
মমতাজ ও আশনা হাবিব ভাবনা। দুইজন দুই মাধ্যমের শিল্পী। মমতাজ গান করেন। আর ভাবনা অভিনেত্রী। কিন্তু দুজনের মধ্যেই দারুণ একটি বোঝাপড়া রয়েছে। দুজনেই কাজ করছেন জুটি হয়ে। যদিও সেটি অঘোষিত, এবং নির্মাতাদের ইচ্ছায়।
rnrn
ভাবনা অভিনীত ‘ভয়ঙ্কর সুন্দর’, দামপাড়া নামে দুটি সিনেমায় গান গেয়েছেন মমতাজ। সম্প্রতি তারই বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন এই ফোক শিল্পী। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ।
rnrn
সম্প্রতি পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রেকর্ডিংয়ের সময় পরিচালকের উপস্থিত ছিলেন ভাবনাও।
rnrn
এ গান প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, ‘সিনেমাতে গান গাইতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। তবে হাবিব ভাইয়ের যাপিত জীবন সিনেমার এ গানটি গাইতে যেন আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। কারণ এর কথা ও সুর এতো চমৎকার যে মনটা ভরে গেছে। পিন্টু এতো অসাধারণ সুর করেছে এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে যা সত্যিই দারুণ। এই গান নিয়ে আমার অনেক প্রত্যাশা।’
rnrn
ভাবনা বলেন, ‘বিষয়টি এমন যে, ভাবনা যে সিনেমায় থাকবে সে সিনেমায় যদি ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের গান না থাকে তাহলে ঠিক জমে উঠে না। একটি সিনেমায় এমন একজন মহান শিল্পীর গান থাকা মানেই সেই সিনেমার সার্বিক সৌন্দর্য বেড়ে যাওয়া। কী যে দারুণ গেয়েছেন তিনি, তা সত্যিই ব্যাখ্যা করে বুঝানোর মতো নয়। কবে যে শুনতে পাব এই গান! নিজেই যেন আর অপেক্ষা করতে পারছি না।’
বিনোদন প্রতিবেদন





