনোদন ডেস্ক