শাকিব খানের ‘উরাধুরা’ গানে নাচলেন হানিয়া আমির

Written by

in

শাকিব খানের সিনেমার উরাধুরা গানের সঙ্গে নাচলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এ গানে এক অন্যরকম জাদু ছড়িয়ে দিলেন অভিনেত্রী।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে সানসিল্ক বিশেষ এ আয়োজন করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে দর্শকের ভিড়ও বাড়তে থাকে। চারপাশে আলো ঝলমলে সাজসজ্জা, সংগীতের তালে উচ্ছ্বসিত ভক্তরা। ঠিক তখনই মঞ্চে পা রাখেন হানিয়া আমির। তাকে দেখে উপস্থিত সবাই মুহূর্তেই দাঁড়িয়ে যায়। হাততালিতে মুখর হয়ে ওঠে চারপাশ।

এ সময় মঞ্চে গাইছিলেন প্রীতম হাসান। বাজছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা’। গানের ছন্দে যেন নিজেকে থামিয়ে রাখতে পারেননি হানিয়া আমির। হঠাৎ করেই দর্শকের দিকে হাত নেড়ে নাচতে শুরু করেন এই অভিনেত্রী।

কালো ও সোনালি রঙের ঝলমলে পোশাক, হানিয়ার প্রাণবন্ত হাসি আর নাচের ভঙ্গিমা যেন মুহূর্তেই ভরে উঠেছে পুরো হলরুম। শুধু গানেই নয়, পুরো অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করেছেন হানিয়া।

পাকিস্তানি এই অভিনেত্রী জানিয়েছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। এই সফর তার কাছে জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি হয়ে থাকবে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো বাংলাদেশে এসে সানসিল্কের আয়োজনে ‘গেট রেডি উইথ মি’ কনটেস্টের বিজয়ীদের সঙ্গে সরাসরি দেখা করেছেন হানিয়া আমির। রোববার (২১ সেপ্টেম্বর) তিনি অংশ নেবেন ব্র্যান্ডটির এক্সক্লুসিভ ফটোশুটে। এরপরই শেষ হবে ঢাকার এই রঙিন সফর। তিনি ফেরত যাবেন পাকিস্তানে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *