Tag: চিত্রনায়িকা

  • ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় বার্তা

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টের রহস্যময় বার্তা আলোচনার জন্ম দিয়েছে। নিজের একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে মাত্র পাঁচটি শব্দের এই বার্তায় লেখা ছিল—‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’ 

    সম্প্রতি সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে নানা আলোচনা ও শাবনূরকে নিয়ে বিভিন্ন দাবি সামনে আসার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী এমন রহস্যময় বার্তা দিলেন, যা নেটিজেনদের মাঝে নতুন করে কৌতূহল তৈরি করেছে। 

    তবে এই বার্তায় তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি বা সালমান শাহ হত্যা মামলার প্রসঙ্গও সরাসরি উল্লেখ করেননি। 

    উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর সঙ্গে এর আগে নানা সময়ে শাবনূরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এমনকি কেউ কেউ তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। এর মধ্যেই সালমান শাহ হত্যা মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে অভিনেতা ডনের আগের দেওয়া জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন। 

    জবানবন্দির বরাত দিয়ে এই পাবলিক প্রসিকিউটর জানান, ঘটনার দিন সালমান শাহর বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তার দাবি, প্রথমে সালমান শাহর নাক-মুখে ক্লোরোফর্ম প্রয়োগ করে তাকে অচেতন করা হয়। পরে অচেতনতা আরও গভীর করতে বিশেষ ইনজেকশন দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।

    ওমর ফারুক ফারুকীর ভাষ্য অনুযায়ী, ডন তার জবানবন্দিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়ি নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি দীর্ঘদিনের। নায়কের ভক্তদের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও মামলার আসামিদের গ্রেফতার ও ঘটনার প্রকৃত সত্য প্রকাশের দাবি উঠে এসেছে। 

    এসব ব্যাপারে বরাবর নিশ্চুপ থাকলেও মঙ্গলবার (১৮ আগস্ট) ফেসবুকে এই ছোট্ট বাক্য লিখেই যেন না বলা নানা কথা জানালেন এই অভিনেত্রী। 

    যদিও সালমান শাহ হত্যা মামলার সঙ্গে বিভিন্ন সময় অনেকেই শাবনূরের সম্পৃক্ততাও খোঁজার চেষ্টা করলেও নায়কের মা নীলা চৌধুরীর আবার ভিন্নমত। 

    সালমান-শাবনূরকে নিয়ে নব্বইয়ের দশক থেকেই ‘প্রেমঘটিত’ গুঞ্জন ছিল। কিন্তু এই নায়িকা বরাবরই বলে এসেছেন, সালমান শাহকে তিনি ভাইয়ের মতোই দেখতেন। সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের এই বক্তব্যকে সমর্থন করে বলেছেন, তার ছেলের সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল না; সালমান তাকে বোনের মতোই দেখতেন। 

    প্রসঙ্গত, ঢালিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সালমান শাহ ও শাবনূর। ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে তাদের জুটি শুরু হয়। এরপর ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ ১৪টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এই জুটির বেশিরভাগ সিনেমাই ছিল ব্যবসাসফল। 

    বিনোদন ডেস্ক

  • রাজকীয় রূপে ধরা দিলেন অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। সাবলীল অভিনয়ে দর্শকের মন জয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের নতুন নতুন ছবি ও স্টাইলের মাধ্যমে নজর কাড়তে দেখা যায় তাকে। 

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজকীয় লুকে একগুচ্ছ আকর্ষণীয় ছবি শেয়ার করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে ঐতিহ্যবাহী অলঙ্কার ও সোনালি রঙের মেটালিক শাড়ির সাজে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। 

    ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস তার পেছনের কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

    স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রশংসা করে অভিনেত্রী লেখেন, ‘আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’ 

    ছবিগুলোতে অপু বিশ্বাসের পোজ, চোখের চাহনি এবং আভিজাত্যের ছোঁয়া ভক্ত-অনুরাগীদের দারুণভাবে আকৃষ্ট করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফটোশুট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও রুচিশীল উপস্থাপনার প্রশংসা করছেন।  

    বিনোদন ডেস্ক

  • মিমের ছবি দেখে প্রশংসায় ভাসালেন ভক্তরা

    জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। ফেসবুকে প্রায়শই নানা মুহূর্তের ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়াতে দেখা যায় ‘মালিক’ সিনেমার এই অভিনেত্রীকে। 

    গেল শুক্রবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গোলাপি রঙের পোশাকে একগুচ্ছ ছবি আবারও অনুরাগীদের কাছে ধরা দেন জনপ্রিয় এই নায়িকা। ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরাও তাকে প্রশংসার সাগরে ভাসান। এসব ছবি দেখতে দেখতে ভক্তদের মন্তব্য ও অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক— 

    নিজের ফেসবুক পেজে প্রকাশিত একগুচ্ছ ছবি সম্বলিত পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে মিম লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।’ তবে ছবিগুলো কোনো ওয়েব সিরিজ নাকি সিনেমার দৃশ্যের, সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে 

    পোস্টটির মন্তব্যের ঘরে অনুরাগীরা অভিনেত্রীর সৌন্দর্যেরে প্রশংসায় পঞ্চমুখ। নানা বিশেষণে তারা প্রিয় অভিনেত্রীকে বর্ণনা করছেন। এই যেমন, সজীব নামের একজন লিখেছেন, ‘আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড, তামিল নায়িকাদের হার মানায়।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    রিশা মনি নামের আরেক নেটিজেনের মন্তব্য, ‘সেরার যদি সেরা সুন্দরী নায়িকা যদি বর্তমানে বাংলাদেশে থাকে সেটা হচ্ছে মীম।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    আরেক ব্যবহারকারীর মন্তব্য যেন বাকি সবাইকে ছাড়িয়ে গেছে। প্রিয় তারকাকে নিয়ে একজন লিখেছেন, ‘বিদ্যা সিনহা সাহা মিম সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা এবং এক মুগ্ধকর ব্যক্তিত্বের অপূর্ব সমন্বয়ে আপনি সত্যিই এমন এক তারকা, যিনি বিশ্বের প্রতিটি কোণ আলোকিত করে তোলেন।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    এদিকে, নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করেছেন মিম। সরকারি অনুদানে তৈরি সেই ছবির শুটিং ২০২৩ সালে শেষ হলেও মুক্তির কোনো খবর নেই। ছবির নাম ‘দিগন্তে ফুলের আগুন’। 

    সর্বশেষ গেল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিম অভিনীত চলচ্চিত্র ‘মালিক’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। যদিও দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    ‘মালিক’ মুক্তির পর জুনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এ ছবিতে অভিনয় করে বেশ আলোড়ন তোলেন এই অভিনেত্রী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    বিনোদন ডেস্ক

  • অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন তিনি। তবে এ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি অভিনেত্রী। 

    নায়িকার দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মধ্যেই এক সাক্ষাতকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জেনেছেন বলে উল্লেখ করেন। তবে এর সত্যতা সম্পর্কে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানান গৌতম। 

    গৌতম সাহা বলেন, খবরটি সত্য হলে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধুই গুঞ্জন হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার ভাষায়, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন। 

    সাক্ষাতকারে এই ফ্যাশন কোরিওগ্রাফার আরও বলেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময় পার করেছিলেন। সেই সময় তিনি তার পাশে ছিলেন, নিয়মিত কথা বলে সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।

    তবে একপর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও দাবি করেন গৌতম। যদিও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি। বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে তার আগের মতো যোগাযোগ নেই বলেও জানান গৌতম সাহা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে, অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদরী।

    তিনি বলেন, ‘গৌতম সাহা অনেক বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। এমন একটি বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো। কারণ, তিনি অপু বিশ্বাসের বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত নন।’

    তিনি আরও জানান, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলে সেটিও শাকিব খান ও তার পরিবারের জানা থাকে। 

    তার কথায়, ‘অপু বিশ্বাস এখন পুরোপুরি ছেলে জয় এবং নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে যে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। এমন কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সবার সঙ্গে বিষয়টি ভাগ করে নেবেন।’ 

    উল্লেখ্য, এখন পর্যন্ত বিয়ের গুঞ্জন প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস। তাই বিষয়টি এখনো গুঞ্জন হিসেবেই প্রতীয়মান রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী

    বিশ্বকাপ উন্মাদনায় সাধারণ মানুষসহ দেশের শোবিজ তারকারাও গা ভাসিয়েছেন। অনেকেই নিজের পছন্দের দলের প্রতি শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন, অভিমত জানাচ্ছেন। আবার অন্য দলকে নিয়ে খুনসুটিতেও মাতছেন।

    এই যেমন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ১৪ জুন (শনিবার ভোররাত ৪টায়) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শীষ্যরা। তার আগে পছন্দের দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

    শনিবার (১৩ জুন) ব্রাজিলের জার্সি পরিহিত নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে বুবলী লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। আহা! সেই ছোট্টবেলার ইমোশন রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো…।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই পোস্টটির মধ্য দিয়ে বুবলী তার প্রিয় দলের প্রতি নিজের গভীর আবেগ ও ভালোবাসা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা ভক্ত-অনুরাগীদের আলাদাভাবে নজর কেড়েছে। বুবলীর এই পোস্টের মন্তব্যের ঘরে ফুটবলপ্রেমীদের নানামুখী প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

    উল্লেখ্য, ১৪ জুন ভোররাতের খেলায় ব্রাজিলের প্রতিপক্ষ আশরাফ হাকিমির মরক্কো।

    বিনোদন ডেস্ক

  • আমি ব্রাজিলের কট্টর সমর্থক, আমার ছেলে আর্জেন্টিনা: অপু বিশ্বাস

    ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। রাতেই শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপ। আর কিছুক্ষণ পরে বিশ্বফুটবলের দামামা বেজে উঠবে। ফিফা বিশ্বকাপের এ মহারণ নিয়ে পুরো পৃথিবীর ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন। নিজ নিজ দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা— কখন নিজ দলের খেলা উপভোগ করবেন। যার যার সমর্থিত দল নিয়ে অভিমত ব্যক্ত করছেন। 

    যদিও বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তবুও ফুটবলের চিরন্তন উন্মাদনার হাওয়া এ লাল-সবুজের বাংলাতেও কম কিসে! সাধারণ মানুষের পাশাপাশি ফুটবল-জ্বরে আক্রান্ত বিনোদন জগতের তারকারাও। প্রতি আসরেই পছন্দের দল নিয়ে তারা সরব থাকেন। এবারও যে তেমনটাই ঘটবে, সেটা সহজেই অনুমেয়। 

    পর্দার তারকাদের এই ফুটবল উন্মাদনা আর পছন্দের দলের প্রতি অকুণ্ঠ সমর্থন বিশ্বকাপের রোমাঞ্চকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কার মুখে শেষ হাসি ফুটবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল, তা দেখার জন্য তর সইছে না। পুরো বিশ্বের কোটি কোটি ভক্তের পাশাপাশি বাংলার তারকাদেরও উন্মাদনার কমতি নেই। তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিজ নিজ দলের বন্দনা গাইছেন। এবার সেই তালিকায় দেখা গেছে ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাসকে। তিনি বলেন, আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে, তারা ব্রাজিল করে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অপু বিশ্বাস বলেন, মজার বিষয় হচ্ছে— আমার ছেলে আর্জেন্টিনা পছন্দ করে। আর আমি নেইমারকে খুব পছন্দ করি। বিশেষ করে তার স্টাইল ও খেলাধুলা থেকে শুরু করে সবকিছু। আর ব্যক্তিত্ব হিসেবে মেসিকে অনেক পছন্দ করি। 

    অভিনেত্রীর কথায়, বিশ্বকাপ এলে উৎসবের আমেজ তৈরি হয়। অনেক ধরনের খাবার রান্না করে টিভির সামনে সবাই মিলে রাত জেগে খেলা উপভোগ করি। প্রিয় দলের যেদিন খেলা থাকে, সেদিন তো আনন্দের সীমা থাকে না। খেলার এ সময়টা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও যে ঘটে না তা নয়, তবে এসব কখনোই কাম্য নয়।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) বিশ্বকাপ ফুটবল শুরুর উদ্বোধনী দিনে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। 

    বিনোদন ডেস্ক

  • স্কুলজীবনে প্রেমের সব প্রস্তাব বান্ধবীদের মাধ্যমে আসত: অপু

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে আগের মতো অভিনয়ে না থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিত আছেন। প্রায়ই সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে না বলা কথা শেয়ার করে নেন তিনি। নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি শৈশবের স্মৃতিকথাও শোনান অভিনেত্রী। 

    সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের শৈশব ও স্কুলজীবনের একরাশ স্মৃতিকথা বলেন অভিনেত্রী অপু বিশ্বাস। ছোটবেলায় তার স্বভাব-চরিত্র কেমন ছিল, তা তুলে ধরেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে।

    অপু বিশ্বাস বলেন, ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম। আমার নাম ছিল অপু। আমার কাকা বা বাবা, তার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির অনেকেই যারা আমাকে চিনতেন না বা দেখেননি, তারা ভাবতেন আমি হয়তো কোনো ছেলে। 

    তিনি বলেন, তারা আমার বাবাকে বলতেন— আপনার ছোট ছেলে। বাবাও এ বিষয়টি নিয়ে খুব মজা নিতেন। ওই জায়গা থেকে বলতে পারি— আমি খুব ডানপিটে ছিলাম, কখনোই মিষ্টি স্বভাবের ছিলাম না। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অপু বিশ্বাস বলেন, আর স্কুলের কথা যদি বলি— স্কুলে স্যারদের মধ্যে কোনো ভালো প্রোগ্রাম মানেই অপুকে ডাকো, প্ল্যানিং করতে হবে। যেহেতু আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম, তাই ছাত্রী হিসেবেও বেশ ভালো ছিলাম। 

    স্কুলজীবনে প্রেম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সরাসরি তাকে প্রস্তাব দেওয়ার কেউ সাহস পেত না। সব প্রস্তাব বান্ধবীদের মাধ্যমেই আসত। সব প্রেমের চিঠি আসত।

    স্কুলজীবনে কারও সঙ্গেই কি মন দেওয়া-নেওয়া হয়নি?— এমন প্রশ্নের উত্তরে  অপু বিশ্বাস বলেন, ওই জায়গা থেকে আমার কখনো প্রেম হয়নি। পছন্দ অনেকে হয়তো করতেন, সেটা পরবর্তী সময়ে শুনতাম বা জানতাম।

    তিনি বলেন, আমার বান্ধবীদের দিয়ে বলাত। আমাকে সরাসরি কেউ বলত না। আমাকে বলার সাহস পেত না। বান্ধবীদের বলত— ‘অপুকে অনেক ভালো লাগে, কীভাবে বলা যায়’। চিঠি-টিঠি লিখত। তখন বান্ধবীরা বলত— ‘ওরে বাপরে বাপ! চিঠি রিসিভ করে কি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলব? ও তো অনেক রাগ করে’।

    বিনোদন ডেস্ক

  • শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

    নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা সিনেমাপ্রেমীদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই দুই অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা। আর অনবদ্য অভিনয়গুণে দুজনই শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে।

    সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পূর্ণিমা। 

    ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’

    স্মৃতির পাতা হাতড়ে পূর্ণিমা আরও উল্লেখ করেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’

    বর্তমানে শাবনূরকে রূপালী পর্দায় নিয়মিত দেখা না গেলেও ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও যে তাকে কতটা মিস করেন, তা স্পষ্ট পূর্ণিমার কথায়। শাবনূরের সুস্থতা কামনা করে পূর্ণিমা তার পোস্টে লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

    প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের অভিনয় ও সৌন্দর্য দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এক সময় পর্দায় তাদের তুমুল প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও, বাস্তব জীবনে তাদের এই পারস্পরিক সম্মান ও ভালোবাসা ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত। 

    বিনোদন ডেস্ক

  • এতদিন কোথায় ছিলেন বুবলী?

    দীর্ঘ কয়েক মাসের নীরবতা, পর্দার আড়ালে বসবাস এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে আবির্ভূত হলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। মাতৃত্বের সময়টুকু যে নিজের মতো করে কাটাতে চেয়েছিলেন, সেটিও পরিষ্কার হয়ে গেছে তার নতুন করে ফিরে আসায়। তাতে আর যাই হোক সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছ থেকেই শুধু নয়; ভক্ত-অনুরাগীসহ সাধারণ মানুষের সমালোচনা থেকেও নিজেকে রক্ষা করেছেন তিনি। 

    যদিও কয়েক মাস ধরে তাকে নিয়ে নানা গুঞ্জন চলছিল। আগের মতো জনসমক্ষে তাকে আর দেখা যাচ্ছিল না। সিনেমা মুক্তি পেলেও দেখা যায়নি প্রিমিয়ারে। এমনকি সংবাদ সম্মেলন কিংবা প্রচার অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল না বললেই চলে। বছরের শুরুতে বুবলী একেবারে আড়ালে চলে যান। ফলে ভক্ত-অনুরাগীদের কৌতূহল দিন দিন বাড়তে থাকে। 

    ভক্তরা গত বছরের অক্টোবরের দিকে জানতে পারেন, মা হতে চলেছেন বুবলী।

    তখন তাকে অভিনন্দন জানিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। তবে তিনি বিষয়টি নিয়ে সেই সময় কোনো মন্তব্য করেননি। পরবর্তী সময়েও মাতৃত্ব নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি; বরং বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বলে এড়িয়ে গেছেন। 

    অভিনেত্রী মা হওয়ার খবরটি শুক্রবার (৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে জানিয়ে দিয়েছেন। সেই পোস্টে তিনি জানান, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। 

    খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান বুবলীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনন্দনের পাশাপাশি নতুন করে সামনে এসেছে আরেকটি প্রশ্ন— কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এতদিন কোথায় ছিলেন? 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বছরের শুরুতে তাকে প্রকাশ্যে কম দেখা গেছে। যাদের সঙ্গে কাজ ছিল, তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তখন সিনেমাসংশ্লিষ্ট অনেকেই বলেন, সন্তান জন্ম দিতে বুবলী হয়তো যুক্তরাষ্ট্রে গেছেন। কারণ এর আগেও বুবলী সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। 

    বুবলীর ঘনিষ্ঠজনদের কয়েকজন জানিয়েছেন, এবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল। প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি।

    আবার কেউ কেউ বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসনসংক্রান্ত কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। যদিও এ বিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ একাধিক সূত্রমতে, যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময়টাতে ঢাকায় ছিলেন তিনি। 

    জানা গেছে, মাতৃত্বকালীন পুরো সময়ে ঢাকাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন বুবলী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন। এমনকি হাসপাতালেও যাতায়াত করতেন আড়াল বজায় রেখে। 

    মা হওয়ার কয়েক মাস আগপর্যন্তও শুটিং এবং বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। করেছেন একাধিক সিনেমার শুটিং। পরিচালক রায়হান রাফির ‘প্রেশার কুকার’ ছবির শুটিংও করেছেন ওই সময়। গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পায়। কিন্তু এটি মুক্তি পেলেও প্রচারণায় দেখা যায়নি তাকে। 

    বিষয়টি তখন অনেকের নজরে আসে। কারণ নিজের সিনেমা মুক্তি পেলে সাধারণত হল ভিজিট, মানুষের সঙ্গে কথাবার্তা বলা কিংবা গণমাধ্যমের মুখোমুখি হওয়ায় বেশ সরব থাকেন বুবলী। এবার তার অনুপস্থিতি রহস্য বাড়িয়ে দেয়। 

    তাই বিনোদন অঙ্গনের অনেকেই ধারণা করেছিলেন, শবনম বুবলী হয়তো দেশের বাইরে আছেন। পরিচালকও বলেছিলেন, বুবলী অসুস্থ, তাই এখন তিনি প্রকাশ্যে আসছেন না। আবার কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে বুবলী কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তখন কিছুই বলা হয়নি। 

    অবশেষে গেল শুক্রবার (৫ জুন) কন্যাসন্তানের মা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। খবরটি জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

    উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান-শবনম বুবলী দম্পতির প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি সামনে আনলেন এই অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • নায়িকা ববির বাসায় চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার ৪ ভরি স্বর্ণালংকার

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন—ফারুক ও তার স্ত্রী। পাশাপাশি এই ঘটনায় এখন পর্যন্ত ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। 

    বৃহস্পতিবার (৪ জুন) বিকালে নায়িকা নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন। 

    রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুর এলাকার এই চিত্রনায়িকার স্থায়ী বাসায় গত ২৬ মে চুরির এই ঘটনা ঘটে। 

    এ ঘটনায় ববি অভিযোগ করেন, শুটিংয়ের কাজে তিনি ঢাকার বাইরে থাকাকালীন বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এর মধ্যে ছিল তার বাবার দেওয়া স্মৃতিবিজড়িত ৩০-৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং কয়েকটি মূল্যবান ঘড়ি। 

    এর প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার (৪ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই। তারা সংঘবদ্ধ ও পেশাদার অপরাধী। আমার বাবার দেওয়া স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আর্থিক মূল্য ছাড়াও এর সঙ্গে জড়িয়ে ছিল অভিনেত্রীর অসংখ্য স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঈদের মাত্র দুই দিন আগে এমন ঘটনা আমার জীবনে গভীর বেদনা হয়ে এসেছে। স্বর্ণালংকারগুলোর আর্থিক মূল্য থাকলেও বাবার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকায় সেগুলোর আবেগগত মূল্য অনেক বেশি।’ 

    চুরির ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী। দুইজনকে গ্রেফতার এবং আংশিক স্বর্ণালংকার উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। তবে এখনো অধিকাংশ স্বর্ণালংকার উদ্ধার না হওয়ার কারণে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। 

    এর আগে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও বাকি মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। 

    বিনোদন ডেস্ক