Tag: আলিয়া

  • কান উৎসবে যাচ্ছেন না আলিয়া, যে সিদ্ধান্ত ঐশ্বরিয়ার

    ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে, যা চলবে আগামী ১০ দিন। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা যাবে বলিউডের বেশ কিছু তারকাকে। বহুপ্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসবে ফ্রান্সে তারকাদের সমাগম শুরু হয়েছে। উৎসবের লালগালিচায় বিশেষ নজর থাকে ফ্যাশনপ্রেমীদের। বলিউড থেকে কারা এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটবেন, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। তাদের সাজ নিয়েও ফ্যাশনপ্রেমীদের কৌতূহল তৈরি হয়েছিল। ইতোমধ্যে কানে পৌঁছেছেন অভিনেত্রী-মডেল উর্বশী রাউতেলা।

    জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবে এবার নজর কাড়বেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করলেন অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে অন্তত তাকে দেখা যাবে না। তবে পরে তিনি যাবেন কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    বর্তমানে ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির জেরেই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কানে যাওয়া সমীচীন নয় বলেও মনে করছেন তিনি। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেদিকে নজর রাখছে। তবে এ মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন বলে জানান আলিয়া।

    অন্যদিকে চলতি বছরের কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে তার সফর শুরু হয়েছিল। এরপর থেকে প্রায় প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে তাকে দেখা গিয়েছিল। এবারও অন্যথা হবে না বলেই শোনা যাচ্ছে। 

    তবে গত বছর প্রথম দিনে পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের কালো ও সোনালি রঙে মোড়া মাটি স্পর্শ করা একটি গাউন পরেছিলেন ঐশ্বরিয়া। ওই বার তার সাজ তেমন চমক তৈরি করতে পারেনি। অনুরাগীরা তাই নতুন সাজে ঐশ্বরিয়াকে দেখার অধীর অপেক্ষায় রয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • মায়ের সঙ্গে রান্না করার অভিজ্ঞতা শেয়ার করলেন আলিয়া

    কয়েক দিন হলো ইউটিউবে নিজের চ্যানেলে একটি শো করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার প্রতিষ্ঠানের নাম— ‘ইন মাই মামাজ কিচেন’। অভিনেত্রীর রান্না শেখার অভিজ্ঞতা সেখানেই একেকটি পর্ব হয়ে ভেসে উঠছে।

    অভিনেত্রী আলিয়া ভাট চুল তো বাঁধতে পারতেনই, এবার অভিনেত্রী রাঁধতেও শিখে গেছেন। মা সোনি রাজদানের রান্নাঘরে ঢুকে তার কাছ থেকেই রান্না শিখছেন তিনি। কখনো ময়দায় মাখাতে দেখা যাচ্ছে আলিয়াকে, আবার কখনোবা মায়ের থেকে খুঁটিয়ে বুঝে নিচ্ছেন কোন মসলা কতটা দেওয়ার পর থামা উচিত। তেমনই এক রান্না করতে গিয়ে বাঁধল গণ্ডগোল। হাতে ছ্যাঁকা খেলেন অভিনেত্রী।

    সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিতে আলিয়া ভাটকে দেখা যাচ্ছে তার প্রিয় খাবার ‘ম্যাক অ্যান্ড চিজ’ বানাতে। আর একটিতে তিনি বানাচ্ছেন তার প্রিয় মিষ্টি। এই মিষ্টি বানানোর পর্বেই হাত পুড়েছে অভিনেত্রীর। এ ছাড়া তিনি মায়ের সঙ্গে রেঁধেছেন অ্যাপল ক্রাম্বল পাই। 

    আলিয়া বলেন, ছোটবেলায় মায়ের হাতে বানানো ওই মিষ্টির জন্য মুখিয়ে থাকতেন তিনি, আর তার দিদি শাহীন। এখন অবশ্য তিনি নায়িকা। যখন তখন মিষ্টি খাওয়ার উপায় নেই। তবে নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে সেসব বিধিনিষেধকে পাত্তা না দিয়েই ঠান্ডা ক্রিম ছড়ানো গরম অ্যাপল ক্রাম্বল পাইয়ের টুকরো মুখে পুরলেন আলিয়া। উপভোগ করলেন। আর ঠিক সেই সময় অসাবধানতাবশত হাত দিয়ে ফেললেন, সবে অভেন থেকে গরম লোহার পাত্রে।

    অনভ্যস্ত হাতে রাঁধা বাড়াকে ‘হাত পুড়িয়ে রান্না করা’ বলতেন পুরোনো দিনের মানুষ। এক সন্তানের মা এবং বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়ারও যে রান্নাঘরে ঢোকার প্রয়োজন পড়েনি কখনো তা ভিডিও দেখেই বোঝা যায়। ভিডিওতে মা সোনিকে বলতেও শোনা যায়, অবশেষে রান্নাটা শেখা হবে তোমার।

    আলিয়ার ভিডিও দেখে তার ভক্ত-অনুরাগীরাও বলেছেন— আলিয়ার রান্না শেখাটা সত্যিই হবে মনে হচ্ছে। কারণ তিনি আক্ষরিক অর্থেই হাত পুড়িয়ে রান্না করছেন।

    বিনোদন ডেস্ক

  • মেকআপ ছাড়াই ঝলমল করেন আলিয়া, ফাঁস করলেন রহস্য

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার সৌন্দর্যের জন্য প্রতিদিন লাইমলাইটে থাকেন। মেকআপ ছাড়াই তার ত্বক জেল্লা ছড়ায়। অভিনয়ে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার পাশাপাশি আলিয়া ভাট তার ত্বক ও চুলের বিশেষ যত্ন নেন, যাতে তাকে আরও সুন্দর দেখায়। 

    এ জন্য শুধু পুরুষই নয়, নারীরাও আলিয়ার সৌন্দর্যের ফ্যান। ব্যস্ত জীবন সামলে কীভাবে এত সুন্দর আলিয়া, সেই তথ্য প্রকাশ করেছেন তিনি। আলিয়া ভাটের সৌন্দর্য বৃদ্ধির নেপথ্যে যে কারণ রয়েছে, তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে—

    বরফ থেরাপি

    আলিয়া ভাট তার ত্বকের জন্য বরফ থেরাপি করেন। ত্বকে বরফ লাগালে ফোলাভাব ও লালভাব কমে যায়, যা ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যার জন্য উপকারী। বরফ ত্বককে টানটান করতে সাহায্য করে, যার ফলে বলিরেখা ও সূক্ষ্ম রেখা কম দেখা যায়। 

    হাইড্রেশন

    সুস্থ চুল ও ত্বকের জন্য আলিয়া ভাট তার শরীরকে হাইড্রেটেড রাখেন। মানসিক চাপ কমাতে, স্বাস্থ্যকর খাবার খান এবং রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমান। ঘুমের অভাব পানিশূন্যতার কারণ হতে পারে। ত্বক ও চুলের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। এর জন্য আপনার খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে জলীয় উপাদানযুক্ত ফল ও শাকসবজি রাখুন। এই গরমের মৌসুমে তরমুজ, পেঁপে, আপেল, শসা, শাকসবজি খেতে একদম ভুলবেন না।

    ডিটক্স খাবার

    আপনার শরীরকে বিষমুক্ত বা ডিটক্স করার প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল উপায় হলো আপনার খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা। যেমন কিডনি বিন, আখরোট, বেরিসহ অন্যান্য খাবার। এই পুষ্টি উপাদানগুলো আপনার শরীরকে মুক্ত র্যাডিকেলের কারণে সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

    যুগান্তর ডেস্ক

  • আমিরের সঙ্গে রণবীরের ‘শত্রুতার’ কারণ জানালেন আলিয়া

    এর আগে বলিউডে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ‘পিকে’সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। এবার দুই তারকার অনুরাগীদের জন্য সুখবর। একসঙ্গে জুটি বাঁধছেন দুই সুপারস্টার। অন্তত মঙ্গলবার সে রকমই ইঙ্গিত দিয়েছেন রণবীর-ঘরনি আলিয়া ভাট। তার পরেই সামাজিকমাধ্যমে শুরু হয়েছে চর্চা।

    মঙ্গলবার (১১ মার্চ) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে একটি পোস্টার। ভিডিওতে অভিনেত্রী বলেন, আমি এটা দীর্ঘ দিন ধরে আপনাদের দেখানোর অপেক্ষায় ছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, তাও একে অপরের বিরুদ্ধে। এরপরেই তিনি পোস্টারে আমির ও রণবীরের ছবি দেখান। সেখানে দুই অভিনেতার নামের আদ্যাক্ষর ব্যবহার করে লেখা— একে ভার্সেস আরকে। সঙ্গে আলিয়া ভাট লিখেছেন— বছরের সবচেয়ে বড় শত্রুতা। এই ভিডিও থেকেই মালুম হচ্ছে ছবিটি পরিচালনা করবেন ‘দঙ্গল’খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি।

    এখন অনুরাগীদের কৌতূহল— তা হলে কি আমির ও রণবীর একসঙ্গে কোনো ছবিতে জুটি বাঁধছেন? যদিও আলিয়া নতুন কাজটি নিয়ে এখনই বিশদে কিছু বলতে নারাজ। 

    তবে সূত্রের দাবি— সম্ভবত কোনো নতুন বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে পারেন আমির ও রণবীর। দুই অভিনেতাই সামাজিক মাধ্যমে নেই। আলিয়ার মাধ্যমেই এই কাজটিকে অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। এখন আমির ও রণবীর শেষ পর্যন্ত দর্শকদের সামনে কীভাবে হাজির হন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।

    উল্লেখ্য, এ মুহূর্তে আমির খান তার প্রযোজিত এবং অভিনীত ‘সিতারে জমিন পর’ সিনেমাটির মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটির প্রস্তুতি শুরু করেছেন রণবীর কাপুর।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া

    বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন অভিনেতা রণবীর কাপুর। প্রেমের কারণে সংবাদ শিরোনামে এসেছেন অনেক বার এ নায়ক। কিন্তু কন্যাসন্তান রাহার জন্মের পরে নাকি রণবীর পালটে গেছেন। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের জীবনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়ে আলিয়া খোলামেলা কথা বলেন।

    ফটো সাংবাদিকদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়ে রণবীর-আলিয়ার কন্যা রাহা। অনুরাগীরা মনে করেন, রাহা তার বাবার বেশি আদরের। আলিয়াও এমনটাই জানিয়েছেন। রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ মুহূর্ত। এ মুহূর্তগুলো গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন আলিয়া।

    এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘রণবীর সত্যিই দারুণ। রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে। রাহাও কিছু কম যায় না। ওদের দুজনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে। ওদের দুজনকে একসঙ্গে দেখলে ভালো বন্ধু বলেই মনে হবে। কখনো ওরা প্রাপ্তবয়স্ক বন্ধুদের মতো আচরণ করে, আবার কখনো ছোট্ট বন্ধুদের মতো লাগে ওদের দেখে।’

    রাহার সঙ্গে রণবীরের মুহূর্ত দেখে ভীষণ আনন্দিত হন আলিয়াও। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি চুপি চুপি ওদের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি। ওরা জানতেও পারে না, আমি ওদের ক্যামেরাবন্দি করছি। ওদের মধ্যে কেউ ক্যামেরার দিকে তাকালেই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই।’

    রণবীর নাকি মানুষ হিসেবে খুবই শান্ত প্রকৃতির। তাই বাড়িতে থাকলে বেশির ভাগ সময় রাহার সঙ্গেই কাটাতে পছন্দ করেন। বাবা হিসেবে রণবীরের এমন অবস্থা এভাবে নাকি প্রতি দিন নতুন করে মুগ্ধ হন আলিয়া।

    বিনোদন ডেস্ক

  • আলিয়াকে রক্ষা করলেন রণবীর

    আলিয়ার কী পরিমাণ জনপ্রিয়তা তা না দেখলে সহজে বুঝতেই পারবেন না। সম্প্রতি কাপুর পরিবারে বিয়ের আয়োজন ছিল। রণবীরের ভাই আদর জৈন ঘর বাঁধলেন আলেখা আদবাণীর সঙ্গে। বিয়ের পর্ব মিটতেই রাস্তায় সাধারণ বেশভূষায় দেখা গেছে তাদের। এতে রণবীর-আলিয়াকে দেখে ঘিরে ধরেন ফটো সাংবাদিকরা। 

    সোমবার সন্ধ্যায় ছবি শিকারিদের সঙ্গে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাট-রণবীর কাপুর দম্পতি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভাগ করে নেওয়া ঝলক বলছে, ওই অনুষ্ঠানে অভিনেত্রীর বাহু ধরে টানাটানি করছিলেন একাধিক নারী অনুরাগী!

    হঠাৎ এমন পরিস্থিতি হওয়ায় বিমূঢ় অভিনেত্রী। কী করা উচিত, বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। 

    আলিয়া মনে মনে হয়তো বলছিলেন, ‘রক্ষা করো রণবীর’! 

    অভিনেত্রীর মনের কথা ভাষায় প্রকাশ না পেলেও আলিয়ার অবস্থা দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলেন রণবীর। স্ত্রীকে ভক্তদের হাত থেকে রক্ষা করলেন তিনি। অভিনেত্রীকে এক হাতে আগলে নিয়ে অন্য হাত দিয়ে চারপাশের দর্শকের ভিড় সরিয়ে এগোতে থাকেন। 

    রণবীরের এই আচরণ নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। তারা বলছেন, ভিড় সরাতে গিয়ে রণবীর এতটা বিরক্ত না হলে পারতেন। তার বিরক্ততা সেই সময় তার চোখেমুখে স্পষ্ট ছিল।

    এর আগে বহুবার ভিড়ের হাত থেকে অভিনেত্রীকে রক্ষা করেছেন রণবীর। একবার ভক্তদের হাত থেকে আলিয়া ও শিশুকন্যা রাহাকে আগলাতে দেখা গেছে অভিনেতাকে। বিমানবন্দর বা প্রকাশ্য রাস্তাঘাট সব জায়গায় আলিয়ার ত্রাতা তিনি। 

    কখনও জোড়হাতে ছবিয়ালদের প্রত্যাখ্যান করেছেন। কখনও বিরক্তি চেপে রাখতে পারেননি। এদিকে অভিনেতা পরিবার সম্পর্কে যথেষ্ট যত্নশীল, এই আচরণই তার প্রমাণ।

    বিনোদন ডেস্ক

  • আলিয়া-রণবীরের বিয়ের দিন বেজায় চটেছিলেন প্রতিবেশীরা, কিন্তু কেন

    বিয়েতে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি হবে— এটাই স্বাভাবিক,  এ আর নতুন কী। কিন্তু বিয়েটা যদি খোদ কাপুরপুত্র বলিউড অভিনেতা রণবীর কাপুর আর ভাটকন্যা অভিনেত্রী আলিয়া ভাটের হয়, তাহলে তো কথাই নেই। 

    সম্প্রতি রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে কথা বলেছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নিরাপত্তাকর্মী ইউসুফ ইব্রাহিম। যে কিনা শুধু আলিয়া-রণবীর নয়, ক্যাটরিনা-ভিকি ও বরুণ ধানওয়া-নাতাশাসহ আরও বেশ কয়েকজন বড় তারকার বিয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

    আলিয়া-রণবীরের বিয়েতে নিরাপত্তা দিতে হিমসিম খেতে হয়েছিল বলে জানান ইউসুফ ইব্রাহিম। তাকে খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন সিকিউরিটি কনসালটেন্ট ইউসুফ ইব্রাহিম।

    ইউসুফ ইব্রাহিম বলেন, আমার জীবনের সবচেয়ে কঠিন বিয়ে ছিল আলিয়া-রণবীরের। সেখানে মিডিয়া হাউসগুলোর অন্তত ৩৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রতিটি কোম্পানি থেকে কমপক্ষে ১০ জন লোক এসেছিলেন। আর তাদের ভক্ত-অনুরাগীরাও বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন। তিনি বলেন, একই কোম্পানি তাদের প্রতিটি আঞ্চলিক চ্যানেল থেকে চারজন করে লোক পাঠিয়েছিল। গোটা পালি হিলজুড়ে শুধুই মানুষের ভিড় ছিল। পালি হিলের দুদিকে যাওয়ার উভয় রাস্তায় মিডিয়া ও ভক্তদের দ্বারা পূর্ণ ছিল। ভিড় এত বেশি ছিল যে, আমাদের তাদের বিল্ডিং থেকে বের হওয়া অতিথিদের গাড়ির পেছনের দিকে রাস্তা পর্যন্ত দৌড়াতে হয়েছিল। এটি ভয়ঙ্কর চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছিল। কারণ বিয়েতে আমন্ত্রিত অতিথিরাও সেলিব্রিটি ছিলেন। এতটাই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল যে, ওই আবাসনের অন্যান্য বসবাসকারী লোকজনও বিরক্ত হয়ে পড়েন এবং প্রচণ্ড বিরক্ত ছিলেন।

    ইউসুফ বলেন, ‘আমরা প্রতিটি শিফটে ৬০ জন লোক ছিলাম এবং আমাদের শিফট ছিল আট ঘণ্টার। তবে আমরা ২৪ ঘণ্টা কাজ করেছি। প্রায় পাগলের মতো অবস্থা ছিল। তিনি বলেন, ওই বিল্ডিংটিতে ঢোকা ও বের হওয়ার জন্য শুধু একটাই গেট ছিল। তাই সবাইকে একই গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। আর সেই জনাকীর্ণ গেট দিয়ে আমাদের বিয়ের অতিথিদের নিয়ে যেতে হয়েছিল। আর অতিথিরা সবাই ছিলেন সেলিব্রেটি। 

    তিনি আরও বলেন, সেই রাতে সংবাদমাধ্যমও যেন পাগল হয়ে গিয়েছিল। আমি আমার টিমের অর্ধেক ছেলেকে ইউনিফর্ম পরিয়ে রেখেছিলাম এবং বাকিদের সিভিল ড্রেসে রেখেছিলাম, যাতে তারা এটি ভালোভাবে পরিচালনা করতে পারে। তারা আমাকে সব আপডেট দিত। শুনেছিলাম মিডিয়ার লোকজন নাকি পাঁচিল বেয়ে ওঠারও পরিকল্পনা করে রেখেছিল, ছবি তোলার জন্য। তাই আমি তাদের দেয়াল ঢেকে দেওয়ার নির্দেশ দিলাম। এভাবেই আমরা ম্যানেজ করেছি।

    ইউসুফ বলেন, তিনি অভিনেত্রী আলিয়া ভাটকে তার প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ারের সময় থেকে চেনেন। আর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির পর রণবীর কাপুরের সঙ্গে কাজ শুরু করেছিলেন বলে জানান ইউসুফ ইব্রাহিম।

    উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ও অভিনেতা রণবীরের বিয়ের অনুষ্ঠান একান্তই পারিবারিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর তাদের বিয়ের অনুষ্ঠানের বাইরে প্রায় ৩৫০ জন মিডিয়াকর্মী অপেক্ষা করছিলেন।

    বিনোদন ডেস্ক

  • স্বামীর নিন্দা শুনে যে কাণ্ড করলেন আলিয়া

    বলিউডের কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের জন্মশতবর্ষের অনুষ্ঠান শেষ হয়েছে। সম্প্রতি কাপুর বংশের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অভিনেতা রণবীর কাপুরের কিছু আচরণের ভিডিও নজর কাড়ে নেটিজেনদের। এমনকি তাকে পড়তে হয় কটাক্ষের মুখেও। এবার তার জবাবে যা করলেন অভিনেত্রী আলিয়া ভাট।

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, অভিনেতা রাজ কাপুরের জন্মশতবর্ষের অনুষ্ঠানে আলিয়াকে এক প্রকার ইগনোর করছেন রণবীর, যেখানে বিয়ের এত বছর পরও সাইফ রীতিমতো কারিনা কাপুরকে চোখে হারাচ্ছিলেন। সেই ভিডিও উসকে দেয় আলিয়ার একটি পুরোনো ভিডিওর কথা, যেখানে পর্দার গাঙ্গুবাই বলেছিলেন— রণবীর চান না তার স্ত্রী লিপস্টিক পরুন। এবং পরলেই মুছে ফেলতে বলেন। আর নতুন করে এই ভিডিও ভাইরাল হতে অনেকেই প্রশ্ন তুলেছেন— তবে কি রণবীর সত্যিই আজকালকার ভাষায় ‘রেড ফ্ল্যাগ’? এই বিতর্কের জবাবে একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রণবীরকে আলিয়ার যত্ন নিতে দেখা গেছে।

    এদিন ভিডিওতে প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে— আলিয়ার হাত ধরে তাকে চলতে, হাত ধরে আলিয়াকে বসাতে। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলিয়ার এক ফ্যান পেজের তরফে লেখা হয়— ‘রণবীরের যে সাইডটা মিডিয়ায় দেখাব না। জেনে বুঝে নেগেটিভ পিআর করা হয়। কিন্তু এটাই হলো আসল বাস্তব। কী সহজেই মানুষকে বোকা বানানো যায়, তাই না?’ এই ভিডিওটা এদিন আলিয়া ভাট রিঅ্যাক্ট করেছেন।

    উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ভাট ও রণবীর কাপুরকে আগামীতে একসঙ্গে সঞ্জয়লীলা বানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ারে’ দেখা যাবে। তাদের সঙ্গে সেখানে থাকবেন ভিকি কৌশল। এ ছাড়া রণবীরকে আগামীতে রামায়ণ ছবিটিতে দেখা যাবে। সেখানে তিনি রামের চরিত্রে অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক

  • নওয়াজকন্যা যেন মিনি দীপিকা, বলিউডে পা রাখার প্রসঙ্গে যা বললেন বাবা

    ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপকন্যা আলিয়া কাশ্যপের বিয়েতে দেখা গেছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকীর। আর তারপর থেকেই নওয়াজকন্যার সৌন্দর্য টক অফ দ্য টাউন। নওয়াজকন্যার রূপে মুগ্ধ বিয়েবাড়ির আমন্ত্রিত অতিথিরা। বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার ইচ্ছে তার। দেখতে যেন অবিকল দীপিকা পাড়ুকোন। এ যেন মিনি দীপিকাও জানিয়েছেন নেটিজেনরা।  

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকী সম্প্রতি বাবার সঙ্গে আলিয়া কাশ্যপের বিয়েতে অংশ নিয়েছিলেন। সেই  থেকে চর্চায় এ তারকা-কন্যা। নেটিজেনরা তো বটেই, শোরার সৌন্দর্যের প্রশংসা করেছেন আলিয়ার বিয়ের অনুষ্ঠানে আসা তারকারাও। এমনকি তাকে অনেকেই ‘মিনি দীপিকা’ বলে অভিহিত করেছেন। 

    শোরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন, যা তার একাধিক ছবি ও ভিডিও নিয়ে তৈরি করেছেন অভিনেতা বাবা। তবে এই রিল সামনে আসার পর থেকেই নওয়াজকন্যার সৌন্দর্য চোখ কেড়ে নিয়েছে। 

    ‘Happy Birthday Shora’ লিখে ভিডিও পোস্ট করেন নওয়াজউদ্দিন। এতে কমেন্ট করে অনুরাগ কাশ্যপ লিখেছেন—কী সুন্দর দেখতে। অম্রুতা সুভাষ লিখেছেন—ও কিন্তু ভীষণ সুন্দরী। এক নেটিজেন লিখেছেন—এ তো মিনি দীপিকা। আরেক নেটিজেন লিখেছেন—আমার তো মনে হচ্ছে দীপিকা পাড়ুকোন আর রাধিকা আপ্তেকে গুলে শোরাকে তৈরি করা হয়েছে।

    পরিচালক অনুরাগের মেয়ে আলিয়ার গত বুধবার (১১ ডিসেম্বর) মুম্বাইয়ে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শেন গ্রেগের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। নওয়াজউদ্দিন ও শোরা এ দম্পতির বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নিয়েছিলেন এবং পরে নওয়াজকন্যা তার সৌন্দর্য দিয়ে নেটপাড়ার মনজয় করে নেয়। ওয়াজউদ্দিন একটি টিল সবুজ শেরওয়ানি পরেছিলেন এবং শোরা বেছে নেন সবুজ এথনিক পোশাক। 

    এর আগে নওয়াজউদ্দিন সিদ্দিকী জানিয়েছিলেন, তার মেয়ে শোরাও তার পদাঙ্ক অনুসরণ করে অভিনেত্রী হওয়ার পরিকল্পনা করছেন। মাঝে বাবা ও মেয়ের মধ্যে দূরত্বের কথাও সামনে আসে। বিশেষ করে যখন নওয়াজ ও তার স্ত্রী আলিয়ার মধ্যে আইনি লড়াই চলছিল। তবে সাম্প্রতিক পোস্ট নির্দেশ করছে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে বাবা আর মেয়ে।

    মেয়ের বলিউডে পা রাখা নিয়ে নওয়াজ জানিয়েছিলেন, সম্পূর্ণ রূপে তিনি এই জার্নিতে শোরার পাশে থাকতে প্রস্তুত। এমনকি মেয়েকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করিয়েছেন বলেও নওয়াজ জানিয়েছিলেন সেই সময়। কাজের সূত্রে, অভিনেতাকে শেষ দেখা হেছে হরর সিনেমা ‘অদ্ভুত’-এ।

    বিনোদন ডেস্ক

  • শাশুড়ির জন্মদিনে মেজাজ হারালেন রণবীর, যা বললেন আলিয়া

    বলিউড অভিনেতা রণবীর কাপুর স্ত্রী আলিয়ার মায়ের জন্মদিন উপলক্ষ্যে মিলিত হয়েছিল কাপুর পরিবার। জন্মদিনের বিশেষ খাওয়াদাওয়া করতে রেস্টুরেন্টে গিয়েছিলেন সোনি রাজদান, পূজা ভাট, আলিয়া ভাট, রণবীর কাপুর, মহেশ ভাট, নীতু কাপুর। একসঙ্গে খাওয়াদাওয়া করে রেস্টুরেন্ট থেকে বেরিয়েই মেজাজ হারালেন রণবীর। তারকাদের দেখলেই মুম্বাইয়ে ভিড় জমান পাপারাজ্জিরা। এদিনও রেস্টুরেন্টের বাইরে ভিড় জমিয়েছিলেন ফটোসাংবাদিকরা। আর আলিয়াকে দেখেই ঘিরে ধরেন তারা। যা দেখে রেগে লাল হয়ে যান রণবীর কাপুর। তিনি বলেন, কী করছেন আপনারা— সরে যান সরে যান। 

    এদিন সকালে আলিয়াও রেগে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ নেটিজেনদের একটি অংশ মন্তব্য করে বোটক্স করিয়ে নায়িকার মুখ বেঁকা করে ভিডিও পোস্ট করেছেন। 

    দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী। আলিয়া লিখেছেন—যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনো মতামত নেই। এটা তাদের ব্যক্তিগত অভিরুচি। কিন্তু এটা কী হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিওতে দেখা গেছে—অস্ত্রোপচার করাতে গিয়ে আমার মুখ বেঁকে গেছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে?

    আলিয়া বলেন, আমার কথা বলার ধরনও অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এসব! এ ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন— আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন? 

    রণবীরপত্নী বলেন, প্রত্যেকের নিজের শর্তে বাঁচার অধিকার আছে। এর আগেও তাকে ট্রল করা হয়েছে। তিনি কখনো কোনো মন্তব্য করেননি। কিন্তু এবার আর তিনি চুপ থাকবেন না।

    বিনোদন ডেস্ক