
ভোজপুরি সিনেমায় ‘গঙ্গাদেবী’তে বলিউড শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেতা দীনেশ লাল যাদব, যিনি নিরাহুয়া নামে পরিচিত। সেই সিনেমায় একটি দৃশ্য ছিল, নিরাহুয়াকে পেটাবেন জয়া বচ্চন। পেটানোর অভিনয় করতে গিয়ে নাকি সত্যি সত্যিই তাকে মেরেছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন নিরাহুয়া। তিনি বলেন, উনি খুব রেগে যান। আমাকে সত্যি সত্যিই লাঠি দিয়ে পিটিয়েছিলেন।
দীনেশ লাল যাদব বলেন, অমিতাভ বচ্চন খুবই আন্তরিক মানুষ। শুটিং সেটে তিনি রসিকতা করতেন। কিন্তু জয়া মারধর করতেও ছাড়তেন না। ভোজপুরি অভিনেতা বলেন, আমি অবাক হয়ে যাই, যখন জানতে পারি, ওদের সঙ্গে আমি অভিনয় করব। আমার জন্য ওরা ঈশ্বরের মতো।
তিনি বলেন, অমিতাভ বচ্চন অসাধারণ মানুষ। আমার পরিস্থিতি বুঝতে পেরে নানা রকমের রসিকতা করতেন, যাতে আমি স্বচ্ছন্দবোধ করি। খুব হাসাহাসি করতেন। আর পরিবেশটা খুবই মজাদার করে রাখতেন।
অমিতাভের সঙ্গে সম্পর্ক আন্তরিকতার হলেও জয়া বচ্চনকে কিছুটা ভয় পেতেন অভিনেতা। তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। নিরাহুয়া বলেন, একটি দৃশ্যে আমাকে আমার স্ত্রীর গালে চড় মারতে হতো। আর জয়াজি আমার মায়ের চরিত্রে অভিনয় করছিলেন।
তিনি বলেন, মা হিসেবে তিনি আমাকে লাঠি দিয়ে মারধর করবেন— এমনই ছিল সেই দৃশ্যটি। কিন্তু অভিনয় না করে, তিনি সত্যি সত্যিই আমাকে মারতে থাকেন। খুব জোরেই মেরেছিলেন। আমার খুব লেগেছিল। ওর মাথা খুব গরম।
মার খেয়ে নিরাহুয়া সেই দিন বলেছিলেন, আপনি মারছেন, আমার কিন্তু লাগছে। তখন জয়া বলেছিলেন— তাহলে তুমি আমার পুত্রবধূকে মারছ কেন? এই শুনে অবাক নিরাহুয়া বলেছিলেন, আরে এটা তো অভিনয় মাত্র। আপনি খুব জোরে মারছেন। তবে আজও অমিতাভ ও জয়ার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা উপভোগ করেন বলে জানান নিরাহুয়া।
বিনোদন ডেস্ক





