Home / Entertainment / সিডনির প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো

সিডনির প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্দার গ্ল্যামার ছেড়ে এবার ফুটবলের সবুজ ঘাসে ঝড় তুললেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। কোনো সিনেমার প্রিমিয়ার বা ফ্যাশন ক্যাম্পেইন নয়, এবার তিনি আলোচনায় এসেছেন পর্তুগালের লিসবনে অবস্থিত ‘এস্তাদিও জোসে আলভালাদে’ স্টেডিয়ামে ফুটবল পায়ে উপস্থিত হয়ে। সেখানেই তিনি নিজের প্রিয় ফুটবলার কে, সেটি জানান।

স্পোর্টিং লিসবনের ঘরের মাঠে এস্টোরিলের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ের পর সেখানে হাজির হন এই মার্কিন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিডনি সুইনি বেশ সাবলীলভাবে বল ড্রিবলিং করছেন এবং ‘কিপ-আপ’ (বল শূন্যে ভাসিয়ে রাখা) করার চেষ্টা করছেন। ক্লাবের মাসকটের সঙ্গে মজা করা এবং হাস্যোজ্জ্বল মুখে ফুটবল নিয়ে তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভক্তদের বিশেষ নজর কেড়েছে।

তবে সবকিছু ছাপিয়ে পর্তুগাল সফরের সময় একটি বড় স্বীকারোক্তি দিয়ে ফুটবল প্রেমীদের চমকে দিয়েছেন সিডনি। তিনি জানান, কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোই তার প্রিয় খেলোয়াড়।

আরও পড়ুন
আরও পড়ুন

সিডনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আমার প্রিয় ফুটবলার। আমি ব্যক্তিগতভাবে খুব প্রতিযোগিতামূলক একজন মানুষ। আমি যদি অভিনেত্রী না হয়ে ফুটবলার হতাম, তবে তিনিই হতেন আমার অনুপ্রেরণা।’

রোনালদোর শৈশবের ক্লাব ‘স্পোর্টিং লিসবন’-এ দাঁড়িয়ে তার প্রতি এমন শ্রদ্ধা নিবেদন ভক্তদের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে। সিডনির উচ্চাকাঙ্ক্ষী এবং জেদি ব্যক্তিত্বের সঙ্গে রোনালদোর লড়াকু মানসিকতার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।

তবে ইউরোপীয় ফুটবলে সিডনি নির্দিষ্ট কোনো ক্লাবকে সমর্থন করেন কিনা, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। যদিও এর আগে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান-এর প্রতি তাকে সহানুভূতি প্রকাশ করতে দেখা গেছে। অন্যদিকে আমেরিকায় এনএফএল (NFL)-এর দল ফিলাডেলফিয়া ইগলস-এর সমর্থক তিনি। অবশ্য মেজর লিগ সকার (MLS)-এ তার পছন্দের কোনো দলের নাম এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, সিডনি সুইনির এই সফরটি কেবল বিনোদনের জন্য হলেও, ফুটবল মাঠে তার দক্ষতা এবং রোনালদোর প্রতি মুগ্ধতা হলিউড ও ফুটবল বিশ্বকে এক সুতোয় গেঁথেছে। তার সাম্প্রতিক এই মন্তব্যের মাধ্যমে ‘সিআর সেভেন’ ভক্তদের হৃদয়ে তিনি যে বিশেষ জায়গা করে নিয়েছেন সেটা বলা বাহুল্য।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *