Home / Entertainment / ২০ দিন শুটিং করেও ‘কল্কি ২’ থেকে বাদ দীপিকা, নেপথ্যে ভিলেন প্রভাস

২০ দিন শুটিং করেও ‘কল্কি ২’ থেকে বাদ দীপিকা, নেপথ্যে ভিলেন প্রভাস

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে লাগাতার অপেশাদারত্বের অভিযোগ ওঠে। মেগাবাজেট ‘স্পিরিট’-এর পর ২০২৪-এর ব্লকবাস্টার দক্ষিণী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও বাদ পড়েছেন অভিনেত্রী। তবে চমকপ্রদ বিষয় হচ্ছে— এই দুটি মেগাবাজেট সিনেমার ‘হিরো’ই প্রভাস। যে কিনা দীপিকার বাদ পড়ার নেপথ্য কারিগর। 

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ হোক কিংবা নাগ অশ্বীনের ‘কল্কি ২’— দুই দক্ষিণী সিনেমার বক্স অফিস চাঙ্গা করতে প্রভাসের ওপরই ভরসা রেখেছেন পরিচালকরা। তবে গোল বেঁধেছে অভিনেত্রীকে নিয়ে। এবার কানাঘুষা— দীপিকা পাড়ুকোনকে সরানোর নেপথ্যে নাকি প্রভাসই দায়ী?

একটি সূত্র জানায়, কল্কি সিক্যুয়েলের জন্য ২০ দিনের শুটিং করেও ফেলেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে পরে চিত্রনাট্য বদলে অভিনেত্রীর চরিত্রের দৈর্ঘ্য ক্যামিওপর্যায়ে নামিয়ে আনা হয়। 

এদিকে আরেক সূত্র জানায়, অভিনেত্রীর ৮ ঘণ্টার শিফট নিয়ে সমস্যা। আবার আকাশচুম্বী পারিশ্রমিক হাঁকানোর জন্য বলিউডের ‘পদ্মাবতী’কে দুই বড় বাজেটের ছবি থেকে সরানো হয়েছে বলে কারও কারও ধারণা। 

এমন বিতর্কের মাঝেই কাঠগড়ায় অভিনেতা প্রভাস। ‘গ্রেট অন্ধ্রা’ নামক এক দক্ষিণী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে সেই বিস্ফোরক তথ্য— সেখানে উল্লেখ করা হয়েছে— দীপিকা অনুরাগীদের দাবি, ‘কল্কি ২’ ও ‘স্পিরিট’ থেকে নায়িকাকে ছাঁটাই করার নেপথ্যে রয়েছেন প্রভাস। 

তাদের দাবি, প্রভাস যদি পরিচালক-প্রযোজকদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতেন, তাহলে অভিনেত্রীকে কাস্টিং থেকে ছেঁটে ফেলা হতো না। শুধু তাই নয়,  প্রভাস মধ্যস্থতা না করাতেই অভিনেত্রীকে সরে যেতে হয়েছে। প্রভাস দীপিকার সামনে ঢাল হয়ে দাঁড়ালে প্রযোজক-পরিচালকরা এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেতেন না।

এদিকে দক্ষিণী সুপারস্টারের ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রভাস সাধারণত কাস্টিং নিয়ে মাথা ঘামান না। সে জন্যই ‘কল্কি ২’ ও ‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়া নিয়ে নির্মাতাদের সঙ্গে কোনোরকম বচসায় জড়াননি তিনি। দক্ষিণী এ তারকার এহেন সিদ্ধান্তকে আবার একপক্ষ স্বার্থপরতার চোখেই দেখছেন। 

যদিও দীপিকার এসবে মাথাব্যথা নেই। সম্প্রতি পোল্যান্ডে শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেত্রী। আর সেই সেট থেকে ছবি দিয়েই ‘কল্কি’ নির্মাতাদের কার্যত একহাত নিয়েছেন। বাদশার হাতে হাত রেখে দীপিকারর মন্তব্য— প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ সিনেমার শুটিং করার সময় উনি (শাহরুখ) আমাকে প্রথম শিখিয়েছিলেন— একটি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা এবং কাদের সঙ্গে তুমি কাজ করছ, সেটি বক্স অফিস সাফল্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমিও মনেপ্রাণে সেটাই বিশ্বাস করি। এবং তারপর থেকে এই মন্ত্রকে পাথেয় করেই আমি প্রতিটা কাজের সিদ্ধান্ত নিয়েছি। 

কোনো নাম উল্লেখ না করে অভিনেত্রী কল্কি পরিচালক কিংবা প্রভাসকেই বিঁধতে চেয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *