লন্ডনে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার

Written by

in

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে বাংলাদেশের জয় শাহরিয়ারের সখ্য বেশ পুরোনো। দুজনে একসঙ্গে গান করেছেন, অ্যালবামও করেছেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রকাশ করা হয়েছিল নচিকেতা ও জয়ের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’। সাত গানের ওই অ্যালবামের সুর করেন জয় নিজেই। আবার ঢাকার মঞ্চে একসঙ্গে কনসার্টও করেছেন অনেকবার। 

 সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন জয় শাহরিয়ার। সেখানে বৈঠক করেছেন গায়ক নচিকেতার সঙ্গে। সেই ছবি সামাজিক মাধ্যমে সামনে আসার পর থেকেই নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে— দুজন হয়তো আবার নতুন কিছু করতে চলেছেন।

এদিকে সোমবার (৩ আগস্ট) রাতে এক চমকপ্রদ খবর সামনে আনলেন জয় শাহরিয়ার। সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানালেন এবার আর ঢাকায় নয়; নচিকেতা ও তিনি গান গাইবেন যুক্তরাজ্যের লন্ডন শহরে। আইওএন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’-এ পারফর্ম করবেন তারা।

আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে কনসার্ট। সামাজিক মাধ্যমে সে খবর শেয়ার করে লন্ডন প্রবাসীদের কনসার্টে গান শোনার আমন্ত্রণ জানিয়েছেন জয়। 

তার ওই পোস্টে বিপুল উচ্ছ্বাস প্রকাশ করছেন সংগীতপ্রেমীরাও। কেননা বিদেশের মঞ্চে বিদেশি শিল্পীর সঙ্গে বাংলাদেশি শিল্পীর এ রকম বড় পরিসরের আয়োজন সচরাচর দেখা যায় না।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *