Tag: আজমেরী হক বাঁধন

  • এবার টরন্টো উৎসবে দেখানো হবে বাঁধনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। ১০-২০ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত সেই আসরে বিশ্বের নানা প্রান্তের নির্মাতা, সমালোচক ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আর এ সিনেমা অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, যা দেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

    এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ও পুরস্কারজয়ী সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। এ ছাড়া প্রযোজনায় আরও অংশ নিয়েছে— ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রতিষ্ঠানগুলো, যা সিনেমাটিকে বৈশ্বিক পরিসরে আরও শক্ত অবস্থান এনে দিয়েছে।

    এবার ভেনিসের গোল্ডেন লায়নের প্রতিযোগিতায় থাকা মে এল-তৌখির ‘ওমেন আননোন’, ফিলিস্তিন নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’, অ্যানিমেশন চলচ্চিত্র ‘ট্যাঙ্গলস’, ‘দ্য ভায়োলিনিস্ট’, ‘হুলিয়ান’ ও ‘ভিভা কারমেন’-এর মতো আলোচিত সিনেমাও এবারের উৎসবে প্রদর্শিত হবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ ছাড়া উৎসবে থাকছে ‘ক্যামেরা ডি’অর’ জয়ী রুয়ান্ডার নির্মাতা মেরি-ক্লেমেন্টাইন দুসাবেজাম্বোর ‘বেন’ইমানা’, জুরি প্রাইজপ্রাপ্ত জার্মান নির্মাতা বেলিস্কা গ্রিজবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ এবং ক্যানস ক্রিটিকস উইকের বিজয়ী মারিন আতলাঁর ‘লা গ্রাদিভা’।

    আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি গর্বের সুসংবাদ এনে দিলেন ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্মাতা রুবাইয়াত হোসেন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার পর এবার তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ), যা বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে— ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর মানসিক আতঙ্ক ঘিরে।

    ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটিতে আজমেরী হক বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমুসহ একঝাঁক তারকা।

    বিনোদন ডেস্ক

  • ‘আমার সিদ্ধান্ত নিয়ে উপদেশ দেবেন না’—সাফ কথা বাঁধনের

    নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করে একাধিক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

    রোববার (২ আগস্ট) ফেসবুক পোস্টে বাঁধন জানান, ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত সম্পন্ন হয়েছে। গল্পটি প্রথম শোনার পরই তিনি বুঝতে পেরেছিলেন, এটি এমন একটি কাজ, যার বলার মতো গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য, মোহাম্মদ ইকবালের পরিচালনা এবং জাহাঙ্গীর শিকদারের প্রযোজনায় নির্মিত সিনেমাটি সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরবে বলেও উল্লেখ করেন তিনি।

    বাঁধন বলেন, সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে একজন অভিনেতা হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করতে আমি সবসময় চ্যালেঞ্জিং গল্প ও নতুন অভিজ্ঞতাকে বেছে নিই। তিনি জানান, অর্থবহ আলোচনার জন্ম দিতে পারে—এমন একটি গল্পের অংশ হওয়াই ছিল মূল উদ্দেশ্য।

    এ ছাড়া সিনেমাটিতে কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন বলেও জানান বাঁধন। বিশেষ করে সহশিল্পী মধুমিতার প্রশংসা করে তিনি বলেন, এই যাত্রা শেখা, সহযোগিতা এবং অর্থবহ কিছু সৃষ্টির আনন্দে ভরপুর হবে।

    পরবর্তীতে আরেকটি পোস্টে সমালোচনার সরাসরি জবাব দেন এই অভিনেত্রী। তিনি লেখেন, বহু বছর ধরে বিভিন্ন পরিচালক ও প্রযোজনার সঙ্গে কাজ করে প্রতিটি অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা নিয়েছেন। জীবনের সব অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞ এবং সেগুলোই তাকে আরও শক্তিশালী করেছে।

    সমালোচকদের উদ্দেশে বাঁধন স্পষ্ট ভাষায় বলেন, আমার বিল কেউ পরিশোধ করে না, আর আমার জীবনও অন্য কেউ যাপন করে না। তাই অনুগ্রহ করে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে উপদেশ দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় ব্যয় করবেন না।

    তিনি আরও জানান, তার জীবনে এমন কিছু মানুষ আছেন, যাদের পরামর্শ তিনি বিশ্বাস করেন, সম্মান করেন এবং গুরুত্ব দিয়ে শোনেন। নিজের জীবন নিয়ে তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করে বলেন, ইনশাআল্লাহ সময়ের সঙ্গে তিনি আরও এগিয়ে যাবেন এবং আরও সুখী হবেন।

    বিনোদন ডেস্ক

  • ঈদে মুক্তি পাওয়া যে সিনেমাকে এগিয়ে রাখছেন বাঁধন

    ঈদুল ফিতরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। কম-বেশি সবগুলো ছবিই এবার দর্শকের আলোচনার খোড়াকে পরিণত হয়েছে। তার মধ্যে অন্যতম তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’।

    নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এ ছবিটির একটি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সম্প্রতি তার অভিনীত ছবি সহ ঈদের অন্যান্য ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

    এক সাক্ষাৎকারে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি আমার সিনেমা দেখার আগে প্রেসার কুকার দেখেছি। কারণ আমার সিনেমার টিকিট আমি পাচ্ছিলাম না। সো, প্রেসার কুকারের সামনের দিকের একটা সিট খালি ছিল। আমি আর আমার মেয়ে আসলে দেখেছি প্রেসার কুকার। আমার ভীষণ ভালো লেগেছে।’

    ‘আমি এটা অন্য ইন্টারভিউতেও বলেছি। আমি গ্রেটফুল রায়হান রাফির কাছে, কারণ সে এ ধরনের একটা প্লটে কাজ করেছে। প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। স্পেশালি টুশিতো অসাধারণ করেছে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তার ভাষায়, ‘রিজবি যে ক্যারেক্টারটা করেছে সেটাও অসাধারণ হয়েছে। সবাই খুব ভালো কাজ করেছে। আমাদের আজিজুল হাকিম ভাই থেকে শুরু করে বাবু ভাই যারা আছেন, সিনিয়র যারা আছেন, তারা সবাই খুবই ভালো করেছেন। তারপর আমি দম দেখেছি। দমও আমার কাছে ভালো লেগেছে। বাট ডেফিনেটলি আমি প্রেসার কুকারকে এগিয়ে রাখব। কারণ আমি চাই বাংলাদেশে এ ধরনের গল্পে কাজ হোক এবং এ ধরনের কাজ আপনারা যত বেশি দেখবেন, যত বেশি মানুষকে দেখার উৎসাহ দেবেন তত বেশি ডিরেক্টররা উৎসাহ পাবে এ ধরনের কাজ করার।’

    অভিনেত্রী বলেন, ‘আপনারা হলে আসেন সব সিনেমা দেখেন। আমি বলব বনলতা এক্সপ্রেস দেখেন, দম দেখেন, প্রেসার কুকার দেখেন, বাকি যে দুটো আছে প্রিন্স, রাক্ষস সব দেখেন কিন্তু বাংলা সিনেমার পাশে থাকেন।’

    বিনোদন ডেস্ক

  • শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর পথ থাকে না: বাঁধন

    ‘চক্র’ প্রথম সিজনে সাফল্যের পর এবার ঈদুল ফিতরে দ্বিতীয় সিজন ‘চক্র-২’ নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্ম— আইস্ক্রিন। ২০০৭ সালের সেই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’-এর মতো মনস্তাত্ত্বিক বিষয় মিশিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন আজমেরী হক বাঁধন ও ভিকি জাহেদ। 

    ‘শয়তান খোঁজে সুখী সংসার’— ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চক্র’-এর দ্বিতীয় সিজনের ট্যাগলাইন বা মূল প্রতিপাদ্য। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী বাঁধন। 

    এর আগে ২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত ‘আদম পরিবার’। যে পরিবারের ৯ সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ। সেই রহস্যময় ঘটনা কেন্দ্র করে ভিকি জাহেদের নির্মিত সিরিজ ‘চক্র’ এবার ফিরছে তার দ্বিতীয় কিস্তি নিয়ে। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে এক রহস্যময় পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রথম সিজনের রুদ্ধশ্বাস গল্পটির শেষ থেকে আবার শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, প্রথম সিজন শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, শেয়ার্ড হ্যালুসিনেশনের আড়ালে লুকিয়ে আছে আরও এক ভয়ঙ্কর কোনো সত্য? আপনারা প্রস্তুত তো? রহস্যের জট খুলতে চোখ রাখুন আইস্ক্রিনে। আসছে ‘চক্র’ সিজন ২।’

    বাঁধন বলেন, ‘শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?’

    বিনোদন ডেস্ক

  • তানজিন তিশা ও বাঁধনের চোখে ব্যারিস্টার জাইমা রহমান

    দীর্ঘ দেড় দশক নির্বাসনে থেকে দেশে ফিরে নম্র ও সংযত আচরণ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও তার ব্যক্তিত্ব ও ব্যবহার নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে জনমনে। একইভাবে তার মেয়ে জাইমা রহমানও নিজের আচার-আচরণ ও বক্তব্যের মাধ্যমে অনেকের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে প্রশংসা করেছেন দুই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা। দুজনই ফেসবুকে লিখেছেন জাইমাকে নিয়ে তাদের ভাবনার কথা।

    বাঁধন তার ফেসবুক পোস্টে লেখেন, তিনি জাইমা রহমানকে গভীরভাবে শ্রদ্ধা করেন। গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছেন বলেও উল্লেখ করেন। তার ভাষায়, জাইমা যেভাবে নিজেকে উপস্থাপন করেন, কথা বলেন এবং বিশ্বকে দেখেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সবসময় স্থির ও মাটির কাছাকাছি থাকা তার ব্যক্তিত্বে স্পষ্ট চিন্তাভাবনা ও দৃঢ়তার ছাপ রয়েছে।     

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বাঁধন মনে করেন, জাইমার মধ্যে ভবিষ্যতের একজন নেতৃত্বগুণসম্পন্ন মানুষের সম্ভাবনা স্পষ্ট। তিনি তার প্রতি শুভকামনা ও ভালোবাসা জানান।

    অন্যদিকে তানজিন তিশা লেখেন, বিদেশে বেড়ে উঠলেও জাইমা অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে নিজের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করছেন। মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে দৃঢ়ভাবে ধারণ করতে পারা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

    এভাবে অনেকেই জাইমার ব্যক্তিত্ব ও আচরণের প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন।

    বিনোদন ডেস্ক

  • যারা আমাকে বোরকা কিনতে বলেছিলেন, এই ছবিটা তাদের জন্য: বাঁধন

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শোবিজের তারকাদের মধ্য থেকে অন্যতম সক্রিয় ভূমিকা রাখেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েও জানিয়েছিলেন নিজের প্রতিক্রিয়া। নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আবারও নিজের সামাজিক মাধ্যমে ভিন্ন এক বার্তা শেয়ার করলেন তিনি। 

    এদিন সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। ওয়েল ডান, বাংলাদেশ! নির্ঘুম রাত কাটানোর পর এক শান্তিপূর্ণ সকাল। নিজেকে কৃতজ্ঞ এবং অত্যন্ত গর্বিত মনে হচ্ছে। 

    সেই পোস্টে পাশাপাশি দুটি ছবি প্রকাশ করেন বাঁধন- যার একটিতে তিনি বোরকা পরিহিতা, অন্যটিতে হাতাকাটা ব্লাউজের সঙ্গে শাড়িতে দেখা যায়। ভিন্ন দুই রূপের দুই ছবির মাধ্যমে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট জবাব দেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোশাক পরা নিয়ে সমালোচনার জবাবে অভিনেত্রী লেখেন, যারা আমাকে ‘বোরকা’ কিনতে বলেছিলেন তাদের জন্যই এই ছবি। ছোটবেলা থেকেই আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি আরেকটি পোশাক। এর থেকে বেশি আর কিছুই নয়। কখনো ঘরোয়া পোশাক ঢাকতে, কখনো তেল দেয়া চুল আড়াল করতে, কখনো জনসমাগমে মিশে যেতে এতটাই সহজ পোশাক। 

    এছাড়া যারা তাকে ট্রোল ও সমালোচনা, অপমান কিংবা হেনস্তা করার চেষ্টা করেছেন- এই পোস্টটি তাদের জন্যও বলে উল্লেখ করেন বাঁধন।  

    পাশাপাশি নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অভিনেত্রী বলেন, যারা জিতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা। আর যারা জিততে পারেননি, তাদের জন্যও অভিজ্ঞতাটাই এক ধরনের বিজয়। সবশেষে দেশপ্রেমের কথা উল্লেখ করে বাঁধনের বার্তা, ‘এই দেশ আমাদের সবার—সম্মান ও ঐক্যই হওয়া উচিত আমাদের চূড়ান্ত লক্ষ্য।’ 

    বিনোদন ডেস্ক

  • আগামীর বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে: বাঁধন

    বিভিন্ন ধরনের সামাজিক ইস্যুতে বরাবরই সরব অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানেও রাজপথে শোবিজ তারকাদের মধ্যে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। নাগরিক অধিকার ও গণতন্ত্রের পক্ষে বরাবরই কথা বলে এসেছেন তিনি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে দেশ নিয়ে প্রত্যাশার কথা জানালেন ‘এশা মার্ডার’খ্যাত এ অভিনেত্রী। 

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।  এদিন পরিবার নিয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন বাঁধন। ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি, দেশ নিয়ে আশার কথাও ব্যক্ত করেন। 

    গণমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, ‘আমি ঢাকা-১৬ আসনের ভোটার। মা–বাবাকে নিয়ে ভোট দিয়েছি। আমি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখছি। এভাবেই একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে দেশ গঠনে কাজ করবে। সব ধর্ম-বর্ণের জন্য একটি নিরাপদ দেশ হবে, সেটাই প্রত্যাশা। আগামীর বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে। এখানে সবাই সবার অধিকার বুঝে পাবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিবর্তনের পথ তৈরি হয় মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, আর সেই অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যমই ভোট বলে মনে করেন বাঁধন।  তিনি বলেন, ‘কোনো রকম ইঞ্জিনিয়ারিং ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এভাবে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হতে যাচ্ছে। যারা দেশের জনগণের জন্য কাজ করবে। সাম্য বজায় রাখবে। সবাই তাদের অধিকার বুঝে পাবে বলে আশা করি।’ 

    সঙ্গে নতুন সরকারের প্রতি অভিনয় শিল্পী পেশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান বাঁধন।  তিনি মনে করেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনের দিকে নির্বাচিত সরকারের নজর থাকবে। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘নির্বাচনের পরে প্রত্যাশা, তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয় এমন কেউ পাবেন যারা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করবেন। 

    এছাড়া বড় চাওয়া পেশাগত স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে যেন দেওয়া হয়। এটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ, সামাজিকভাবে আমাদের পেশাকে খুব একটা ভালোভাবে দেখা হয় না। পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে ভালো হবে।’ 

    বিনোদন ডেস্ক

  • গোপনে শেষ হলো বাঁধন সুনেরাহ ও শিমুদের শুটিং

    আগামী ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে ফ্রান্সের লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যাল। সেই উৎসবে ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। 

    পাঁচ দেশের অনুদানে নির্মাণ করা হচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সেই অর্থ দিয়ে শেষ হয়েছে শুটিং। এখন চলছে শুটিং-পরবর্তী কাজ। সিনেমার পুরো কাজ শেষ না হলেও থেমে নেই প্রচারের পরিকল্পনা বলে জানিয়েছেন পরিচালক। 

    ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু। এর আগে তিনজনই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবারই প্রথম তিন অভিনেত্রীকে দেখা যাবে একসঙ্গে। তারা গোপনেই সিনেমার শুটিং করেছেন। 

    এ ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরী আলম, দামির খান, মোহাম্মদ বারী প্রমুখ। 

    ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন ফ্রান্সে চলছে সিনেমাটির সম্পাদনার কাজ। সম্পাদনা শেষে বাকি কাজ হবে পর্তুগালের লিসবনে। সেখানে সিনেমায় বড় অঙ্কের খরচ হবে শুটিং–পরবর্তী কাজে। কারণ ভিডিও ইফেক্টের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আর এসবই হচ্ছে অনুদানের অর্থে বলে জানান পরিচালক।

    সিনেমাটি এর আগে জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট, ইউইমেজেসসহ বেশ কিছু জায়গা থেকে আর্থিক সহায়তা পায়। পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে।

    সিনেমার একটি সূত্র জানায়, আন্তর্জাতিক এ সিনেমার বাজেট অনেক বেশি। বাজেট নিয়ে অবশ্য নির্মাতা কথা বলতে চান না। সিনেমাটি দেখতে দেশের দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। সিনেমার সব কাজ শেষ হতে এখনো বেশ সময় লাগবে। এরপর সিনেমাটি যাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুক্রবার (৫ ডিসেম্বর) সিনেমাটির খবর প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিও। সেখানে রুবাইয়াত জানিয়েছেন, তিনি ২১ বছর ধরে এ সিনেমা নির্মাণের জন্য অপেক্ষা করেছেন। ২০০৬ সালে এই গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানানোর চেষ্টা করেছিলেন। পরে সেটি স্থগিত করেন। তারপর এই গল্পকে দুই দশক ধরে আবার লিখেছেন।

    বিয়ে, মেকআপ ও একটি বিউটি পারলারের গল্প নিয়েই সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মধ্যে তুলে ধরা হয়েছে সচেতনতার বার্তা। এ সিনেমাটি সামাজিক হলেও এর সঙ্গে যোগ হয়েছে হরর। এর আগে ‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমাগুলো বানালেও এবারই প্রথম হরর বেছে নিয়েছেন পরিচালক। 

    এ নির্মাতা বলেন, এর মধ্যে সমাজের সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলেছি। সিনেমায় তুলে ধরেছি নারীদের কথা। 

    সব সময়ই মনে হয়েছে, নারী হয়ে আমার দায়বদ্ধতা রয়েছে নারীর গল্প বলা। রুবাইয়াত হোসেন বলেন, আর আমি চারপাশে যা দেখি, সেগুলোই গল্প আকারে জায়গা পায়। এটাও ব্যতিক্রম নয়। যে কারণে আমার গল্প সব সময় হয়ে থাকে নারীপ্রধান বা নারীদের নিয়ে গল্প।

    সিনেমায় অভিনয় প্রসঙ্গে এখন কোনো কথা বলতে চাননি অভিনেত্রী বাঁধন। পরিচালক কিংবা টিমের সঙ্গে কথা বলতে পারেন বলে জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে পরিচালক অনুমতি দিলেই কথা বলতে পারবেন বলে জানিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ সিনেমার পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, চলতি বছরের মাঝামাঝি সময় সিনেমার শুটিং করেছেন। ঠিকঠাক শুটিং করতেই আগে কাউকে জানাননি। তিনি বলেন, ‘বাঁধন, সুনেরাহ ও শিমু—তিনজনই খুব মেধাবী অভিনেত্রী। তাদের একসঙ্গে সিনেমায় পাওয়ায় অনেক ভালো লেগেছে। অন্যরাও মেধাবী। কাজটিও অনেক সুন্দর হয়েছে। আরও ভালো লেগেছে তাদের সঙ্গে গল্প নিয়ে কথা বলার সময় কেউ জানতে চাননি, নিজের বা কার চরিত্র কত বড়; বরং চরিত্র নিয়েই তারা বেশি ভেবেছেন।

    নির্মাতা বলেন, সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে জাইনীন করিমকে। এর আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করা জাইনীনের এবারই সিনেমায় অভিষেক হচ্ছে। তিনি বলেন, তাকে প্রধান চরিত্রে নেওয়া আমার জন্য বড় এক সাহসের কাজ ছিল। 

    অভিনয়ের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি পুরোপুরি সেই চরিত্রে জীবন্ত হয়ে উঠেছেন।

    ফ্রান্সের লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অংশ নেওয়া প্রসঙ্গে রুবাইয়াত হোসেন বলেন, এখানে আন্তর্জাতিক সিনেমার বড় বড় বিপণন এজেন্টরা অংশ নেন। যাদের সিনেমা সম্পর্কে ধারণা দিতে হয়। তারা যুক্ত হলে সিনেমা বিশ্বব্যাপী প্রদর্শন করে। 

    এ ছাড়া এখানে গুরুত্বপূর্ণ প্রযোজকদের বড় একটি সমাবেশ হয়। এখানে আমরাই একমাত্র এশিয়া থেকে অংশ নিচ্ছি। কেমন সাড়া পাই, সেটিও অভিজ্ঞতার ঝুলিতে জমা হবে। আমরা বাংলা ভাষার সিনেমাটিকে আরও দূরে নিয়ে যেতে চাই বলে জানান পরিচালক।

    বিনোদন ডেস্ক

  • দুই সংসার ভাঙার পর কেন নতুন সম্পর্কে, জানালেন বাঁধন

    দুই সংসার ভেঙে যাওয়ার পর মাস দুয়েক হলো নতুন সম্পর্কে জড়িয়েছেন আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্পর্ক বিষয়টি তার কাছে ‘ভীতিকর’ মনে হলেও পাশে থাকার জন্য একজন সঙ্গী দরকার-এমন চিন্তা থেকেই তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জানিয়েছেন। তবে এখনো নতুন প্রেমিকের নাম প্রকাশ করেননি বাঁধন।   

    এ প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন গণমাধ্যমকে বলেন, আমার জন্য নতুন করে সম্পর্কে জড়ানো বেশ কঠিন ছিল। কিন্তু কথা বলার জন্য, পাশে থাকার জন্য একজন সঙ্গী দরকার। তাই নতুন করে সম্পর্কে জড়িয়েছি। 

    অতীতে সংসার ভাঙার বিষয়ে তিনি বলেন, ছোটবেলায় প্রেম করেছিলাম, বাবা-মা বিয়ে দিয়েছিলেন। তারপর সংসার ভেঙে যায়। দ্বিতীয়বারও ভেঙে যায়। কাজেই আগের গল্পগুলো ভীতিকর। 

    ‘গত বছর আমার ব্রেকআপ হয়ে যায়। সেই সম্পর্ক চার বছরের ছিল। এরপর ২-৩ মাস হলো নতুন সম্পর্কে জড়িয়েছি। সত্যি বলতে, আমার কাছে সম্পর্ক বিষয়টি ভীতিকর। আমার আগের সংসার এবং অভিজ্ঞতার কারণে এই ভয় কাজ করে।’

    নতুন সম্পর্কে জড়ানোর ব্যাখ্যায় এই অভিনেত্রী বলেন, আমার জন্য সম্পর্কে জড়ানো কঠিন। কিন্তু দিন শেষে একজন সঙ্গী দরকার—কথা বলার জন্য, পাশে থাকার জন্য। সম্পর্ক মাত্র শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেব।

    যুগান্তর ডেস্ক

  • প্রেমে মজেছেন বাঁধন

    জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানিয়েছেন, তিনি প্রেমের সম্পর্কে আছেন, তা শিগগিরই প্রকাশ্যে আনবেন।

    মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে প্রায় ১১ বছর আগেই বিচ্ছেদ হয় বাঁধনের। এই অভিনেত্রীর একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নে জর্জরিত হলেও পরে আর কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি তিনি। 

    তবে মধ্যে তিনি জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে। চার বছর প্রেম করেন তিনি। গত বছরের শুরুর দিকে সেই প্রেমও ভেঙে যায়। তখন তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। প্রেমের সম্পর্কে ভাঙন এবং সে বছরই জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন।

    সেই সময়ের কথা তুলে ধরে অভিনেত্রী গণমাধ্যমে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এবং দেশের সার্বিক পরিস্থিতি ও আমার ব্রেকআপ—সব মিলিয়ে অন্য রকম একটা জীবন ছিল।

    বাঁধন এখন মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে তার মা-বাবার সঙ্গে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন কথা হয় না। কেউ তাকে বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না।

    বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও এখন জীবনের সুন্দর সময় পার করছেন বলে জানালেন বাঁধন।

    ফের প্রেমে মজেছেন তিনি, অর্থাৎ প্রেমের সম্পর্কে আছেন। খুব শিগগিরই তা প্রকাশ্যে আনবেন বলেও জানান। এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন ও আমার সন্তান নিয়ে—একটা সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা-বাবার সঙ্গে সম্পর্ক, আমার ভাইদের সঙ্গে সম্পর্ক—অনেক সুন্দর।

    তিনি বলেন, আমি সেটা খুবই উপভোগ করছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগির প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।

    বিনোদন ডেস্ক