Tag: অমিতাভ

  • ফের শুরু হচ্ছে কোটিপতি হওয়ার খেলা, সঞ্চালক অমিতাভ

    গত কয়েক মাস আগেই শেষ হয়েছে কৌন বানেগা ক্রোড়পতি সর্বশেষ সিজন। এবার শুরু হতে চলেছে নতুন সিজন। সোনি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তা থেকে জানা গেছে- খুব শিগগিরই শুরু হচ্ছে কৌন বানেগা ক্রোড়পতির আগামী সিজন।

    ভিডিওতে দেখা যাচ্ছে, পেটের ব্যথায় কাবু অমিতাভ। ডাক্তার এসে চিকিৎসা করতে চাইলে অমিতাভ বলেন, ‘আমি উলটোপালটা কিছু খাইনি বরং একটা কথা বলতে পারছি না বলে পেটে ব্যথা করছে।’ 

    ডাক্তার জিজ্ঞাসা করায় অভিনেতা প্রথমে কিছু বলতে যান, কিন্তু তারপরে আবার চুপ করে যান।

    অমিতাভ কিছু বলছেন না দেখে ডাক্তার রাগ করেন, তখন তিনি বলেন, ‘আচ্ছা ঠিক আছে ছোট ছোট করে বলছি। ১৪ এপ্রিল ঠিক রাত ৯টা থেকে শুরু হতে চলেছে রেজিস্ট্রেশন। আসতে চলেছে কৌন বানেগা ক্রোড়পতি। প্রশ্নের উত্তর দিলেই পাওয়া যাবে হট সিটে বসার সুযোগ।’

    ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘তৈরি হয়ে যান, ১৪ এপ্রিল থেকে হট সিটে বসার জন্য। রেজিস্টেশন করুন, সঠিক উত্তর দিন এবং চলে আসুন অনুষ্ঠানে।’

    সোনি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে পোস্ট করা এই ভিডিও দেখে স্পষ্ট হয়ে যায়, কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানের আগামী পর্বেও দেখা যাবে অমিতাভকে। অমিতাভের কর্ম বিরতি নেওয়ার ঘোষণা নেহাতই ছিল গুজব, এই বছরেও তাকে দেখা যাবে অনুষ্ঠানের সঞ্চালনা করতে।

    তবে শুধু এই অনুষ্ঠানের জন্য, অভিনেতা তার আগামী প্রজেক্ট কল্কি সিনেমার দ্বিতীয় পর্বের জন্যও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন। বোঝাই যাচ্ছে, শারীরিক অসুস্থতার জন্য তিনি সাময়িকভাবে বিরতি নেওয়ার কথা ভাবলেও কাজ থেকে কিছুতেই দূরে থাকতে পারবেন না তিনি।

    বিনোদন ডেস্ক

  • অমিতাভের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিনা, উত্তরে যা বললেন জয়া

    বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ও বিগ বি শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিয়ে বারবার চর্চায় উঠে এসেছে। যদিও এর মধ্যে ৫০ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তারা। কিন্তু একটা সময়ে খবর রটে যায়— বিচ্ছেদের পথে হাঁটছেন অমিতাভ-জয়া। সেই সময়ে জয়া বচ্চনের সব প্রশ্নের জবাব দিয়েছিলেন।

    একবার হল্যান্ডের এক অনুরাগী জয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। চেনা মেজাজেই উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুরাগী প্রশ্ন করেছিলেন— আমি জানি না, এখনো এটা নিয়ে আলোচনা হয় কিনা। আমি হল্যান্ডে থাকি। দেশি গুজব শুনতে পাই এখানে। সম্প্রতি শুনছি, অমিতাভ বচ্চন নাকি আপনাকে ডিভোর্স দিয়েছেন। জয়াজি, এটি কি সত্যি?

    এমন প্রশ্নে দ্রুতই উত্তর দিয়েছিলেন জয়া— ব্যক্তিগতজীবন নিয়ে কোনো রকমের উত্তর ও বর্ণনা আমি দেব না। তবে আপনি এক কাজ করতে পারেন। ১৯৯৮ সালের ৩ জুন আমাদের ২৫তম বিবাহবার্ষিকী। আপনি আমাদের সেদিন শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন। আমাদের সেদিন একই বাড়িতে পাবেন।

    উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া। ঘনিষ্ঠ পরিজনদের মাঝে বিয়ে করেছিলেন তারা। যদিও তাদের বিয়ে করার কথা ছিল অক্টোবর মাসে। কিন্ত একত্রে লন্ডন বেড়াতে যাবেন বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন এ দম্পতি। বেড়াতে যাওয়ার মাত্র সাত দিন আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • দীর্ঘদিন পর অমিতাভের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন রেখা

    বলিউডের আলোচিত প্রেম হচ্ছে অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক। এক সময় ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল এই জুটির সম্পর্ক। সেই সময় অমিতাভ এবং জয়া বিবাহিত ছিলেন। কিন্তু চলচ্চিত্রের সেটে বারবার দেখা করার ফলে নাকি অমিতাভ এবং রেখার মধ্যে বন্ধুত্বের চেয়ে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়ে ওঠে। তবে দুজনেই তাদের সম্পর্কের বিষয়ে কখনও কিছু বলেননি। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে লেখক হানিফ জাভেরি তাদের সম্পর্ক নিয়ে কথা বলে জানিয়েছেন কীভাবে জয়া বচ্চন পরিকল্পনা করে রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক চিরতরে শেষ করে দিয়েছিল।

    লেখক হানিফ জাভেরি ‘মেরি সহেলি’ পডকাস্টে বলেছেন, রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক ‘দো অনজানে’ ছবির সেটে গভীর হয়ে ওঠে। তারা দুজনে খুব কাছাকাছি চলে এসেছিলেন।

    এই সময় ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অমিতাভ বচ্চনের এক অ্যাকশন দৃশ্যের সময় দুর্ঘটনা ঘটে। এই কঠিন সময়ে জয়া বচ্চন স্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং অভিনেতার পাশে সব সময়ে ছিলেন। তিনি বেশিরভাগ সময় হাসপাতালে থাকতেন। জয়ার এই প্রেম অমিতাভ বচ্চনের হৃদয়কে স্পর্শ করেছিল এবং রেখার সঙ্গে তার সম্পর্ক শেষ হতে শুরু করে। 

    হানিফ বলেন, ‘যখন অমিতাভ বচ্চন চেতনা ফিরে পেয়েছিলেন এবং জয়াকে দেখেছিলেন, তখন তিনি তার স্ত্রীর কাছে ফিরে গিয়েছিলেন এবং নিজেকে বদলাতে শুরু করেছিলেন।’

    হানিফ জাভেরি আরও বলেন, অমিতাভ বচ্চনকে ফিরে পেতে জয়া একবার রেখার জন্য তার বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করেছিলেন। তিনি বলেছেন, ‘জয়া বচ্চন সেই দিন রেখাকে খুব ভালো খাবার খাইয়েছিলেন, দুজনে অনেক কথা বলেছিলেন এবং যখন যাওয়ার সময় হয়েছিল, জয়া তখন রেখাকে বলেছিলেন, ‘অমিতাভ আমার। সে আমার ছিল এবং সে আমারই থাকবে।’ জয়ার কারণেই নাকি রেখাও সরে যান অমিতাভের জীবন থেকে।

    বিনোদন ডেস্ক

  • অমিতাভের হাত ধরে প্রকাশ্যে বঙ্গকন্যা কঙ্কনার নতুন ছবির ট্রেলার

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস টালিউড অভিনেত্রী তথা চিত্রপরিচালক কঙ্কনা চক্রবর্তীর মুকুটে জুড়ল এক নতুন পালক। তার নতুন সিনেমা ‘রি রাউটিং’-এর ট্রেলার মুক্তি পেয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চনের হাত ধরে। অভিনেত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন বিগ বি। 

    ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কঙ্কনা চক্রবর্তী বলেন, ‘শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজেই সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে তার সিনেমার ট্রেলার রিলিজ করেছেন। রি রাউটিং ৩৫ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর কাহিনি ও পরিচালনা আমার নিজস্ব।’

    নির্মাতা বলেন, সিনেমায় আমার সঙ্গে বরুণ চন্দ, প্রদীপ ভট্টাচার্যের মতো অভিনেতারা অভিনয় করেছেন। সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সিনেমার সাউন্ডের বাকি কাজ চলছে। আগামী ১২ এপ্রিল নন্দন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রথম স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

    উল্লেখ্য, চিত্রপরিচালক কঙ্কনা চক্রবর্তীর একাধিক স্বল্পদৈর্ঘ্যের সিনেমা ইতিপূর্বে দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে। তার এবারের সিনেমা ‘রি রাউটিং’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ২০২০ সালে অভিনেত্রী এ সিনেমার গল্পটি লেখেন। সেই সময় কলকাতাকে ছবির প্রেক্ষাপট হিসাবে চিত্রনাট্য লেখা হয়। কিন্তু পরে সিনেমার গল্পকে তিনি অসমের প্রেক্ষাপটে সাজান। 

    দুই চূড়ান্ত আত্মকেন্দ্রিক ব্যক্তি অবিনাশ ও কুহুকে নিয়ে এ সিনেমার কাহিনি আবর্তিত। এক রাতের একটি ঘটনার জেরে এই দুই ব্যক্তির সাক্ষাৎ কোন দিকে মোড় নেয়, তাই দেখা যাবে ‘রি রাউটিং’ সিনেমায়। 

    পরিচালকের দাবি, ‘ছবিতে বরুণ চন্দকে এমন একটি চরিত্রে দেখা যাবে যে ভূমিকায় তাকে আগে কখনো দেখা যায়নি। একই সঙ্গে চরিত্রটি ভীষণরকম অস্থির প্রকৃতির। যার কর্মকাণ্ড কোনোভাবেই আঁচ করা যায় না।’ ছবির শুটিং হয়েছে গুয়াহাটিতে।

    বিনোদন ডেস্ক

  • অমিতাভ না সঞ্জয়, কার নামে সিঁদুর পরেন রেখা?

    বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী রেখা একসময়ের অন্যতম জুটি ছিলেন। যাদের নিয়ে নিত্য চর্চা থাকে তুঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকেই অমিতাভ ও রেখার সম্পর্কের সমীকরণ বেশ মজবুত ছিল। তবে একটা সময় তা পরকীয়ার জল্পনা সৃষ্টি করে। কখনো রেখার বিস্ফোরক মন্তব্য, আবার কখনো রেখার সিঁথিতে সিঁদুর— সবটাই ধোঁয়াশা তৈরি করেছিল। 

    অভিনেতা সঞ্জয় দত্তের নাম শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। ছবি জমিন আকাশ-এ একসঙ্গে কাজ করা। সেই থেকে শোনা যায়, তাদের মধ্যে নাকি বাড়ছে ঘনিষ্ঠ সম্পর্ক। এরপরই রেখাকে সিঁদুর পরতে দেখা যায়, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

    বিষয়টি সঞ্জয় দত্তের মা নার্গিসের কানেও যায়। যদিও তিনি বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখেননি। বরং বারবার কটাক্ষ ও বিদ্রূপ করেছেন রেখাকে। তবে রেখাকে নাকি গোপনে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্ত। রেখার সঙ্গে এই ছবির সেটেই নাকি প্রেম হয় তার। যদিও সবটা নিয়ে দুজনেই ছিলেন চুপ।

    তাতেই বাড়ে জল্পনা। ছবি শেষ হতে না হতেই রেখার সিঁথিতে সিঁদুর যখন খবর সৃষ্টি করে, তখন একপ্রকার চুপ হয়ে যান দুজনেই। রেখাও কোনো নির্দিষ্ট কারণ খোলাসা করেন না। যদিও কেউ কেউ মনে করেন, রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক, তিনি নাকি অমিতাভের নামেই সিঁদুর পরেন। তবে রেখা তা নিয়ে খুব একটা রহস্যভেদ করেননি কোনো দিনই।

    বিনোদন ডেস্ক

  • অমিতাভের জায়গায় বউমা, বিগ বি-র আসন দখল নিচ্ছেন ঐশ্বরিয়া

    কেউ ছাড়তে চাইছেন না তাকে। কিন্তু এবার যে যেতে হবে। গুঞ্জন উঠেছে— ২৫ বছর ধরে চলা প্রশ্নোত্তরের অনুষ্ঠান থেকে সত্যিই নাকি অবসর নিতে চলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সামাজিকমাধ্যমে বেশ কিছু দিন ধরেই ‘বিগ বি’ বেসুরো বাজছেন। তিনি নাকি কাজ থেকে অব্যাহতি চাইছেন। এ রকম আভাস তার সামাজিকমাধ্যমের লেখায় পাওয়া যায়। তাই অনুরাগীদের মনখারাপ। সামাজিকমাধ্যমে মন্তব্যের পর মন্তব্য। 

    বলিউড ‘শাহেনশাহ’ এক পা পিছিয়েছেন। সঙ্গে এ-ও জানিয়েছেন, জরা গ্রাস করছে ক্রমশ। আগের মতো আর সংলাপ মনে রাখতে পারছেন না। শরীরও সঙ্গ দিচ্ছে না তাকে। ৮২ বছরে এসে অবশেষে ‘বাগবান’ বৃদ্ধ হলেন? ‘রাগী যুবক’-এর তকমা সরিয়ে ‘বর্ষীয়ান’ শব্দ বসবে তার নামের আগে?

    অমিতাভ এখন পর্যন্ত সরাসরি মুখে কিছু না জানালেও বলিউডে নাকি এমনই গুঞ্জন। অনুষ্ঠানের ১৫তম পর্বেই আবেগঘন বিদায় জানিয়েছিলেন ‘বিগ বি’। টেলিভিশন চ্যানেলের কর্তাকে অনুরোধ জানিয়েছিলেন, তার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। চ্যানেল উপযুক্ত কাউকে না পাওয়ায় ১৬তম সিজনেও দেখা যাচ্ছে অমিতাভকে। কিন্তু এটাই নাকি তার শেষ পর্ব। এ-ও শোনা যাচ্ছে, তার ছেড়ে যাওয়া ‘হট সিট’-এ নাকি শাহরুখ খান বা ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখতে আগ্রহী টিম ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রসঙ্গত প্রথম জন অমিতাভের পরিবারের ‘বড় ছেলে’র সম্মান পান।

    আজ থেকে ২৫ বছর আগে এই রিয়্যালিটি শোর মাধ্যমে ছোটপর্দায় পা রাখেন অমিতাভ। তখন তিনি ৫৭। কথিত, সেই সময় নাকি প্রচণ্ড অর্থাভাবে জর্জরিত ছিলেন তিনি। একের পর এক সিনেমা ব্যর্থ। দেনার দায়ে বাড়ি বিক্রির মতো অবস্থা। অসহায় অমিতাভ এক প্রকার বাধ্য হয়েই খড়কুটো আঁকড়ে ধরার মতোই আপন করে নিয়েছিলেন এই শো। রিয়্যালিটি শোটি যেমন অমিতাভের সঞ্চালনায় আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পায়, একইভাবে অভিনেতার দিন ফেরে এই শোর বদৌলতেই। একাধিক জায়গায় তিনি জানিয়েছেন, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ তার দ্বিতীয় সংসার।

    সেই সংসার ছেড়ে বানপ্রস্থে যাওয়া কি এতই সহজ? অমিতাভের চোখও নিশ্চয়ই ঝাপসা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • অমিতাভকে যে কথা চিৎকার করে বলেছিলেন রেখা

    দিনটি আজও ভুলতে পারেননি বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা। যার আসল নাম ভানুরেখা গণেশন। বলিউডের একসময়ের নজরকাড়া সুন্দরীদের অন্যতম তিনি। সেই সময় অভিনয় করতে গিয়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ভালোবেসে ফেলেছিলেন অভিনেত্রী, তাকেই চিৎকার করে বলেছিলেন— তোমায় ঘৃণা করি। 

    নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে অমিতাভ-রেখা মুখোমুখি। ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী ১৫ হাজার দর্শক। রেখা কথাটা বলার পর পিনপতন স্তব্ধতা। অনেকক্ষণ পর ভিড়ের মধ্যে থেকে একটাই শব্দ শোনা গিয়েছিল— ‘ওহ’। তত দিনে অমিতাভ-রেখার রোমান্স সবাই জানেন। জানেন অভিনেত্রী জয়া বচ্চনও! সংসারে তাই নিয়ে নিত্য অশান্তি চলে।

    অভিনেত্রী যাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, কী করে তাকে মুখের উপরে হাজার হাজার মানুষের সামনে ‘ঘৃণা করি’ বলবেন? অথচ সে কথা তাকে বলতেই হবে। তাও আবার প্রকাশ্যে— ভিড়ের মাঝে। রেখা যন্ত্রণায় ছটফট করেছিলেন। বলতে গিয়ে কান্নায় গলা বুজে এসেছিল। তারপরও তাকে বলতে হয়েছিল।

    শাহেনশাহর সংসার বাঁচাতেই কি রেখা এই পদক্ষেপ নিয়েছিলেন? বলিউড বলছে— নায়িকাকে অমিতাভের উদ্দেশে এ কথা বলতে বাধ্য করা হয়েছিল। 

    রেখা-অমিতাভ-জয়ার বাস্তব ত্রিকোণ প্রেমের গল্প, যা পর্দায় জীবন্ত করেছিলেন। সেখানেই রেখার সংলাপ, তিনি অমিতাভকে বলবেন— তাকে ঘৃণা করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা আবার মনে করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তিনি কিছুতেই এই সংলাপ বলবেন না। অথচ চিত্রনাট্যের খাতিরে বলতে তাকে হবেই। শেষে হাল ধরেছিলেন ‘বিগ বি’ স্বয়ং। তিনি হলিউড অভিনেতা জেমস ডিনের গল্প শুনিয়েছিলেন। জানিয়েছিলেন একটি দৃশ্যে তিনিও একই রকম দ্বিধাগ্রস্ত ছিলেন। মনের জোরে সেই দ্বিধা কাটিয়েছিলেন নিজেই। রেখাকেও সেটাই করার পরামর্শ দিয়েছিলেন অমিতাভ বচ্চন।

    অমিতাভের সহায়তায় এক টেকে দৃশ্য নিখুঁত! শট শেষ করে আবেগে প্রিয় নায়ককে জড়িয়ে ধরেছিলেন রেখা। সেই দৃশ্য দেখতে দেখতে প্রত্যেকের চোখের কোণ বুঝি শিরশিরিয়ে উঠেছিল সেদিন।

    অনলাইন ডেস্ক

  • ‘ব্ল্যাকে’ অমিতাভের সঙ্গে যে দৃশ্য করায় রানী ও অভিষেকের সম্পর্কে ছেদ

    বলিউডের অন্দরে কত কী ঘটে যায়, তা বলা মুশকিল। কিছু ঘটনা আড়ালে থাকলেও আবার কিছু ঘটনা প্রকাশ্যে চলে আসে। সে রকমই একটি ঘটনা প্রকাশ্যে এলো অভিনেত্রী রানী মুখার্জির সেই বিখ্যাত চুমুর দৃশ্য। কয়েক সেকেন্ডের ওই চুমুর জন্যই নাকি অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যায় রানীর। বাবাকে চুমু খেয়েছেন তামাম প্রেমিকা– তাই নাকি একেবারে মেনে নিতে পারেননি অভিষেক বচ্চন। রেগে গিয়েছিলেন জয়া বচ্চনও। প্রশ্ন উঠেছিল হাজারও।

    ঘটনা ২০০৫ সাল। পরিচালক সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবি ‘ব্ল্যাক’ ৪ ফেব্রুয়ারি মুক্তি পায়। ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রানী মুখার্জি ও অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভ ও রানীর এক দীর্ঘ চুম্বরের দৃশ্য ছিল। যে সে চুম্বন নয়, একেবারে লিপকিস। ওই সময়ে প্রেমিকের বাবার সঙ্গে চুম্বনের দৃশ্য মুখের কথা নয়। ছবি মুক্তি পেতেই ঝড় ওঠে সর্বত্র। ছবিতে দুজনের অভিনয় অসামান্য। তবে অভিনয়ের থেকেও এই চুম্বনদৃশ্য নিয়ে আলোচনা হতে থাকে বেশি। 

    বলিপাড়া সূত্রে খবর— ব্যাপারটি নাকি মোটেই ভালো চোখে নেননি অভিষেক বচ্চন। তার বাবাকেই চুমু খাচ্ছেন রানী। ব্যাপারটি ভালো লাগেনি তার। আর সে কারণেই নাকি সম্পর্কে ছেদ পড়ে তাদের প্রেমকাহিনিতে।

    যদিও রানী, অভিষেক বা অমিতাভ— এ নিয়ে কোনো দিন মুখ খোলেননি। তবে রানী-অভিষেকের ব্রেকআপের মূল কারণ রানীর বিগ বিকে লিপকিস। বর্তমানে তারা দুজনেই যদিও আলাদা জায়গায় বিয়ে করে সংসার করছেন। অভিষেক বিয়ে করেছেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। অন্যদিকে রানি মুখার্জি বিয়ে করেছেন প্রযোজক আদিত্য চোপড়াকে।

    বিনোদন ডেস্ক

  • অমিতাভকে এখনো চোখে চোখে রাখেন রেখা

    বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা অমিতাভকে এখনো চোখে চোখে রাখেন বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন সময় অমিতাভের প্রতি নিজের ভালোবাসার কথা খোলাখুলি জানান দেন। যদিও সেসব কথা বহু বছর আগের। তাদের নাকি এখন আর সেভাবে যোগাযোগ নেই। তবু কীভাবে অমিতাভের খোঁজ রাখেন রেখা সে কথা নিজেই জানালেন অভিনেত্রী।

    বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে ৫০টা বসন্ত পার করেছেন বলি শাহেনশাহ  অমিতাভ বচ্চন। সত্তরের দশকে বাঙালি অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেন তিনি। ১৯৭৩ থেকে ২০২৩ সাল— দাম্পত্য জীবনের লম্বা ইনিংস অমিতাভ-জয়ার। মাঝে টালমাটাল পরিস্থিতি তৈরি হলেও দাম্পত্য অটুট রাখতে পেরেছেন তারা।

    তবু অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন এসেছে বারবার। যার মধ্যে সব থেকে চর্চিত অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের কথা। যদিও একসময়ে জয়ার মাধ্যমেই অমিতাভের সঙ্গে পরিচয় হয় রেখার। কানাঘুষা অমিতাভের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়ান রেখা। পরিণতি পায়নি সেই ভালোবাসা। যদিও বিভিন্ন সময় অমিতাভের প্রতি নিজের ভালোবাসার কথা জানান অভিনেত্রী। সেই সম্পর্ক এখন আর তাজা নেই। এখন সেভাবে যোগাযোগও নেই। তবু রেখা নাকি নিয়মিত খোঁজ রাখেন অমিতাভের।

    নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ রেখা কিংবদন্তি। ৭০ বছর বয়সেও তিনি চিরতরুণী। তার সৌন্দর্য, সাজ আজও নজর কাড়ে যে কোনো পার্টি কিংবা অনুষ্ঠানে। তবে তার সাজের একটি বিশেষ দিক অনেকের কাছেই রহস্য— রেখার সিঁথিতে সিঁদুর। দীর্ঘ দিন ধরেই অনুরাগীদের কৌতূহল— অভিনেত্রীর সিঁদুর পরার কারণ ঠিক কী? 

    ১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। কিন্তু বহু বছর আগেই অস্বাভাবিক মৃত্যু হয় অভিনেত্রীর স্বামীর। যদিও সিঁদুর পরা বন্ধ করেননি অভিনেত্রী। যে কোনো অনুষ্ঠানে দেখা যায় সিঁথিভর্তি লাল সিঁদুর। 

    এ প্রসঙ্গে বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রেখা বলেন, আমি যে শহরের মেয়ে, সেখানে সিঁদুর পরা একটা ফ্যাশন। যদিও তার পরও রেখাকে নিয়ে গুঞ্জন থামেনি। ২০০৮ সালে রেখা ফের জানান, সিঁদুর তাকে মানায়, তাই পরেন। লোকে কী বলছে সেসবে পাত্তা দেন না। 

    এবার কপিল শর্মার অনুষ্ঠানে রেখা আসতেই উঠল অমিতাভ প্রসঙ্গ। কপিল অভিনেত্রীকে জানান তার সঙ্গে অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সাক্ষাতের মুহূর্তের কথা। কপিলের মায়ের সঙ্গে অমিতাভের কথোপকথনের প্রসঙ্গে টানতেই, জবাব এলো রেখার তরফে। অমিতাভ সেই অনুষ্ঠানে কপিলকে কী বলছিলেন হুবহু বলে দেন অভিনেত্রী এবং জানান— তিনি ‘কেবিসি’র প্রতিটি পর্বই দেখেন। সমস্ত সংলাপ নাকি মুখস্থ তার। 

    বেশ কয়েক বছর আগে রেখা বলেছিলেন, অমিতাভকে ভালোবাসার জন্য তার সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন নেই। মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে দেখা হয় সেটিই অনেক আমার কাছে। রেখা যেমনটা বলেছিলেন, ঠিক তেমনটাই যেন মেনে চলছেন নিজের জীবনে।

    বিনোদন ডেস্ক

  • মান্যবর আপনার ঘরে একজন নয়, দুজন বিদ্বান: অমিতাভ

    বিগত কয়েক দিন ধরেই ক্রমাগত আলোচনায় বচ্চন পরিবার। যেখানে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়ার ডিভোর্সের খবর আসছে। আর এর পেছনে যুক্তি দেখানো হচ্ছে নানা তথ্য। এসবের মাঝেই কাকে বাড়িতে ডাকলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন?

    দিল্লির রোহিণী সেক্টর ২৪-এ বসবাসকারী ৯ বছর বয়সি ভাবিক গর্গ ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-তে নির্বাচিত হয়েছেন। সে পঞ্চম শ্রেণির ছাত্র। ডা. এসকে আগরওয়াল ও ডা. প্রিয়াংকার ছেলে ভাবিক আপাতত জয় করে নিয়েছে পুরো দেশের হৃদয়।

    কেবিসিতে অংশগ্রহণের জন্য কয়েক দফা ইন্টারভিউ ও গ্রাউন্ড অডিশনে সফল হন ভাবিক। সারা দেশের বিভিন্ন স্কুলের শত শত ছাত্রের মধ্যে থেকে ১০ জন ছাত্রকে বেছে নেওয়া হয়েছিল, যার মধ্যে একজন ভাবিক গর্গ। 

    দেখা যায়, সুপার সন্দুক রাউন্ডে ৯০ সেকেন্ডে ১০ প্রশ্নের সঠিক উত্তর দেন এই খুদে। প্রথম কোনো জুনিয়র প্রতিযোগী ১০টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে সক্ষম হলো। কেবিসির এই রাউন্ডে একটি সঠিক প্রশ্নে পাওয়া যায় ১০ হাজার রুপি। অর্থাৎ ১০টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় ভাবিক জিতেছে ১ লাখ রুপি। 

    নিয়মানুযায়ী, এই ১ লাখ সে ব্যাংকে জমা করতে পারে অথবা ৫০ হাজার ধনরাশি খরচ করে ফেলা লাইফলাইনও পুনরায় কিনতে পারে। যারা নিয়মিত কেবিসি ফলো করেন, তাদের জানান— অমিতাভ আগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন যে, যারা সব প্রশ্নের সঠিক উত্তর দেবেন সুপার সন্দুক রাউন্ডে, তাদের নিজের বাড়িতে আমন্ত্রণ করে খাওয়াবেন। বিগ বি তাই শুভেচ্ছা জানায় ভাবিককে। এবং প্রশ্ন করেন— সে কি খেতে চায়? যাতে পঞ্চম শ্রেণির সেই পড়ুয়া জানায়, সে পনির লাববদার, রুটি আর দই খাবে। আর ডেজার্টে কেক।

    ভাবিকের একটি ছোট ভাই-ও আছে, নাম কার্তিক। সে এ সময় অমিতাভের কাছে প্রশ্ন রাখে— স্যার ৫০ হাজার দিয়ে একটা লাইফলাইন কেনা যাবে। তা হলে তো ও ১ লাখ দিয়ে দুটো লাইফলাইন ফিরে পাবে’। 

    আর এই খুদের এমন কথায় বিগ বি মুগ্ধ হয়ে দুই ভাইয়ের মা-বাবার উদ্দেশে বলেন, ‘মান্যবর আপনার ঘরে একজন নয়, দুজন বিদ্বান আছে। আপনার ছোটটিও ভীষণ গুণী আর স্মার্ট। ও দেশের ইতিহাস বদলাবে।’ ও মা! তাতে কার্তিকের জবাব ছিল— সে বড় হয়ে দেশের প্রধানমন্ত্রী হতে চায়। 

    উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরেই ক্রমাগত আলোচনায় বচ্চন পরিবার। যেখানে অভিষেক আর ঐশ্বরিয়ার ডিভোর্সের খবর আসছে। এখানেই শেষ নয়, কখনো ঐশ্বরিয়ার চলে যাওয়ার পেছনে দোষ দেওয়া হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে, তো কখনো খোদ অভিষেককেই! চর্চায় নতুন সংযোজন, তিনি নাকি নিমরত কৌরের সঙ্গে ‘পরকীয়া’য় জড়িয়েছেন! তবে আপাতত মুখ বন্ধ গোটা পরিবারের। ভবিষ্যতে তারা কী পদক্ষেপ নেন, সেদিকে তাকিয়ে অনুরাগীরা।

    বিনোদন ডেস্ক