সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই!

Written by

in

সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে। এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সম্প্রতি প্রকাশিত হল ছবিটির ট্রেলার।  

শুক্রবার (১৩ মার্চ) রাতে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এটি প্রকাশের পর তা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ, যেখানে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে।

ট্রেলারের কিছু দৃশ্যে কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নায়কের বিপরীতে রয়েছেন প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করা কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

ছবিতে সিয়ামের চরিত্রটি ঘিরে দর্শকের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।  ট্রেলারে চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব, যেখানে মানবিকতা আর ভয়াবহতার মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে গল্পটি।

আরও পড়ুন
আরও পড়ুন

অন্যদিকে রহস্যময়তা ও আবেগের মিশেলে নায়িকা সুস্মিতা চ্যাটার্জির ভিন্নধর্মী এক চরিত্রের আভাস পাওয়া গেছে। তবে জল্পনা তৈরি হয়েছে ‘রাক্ষস’-এর ভিলেন চরিত্রটি নিয়ে। 

ট্রেলারের শেষ দিকে কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা, শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার ইশারা, হাঁটার ভঙ্গি আর উপস্থিতিই যেন পুরো ট্রেলারের আবহকে আরও ভয়ংকর করে তোলে। কিন্তু কে এই অভিনেতা— সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের মনে।

নির্মাতারা এখনো এ বিষয়ে মুখ না খুললেও চমকপ্রদ খবর হল, রহস্যময় সেই ভিলেন আর কেউ নন সিয়াম আহমেদ নিজেই। একাধিক ঘনিষ্ট সূত্রের বরাতে জানা যায়, প্রস্থেটিক মেকআপ দিয়ে একদমই অন্যরকমভাবে পর্দায় হাজির করা হচ্ছে এই অভিনেতাকে।

জানা গেছে, ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সিয়াম।  অর্থাৎ গল্পের নায়কও সিয়াম, মূল খলনায়কও সিয়াম।  ট্রেলারের শেষের দিকে রহস্যময় ভিলেন চরিত্রটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। এখন দেখার পালা— বড় পর্দায় সেই ‘রাক্ষস’ দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন।

উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় ‘জিল্লু’খ্যাত ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য্যকেও দেখা যাবে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *