Tag: কঙ্গনা রানাউত

  • হঠাৎ দীপিকার সমালোচনায় কেন কঙ্গনা

    অনেক কাঠখড় পুড়িয়ে বাধাবিঘ্ন দূর করে অবশেষে মুক্তি পেল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’।  গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) ছবিটি মুক্তি পায়। ছবি মুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অভিনেত্রী। আর ‘ইমার্জেন্সি’ ছবিটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই। কারণ এ মুহূর্তে বলিউডে কোনো পরিচালক-প্রযোজক কাজ এ অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন না। 

    কিন্তু তাতে দমে যাননি কঙ্গনা রানাউত। নিজেই ছবির প্রযোজনা করছেন, নিজেই দায়িত্ব নিচ্ছেন পরিচালনার। ইতোমধ্যে বেশ কিছু ছবি নিজের প্রযোজনায় করেছেন। এবার নিজের ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন, কোন কোন পরিচালকের ছবি প্রত্যাখ্যান করেছেন তিনি। সে কথাই বলতে গিয়ে প্রসঙ্গ তুললেন অভিনেত্রী দীপিকার পাড়ুকোনের ।

    এর আগে ২০১৮ সালে দীপিকা অভিনীত ‘পদ্মাবত’ ছবির প্রস্তাব পেয়েছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু সঞ্জয় লীলা বানসালির প্রস্তাব ফিরিয়ে দেন ছবির গল্প শোনার পরেই। এমনকি সঞ্জয় নিজেও জানিয়েছিলেন ছবিতে অভিনেত্রীর কাজ আয়নায় নায়ককে দেখা দেওয়া ও ঘুরে বেড়ানো। এমন চিত্রনাট্য শুনেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। 

    কঙ্গনা বলেন, ‘পদ্মাবত’ ছবির প্রস্তাব দেন সঞ্জয় লীলা বানসালি। আমি তখন তার কাছে চিত্রনাট্য চাই। উনি জানান, চিত্রনাট্য কাউকে দেন না। তবে চরিত্রটা নিয়ে বর্ণনা করেন— নায়িকার কাজ নায়কের কাছে নিজেকে আয়নায় ধরা দেওয়া ও ঘুরে বেড়ানো। ছবিটা মুক্তির পর যখন দেখলাম, একদম ঠিক। কিছু নেই, নায়িকার সেজেগুজে শুধু ঘুরে বেড়ানো। 

    তিনি বলেন, ছবিতে শুধু নায়িকা সেজেগুজে ঘুরে বেড়িয়েছেন, আর কিছুই ছিল না। যদিও এ প্রসঙ্গে কঙ্গনার নিশানায় পরিচালকরাই। বর্তমান সময়ে পরিচালকরা তেমন জোরদার চরিত্র নাকি দেন না অভিনেত্রীদের।

    বিনোদন ডেস্ক

  • কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ছবি বাংলাদেশের পর কোথায় নিষিদ্ধ

    বহু কাঠখড় পুড়িয়ে বাধাবিঘ্ন দূর করে অবশেষে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে। আর ‘ইমার্জেন্সি’ ছবিটি নিজেই পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন অভিনেত্রী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। এদিকে ‘ইমার্জেন্সি’ মুক্তির আগেই বাংলাদেশে প্রদর্শনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার ছবিটি প্রদর্শনের নিষিদ্ধ ঘোষণা এসেছে এসজিপিসির পক্ষ থেকে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মানের কাছে ‘ইমার্জেন্সি’র ওপর নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়েছে এসজিপিসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্টও শেয়ার করে নিয়েছে এসজিপিসি।

    এসজিপিসির সভাপতি চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রেখেছেন। সংগঠনের পক্ষ থেকে লেখা হয়েছে— অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’র ওপর শিরোমণি গুরুদ্বার পরবান্ধক কমিটির আপত্তি রয়েছে। ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে এবং এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করছে। এসজিপিসির পক্ষ থেকে পাঞ্জাবে এ ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি করা হয়েছে।

    সেই পোস্টে আরও লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীকে চিঠি মারফত জানানো হয়েছে— ছবিটি মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়াবে। তাই রাজ্যে এ ছবিকে নিষিদ্ধ করা সরকারের দায়িত্ব। এ ছবি মুক্তি পেলে শিরোমণি সম্প্রদায় তীব্র বিরোধিতা করবে।

    এর আগে ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হয়েছে বাংলাদেশেও। ইন্দিরা গান্ধীর সময় ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল, যা রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলেছিল ভারতকে। এ ছবিটিতে ভারতের রাজনীতি ও সমাজনীতির একটা অন্ধকার দিক ফুটে উঠেছে। এ ছাড়া ছবিতে দেখানো হয়েছে ইন্দিরা গান্ধী কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল। সেই সময় পাকিস্তান-বাংলাদেশের যুদ্ধে যাতে ভারত না জড়িয়ে পড়ে, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রমাগত চাপ আসছিল, কিন্তু ইন্দিরা গান্ধী তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, লাখ লাখ শরণার্থীকে ভারতে জায়গা দেওয়ার থেকে অর্থনৈতিক স্তরে ভারতের পক্ষে সরাসরি পাকিস্তানের মোকাবিলা করা ভালো।

    এদিকে বেশ কিছু দিন ধরে উত্তাল বাংলাদেশ। এখনো যে অবস্থা স্বাভাবিক হয়েছে তা বলা যায় না। তা ছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছিল। তাই সব মিলিয়ে বাংলাদেশে ছবিটির মুক্তি দেওয়া হচ্ছে না। 

    একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশে ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের সঙ্গেও জড়িত। তাই ছবিটি নিয়ে নিষেধাজ্ঞা জারি কর হয়েছে। অনেকের মতে, ‘ইমার্জেন্সি’র অনেক বিষয়বস্তু দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক সমস্যার নানা দিককে প্রভাবিত করবে।’ এ সময় দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই নাকি ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বতীকালীন সরকারের এমন সিদ্ধান্ত।

    এর আগে ‘ইমার্জেন্সি’ ছবি মুক্তির আগে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন বলিউড অভিনেত্রী-প্রয়োজক কঙ্গনা রানাউত। আবার সেই প্রদর্শনী দেখানো হয় নাগপুরে। অভিনেত্রী এ ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িকে। ছবিটি দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে মন্ত্রী লিখেছিলেন— ভারতের ইতিহাসের কালো অধ্যায়কে সততার সঙ্গে উৎকৃষ্টভাবে উপস্থাপন করার জন্য মন থেকে পরিচালক এবং ছবির সব অভিনেতাকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় তুলে ধরা হয়েছে এ ছবিতে। সবাইকে এ ছবি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 

    উল্লেখ্য, অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ ছবি নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছিল শিরোমণি অকালি দল। যার ফলে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় তাকে। ছবিটি থেকে বেশ কিছু দৃশ্য বাদও দিতে হয়েছে অভিনেত্রীকে। সব মিলিয়ে প্রথম পরিচালনা করতে গিয়ে ভালোই বেগ পেতে হয়েছে কঙ্গনাকে। তাই আগামী দিনে আর রাজনৈতিক কোনো ছবি নির্মাণ করবেন না বলে জানিয়েছে অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • নিজের সিনেমার গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা

    বলিউডে কঙ্গনা রানাউতকে ঠোঁটকাটা অভিনেত্রী বলা হয়। সেই সঙ্গে বলা হয় ‘কুইন কঙ্গনা’। কিন্তু একটুতেই মেজাজ হারিয়ে রুদ্র রূপ ধারণ করেন অভিনেত্রী। একাধিকবার বেফাঁস মন্তব্যও করেছেন তিনি। তাই অভিনেত্রীর নিন্দুকের সংখ্যাও কম নয়। তবে একটা সময়ে কঙ্গনার লাবণ্যে মুগ্ধ ছিলেন ভক্ত-অনুরাগীরা।

    কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন। প্রথম ছবি থেকেই কোঁকড়া চুলের অধিকারিণী মাত করেছিলেন সৌন্দর্যে। সম্প্রতি সেই পুরোনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।

    বর্তমানে আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউড। প্রচারের জন্যই একটি রিয়্যালিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল। ২০০৯ সালে কঙ্গনার ‘রাজ: দ্য মিস্টরি কন্টিনিউজ’ ছবিতে একটি গান গেয়েছিলেন তিনি। সেই স্মৃতিই ফের তুলে ধরেন কঙ্গনা। ছবিতে সাবেক প্রেমিক অধ্যয়ন সুমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবির ‘সোনিও’ গানটি সেই সময়ে সাড়া ফেলেছিল। কঙ্গনা ও অধ্যয়নের রসায়নেও মজেছিলেন অনেকেই।

    কঙ্গনা সেই গান নিয়ে মন্তব্য করে বলেন, আমার ছবিতে সোনু স্যার ‘সোনিও’ নামে একটি গান গেয়েছিলেন। আমার জন্য গান গেয়েছিলেন শ্রেয়া ম্যাম। ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফের সেই অংশটি গাওয়ার অনুরোধ জানান শ্রেয়া ম্যামকে। অভিনেত্রীর অনুরোধ গ্রহণ করেন গায়িকা। 

    এক প্রতিযোগীর সঙ্গে জোট বেঁধে গান গেয়ে পুরোনো স্মৃতি মনে করিয়ে দেন তিনি। কঙ্গনা নিজেও গুণগুণ করে ওঠেন। গান শেষে করতালিতে ভরিয়ে দেন মঞ্চ। কঙ্গনা নিজেও যে অতীতে ডুব দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, তা তার চোখেমুখে ভেসে ওঠে আলো। সেই মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

    উল্লেখ্য, বহু কাঠখড় পুড়িয়ে বাধাবিঘ্ন দূর করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। এর মধ্যে ‘ইমার্জেন্সি’  ছবি নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছিল শিরোমণি অকালি দল। যার ফলে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় তাকে। ছবি থেকে বেশ কিছু দৃশ্য বাদও দিতে হয়েছে অভিনেত্রীকে। সব মিলিয়ে প্রথম পরিচালনা করতে গিয়ে ভালোই বেগ পেতে হয়েছে কঙ্গনাকে।

    আগামী ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন অভিনেত্রী। আর এ ছবিটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন কঙ্গনা নিজেই। তবে আগামী দিনে আর রাজনৈতিক ছবি তৈরির কথা ভাবছেন না তিনি।

    বিনোদন ডেস্ক

  • এবার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা

    বলিউডে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ‘কুইন’ বলা হয়। সেই সঙ্গে বলা হয় ঠোঁটকাটা অভিনেত্রী। কিন্তু তিন খান—বাদশাহ শাহরুখ খান, বলিখ্যাত ভাইজান সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সঙ্গে কখনো কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। একাধিকবার সুযোগ এলেও ফিরিয়ে দিয়েছেন তিনি। 

    এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন— তিন খানের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী নন তিনি। কারণ খানদের বিপরীতে অভিনয় করলে কখনই তিনি প্রাথমিক গুরুত্ব পান না। শুধু নায়কের বাহুলগ্নার চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। তাই ছবির প্রস্তাব এলেও বারবার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। 

    যদিও সালমান খানের সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব কঙ্গনার। কিন্তু তারপরও কোনো ছবিতে জুটি বাঁধেননি অভিনেত্রী। বহু ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছিল তার। এরপরও দুজনকে একপর্দায় দেখা যায়নি। এর কারণ অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

    ভবিষ্যতে কি ‘ভালো বন্ধু’ সালমানের সঙ্গে এক ছবিতে কঙ্গনাকে দেখার কোনো সুযোগ আছে?— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, সালমান আমার ভালো বন্ধু। একসঙ্গে কাজ করার বহু সুযোগ আমরা পেয়েছি। কিন্তু কোনোভাবেই একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।

    সালমান সম্পর্কে এর আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন— সালমানজির অসংখ্য অনুরাগী রয়েছেন। মানুষ ওকে কত ভালোবাসে। আমি মনে করি, দেশে ওর অনুরাগীই সবচেয়ে বেশি। যারা ওকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন। আর যারা অপছন্দ করেন, তাদের ওকে কখনই ভালো লাগবে না। ওকে যারা প্রতিযোগী মনে করেন, সালমান তাদের কাছে কাঁটা হবেনই।

    এদিকে এর আগে ‘ইমার্জেন্সি’ ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল— আগামী দিনে কি তার পরিচালনায় তিন খান— শাহরুখ, সালমান ও আমিরকে দেখা যাবে? সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী। তিন খানের পরিচালক হতে নাকি এক পায়ে রাজি কঙ্গনা।

    অভিনেত্রী বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছে— আমি বলিউডের তিন খানকে কোনো ছবিতে পরিচালনা করতে চাই কিনা। তিনি বলেন, কেন করব না? ভালো চিত্রনাট্য থাকলে অবশ্যই করব। অভিনেত্রী বলেন, আমি মনে করি— ওদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওরা। তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে।

    উল্লেখ্য, কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • এবার ৩ খানকে নিয়ে বড় পরিকল্পনা কঙ্গনার

    বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিখ্যাত ভাইজান সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সঙ্গে কোনো ছবিতেই জুটি বাঁধেননি অভিনেত্রী কঙ্গনা রানাউত। এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন— তিন খানের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী নন তিনি। কারণ খানদের বিপরীতে অভিনয় করলে কখনই তিনি প্রাথমিক গুরুত্ব পান না। শুধু নায়কের বাহুলগ্নার চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। তাই ছবির প্রস্তাব এলেও বারবার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার তিন খানকে নিয়ে বড় পরিকল্পনা জানালেন কঙ্গনা রানাউত। 

    এ মুহূর্তে ‘ইমার্জেন্সি’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত আছেন কঙ্গনা রানাউত। সেই ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়— আগামী দিনে কি তার পরিচালনায় শাহরুখ, সালমান ও আমিরকেও দেখা যাবে? সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী। তিন খানের পরিচালক হতে নাকি এক পায়ে রাজি কঙ্গনা।

    অভিনেত্রী বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল— আমি বলিউডের তিন খানকে কোনো ছবিতে পরিচালনা করতে চাই কিনা। তিনি বলেন, কেন করব না? ভালো চিত্রনাট্য থাকলে অবশ্যই করব। অভিনেত্রী বলেন, আমি মনে করি— ওদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওরা। তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে।

    অভিনেত্রী তিন খানের সঙ্গে জুটি বাঁধেননি ঠিকই। কিন্তু শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন কঙ্গনা রানাউত। কিছু দিন আগে শাহরুখপুত্র আরিয়ানকে নিয়েও একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সমসাময়িক তারকা সন্তানদের প্রায় সবাই ক্যামেরার সামনে অভিনয় করছেন। সেই জায়গায় পরিচালকের ভূমিকায় আরিয়ানকে দেখতে নাকি অপেক্ষা করে রয়েছেন তিনি।

    উল্লেখ্য, কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • কঙ্গনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোনু সুদের

    একসময় বন্ধুত্বের সম্পর্ক ছিল অভিনেত্রী কঙ্গনা রানাউত ও দক্ষিণী অভিনেতা সোনু সুদের। কিন্তু এখন আর নেই। এখন প্রায় মুখ দেখাদেখি বন্ধ এ অভিনেত্রী-অভিনেতার। তাদের এ সম্পর্কের অবনতি ঘটে ‘মণিকর্ণিকা’ সিনেমার শুটিংয়ের সময় থেকে। প্রথমে ছবিটি পরিচালনা করছিলেন কৃষ জগরলামুড়ি। পরে পরিচালনার ভার নিজের হাতেই তুলে নেন কঙ্গনা। এ ছবি থেকে মাঝ পথেই বিদায় নিয়েছিলেন সোনু সুদ। 

    প্রায় পাঁচ বছর ধরে কথা বন্ধ দুই বন্ধুর। তবে বন্ধুত্বে ইতি হলেও কঙ্গনার পরিবারের সঙ্গে এখনো অভিনেতার সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো বন্ধুকে নিয়ে সে কথা বললেন সোনু সুদ।

    কঙ্গনার ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য না করে সোনু বলেন, কঙ্গনা আমার বন্ধু নয় বলেই ‘মণিকর্ণিকা’ থেকে আমি বেরিয়ে এসেছিলাম। ওর সঙ্গে আমার আর বাক্যালাপ নেই। তিনি বলেন, কিন্তু ওর মা, বাবা, বোন এবং গোটা পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠতা রয়েছে আমার। এ অভিনেতা বলেন, একটা নিয়ম আমি মেনে চলি। কারও সঙ্গে কোনো সময়ে সুসম্পর্ক থাকলে, যা-ই হয়ে যাক, তার বিরুদ্ধে খারাপ মন্তব্য করি না।

    কিছু বিষয় ঘিরে খারাপ লাগা তৈরি হলেও একসময়ের বন্ধুর নামে খারাপ মন্তব্য করতে চান না সোনু। অভিনেতা বলেন, লোকে যা ইচ্ছে বলতেই পারে। কিন্তু আমি কখনই ওর বিরুদ্ধে খারাপ কিছু বলব না। হয়তো খারাপ লাগা থাকতে পারে, একসময়ে বন্ধু ছিল ও। আর এখন এই খারাপ কথাগুলো বলছে। আমার মনে হয় এটা ওর (কঙ্গনা) বোকামি। ও কিন্তু মোটেই খারাপ মানুষ নয়। তবে কিছু কথা বলে দেওয়ার আগে ভাবা উচিত। আমিও হয়তো বোকার মতো কখনো করেছি এমন কিছু। তবে তা নিয়ে আক্ষেপ নেই। তাই কঙ্গনা কী বলবে, সেটি ওর ভাবনার ধরন। উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়াই সমীচীন মনে করি।

    ‘মণিকর্ণিকা’র পরে আর কখনই পরস্পরের সঙ্গে কথা বলেননি কঙ্গনা ও সোনু। এমনকি নতুন কোনো ছবির প্রস্তাবও আর দেননি ‘কুইন’। অভিনেতা বলেন, আমরা ‘মণিকর্ণিকা’র পরে আর কোনো কথা বলিনি। অজয় নামে আমাদের এক বন্ধু রয়েছে। আমাদের মধ্যে একাধিকবার মিটমাট করানোর চেষ্টা করেছিল ও; কিন্তু আমি আর কথা বাড়াতে চাইনি। ওকে ওর খুশিমতো থাকতে দেওয়াই ভালো।

    উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সোনু সুদের ছবি ‘ফতেহ’। অন্যদিকে কঙ্গনার বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • তবুও ‘ভাইজান’ স্তুতি কঙ্গনার কণ্ঠে

    বলিউডের অধিকাংশজনই খবরটি জানতেন, সালমান
    খানের কথা ফেলতে পারতেন না কঙ্গনা রানাউত। কিন্তু সেই সময় ফুরিয়ে গেছে। পরস্পর নিজেদের
    বিরুদ্ধে কথা বলাও এখন স্বাভাবিক ঘটনা। কঙ্গনার মুভিতে অভিনয় করার প্রস্তাব ফেরানোর
    পরই সম্পর্কে অবনতি। কিন্তু সম্প্রতি ‘কন্ট্রোভার্সি
    কুইন’ খ্যাত কঙ্গনার কণ্ঠে ঝড়েছে ‘ভাইজানের’
    প্রশংসা।

    কঙ্গনা কারও প্রশংসা করেন, তাও আবার
    বলিউড খানদের একজন! বিষয়টি নেট দুনিয়ায় নতুন চর্চার জন্ম দিয়েছে। তবে কঙ্গনা রাগঢাক
    না রেখেই বলেছেন তিনি এখনও সালমানকে সম্মান করেন। তবে তিনি এও জানেন, কখনও বলিউড ভাইজানের
    সঙ্গে আর কাজ করা হবে না তার।

    নিজের পরিচালনায় আসতে যাওয়া ‘ইমারজেন্সি’ মুভির প্রচারণায়
    গিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ এ কঙ্গনা বলেন, ‘সালমান
    আমার ভালো একজন বন্ধু। আমাদের অনেকবার এক সঙ্গে কাজ করার সুযোগ এসেছিল। কিন্তু জানি
    না, কি হবে। হয়তবা কখনও আর একসাথে কাজ করা হবে না।’

    ইমারজেন্সি মুভির ট্রেইলার প্রকাশের
    দিন সালমানকে ভারতের অন্যতম সুপারস্টার বলেছেন কঙ্গনা। তার মতে, সালমানের সহযোগিতার
    কারণেই তিনি বেশ কয়েকবার কন্ট্রোভার্সিতে পড়েছিলেন। কঙ্গনা বলেছেন, ‘ সালমান জি’কে দেখুন, তার কত
    ফ্যান-ফলোয়ার, কত মানুষ তাকে ভালোবাসে। যারা তাকে পছন্দ করে তারা পছন্দ করেই যাবে।
    তেমনি কিছু ক্ষেত্রে যারা অপছন্দ করে, তারাও করে যাবে।’

    কঙ্গনা জানিয়েছেন, সালমান তাকে ‘বাজরঙ্গি ভাইজান’ ও ‘সুলতান’ মুভিতে অভিনয় করার জন্য
    প্রস্তাব দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই সব মুভিতে তার কাজ করা হয়নি। কিন্তু তার
    পরও সালমানের প্রতি শ্রদ্ধাবোধ কমছে না কঙ্গনার।

    বিনোদন ডেস্ক

  • ইন্দিরা বেশে যুদ্ধ ঘোষণা কঙ্গনার

    বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত বহুল আলোচিত ছবি ‘ইমার্জেন্সি’ অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। কঙ্গনার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল ছবির মুক্তি। কারণ ছবিটি ঘোষণা হওয়ার পর থেকে একাধিক বিতর্কও জড়িয়ে ছিল। এমনকি ছবি নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছিল। সোমবার মুক্তি পেয়েছে ছবির নতুন ট্রেলার।

    আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ৬ সেপ্টেম্বর। কিন্তু সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র মেলেনি। ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৭৭ সালের ভারতের জরুরি অবস্থার কথা।

    ১ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে কঙ্গনাকে দেখা গিয়েছে নানা মেজাজে। কখনো তিনি যুদ্ধ ঘোষণা করছেন। কখনো মুখে স্মিত হাসি রেখে বলছেন, ‘ইন্ডিয়া ইজ ইন্দিরা, অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া। এক নেটাগরিকের কথায়, ‘কঙ্গনাকে এই ভাবে দেখে গায় কাঁটা দিচ্ছে।’ আর এক অনুরাগী লিখেছেন, ‘কঙ্গনাকে বিভিন্ন বিষয়ে অপছন্দ হতে পারে। কিন্তু অভিনয় নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। কোনো সন্দেহ নেই, তিনি পঞ্চম জাতীয় পুরস্কার পেতে চলেছেন এই ছবির জন্য। সত্যিই তিনি বলিউডের ‘কুইন’। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলবেই।’ তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

    বিনোদন ডেস্ক

  • কঙ্গনার নিশানায় পড়েছেন রাহুল গান্ধী

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘জিম’ ট্রেনারের সঙ্গে তুলনা করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। রাহুল নাকি সংসদে এসেও নিজের পেশির জোর দেখান বলে জানিয়েছেন অভিনেত্রী।

    কঙ্গনা রানাউতের নিশানায় পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল বৃহস্পতিবার সংসদের অন্দরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তি থেকেই এর সূত্রপাত। এর জেরে সংসদের মধ্যেই বিজেপি সংসদ সদস্য প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। 

    ষড়ঙ্গীর অভিযোগ, সংসদ ভবনের মকর দ্বারের সামনে তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এ কংগ্রেস নেতা। এ বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা।

    রাহুলকে কড়া ভাষায় কটাক্ষ করে কঙ্গনা বলেন, খুব লজ্জাজনক। আমাদের একজন সংসদ সদস্যের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। ওদের (কংগ্রেস) হিংসা আজ সংসদ পর্যন্ত পৌঁছে গেছে। এমনকি রাহুলকে ‘জিম’-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করেছেন কঙ্গনা।

    কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— সংসদে বিজেপি সংসদ সদস্যদের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। এ লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। যেন কোনো ‘জিম ট্রেনার’। এবার তো লোকজনকে ধাক্কা দিলেন, ঘুষিও মারলেন। রাহুল গান্ধীর কোনো সম্মান নেই।

    ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অম্বেডকর-মন্তব্য থেকে। এ দিনের ঘটনায় মাথায় চোট পেয়েছেন ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সংসদ সদস্য এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পর ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল। তার পর আহত সংসদ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়। 

    ষড়ঙ্গী বলেন, রাহুল গান্ধী এক সংসদ সদস্যকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের ওপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।

    বিনোদন ডেস্ক

  • কেন শাহরুখের সঙ্গে অভিনয়ে রাজি হননি এই ৫ বিখ্যাত নায়িকা?

    বলিউড বাদশা শাহরুখ খানের আজ কোনো পরিচয়ের প্রয়োজন নেই। আজ বিশ্বের মানুষ এই অভিনেতাকে কিং খান নামেই চেনে। তার একটি ছবি বক্স অফিসে হাজার হাজার কোটি টাকা আয় করে। অভিনয় জগতের সঙ্গে যুক্ত প্রতিটি শিল্পীই তার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন। তবে, আপনি জানেন কি, বলিউডের পাচঁজন বিখ্যাত অভিনেত্রী শাহরুখ খানের সঙ্গে সিনেমায় কাজ করতে অস্বীকার করেছিলেন?

    সোনম কাপুর

    বলিউড অভিনেত্রী সোনম কাপুর এখন অনেক কম সিনেমায় কাজ করছেন। এক সময় বেশ জনপ্রিয় ছিলেন। শোনা যায়— বহু পরিচালকই তাকে শাহরুখ খানের বিপরীতে ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন। কিন্তু সোনম মনে করেছিলেন তার ও শাহরুখের রসায়ন দর্শকদের পছন্দ নাও হতে পারে। এর কারণেই তিনি শাহরুখের সঙ্গে কোনো ছবিতে অভিনয় করেননি। কিছু গণমাধ্যমে এমনও দাবি করা হয় যে, বয়সের পার্থক্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নেন। 

    হেমা মালিনী

    বলিউডের অন্যতম প্রবীণ এই অভিনেত্রী শাহরুখের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন। কিছু সূত্রে দাবি করা হয়েছিল, তিনি মনে করেছিলেন শাহরুখের মত অভিনেতারা বেশি কাজ করেছেন। তার সঙ্গে কাজ করার কোনো বিশেষ প্রয়োজন ছিল না। তবে এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

    কঙ্গনা রানাউত

    কঙ্গনা রানাউত প্রায়ই তার বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন। তিনি একসময় শাহরুখ খানের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন। কঙ্গনা বিশ্বাস করতেন যে তিনি নিজের শক্তিতে সবকিছু অর্জন করেছেন, এবং সে কারণে তিনি কোনো ‘খান’-এর সঙ্গে কাজ করতে চাননি। 

    আমিশা প্যাটেল

    আমিশা প্যাটেল তার ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে তিনি মনে করেছিলেন যে ভক্তরা শাহরুখ খানের সঙ্গে তার রসায়ন পছন্দ নাও করতে পারে। এ কারণেই তিনি কখনও শাহরুখের সঙ্গে সিনেমায় কাজ করেননি। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সানি দেওলের সঙ্গে ‘গদর 2’ ছবিতে। 

    কারিশমা কাপুর

    কারিশমা কাপুর শাহরুখ খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু তিনি প্রথমে কিছু সিনেমায় শাহরুখের বিপরীতে কাজ করতে অস্বীকার করেছিলেন। তাকে ‘কুছ কুছ হোতা হ্যায়ে’ এবং ‘অশোকা’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেইসব ছবিতে কাজ করতে রাজি হননি। 

    শ্রীদেবী

    শ্রীদেবী বলিউডের এক কিংবদন্তি অভিনেত্রী। শাহরুখ খানের ছবি ‘ডর’-এ অভিনয়ের প্রস্তাব পেয়ে ছিলেন। তবে নানা কারণে তিনি এই ছবিতে কাজ করতে অস্বীকার করেছিলেন। ‘ডর’ ছবিতে সানি দেওল এবং জুহি চাওলা ছিলেন প্রধান চরিত্রে এবং ১৯৯৩ সালে ছবিটি মুক্তি পায়। 

    এসব অভিনেত্রীদের সিদ্ধান্তগুলো আজও বলিউডে আলোচনার বিষয়। যদিও অনেকেই শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চেয়েছেন, কিন্তু তারা কিছু কারণে সরে এসেছিলেন।

    বিনোদন ডেস্ক