রিনার মন পেতে রক্ত দিয়ে চিঠি লিখেছিলেন আমির খান

Written by

in

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ষাট বছরে পা দিয়েছেন।জন্মদিনের অনুষ্ঠানে তিনি দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নতুন প্রেমিকাকে।যেনি নিয়ে বলি পাড়ায় শোরগোল শুরু হয়েছে।

এদিকে দুই সাবেক স্ত্রী, তাদের তিন সন্তানের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে আমিরের। ছবির মতোই নিজের জীবনও ‘পারফেক্ট’ গুছিয়ে নিতে পারেন এ অভিনেতা। যদিও বলিউডে একসময় তার ‘চকোলেট বয়’ ইমেজ ছিল। 

পর্দার বাইরেও তার প্রেমের গল্পগুলো রীতিমতো রোমান্টিক। সেসব কাহিনি কখনো গোপন করারও চেষ্টা করেননি অভিনেতা আমির খান। এদিক থেকেও তিনি বলিউডে ব্যতিক্রমী তো বটেই। কারণ খুব অল্প বয়সে পরিবারের অমতে রিনা দত্তকে বিয়ে করে আলোচিত হন । সেসব কথা নিজেই জানিয়েছিলেন বলিউডের অন্যতম সফল ‘খান’।

এমনকি রিনার মন পেতে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন বলে জানা যায়। তবু দীর্ঘ দাম্পত্য শেষ পর্যন্ত তাদের সফল হয়নি। দুই শিশুসন্তান থাকা সত্ত্বেও বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু রিনার সঙ্গে বিচ্ছেদ নাকি অনেকটা প্রভাব ফেলেছিল আমিরের জীবনে। 

মিস্টার পারফেকশনিস্টের দাবি, প্রথম বিবাহবিচ্ছেদের পর তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রাতের পর রাত মদপান করতেন। প্রায় এক থেকে দেড় বছর কোনো কাজে মন বসাতে পারেননি তিনি। আমির খানবলেন, রিনা আর আমি আলাদা হয়ে যাওয়ার পর প্রায় ২-৩ বছর আমি যন্ত্রণা ভোগ করেছি। কোনো কাজ করতাম না, বাড়িতে একা থাকতাম। এক বছর প্রচুর মদপান করেছি। 

অভিনেতা দাবি করে বলেন, একসময় তিনি মদ ছুঁয়েও দেখতেন না। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ তাকে মদ্যপায়ী করে তুলেছে।  তিনি বলেন, বিচ্ছেদের পর আমি বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমাতে পারতাম না। তখনই শুরু হয় মদপান। যে মদ ছুঁয়েও দেখত না, সে একেক দিনে একেক বোতল মদ শেষ করে ফেলত। আমি ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম।

সম্প্রতি আমির আরও দাবি করে বলেন, এখন আর তিনি মদপান করেন না। জীবনের মুখোমুখি দাঁড়়ানো খুব জরুরি। অভিনেতা বলেন, নিজের ক্ষতগুলোর দিকে তাকাতে হবে, আর মেনে নিতে হবে এটা খুবই গুরুতর। মেনে নিতে হবে একসময় যা তোমার ছিল, আজ আর তোমার নেই। ভাবতে হবে, সে যখন তোমার জীবনে ছিল, জীবনটা কত সুন্দর ছিল, আর এর পর তুমি তার অভাব কতটা অনুভব করবে।

প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর আমির বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। তাদের এক পুত্রসন্তান রয়েছে। বছর কয়েক আগে কিরণের সঙ্গেও বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন আমির। দু’-একজন নায়িকার নাম জড়িয়ে গিয়েছিল তার সঙ্গে। কিন্তু সদ্য তিনি জানিয়েছেন, কোনো অভিনেত্রী নন, বলি দুনিয়ার বাইরের মানুষ গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। গত এক বছর একত্র বাসও করছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *