সন্ধ্যা সাতটার পর খোলা থাকবে সিনেমা হল

Written by

in

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবারও বিপণিবিতান ও দোকান সন্ধ্যা সাতটায় বন্ধের নির্দেশনা জারি করেছে সরকার। ফলে ঈদুল আজহা উপলক্ষে কিছুদিনের জন্য রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল, সেটি আর বহাল থাকছে না। 

তবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানিয়েছে, শপিংমলে থাকা মাল্টিপ্লেক্স ও একক সিনেমা হল চালু থাকবে। ফলে শপিংমলের ভেতরে অবস্থিত সিনেমা হলগুলোও নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের শো পরিচালনা করতে পারবে। 

এ প্রসঙ্গে হলমালিকদের সংগঠনের সভাপতি আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঈদের পরই সিনেমার ব্যবসাটা হয়। ফলে প্রযোজক, পরিচালক ও হলমালিকদের সঙ্গে কথা বলে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম, যাতে আমরা সিনেমাটা চালাতে পারি।’ 

আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে তারা অনুমোদন পেয়েছেন বলে জানান। 

আরও পড়ুন
আরও পড়ুন

একই তথ্য জানিয়েছেন দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শপিংমল নির্ধারিত সময়ে বন্ধ হলেও সিনেমা প্রদর্শন কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং দর্শকরা আগের মতোই সিনেমা উপভোগ করতে পারবেন। 

গেল ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে নতুন আটটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘পিনিক’, ‘অফিসার’, ‘মাসুদ রানা’ ও ‘তছনছ’। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের ছুটিতে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দর্শক উপস্থিতি ধরে রাখতে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *